উপন্যাসের কাজ এথিকস নিয়ে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার ১৪২০’–এর মননশীল শাখায় আহমদ রফিকের  দেশবিভাগ: ফিরে দেখা ও সৃজনশীল শাখায় পুরস্কার পেয়েছে রায়হান রাইনের আগুন ও ছায়া। এ নিয়ে আয়োজন

রায়হান রাইন, প্রতিকৃতি: মাসুক হেলাল
রায়হান রাইন, প্রতিকৃতি: মাসুক হেলাল

পারভেজ হোসেন: আপনার প্রথম উপন্যাস আগুন ও ছায়া-এর সময়টা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমল। গল্পের যে বর্ণনাকারী সে-ও বর্তমানেরই মানুষ। উপন্যাসে বর্ণিত গল্পটি কীভাবে সমকালীন হয়ে উঠতে পেরেছে?

রায়হান রাইন: উপন্যাসের গল্পটি শুরু হয় সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ের কোনো এক বিকেলবেলা। গল্প শেষও হয় এই সরকারের বিরুদ্ধে গণরোষ ফেটে পড়ার অব্যবহিত পরে। এই সময়ের খণ্ড খণ্ড চিত্র আছে উপন্যাসে। আবার, চরিত্রগুলোর যে সংকট সেগুলোও সাম্প্রতিককালের। নাজিয়া জাভেদকে জিম্মি করে যে অদ্ভুত লড়াইটি করে যায়, তা পুরোনো দিনের কোনো ঘটনা নয়। এমন ঘটনার নজির ছড়িয়ে আছে আমাদেরই চারপাশে। গুলরুখ লড়াই করছে তার নিজের পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে। সে চেষ্টা করছে অভিবাসী হতে। আবার মৌলী চাইছে জাভেদকে পরিত্যাগ না করে তার দুর্বলতা দিয়েই তাকে অধীন করতে। আমাদের সময়ের ঘটনাই এগুলো।

পারভেজ: উপন্যাসের গল্পে জাভেদের সঙ্গে লড়াইয়ে নাজিয়া নিজের যৌনতাকে বাজির দান হিসেবে ব্যবহার করে কিন্তু তার ভেতর আমরা কোনো আত্মপীড়ন লক্ষ করি না। এর কারণ কী?

রায়হান: গল্পটি যেহেতু জাভেদ কায়সারের জবানিতে বলা, তাই এতে জাভেদের মনের অবস্থাটা যেমন সরাসরি জানা যায়, নাজিয়ার দিকটা তেমন জানা যায় না। নাজিয়ার মনের ভেতর কী ঘটে, তা কেবল তার বাইরের আচরণ থেকেই অনুমান করতে পারে জাভেদ। তার মনস্তাপ বা আত্মপীড়নের কোনো চিহ্ন জাভেদের চোখে খুব বেশি ধরা পড়ে না। তবে কখনো রাস্তায় হাঁটতে হাঁটতে নাজিয়ার সঙ্গে দেখা হয়ে গেলে সে তার করুণ আর নিষ্প্রভ রূপটা দেখেছে। এমনকি তার স্বপ্নগুলোতে নাজিয়া হাজির হয়েছে খুব মুষড়ে পড়া আর খুব বিষণ্ন মূর্তিতে। যেমন: বহু পুরোনো এক মন্দিরের ঠান্ডা মেঝেতে ঘুমন্ত নাজিয়াকে মনে হতে পারে যেকোনো আত্মপীড়িতের চেয়ে বেশি করুণ। আবার নাজিয়ার দিক থেকে দেখলে নিজের শরীর নিয়ে ‘বার্গেনিং’ সে শিখেছে তার এজেন্টদের সঙ্গে বার্গেনিংয়ের কৌশল শেখার মাধ্যমে। তাই যখনই সে জাভেদের ঝুঁকিটা বুঝতে পারল, সঙ্গে সঙ্গে নামল তাকে অধীন করার লড়াইয়ে। তাকে আরও ভালো করে বোঝা যায় যখন সে বলে, লড়াইয়ে জেতা ছাড়া তার আর কোনো এথিকস নেই। এই নির্মমতা তার একা লড়াই করে বাঁচার অভ্যাসের ভেতর দিয়ে তৈরি হয়েছে।

.
.

