উপন্যাসে জেলেদের নদী থেকে সমুদ্রে বিস্তৃত করতে চাইছি
জেলেদের আমি নদী থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত করতে চাইছিতানিম হুমায়ুন: শুনেছি, আপনি আপনার লেখা জেলেপাড়ার মানুষদের পড়ে শোনান। তাদের প্রতিক্রিয়া কেমন?হরিশংকর জলদাস: ওরা উপন্যাস বোঝে না। তবে এটা বুঝতে পরে যে, যে সম্প্রদায়টা একসময় নিন্দার মালা গলায় পরে সমাজে চলেছে, তাদের নিয়ে দেশের শিক্ষিত মানুষ কথা বলছে, তাদের কথা শুনতে চাইছে। ওদের ভাষায় ওরা বলে, লিখি যন, আঁরার হতা আর কিছুদিন অনে কই যন। আঁরার হতা কইন্না আর কেউ নাই। আমরা জাল হারাচ্ছি, নৌকা হারাচ্ছি, সমুদ্র হারাচ্ছি—এই কথাগুলো আপনার মধ্য দিয়েই যেন সবাই জানতে পারে। ওদের কথাগুলো যখন লিখি, কারও না কারও জীবনের সাথে এই কথা, এই কাহিনি মিলে যায়। তাদের ঘটনাগুলো বারবার সংঘটিত হচ্ছে। পুঁথি পড়ার মতো করে আমি তাদের সামনে বসি, তারা গোল হয়ে আমার সামনে বসে। আমার কাহিনিগুলো শুনতে শুনতে কেউ কেউ যে কেঁদে দেয়। আমাকে জিজ্ঞেস করে, ইঁয়ান তো আঁর হতা। অনে কেএন গরি জাইন্নুন্? তানিম: আপনার আগের বই কৈবর্তকথা পড়ে অনুমান করা যায়, দহনকালের চরিত্রগুলো আপনার নিজের জীবনেরই চরিত্র। যাদের সঙ্গে জীবন কাটিয়েছেন তাদেরকেই উপন্যাসের চরিত্র করে তুলতে কোনো অসুবিধা হয় না? জীবন আর গল্পের ফারাকটা কীভাবে বজায় রাখেন?হরিশংকর: জীবন তো আসলে নিরেট বাস্তবতারই সমন্বয়। গল্পের মধ্যে অবশ্য কল্পনার প্রাধান্য থাকে। আমার উপন্যাসের মধ্যে আমাদের জীবনে সংঘটিত ঘটনাগুলো হুবহু উপস্থাপিত হয়নি। আমি আমার ৫৫ বছরের জীবনে যা দেখে এসেছি এখানে তার প্রতিফলন আছে। তা কারও কারও জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, মিশে যাচ্ছে। এই মিশে যাওয়াটা সবাই সদর্থে গ্রহণ করছে। আমি কখনো মনে করি না, বাস্তবতার সঙ্গে কল্পনার মিশেলে শিল্পের অঙ্গহানি হচ্ছে। আমি বিশ্বাস করি, আজ থেকে ৫৬ বছর আগে অদ্বৈত মল্লবর্মণ নদীভিত্তিক জেলেদের নিয়ে যে উপন্যাস লিখেছিলেন, আমি তাঁর সেই প্রচেষ্টাকে নদী থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত করার সাধনায় আছি। জানি না, এই সাধনা কতটুকু সার্থক হবে। তানিম: জালাল মেম্বারের ফাঁদে পড়ে নৌকার মালিকানা হারিয়ে নিজের নৌকারই ‘বড়মাঝি’তে পরিণত হয় রামহরি। পরে প্রতিশোধ হিসেবে বঙ্গোপসাগরে নৌকাসমেত নিজেকে ডুবিয়ে দেয় সে। রামহরি বহদ্দারের এই গল্প আপনি কোথায় পেলেন?