রানা প্লাজার মানবিক বিপর্যয়ের সামনে কী নিয়ে দাঁড়াতে পারেন একজন শিল্পী? গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিতব্য প্রদর্শনীতে দিলারা বেগম জলি খুঁজতে চেয়েছেন তার উত্তর

বাস্তবতার মাত্রা ও অভিঘাত সীমাহীন। শিল্পকলার দুঃসাহস এই যে, সে তাকে অধিকার করতে চায়। কখনো কখনো পেরিয়েও যেতে চায়। কিন্তু বাস্তবের অভিঘাতেরও উচ্চাবচতা আছে। কোনো কোনো ঘটনার অভিঘাতের তোড়ে মানুষ প্রান্তিক হয়ে পড়ে। শিল্পী নিজেও তো মানুষের অতিরিক্ত কিছু নন। তিনি তাঁর শিল্পকলা নিয়ে কীভাবে তেমন ঘটনার মুখোমুখি দাঁড়াবেন?
রানা প্লাজা ধসের পর অজস্র মানুষের মর্মন্তুদ হাহাকারের সামনে দাঁড়িয়ে দিলারা বেগম জলির সাম্প্রতিক শিল্পকর্ম ফিরিয়ে এনেছে সেই প্রশ্নই। কিন্তু প্রশ্নটির সহজ কোনো জবাব নেই।
রানা প্লাজার ঘটনা এমন এক স্থানাঙ্ক, যেখানে বিচিত্র রেখা পরস্পরকে ছেদ করেছে। বিশ্বায়নের জটাজালে আটকে পড়া বাংলাদেশের কাতর দশা, নয়া বিশ্বব্যবস্থায় পণ্য উৎপাদনের রাজনীতি, মানুষের ওপর চাপিয়ে দেওয়া সস্তা শ্রমের দাসত্ব এ ঘটনায় উন্মোচিত হয়ে পড়ে।
জলি ছুটে গিয়েছিলেন ঘটনাটির অভিজ্ঞতা নিতে। মানুষদের শূন্যতার হাহাকার তিনি অনুভব করেছেন, তাঁদের কথা শুনেছেন, সংগ্রহ করেছেন ধ্বংসস্তূপে হারিয়ে যাওয়া মানুষের ছবি ছাপানো পোস্টার। জলির নতুন শিল্পকর্মগুলো হয়তো ছিল ঘটনাটির আবেশ থেকে তাঁর বেরিয়ে আসার একটি পথ, এক আবেগ-মোক্ষণ। কিন্তু আবেগের মোক্ষণেও জলি দারুণ সংযত। বিষয়ের দিক থেকে শিল্পকর্মগুলো তিনি সরল ও রিক্ত করে তুলেছেন। ভাষাও এখানে মন্থরতা ও মৌনের। এ যেন দ্রুতগতি কোনো দৃশ্যের ধীর চলচ্ছবিতে রূপান্তর, যাতে ঘটনা তার সান্দ্রতা হারায়। তার দিকে সুস্থিরভাবে চোখ রাখার অবকাশ ঘটে। শিল্পবস্তু তাতে যে প্রতিক্রিয়ার জন্ম দেয়, সেটি ভাবালু নয়, সেরিব্রাল।
পোশাকশিল্পে মানব-বিপর্যয় আগেও জলির বিষয় ছিল। তাজরীন ফ্যাশনসে দুর্ঘটনার পরে তাঁর চিত্ররচনায় এসেছিল চেপে বসা একাধিক বস্তার ভার, মানবপ্রত্যঙ্গের ডাঁই, সুতার ববিন ভেদ করে চলে যাওয়া ভগ্নপ্রায় অস্থিতন্ত্র। এসব চিত্রবস্তু সেখানে উত্তীর্ণ হয়েছে স্বাতন্ত্র্য-হারানো এক পিণ্ডের ধারণায়—যেখানে গুচ্ছের মধ্যে ব্যক্তিমানুষ লুপ্ত। জলির চিত্রতল থেকে সেখানে ঠিকরে বেরোচ্ছে দমবন্ধ এক গুমোট ভাব। তাঁর ভাষা সেখানে সোচ্চার।
