উপলব্ধির বর্ণিল রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী: প্রিমা নাজিয়া আন্দালিব
শিল্পী: প্রিমা নাজিয়া আন্দালিব

আধুনিক শিল্পভাষা বোধগম্য করে তোলার জন্য শিল্পীর ভূমিকা অনেক বেশি। শিল্পকর্মের দুর্বোধ্যতা জনসাধারণের মূল ভাবনা নয়। বিভিন্ন আঙ্গিকে চিন্তা, ভাবনা, দর্শন, সমাজকথা শিল্পে উঠে আসুক; এটা শিল্পের দর্শকদের চাওয়া। শিল্পের সঙ্গে এ কারণে দর্শকের যোগাযোগ তৈরি হয়েছে। ‘প্রিমা ডোনা’ শিরোনামের প্রদর্শনীর ৪৮টি কাজে মাধ্যম ও শিল্পনির্মাণ-প্রক্রিয়ায় ভিন্নতা আছে। মনে পড়ে, প্রিমা নাজিয়া আন্দালিব কয়েক বছর ধরে তাঁর কাজের ধরন পাল্টেছেন। বিষয়ে স্থির হয়ে রঙের ব্যবহার সীমিত করে নিয়েছেন। এতে শিল্পকর্ম শুধু ক্যানভাসেই সীমাবদ্ধ থাকেনি, যুক্ত হয়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় অদেখা অতিনাটকীয় মুহূর্ত, রংচঙা জীবনাচরণের কটাক্ষপূর্ণ প্রকাশ, বেশভূষা, নিত্যপরিধেয় সামগ্রী। নারীর নিত্যসঙ্গী রূপচর্চায় ব্যবহূত রঙের উপস্থাপনায় ক্যানভাস দৃষ্টি কেড়ে নেয়। প্রদর্শনীর শিরোনাম ‘প্রিমা ডোনা’, এটি ইতালীয় শব্দ। এর আভিধানিক অর্থ ‘ফার্স্টলেডি’ বা অগ্রবর্তী নারী। শিল্পী নিজের নামের সঙ্গেই শিরোনাম যুক্ত করে ব্যঙ্গ করেছেন। নিজেকে অথবা তাঁর ক্যানভাসের চরিত্রকে অপেরা দলের সদস্য হিসেবে উপস্থাপন করেছেন। গাঢ় কালো রঙের জমিনে বিপরীত ভাব তৈরি করেছেন উজ্জ্বল গোলাপি ও উৎকট লাল রঙের কোলাজ করে। বাস্তবধর্মী অভিব্যক্তিবাদী ধারা ইম্প্রেশনিজমের পথ বেয়ে মাত্র চার বছর স্থায়ী পশ্চিমা শিল্প আন্দোলন ফোবিজমে (১৯০৪-১৯০৮) বাস্তব আকৃতি ও আলোছায়ার ব্যাকরণ ভেঙে উজ্জ্বল বর্ণপ্রয়োগে র বিষয়ে বিধ্বস্ততা দেখিয়েছিলেন। প্রিমা আন্দালিব কালো রং ব্যবহার করে ক্যানভাসের জমিনে দৃষ্টির স্থিরতা তৈরি করেছেন। ‘ভেইলড মনস্টার’ বা ভুতুড়ে মুখের অবতারণা করেন কালো ওড়না যুক্ত করা গোলাপি মেয়ের মুখ এঁকে। কোনো কোনো ক্যানভাসে জমিন তৈরি করেছেন ভারি রং লেপে। তার ভেতর থেকে বিষয় উঁকি দিচ্ছে। কাগজের তৈরি মানবীর মুখের রং অবিকল না রেখে কিছু বাড়তি রং যোগ করেন। ‘কাস্টিং কোচ’ ক্যানভাসে সবুজ স্কার্ফ পরিহিত মেয়ের দুটি পা ঝুলছে। একটি সংবাদ দর্শকদের দিতে চান শিল্পী, সেটি হলো রঙিন বিপণন পণ্যের পসরা সাজানো আঙিনা মানুষকে কীভাবে তাড়িয়ে বেড়ায়। সবকিছুকেই আজ বিজ্ঞাপিত করার প্রয়োজন বোধ করছে মানুষ। উদ্যোক্তা ও ভোক্তার দূরত্ব কমিয়ে পণ্যসেবাকে পৌঁছে দেওয়াই পপ আর্ট বা পপুলার আর্টের লক্ষ্য। প্রিমা আমাদের কোনো কোনো কাজের মাধ্যমে সেই পপ শিল্পকলার কাছাকাছি নিয়ে যান, ‘টি অর মি’ ‘চা অথবা আমি’ শিরোনামের কাজে চায়ের কাপ ক্যানভাসে যুক্ত করেছেন কাগজ কেটে। ধূমায়িত চায়ের কাপ নিজের ছবির সঙ্গে মিশে যাচ্ছে। ক্যানভাসের পুরোভাগে চড়া মেটে হলুদ রঙের প্রলেপ। নিত্যপানীয় চায়ের সঙ্গে এভাবে শিল্পী নিজেকে যুক্ত করেন। সমাজ নারীমুক্তির পক্ষে কি বিপক্ষে একটুও বলে না। নারীকে সমাজনির্মিত পথ অনুযায়ী চলতে হয়। ‘টিজ’ শিরোনামের কাজে একটি নারী ফিগার আড়াল করে আছে অন্য নারী-ফিগারকে।