হরিশংকর: রামহরির ব্যাপারটা অবশ্যই একক জীবনের কাহিনি নয়। ৩০ বছর আগে থেকেই জেলেদের জীবনে এই দুর্ঘটনাগুলো সংঘটিত হয়ে আসছে। বছর ত্রিশেক আগেও জেলেদের জাল ছিল, নৌকা ছিল, সমুদ্রের যে অংশে ওরা জাল বসায় সে অংশের অধিকারও ওদের ছিল। কিন্তু মাঝখানে ফড়িয়া শ্রেণী এসে মৎস্য ব্যবসাটাকে দখল করেছে। বঙ্গোপসাগরের যে অংশে জেলেরা ফাঁড় গেড়ে, খুঁটি গেড়ে মাছ ধরে সে জায়গাটা ওরা দখল করেছে। জেলেদের জাল, নৌকাগুলো দখল করে নিয়েছে ছলে-বলে। আমি দেখিয়েছি, জালাল মেম্বার রামহরির জাল, নৌকা কৌশলে হাতিয়ে নিয়েছে। ৩০ বছর ধরে সমুদ্র-উপকূলীয় ও নদীপাড়ের জেলেরা এভাবে নৌকা, জাল হারিয়ে প্রথমে অভিমান করে থেকেছে; শেষ পর্যন্ত নিজেকে বাঁচাবার জন্য নিজের নৌকায় কামলা হিসেবে মাছ ধরতে গেছে। রামহরিও এদের একজন। নিজের জীবন বিপন্ন করে, নৌকা ডুবিয়ে দিয়ে সে প্রতিবাদ করেছে। সামগ্রিকভাবে জেলেরা যারা নৌকা, জাল, সমুদ্রে মাছ মারার জায়গা হারাচ্ছে, তারা কিন্তু সবাই এভাবে প্রতিবাদ করতে পারছে না। তারা এখন কুলি-মজুরে রূপান্তরিত হচ্ছে। মাটি কাটছে, রিকশা চালাচ্ছে। প্রকৃত জেলেরা জলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছে।তানিম: বঙ্গোপসাগরে ঝড়ের সঙ্গে লড়াই করে মাঝিদের মাছ ধরার রোমাঞ্চকর বর্ণনা আছে দহনকালে। আপনি কি নিজে কখনো বহদ্দারদের নৌকায় করে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন?হরিশংকর: মাছ ধরার ব্যক্তিগত অভিজ্ঞতা তো অবশ্যই আছে। আমার তিন পুরুষের ইতিহাস আমি জানি। আমার দাদা চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে বার্মা অয়েল কোম্পানিতে চাকরি করতেন, সেই ব্রিটিশ আমলে। কিন্তু জলের টানে তিনি একসময় সেই চাকরি ত্যাগ করে ‘কালিদইজ্যা’য় চলে গিয়েছিলেন। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কেন যাচ্ছ? বলেছিলেন, গভীর সমুদ্র, নীল সমুদ্র আমি ভালো করে দেখিনি। সমুদ্রের মধ্যে থেকে আমি সমুদ্রকে দেখতে চাই। এই আকাঙ্ক্ষাকে পূরণ করতে গিয়ে আমার দাদু চব্বিশ বছর বয়সে মারা গিয়েছিলেন। ঘরে তখন আড়াই বছরের সন্তান যুধিষ্ঠির। লেখাপড়া কম করার কারণে যুধিষ্ঠিরও জলের মধ্যে নিজেকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন। পরিবার-পরিজনকে বাঁচানোর জন্য তাঁকে মাছ ধরতে হয়েছে। আমি তাঁর বড় ছেলে। পরিবার-পরিজনকে বাঁচানোর জন্য আমাকেও ত্রিশটি বছর জলজীবন কাটাতে হয়েছে। মাছ মারতে গিয়ে আমি গহিন সমুদ্রে, নিকটবর্তী সমুদ্রে বাবার সাথে অনেক ঝড়-জলের সম্মুখীন হয়েছি। ঝড়-জলের কারণে আমরা হাতিয়ায় ভেসে গেছি, সন্দ্বীপে ভেসে গেছি। সন্দ্বীপটা আমাদের বাড়ি থেকে ২২ মাইল দূরের গহিন সমুদ্রের মধ্যে। আমরা মীরেরসরাইয়েও ভেসে গেছি। ঝড়-জলের আঘাতপ্রাপ্ত হতে হতে, জল সেচতে সেচতে, ডুবতে থাকা ঘূর্ণাকারে ঘুরতে থাকা নৌকা আর ছেঁড়া পাল নিয়ে আমরা মা গঙ্গা, মা গঙ্গা করেছি। আমাদের বিশ্বাস, গঙ্গাকে ডাকলে আমরা সমুদ্রের ঝড় থেকে রেহাই পাব। দহনকাল উপন্যাসে যে ঝড়ের অভিজ্ঞতা আছে, সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এখানে কল্পনার প্রশ্রয় খুব কম দেওয়া হয়েছে।