নতুন এসব শিল্পরচনায় জলি স্থির ও সংহত। তাঁর বিষয় এবার প্রত্যক্ষ মানুষের জগৎ। এখানে দেখা মিলছে মানুষের স্পর্শ-লাগা ঘরোয়া জীবনের। খাট, চেয়ার, ড্রেসিংটেবিল ইত্যাদি এসেছে তাঁর চিত্রপ্রতিমা হয়ে। এসবের উপস্থিতি প্রায়শই চিত্রপটের কেন্দ্রে। উপস্থাপনও সমতলীয়। মুখোমুখি দৃষ্টিপাতের সামনে সামগ্রীগুলো এখানে সরলতম রূপে উন্মোচিত। এগুলো যেন ফরাসি কবি ফ্রাঁসিস পঁজের কবিতার সেই বস্তুপুঞ্জ, যারা নিজের অতিরিক্ত কিছু দেখাতে নারাজ; নিজেদেরই মধ্য দিয়ে তারা ঘোষণা করছে উপস্থিতির এক সার্বভৌমত্ব।
উপস্থিতির এ অনশ্বরতা জলি ভেঙেও দিয়েছেন। পোস্টার থেকে হারানো মানুষের মুখচ্ছবি তিনি ছাপিয়ে দিয়েছেন এসব চিত্রপ্রতিমার ওপর। ছেপেছেনও নিতান্ত সরল কৌশলে—পোস্টার ফটোকপি করে, ভিজিয়ে, চিত্রপটের ওপর চেপে চেপে। তাতে চেহারাগুলোয় এসেছে এক ঈষদচ্ছ অস্পষ্টতা। প্রত্যক্ষ এসব সামগ্রী প্রতিনিধিত্ব করছে বটে মানুষের, কিন্তু মানুষগুলো প্রত্যক্ষত নেই। জলির চিত্ররচনায় উপস্থিতি ও অনুপস্থিতির এ টানাপোড়েন প্রবল। প্রতিচিত্রণের কারণে পোস্টারের মুখচ্ছবি ও লিপিও গেছে উল্টে। তাই বাস্তবের ইশারা নিয়ে সেসব হাজির হয়েছে বটে, কিন্তু রয়ে গেছে বাস্তবতার দর্পণতলের অন্য প্রান্তে।
ড্রইংয়ে জলি ব্যবহার করেছেন নকশিকাঁথার ভাষা। এতে একদিকে তিনি সেই টানাপোড়েন তাঁর শৈলীর সঙ্গে যুক্ত করেছেন, অন্যদিকে নারীর ট্র্যাজেডিকে ধরেছেন নারীরই শিল্পভাষা দিয়ে। রানা প্লাজার ট্র্যাজেডি মূলতই নারীর; যে নারী স্বামী, সন্তান বা নিজে প্রাণ বা অঙ্গ হারিয়েছে, তার। নকশিকাঁথা ও পোশাকশিল্প—এই দুই শিল্পই দাঁড়িয়ে আছে নারীর ওপর। নকশিকাঁথায় চারপাশের রূপময় জগৎ নারীরা আমাদের দৃষ্টির পক্ষে সহজ করেছেন। জলি সে ভাষায় ধরতে চেয়েছেন বিশ্বায়নের পটে মানুষের ট্র্যাজিক বিধিলিপি।
জলির চিত্ররচনায় অনেক সময়েই রেখা চলেছে কাঁথার ওপর সুতার চলনভঙ্গিতে। সুতা এক ফোঁড়ে থাকে কাঁথার ওপরে, আরেক ফোঁড়ে চলে যায় কাঁথার অপর প্রান্তে, অন্তরালে। সুতার এই উপস্থিতি ও অনুপস্থিতির ছন্দে কাঁথার ওপর প্রতিমাপুঞ্জ আকার পায়। জলির এসব ছবিতে রেখার সেই ভঙ্গিমা তাঁর বিষয়ের সঙ্গে একাকার।
নারীর বীক্ষণ জলির শিল্পভাবনার বৈশিষ্ট্য। নারীর প্রজনন-অঙ্গতুল্য রূপবন্ধ জলির প্রায় নিজস্ব মোটিফে পরিণত হয়েছে। সৃষ্টিশীল উৎপাদনে নারীর সক্ষমতাই কীভাবে তাঁর নিয়তি হয়ে দাঁড়ায়, জলি তা নানা শিল্প-অভিজ্ঞতায় পরখ করেছেন। নারীর উৎপাদনশীলতার ভাষ্য এবার তাঁর ছবিতে নতুন বাঁক নিয়েছে। নারী আর নেহাত প্রাকৃতিক উৎপাদক নয়, পণ্যেরও উৎপাদক। জলির ছবিতে জননচিহ্নের ওপর অপসৃত মানুষের ছবি অদ্ভুত বৈপরীত্য তৈরি করে। যিনি উৎপাদক, তিনিই যেন নিরুৎপাদিত হয়ে যাচ্ছেন। জন্মদাত্রী প্রসব করছেন নিজ মৃত্যুকে।
এ অব্দি এসে মনে হয়, জলির এ শিল্পকর্মগুলো শুধু পোশাকশিল্পের ট্র্যাজেডির কথাই বলছে না, দিচ্ছে আমাদের সর্বনাশা কোনো নিয়তিরও পূর্বসংকেত।