প্রিয় শহরকে নিয়ে শিল্পী কিছু মনোমুগ্ধকর কাজ করেছেন। ‘ঢাকা-১’ শিরোনামের কাজে রঙের বুননে শহরের রাতকে তুলে এনেছেন; উজ্জ্বল সবুজ, হলুদ, কমলা, হালকা নীল রঙের মিশিয়ে দেওয়া তুলির আঁচড়ে শহর ঢাকার রূপ সৃজন অসাধারণ। বৃষ্টির জন্য শিল্পীর আলাদা এক মোহ রয়েছে। তা স্পষ্ট করেছেন ‘আফটার দ্য রেইন ১, ২, ৩’ শিরোনামের তিনটি কাজে। বৃষ্টি-পরবর্তী অবস্থাকে বুঝিয়েছেন সাদা ক্যানভাসে সোনালি, কালো, সাদা রঙের ব্যবহারে। রঙের সাহায্যে গড়ে তোলা বৃষ্টির রূপ দর্শকদের আনন্দ দেয়। দুটি এলইডি ইফেক্টযুক্ত ডিজিটাল প্রিন্টে আলোকচিত্রের শিরোনাম ‘কনভার্সেশন উইথ লাইট’ ও ‘লেট দেয়ার বি লাইট’।

একদল মানুষের আলোর দিকে বাড়িয়ে দেওয়া হাত ও শিশুর সামনে এক ঝলক আলোকরেখাকে শিল্পী স্পষ্ট করে দেখিয়েছেন। নিত্য দেখা মেকআপ বক্সের নেইলপলিশ, লিপস্টিক, আইশ্যাডো, আইলাইনার ব্যবহার করে কিছু ড্রয়িং করেছেন তিনি। এর সঙ্গে কাটা ছবি যুক্ত করে কফির রঙের ওয়াশে ব্যতিক্রমী আমেজ তৈরি হয়েছে। রেখাচিত্রগুলোর বিষয়ে জায়গা করে নিয়েছে নারীর ফিগার। বিভিন্ন ভঙ্গির নারীর অবয়ব রেখাচিত্রে গতি এনে দিয়েছে। একবিংশ শতাব্দীর শিল্পীরা নিরীক্ষার স্বাধীনতা পুরোপুরি ব্যবহার করছেন। তাতে দর্শক কতটা গ্রহণ করছে সে বিষয়ে যথেষ্ট ভাবনার প্রয়োজন। এ আয়োজনের ৪৮টি কাজের সব কটিকে যথার্থ শিল্প মনে নাও হতে পারে। দীর্ঘ পথ-পরিক্রমায় প্রিমা নাজিয়া আন্দালিব হয়তো আরেকটি নতুন পথ নির্মাণ করবেন। বেঙ্গল আর্ট লাউঞ্জে ৪ মে শুরু হওয়া প্রদর্শনী শেষ হয় ১৩ মে।