তানিম: পতেঙ্গা বেড়িবাঁধে পাহারা বসানো পাকিস্তানি সেনাদের ফাঁকি দিয়ে মাছ ধরতে যাওয়া রসমোহন ফেরার পথে ধরা পড়ে। উঁচানো রাইফেলের সামনে মাথায় গামছা জড়ানো, কাঁধে হুড়িজাল গোটানো নেংটি পরা রসমোহন উচ্চ স্বরে নিজের পরিচয় দিল, ‘বাবুরা, আমি জাইল্যা! গত কদিন বউ-পোয়া মা-বাপ ভাত ন খায়। হিতারারে ভাত খাবাইবাল্লাই দইজ্যাত মাছ মাইত্তাম আস্যি।’ এই ঘটনাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে।হরিশংকর: হ্যাঁ, উত্তর পতেঙ্গার জেলেপাড়া ’৭১-এ অবরুদ্ধ ছিল। এখানকার মহিলারা দিনের পর দিন ধর্ষিত হয়েছে। যুদ্ধের একটা সময় পর্যন্ত জেলেরা তাদের সঞ্চিত টাকা, চাল-ডাল দিয়ে জীবন নির্বাহ করেছে। রসদ ফুরিয়ে গেলে শেষ পর্যন্ত ওরা ভেবেছে, গুলি খেয়ে মরার চেয়ে মাছ ধরতে গিয়ে মরব। জেলেপাড়ার জেলেরা সাধারণত ভীরু প্রকৃতির হয়। চালচুলোহীন রসমোহন পরিবার বাঁচাতে জীবন বাজি রেখে মাছ ধরতে গেছে। আসার সময় সে ধরা পড়ে, নির্যাতনের সম্মুখীন হয়। পরে তাকে দেখে অন্য জেলেরাও মাছ ধরতে গেছে। কিন্তু তাদের মাছ ধরতে দেওয়া হয়নি। একেবারে না খেয়ে মরার ব্যাপারটা যখন তাদের সামনে দাঁড়াল, মাছ সংগ্রহের সুবিধা থেকে তারা যখন বঞ্চিত হলো, ওরা ভাবল, এভাবে বেঁচে থাকার তো কোনো মানে নেই। যুদ্ধ করে, সংগ্রাম করে, প্রতিবাদ করে যদি মরা যায় সেটাই ভালো। তারা জোট বেঁধেছে, একটা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে একত্র হয়েছে; প্রত্যাঘাত করেছে। এর পরিণতি খুব বেশি ভালো হয়নি। পরিণতিতে রাধানাথ, মৌলভি সাহেব, নিকুঞ্জবিহারিকে হত্যা করা হয়েছে।তানিম: বাংলা সাহিত্যে জেলেদের মুক্তিযুদ্ধের উপস্থিতি নিয়ে কিছু বলুন।হরিশংকর: আমি যতটুকু কথাসাহিত্য, কবিতা, গল্প ঘেঁটেছি, দেখেছি যে জেলেপাড়াকে নিয়ে খুব রঙ্গরস করা হয়েছে। জেলেপাড়ার নারীদের নিয়ে দু-একজন যে একটা-দুটো ছোটগল্প লেখেননি, এমন না। সেখানে জেলেনারীকে ‘জলবেশ্যা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। জেলেদের নিয়ে যে কথাসাহিত্য রচিত হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধে জেলেদের অংশগ্রহণের কোনো নিদর্শন নেই। কিন্তু এটাও তো সত্য, এত বড় বাংলাদেশের কোথাও না কোথাও, কোনো না কোনো জায়গায় জেলেরাও একসময় মুক্তিযুদ্ধে ফুঁসে উঠেছে। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অস্ত্রাঘাত করেছে। তাই সামান্যতম জায়গায় দাঁড়িয়ে, সামান্য শক্তি নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে জেলেদের যুদ্ধ করার যে প্রচেষ্টা, আমি নিজেও যেটায় অংশ নিয়েছি, সেটাকে আমি উপন্যাসে উপস্থাপন করেছি।