পারভেজ: জাভেদ-নাজিয়া উপাখ্যানের সময়কালকে জাতীয় দুষ্কালই বলা যায়। ক্যাম্পাসে আর্মির ক্যাম্প। মার খাচ্ছে ছাত্র। খুন হচ্ছে। নদীতে ভাসছে লাশ। কিন্তু বিষয়টি বিস্ফারিত না হয়ে টুকরো টুকরো আঁচড় কাটার মতো সময়কালের একটি আবহ নির্মাণের কৌশল হয়ে এসেছে। এ সম্পর্কে কি বলবেন?
রায়হান: পটভূমির সময়টা ক্রান্তিকাল। এ সময়ের একটা বিস্ফোরণ ঘটতে দেখা যায় উপন্যাসের শেষদিকে। সেটাও দেখানো হয় একজন ফটোগ্রাফারের চোখে। যে ক্রান্তিকালের টুকরো টুকরো চিহ্নের ভেতর দিয়ে পটভূমিটা নির্মিত হয়েছে, তা কিন্তু চরিত্রগুলোর জীবন থেকে বিচ্ছিন্ন নয়। যেভাবে একটা চিত্রকর্মের বিষয় তার ব্যাকগ্রাউন্ডের দৃশ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে, সে রকমই উপন্যাসের পটভূমির সময়টি নাজিয়া-জাভেদের জীবনের সঙ্গে যুক্ত। আর সব ক্রান্তিকালই সেই সময়ের কদর্য রূপটি প্রদর্শন করে। নাজিয়া আর জাভেদের জীবনেরও একটি কদর্য সময় ছিল সেটা। আমরা যদি ইতিহাসের সময়কে ‘বড় সময়’ ধরি তবে অবশ্যই ব্যক্তির জীবনের সময়কে বলা যাবে ‘ছোট সময়’। এই দুই সময়ের ভেতর আছে গভীর একটা যোগ। নাজিয়ার যে অভিব্যক্তিটা আমরা দেখি, তা ইতিহাসের সময় দিয়েই নির্মিত। আবার ইতিহাসের সময় যখন ফেটে পড়ছে, তার ভেতর দিয়ে নাজিয়ার ভূমিকাকেও স্পষ্ট হতে দেখি আমরা।
পারভেজ: উপন্যাসের প্রধান চরিত্রের টানাপোড়েন, লড়াইয়ের পর, শেষ দিকে এসে কাহিনি একটি সরল সমাধানের দিকে ধাবিত হয়। এমন সমাধানে একটি সিরিয়াস উপন্যাসের উদ্দেশ্য ও নন্দন কীভাবে প্রতিপন্ন হয়েছে বলে আপনি মনে করেন?
রায়হান: উপন্যাসের সঙ্গে গণিতের একটা বড় পার্থক্য এখানে যে উপন্যাস জীবনের গল্পের কোনো সমাধান হাজির করে না। কিন্তু গাণিতিক সমস্যা সব সময়ই একটা সমাধান দাবি করে। যদিও পুরাণ কাহিনির ভেতর আমরা চমৎকার পরিসমাপ্তি দেখি। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম-এ দেখা যাবে, রাজা দুষ্যন্ত যখন মাঝির কাছ থেকে কেড়ে নেওয়া আংটি দেখতে পেল তখনই তার মনে পড়ল শকুন্তলার কথা, দুর্বাশার অভিশাপের সমাপ্তি ঘটল এভাবেই। জাভেদ যখন নাজিয়ার গোপন ভিডিও আবিষ্কার করল তখন নাজিয়া-ঘটনাবলির একটা সমাপ্তি ঘটে। নিজের জিম্মি অবস্থা থেকে বাঁচতে জাভেদ নাজিয়াকেই জিম্মি করে। কারও ভূমিকার ভেতরই কোনো এথিকস নেই। উপন্যাসের কাজ এথিকস নিয়ে নয়। কিন্তু ‘সমাধান’ কথাটার ভেতর একটা মোরাল টোন আছে।
