উৎসবটা ছিল উটপাখিদের নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসব বা মেলা শব্দের সঙ্গে কেমন যেন মন ভালো করা একটি ব্যাপার জড়িয়ে আছে। শুনলেই খুশির একটা হাওয়া খেলে যায় মনের ভেতর। বছরজুড়ে বিশ্বের বিভিন্ন দেশে কত রকম উৎসব আর মেলা যে অনুষ্ঠিত হয়, তার কোনো ইয়ত্তা নেই। তবে বিচিত্রতার দিক দিয়ে অনেককেই ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের উটপাখি উৎসব।এই তো গত শনিবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার চ্যান্ডলারে বসেছিল ২৫তম বার্ষিক উটপাখি উৎসব। স্থানীয় ব্যক্তিদের কাছে এটি ‘চ্যান্ডলার অস্ট্রিচ ফেস্টিভ্যাল’ নামে পরিচিত। তিন দিনের এ উৎসবে হাজির করা হয়েছিল কয়েক হাজার উটপাখি। সঙ্গে ছিল উটপাখির পিঠে চড়ে যুদ্ধ, জীবন্ত উটপাখির প্রদর্শনী, দেশ-বিদেশের বিরল জাতের পাখি প্রদর্শনী, শূকর দৌড়, সি লায়ন প্রদর্শনী, ম্যাজিক শো, সার্কাস ও ব্যান্ড সংগীতের সঙ্গে নাচ-গান। তবে এসবের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল উটপাখির দৌড়। পাঁচ কিলোমিটারের এ দৌড় প্রতিযোগিতা চলে প্রায় ৫০ মিনিট ধরে। যারা কোনো দিন উটপাখির দৌড় দেখেনি, তাদের জন্য সত্যিই উপভোগ্য এক ব্যাপার! এসবের সঙ্গে এই উৎসবের খাবারের কথা না বললে আসল ব্যাপারটাই অসম্পূর্ণ থেকে যাবে। সুস্বাদু খাবারের মধ্যে উটপাখির মাংস ও ডিম ছিল সবার পছন্দের তালিকায় শীর্ষে। বসন্তের এই উৎসবে যোগ দিতে দেশ-বিদেশ থেকে চ্যান্ডলারে এসেছিল ছোট-বড় সব মিলিয়ে প্রায় সাড়ে তিন লাখ লোক।আজ থেকে ২৫ বছর আগের কথা। মানে সেই ১৯৮৯ সালে অ্যারিজোনার চ্যান্ডলারে প্রথমবারের মতো শুরু হয়েছিল উটপাখি মেলা। এর আয়োজক ছিল চ্যান্ডলার চেম্বার অ্যান্ড কমার্স। হিসাবে দেখা গেছে, চ্যান্ডলারের ফিনিক্স এলাকায় যুক্তরাষ্ট্রের অধিকাংশ উটপাখির বাস। ১৯১৪ সালে সেখানে ছয় হাজারের বেশি উটপাখি ছিল বলে জানা যায়। এখানকার অনেক মানুষের জীবিকা এই পাখির সঙ্গে জড়িত। অনেকের এক বা একাধিক খামার রয়েছে, যেখানে বাণিজ্যিকভাবে উটপাখির মাংস, ডিম, পালক, তেলসহ নানা জিনিস উৎপাদিত হয়। এরপর তা সরবরাহ করা হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে। এই শহরের উটপাখির সমৃদ্ধ খামারের পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতেই এই ব্যবসার সঙ্গে জড়িত মানুষ প্রথম উটপাখির মেলা শুরু করেছিল।তবে শুরুতে উৎসবটি তেমন সাড়া জাগাতে না পারলেও তাতে হাল ছাড়েনি চ্যান্ডলারবাসী। এরপর প্রতিবছরই আয়োজিত হতে থাকে উটপাখি মেলা। ১৯৯৫ সালে এই উৎসব নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে হলিউড। তাতে অভিনয় করেছিলেন হুইটনি হিউস্টন ও অ্যাঙ্গেলা ব্যাসেট। এর পরই যুক্তরাষ্ট্রের দিকে দিকে ছড়িয়ে পড়ে উটপাখি উৎসবের খবর। ২০০৫ ও ২০০৬ সালে এ মেলার সঙ্গে যুক্ত হয় বিখ্যাত টিভি চ্যানেল ইএসপিএন। এসব কারণে এ মেলার পরিধি দিন দিন বড় হতে থাকে। যোগ দিতে থাকেন দেশি-বিদেশি পর্যটকেরা। তাই এই ২৫ বছরে চ্যান্ডেলারের উটপাখি মেলা যুক্তরাষ্ট্রের সেরা কয়েকটি মেলার মধ্যে অন্যতম স্থান দখল করে নিয়েছে।তথ্যসূত্র: বিবিসি অনলাইন