
আমাদের দেশে ‘ওপেন স্টুডিও’ বা উন্মুক্ত স্টুডিওর ধারণা অনেকটাই নতুন, এটি ঠিক গ্যালারিতে প্রদর্শনীর মতো নয়, কিছুটা অন্য রকম। জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠের উন্মুক্ত স্টুডিওতে নির্বাচিত ১০ শিল্পীর যে শিল্পকর্মগুলো দেখানো হচ্ছে, তার কোনো শিরোনাম, পূর্ণাঙ্গ উপস্থাপনা যেমন নেই, তেমনি বেশির ভাগ ক্ষেত্রে শিল্পীর ব্যক্তিগত বিষয়চিন্তার একাংশই উপস্থাপন করা হয়েছে এখানে। তাই উন্মুক্ত এই স্টুডিওতে দাঁড়িয়ে আমরা যেসব কাজের মুখোমুখি, সেগুলোর কোনো পূর্ণাঙ্গ গড়ন বা ফর্ম নেই।
যে কারণে উন্মুক্ত স্টুডিওর কথা এল সেটি হলো ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ ও উন্মুক্ত স্টুডিওর উদ্বোধন। বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দ্বিবার্ষিক ভিত্তিতে ২০১৫ সালের পুরস্কারটি দেওয়া হলো ২৩ জুলাই জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠের উন্মুক্ত স্টুডিওতে। এবার পুরস্কার পেয়েছেন দুই নবীন শিল্পী রাজীব দত্ত ও মুহাম্মদ রফিকুল ইসলাম।
শিল্পীদের কাজে পশ্চিমা শিল্পভাষার প্রাধান্যই বেশি। আলোকচিত্র, ড্রয়িং, ভাস্কর্য, প্রিন্ট, ভিডিও, পারফরম্যান্স, শব্দ প্রভৃতি ব্যবহার করে সমসাময়িক শিল্পের প্রকরণ, ধরন ও বৈশিষ্ট্য প্রকাশের চেষ্টা আছে তাঁদের প্রত্যেকের কাজে। বরেণ্য শিল্পী আমিনুল ইসলামের শিল্পদর্শনকে গুরুত্ব দিয়ে তরুণ এই শিল্পীদের কাজ বিচার করার জন্য তাঁদের উদ্ভাবনী ও শিল্পে নতুন ভাষা তৈরি—এর প্রতিই জোর দিয়েছেন বিচারকেরা। ফলে এখানে দেখা গেল বহু শৃঙ্খলার উপস্থিতি।
পুরস্কারপ্রাপ্ত শিল্পী রাজীব দত্ত কোলাজধর্মী কাজ করেছেন। ড্রয়িং, লিপি, বক্তব্য—সবকিছু মিলিয়ে-মিশিয়ে তৈরি করেছেন একটি কাল্পনিক চরিত্র—‘রমিজ’। রমিজের বৈশিষ্ট্য কী? প্রশ্ন করলে বলা যাবে, রমিজ এমন এক ব্যঙ্গাত্মক চরিত্র, আমাদের চলমান সমাজবাস্তবতাকে নানাভাবে যে প্রশ্নের মুখোমুখি করে। তবে শুধু কি ‘অপর’কেই প্রশ্নের মুখোমুখিই করে রমিজ? না, প্রথমত নিজেকে প্রশ্ন করে, আবার সেই প্রশ্নের উত্তর দেয় সে। এ ক্ষেত্রে উত্তরগুলো রমিজ লেখে বা বলে কেতাদুরস্ত ভাষার বিপরীতে মুখের ভাষায়। ফলে তার সেই উত্তরযুক্ত ভাষায় দেখতে পাই অসম্পূর্ণ শব্দ-বাক্য ইত্যাদির সমাবেশ। রাজীবের ‘রমিজ’ কে? হতে পারি আমি অথবা আপনি। এ চরিত্রের মধ্যে চমক আছে। উপরন্তু স্টুডিওর দেয়াল ও কাচের দরজায় ছবিগুলো ধারাবাহিকভাবে সেঁটে দিয়ে উপস্থাপনায়ও নতুনত্ব এনেছেন শিল্পী।
পুরস্কারপ্রাপ্ত আরেক শিল্পী মুহাম্মদ রফিকুল ইসলামের ভিডিও আর্টে দেখা যায়, পাশাপাশি দেয়ালে রয়েছে নগর ও গ্রামীণ জীবন, আছে নগর ও গ্রামজীবনের সংলাপসংবলিত ভিডিও আর্ট। ভিডিও হলেও এ কাজে শব্দ-বাক্য ও লিপির ব্যবহার করেছেন তিনি। এ কাজটিও ভালো।
অন্য শিল্পীদের মধ্যে পলাশ বরণ বিশ্বাসের তিনটি লিথোগ্রাফিতে বোরকাবৃত এক নারীকে দেখা গেল গিটার বাজাতে।
রূপম রায়ের স্থাপনা দেখে মনে হলো, সমন্বয়ের প্রচেষ্টা নিয়েছেন তিনিও—নির্বস্তুক শব্দকে বস্তুভিত্তিক গড়নে চেষ্টা করেছেন সমন্বয় করতে। এখানে স্থাপনাধর্মী বৈশিষ্ট্যে মেটালের ভাস্কর্য ও দেয়ালে অঙ্কিত কালো কালির লাইনে শব্দের তরঙ্গ এঁকে একধরনের রহস্যময়তা সৃষ্টি করেছেন তিনি।
উন্মুক্ত স্টুডিওতে ছিল আলোকচিত্রশিল্পীদের কাজও। শামসুল আলমের আলোকচিত্রে দেখা যায় সমাজের একটি বিশেষ শ্রেণিকে। যাদের আমরা ‘তৃতীয় লিঙ্গ’ বলি, সেই সব মানুষের জীবনাচরণ, মানসিকতা, স্বভাব প্রভৃতি শামসুল তুলে ধরেছেন ক্যামেরার উজ্জ্বল রঙের নাটকীয় উপস্থাপনার মধ্য দিয়ে। অন্য আরেক আলোকচিত্রশিল্পী সালমা আবেদিন আলোকচিত্রের সঙ্গে ভিডিওগ্রাফির সংযোগ ঘটিয়ে নারীজীবনের ভয় ও আকাঙ্ক্ষামিশ্রিত ভাবনাগুলো সাজিয়েছেন কয়েকটি দৃশ্যে।
অপরপক্ষে জিহান করিম ও পলাশ ভট্টাচার্য্যের ভিডিও আর্ট, শাহানাজ জেরিন সাত্তারের পারফরম্যান্স এবং আলি আজগরের পারফরম্যান্স-ভিত্তিক ভিডিওতে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক অনেক কিছু খুঁজে পাবেন দর্শক। শিল্পীর দায় নেই নিজের শিল্পকর্মের বিষয়বস্তু বোঝানোর। তবে শিল্পকর্মের মধ্য দিয়ে শিল্পী তো ভাবনা উসকে দেন, প্রশ্ন তোলেন। এই তরুণ তুর্কিদের অনেকেই সেটি করতে সচেষ্ট।
গ্যালারিতে চিত্রকর্ম দেখতে অভ্যস্ত আমাদের দর্শকদের জন্য উন্মুক্ত স্টুডিও নিঃসন্দেহে নতুন একটি মাত্রা। তবে নতুনত্ব কি কেবল পাশ্চাত্যের আঙ্গিক থেকেই নিতে হবে? ধানমন্ডির জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠে এই উন্মুক্ত স্টুডিওটি চলবে ৬ আগস্ট দুপুর ১২টা থেকে রাত ৮টা অবধি।