ইতালীয় মধ্যযুগবিশারদ, সেমিওটিশিয়ান, দার্শনিক, সাহিত্য সমালোচক ও ঔপন্যাসিক উমবের্তো একোর জন্ম ১৯৩২ সালের ৫ জানুয়ারি পায়েডমন্টে।তাঁর বাবা গিওলিও একো ছিলেন একজন হিসাবরক্ষক। উমবের্তোর মায়ের নাম গিয়েভান্না বিসিও।উমবের্তো খুব ভালোবাসার সঙ্গে তাঁর দাদিমার কথা স্মরণ করেন। তাঁর দাবি, বোর্হেস ও মার্কেজের মতো তিনিও তাঁর দাদির কাছ থেকে অদ্ভুত ধরনের হাস্যরসের ধাঁচটি রপ্ত করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একো তাঁর মায়ের সঙ্গে একটা পাহাড়ি গ্রামে গিয়ে আশ্রয় নেন। সেখানে তিনি প্রচণ্ড আবেগ আর উত্তেজনা নিয়ে ফ্যাসিস্ট আর প্রতিরোধ-আন্দোলনকারীদের মধ্যে বন্দুক লড়াই প্রত্যক্ষ করেন।বাবার ইচ্ছায় আইনজীবী হওয়ার লক্ষ্যে তুরিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তবে অনেক মহান লেখকের মতোই বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মধ্যযুগীয় দর্শন ও সাহিত্যে পাঠ নিয়েছিলেন শেষ পর্যন্ত। ১৯৫৪ সালে টমাস একুইনাসের ওপর ডক্টরেট করেছিলেন। তারপর ঢুকে পড়েছিলেন সাংবাদিকতায়। রাষ্ট্রনিয়ন্ত্রিত রেডিও তেলেভিজিওনে ইতালিয়ানায় (আরএআই) সংস্কৃতিবিষয়ক অনুষ্ঠানের সম্পাদক নিযুক্ত হয়েছিলেন।বিশ্বাসে সংকট দেখা দেওয়ায় সে সময় রোমান ক্যাথলিক ধর্মমত ত্যাগ করেছিলেন একো। সাংবাদিকতা ছাড়াও তিনি তুরিন বিশ্ববিদ্যালয়ে আভাঁ-গাদ শিল্পী, চিত্রকর, সংগীতজ্ঞ আর লেখকদের পাঠদান করতেন। তখনকার অভিজ্ঞতা তাঁকে ভবিষ্যতে লেখকজীবনের অনেক গুরুত্বপূর্ণ উপাদান জোগায়।১৯৬২ সালে একো জার্মান আর্ট শিক্ষিকা রেনাটি রামজিকে বিয়ে করেন। ওই ঘরে তাঁর এক ছেলে ও এক মেয়ে।সেমিওটিকস আর দর্শনের ওপর কাজ করলেও একোর সাহিত্যকর্মের সংখ্যা বিপুল। উপন্যাস ছাড়াও শিশুতোষ রচনা ও বেশ কিছু নিবন্ধ লিখেছেন তিনি। ১৯৮০ সালে রচিত দ্য নেম অব দ্য রোজ চতুর্দশ শতাব্দীর এক আখড়াকে কেন্দ্র করে গড়ে ওঠা ঐতিহ্যাসিক রহস্যোপন্যাস। বইটি বিপুল জনপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য লাভ করে, অনূদিত হয় বহু ভাষায়। দ্য নেম অব দ্য রোজ পরে চলচ্চিত্রায়িত হয়। তাঁর প্রথম বই ইল প্রবলেমা এস্টেটেসিও ইন সান টোম্মাসো প্রকাশিত হয়েছিল ১৯৫৬ সালে। একোর দ্বিতীয় উপন্যাস ফকুস পেন্ডুলাম প্রকাশিত হয় ১৯৮৮ সালে। এ বইটিও খুব ভালো বিক্রি হয়।তাঁর অন্য উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—দ্য আইল্যান্ড অব দ্য ডে বিফোর, বউদোলিনো, দ্য মিস্টিরিয়াস ফ্লেম অব কুইন লোয়ানা। তাঁর আরও একটি উপন্যাস, যার নাম দিয়েছেন দ্য সিমেট্রি অব প্রাগ; এ বছরের অক্টোবর মাসে প্রকাশিত হবে। একো চান মৃত্যুর পর তাঁর কবরে এপিটাফ হিসেবে উৎকীর্ণ থাকবে টোম্মাসো ক্যাম্পানেল্লা রচিত কোটেশন:‘ Wait, Wait’‘I cannot.’ দিলওয়ার হাসান