উড়াল-সাপ ও গাঙচিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে সাপ উড়াল জানে কার্যত তার ছোবলের হাত থেকে নিজেকে বাঁচাতে কত যে নির্ঘুমে কেটেছে জীবন! বাঁচাতে কি পারি তবে, পৃথিবীতে কজনই বা পেরেছে অতীতে! অন্যদিকে লোনাজলে স্বপ্নভুক গাঙচিল—তোমাদের কথাই আলাদা, ঈর্ষা হয়, তোমরা পারো তোমাদের পাখা আছে বলে—প্রতিবিম্বে ফিরে আসো জলের নিকটে। যে সাপ উড়াল জানে জলে ও স্থলে—কার্যত ম্রিয়মাণ খুব তোমাদের পাখা ও পালকের কাছে। আর এই পাখা আছে বলে সাপ তো দূরের কথা জলতলে দাঁতাল হাঙরও যেন ভিন্ন পথে চলে! তোমাদের পাখরিক অধিকারে যদি হস্তক্ষেপ হয় কভু জলের উপরে—মানববন্ধনের মতো তোমরাও জেগে ওঠো পাখি-বন্ধনের নিজস্ব নিয়মে। অন্য পিঠে যে সাপ উড়াল জানে আমরা তার ছোবলের হাত থেকে নিজেকে বাঁচাতে নির্ঘুমে কাটাই জীবন...