তানিম: রাধানাথকে পাকিস্তানি সেনারা যখন ধরে নিয়ে গিয়ে বারবার প্রশ্ন করল তার পরিচয় কী, সে ইন্ডিয়ার চর কি না, ছেলের কাছ থেকে শেখা নিজের ইংরেজি পরিচয়টিই সে বারবার উচ্চারণ করেছে, ‘আমি জাইল্যা, ফিশারম্যান’। সমাজ জেলেদের কোনো আত্মপরিচয়ের স্বীকৃতি কোনোকালেই দেয়নি। তাদের জাতীয়তা—তারা জাইল্যা। মুক্তিযুদ্ধের মতো একটি জাতীয়তাবাদী সংগ্রামে জেলেরা কোন আত্মপরিচয় নিয়ে শামিল হলো?হরিশংকর: মুক্তিযুদ্ধ তো আসলে পরিচয় একাকার করে দেওয়ারই যুদ্ধ। একটা দৃশ্য এ রকম—জেলেপাড়ার চারপাশের যে মুসলমান পরিবারগুলো, তারাও জেলেদের রক্ষা করতে চেষ্টা করেছিল এই বলে যে ওরা হিন্দু নয়, ওরা জাইল্যা। এই পরিচয় দেওয়ার মধ্যে আমাদের বাঁচানোর একটা প্রবণতা কাজ করেছে। কিন্তু এটাও সত্য যে মুসলমান এবং হিন্দুরা যখন আমাদের জেলে বলে পরিচয় দিচ্ছে, সেখানেও কিন্তু আমরা যে সমাজের একটা অবহেলিত প্রান্তিক অংশের মানুষ, কখনো কখনো যে মানুষই নই, এই কথাটা থেকে গেছে। তবে আমরা যখন ভীতসন্ত্রস্ত হয়েছি, আমাদের পাড়া যখন জ্বালাতে এসেছে, আমরা পাশের মুসলমান পরিবারগুলোতেই আশ্রয় নিয়েছি। মুক্তিযুদ্ধের সময় জাতপাতের বিষয়টা সেভাবে ছিল না। তানিম: জলপুত্র, কৈবর্তকথার অনেক ঘটনা, চরিত্র দহনকাল উপন্যাসেও আছে। বই তিনটির মূল আধেয়ও এক—জেলেদের সংগ্রাম। তারপরও দহনকালকে আগের বই দুটো থেকে আলাদা করা যায়। এর কারণ কী বলে আপনার মনে হয়? মুক্তিযুদ্ধ?হরিশংকর: শ্রেণিচেতনার ব্যাপারটা তেমন করে জলপুত্রে আসেনি। সেখানে মাছ ধরার অধিকারবঞ্চিত জেলেদের গঙ্গাপদ একত্র করতে চায়। কিন্তু সে কোনো প্রতিশোধ নিতে পারেনি। সে শুধু বিদ্রোহের সূচনাটা করেছিল। কিন্তু দহনকালে জেলেরা একত্রীভূত হয়েছে। এটা শ্রেণিচেতনার প্রকাশ। মুক্তিযুদ্ধ তো এই উপন্যাসের একটা প্রধান অনুষঙ্গ। তানিম: দহনকাল উপন্যাসের একটা সংলাপ—‘জাইল্যনির পেডত জন্মা ব্যাসদেব মহাভারত লেইখ্যে, গীতা লেইখ্যে। যারা আঁরারে ছোড জাত কঅর, হিতারা স্বর্গ পাইবাল্লাই সকাল-সইন্ধ্যা গীতা পড়ে, গীতা বুগত লই শ্মশানত যা। ছোড জাতর বই পড়ি স্বর্গ যাইত চা।’ আপনার সাহিত্য যখন এ দেশের ভদ্রসমাজে স্বীকৃত হয়, আদৃত হয়, নিজেকে কি কখনো কখনো ব্যাসদেবের মতো মনে হয়!হরিশংকর: তুলনা করার তো প্রশ্নই আসে না। ব্যাসদেব তো আসলে আমার জীবনের, মননশীলতার আদর্শ। আমার একজন আইডল। তাঁর ভেতর থেকেই আমি রস সংগ্রহ করি। আমার চিন্তা ছিল, বিশ্বাসও ছিল, আজ থেকে চার হাজার বছর আগে একজন জেলেসন্তান সমাজ ও ধর্মচিন্তাকে নাড়িয়ে দিয়েছিলেন। আমি আমার ক্ষুদ্র স্থান থেকে সমাজের মানুষের কাছে আমাদের জেলেসমাজের কিছু কথা তুলে ধরতে পারব না? এদের তুলে ধরার জন্য আমি লিখি।