পারভেজ: ঔপন্যাসিকের তবে কি কোনো মোরালিটি থাকবে না?
রায়হান: থাকবে, তবে সেটা বিচারকের মতো নয়। ঔপন্যাসিক তাঁর উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে ন্যায়বিচারের ভিত্তিতে কোনো মীমাংসা হাজির করেন না। যে পরিস্থিতির ভেতর চরিত্রগুলো বাস করে, সেই প্রসঙ্গ ও পরিস্থিতির ওপর ভর করে তাদের অনুভবের তলকে খুঁজে বের করাই ঔপন্যাসিকের মোরালিটি। উপন্যাসের চরিত্রগুলো বাস্তবের মানুষের মতোই মুক্ত, কারণ তারা মুক্ত হওয়ার জন্য এমনকি জীবনও বাজিতে রাখতে পারে। কিন্তু মুক্ত হওয়া মানেই স্বাধীন হওয়া নয়। মানুষ স্বাধীন হয় তার মুক্ত থাকাকে কাজে লাগিয়ে, যখন সে পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার ভেতর দিয়েই ব্যক্তি প্রকৃত অর্থে স্বাধীন হয়। উপন্যাস ব্যক্তির এই স্বাধীনতাকে অন্বেষণ করে, স্বাধীন হওয়ার পরিস্থিতিকে তালাশ করে। কোনো রকম আদর্শকে ঔপন্যাসিক চাপিয়ে দেন না চরিত্রগুলোর ওপর।
পারভেজ: আগুন ও ছায়ার পরিণতি তাহলে কোথায়?
রায়হান: নির্দিষ্ট কোনো পরিণতি এতে নেই। তবে গল্পটি শেষ হওয়ার পথে অনেক রাস্তা খুলে দেওয়া হয়েছে পাঠকের জন্য। পাঠক যদি সেসব রাস্তায় হাঁটেন তাহলে তাঁরা নিজেরাই আলাদা আলাদা পরিণতি খুঁজে পাবেন। এর জন্য বিভিন্ন ঘটনা ও সংকেতগুলোর ভেতর আন্তসম্পর্ক খুঁজতে হবে পাঠককে।
পারভেজ: প্রথম উপন্যাসেই পুরস্কার। আপনার অনুভূতির কথা বলুন।
রায়হান: প্রথম উপন্যাসে পুরস্কৃত হওয়া অবশ্যই একটা যাত্রাপথের সূচনা করে। তবে পুরস্কার পাওয়ার খবরের চেয়ে বেশি আনন্দ পেয়েছি যখন কেউ আমাকে তাঁদের আনন্দের কথা জানিয়েছেন। একজন কেউ উপন্যাসটি পড়েছেন এমন জানতে পারলে একটা ভালোলাগার অনুভূতি হয়। আর পুরস্কার নিশ্চয়ই বইটি বেশি বেশি পঠিত হবার একটা কারণ হয়েছে।


রায়হান রাইনের সাক্ষাৎকার নিয়েছেন পারভেজ হোসেন
আগুন ও ছায়া
রায়হান রাইন
প্রচ্ছদ: মাসুক হেলাল
প্রকাশক: প্রথমা প্রকাশন
ফেব্রুয়ারি ২০১৪
পৃষ্ঠা: ১৭৬
দাম: ২৮০ টাকা।

আরও পড়ুন: