উড়িবার হলো তার সাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখির মতো মানুষের ওড়ার সাধ বহুদিনের। তার প্রমাণ আছে পুরাণে, প্রাচীন চিত্রকলায়—ভিঞ্চি শত শত ছবি এঁকেছেন ওড়ার স্বপ্নে বিভোর হয়ে। কিন্তু মানুষের এককভাবে ওড়ার স্বপ্ন পূরণ হয়নি আজও। ব্যক্তির একাকী ওড়ার দুঃসাহসিক চেষ্টা চলছে এখনোমৃত্যুর আগে লেওনার্দো দ্য ভিঞ্চি আক্ষেপ করে বলেছিলেন, তিনি সবকিছুই পেয়েছেন, কেবল পারেননি পাখির মতো নীল আকাশে উড়ে বেড়াতে। জীবদ্দশায় দ্য ভিঞ্চির পাখি হওয়ার স্বপ্ন গোপন কিছু ছিল না। নানা ধরনের স্কেচের মাধ্যমে তিনি জীবনভর চেষ্টা করে গেছেন পাখির আকাশে ওড়ার রহস্য উদ্ঘাটনের। কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। তবে দ্য ভিঞ্চির মৃত্যুর পরও মানুষ আকাশে ওড়ার স্বপ্নকে বিসর্জন দেয়নি। চেষ্টা করতে করতে একদিন সে আকাশে উড়তে পেরেছে। উইলভার রাইট আর অরভিল রাইট নামের দুই ব্যক্তি (যাঁরা রাইট ভ্রাতৃদ্বয় হিসেবে বেশি পরিচিত) মানুষের এই আরাধ্য স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছেন উড়োজাহাজ আবিষ্কারের মাধ্যমে, বিশ শতকের একেবারে গোড়ার দিকে। কিন্তু ব্যক্তিগতভাবে, যখন-তখন আকাশে ওড়ার স্বপ্ন আজও পূরণ করতে পারেনি মানুষ। বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগেও সৃষ্টিরহস্য ভেদ করে মানুষ পারেনি যখন-তখন আকাশে উড়তে।লেওনার্দো দ্য ভিঞ্চি বিভিন্ন সময় পাখির ডানা নিয়ে গবেষণা চালিয়েছেন। স্কেচের পর স্কেচের মাধ্যমে তিনি বুঝতে চেষ্টা করেছেন পাখির আকাশে উড়তে পারার মূল রহস্যটি। ভিঞ্চির অনেক বছর পর স্যার জর্জ কেইলে নামের একজন প্রকৌশলী দুর্বার চেষ্টা চালিয়েছিলেন আকাশে ওড়ার। তিনি এ নিয়ে চালিয়েছিলেন বড় ধরনের গবেষণা। গবেষণা থেকে তিনি বুঝতে পেরেছিলেন আকাশে ওড়ার জন্য দরকার দুর্বার প্রচালনশক্তি, সেই শক্তিকে ব্যবহার করে শূন্যে ভাসার সক্ষমতা ও যেদিকে ইচ্ছা সেদিকে নিজেকে ভাসিয়ে নিয়ে বেড়ানোর জন্য নিয়ন্ত্রণ। তিনি এই ব্যাপারগুলোকে এক করে একটি যন্ত্রও আবিষ্কার করেছিলেন, যার দ্বারা মানুষ আকাশে ভেসে বেড়াতে পারবে। কিন্তু হায়, কেইলের সেই প্রচেষ্টা ও পরিশ্রমও ব্যর্থতায় পর্যবসিত হয়।পাখি আকাশে ওড়ে অদ্ভুত এক বিজ্ঞানকে কেন্দ্র করে। মানুষ সাধারণত আকাশে ওড়ার চেষ্টা চালিয়েছে গ্লাইডারের মাধ্যমে। সমস্যা হচ্ছে, গ্লাইডারের মাধ্যমে মানুষ শূন্যে ভাসার সক্ষমতা অর্জন করলেও সে নিজেকে বেশি উচ্চতায় তুলে নিতে পারে না। পাখির সঙ্গে মূলত এই জায়গাতেই মানুষের পার্থক্য। বিজ্ঞানীরা একটি ব্যাপার লক্ষ করে বিস্ময়ে অবাক হয়েছেন, যে একটি ছোট্ট চড়ুই পাখির আকাশে ওড়ার সক্ষমতা একটি অত্যাধুনিক বোয়িং বিমানের চেয়েও অনেক বেশি কার্যকর। বিস্ময়ে বিমূঢ় হয়ে যেতে হয়, অতিথি পাখিদের ওড়ার সক্ষমতা দেখে। প্রতিবছর শীতে আলাস্কা থেকে নাতিশীতোষ্ণ অঞ্চলে উড়ে আসে লাখ লাখ পাখি। এরা এই ভ্রমণে কখনো কখনো ৪০ থেকে ৫০ হাজার মাইলও একনাগাড়ে ওড়ে। মানুষ যেখানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেও আকাশে পরিপূর্ণ সফলতার সঙ্গে উড়তে পারছে না, সেখানে ছোট্ট একটি পাখির আকাশে ওড়ার সক্ষমতার মূল কারণ, তার হাড়ের ওজন এবং বুক ও ডানার পেশির মধ্যে এক অদ্ভুত ছন্দময় সমন্বয়। একটি চড়ুইপাখির বুকে যে পরিমাণ পেশির সন্নিবেশ ঘটেছে, তার ২০ শতাংশও যদি মানুষের ভেতরে থাকত, তাতে নাকি সেই পেশি ধারণ করতে ৫৫টি ড্রামের প্রয়োজন হতো। বিস্মিত হওয়ার মতোই একটি তথ্য। এই তথ্যটি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের মন্টানা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী টোবালেস্কে।কিংবদন্তি আছে, অহমিকার কারণেই ইকারুসের পতন হয়েছিল আকাশ থেকে। তার অহমিকা এতটাই ছিল যে সে উড়তে উড়তে সূর্যের কাছে পৌঁছে গিয়েছিল। সে সময় সূর্যের তীব্র উত্তাপে তার পাখা পুড়ে যায়। প্যারাসুটের আবিষ্কার হয়তো ওড়ার সেই উদগ্র প্রচেষ্টারই একটু রাশ টেনে ধরার জন্য। তার পরও প্যারাট্রুপিংকে পুরোপুরি নিরাপদ করতে পারেনি মানুষ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই মার্কিন সেনাবাহিনী ব্যক্তিগতভাবে আকাশে ওড়ার একটি অনুশীলনের ব্যবস্থা করে সেনাদের জন্য। সেখানে যে পদ্ধতিতে আকাশে ওড়ার ব্যবস্থা করা হয়েছিল, তাতে এক মিনিটেরও কম সময় শূন্যে থাকা যেত। রকেট বেল্টের দ্বারাও আকাশে ওড়ার চেষ্টা হয়েছিল। ওয়েন্ডাল মুর নামের এক আকাশবিজ্ঞানী সেই রকেট বেল্ট আবিষ্কার করেছিলেন। তবে তার অভিজ্ঞতা নেওয়া মার্কিন সেনাবাহিনীর এক সেনা, যাঁর নাম বিল সুইটর, তিনি বলেছিলেন, এই রকেট বেল্ট নিয়ন্ত্রণ করা যেন আকাশে একটি আগুনে নিঃশ্বাসের ড্রাগনকে নিয়ন্ত্রণ করা।বর্তমানে নাসাও নানাভাবে কাজ চালিয়ে যাচ্ছে আকাশে মানুষের ব্যক্তিগতভাবে ওড়ার ব্যবস্থা করার জন্য। ‘মানুষের অসাধ্য কিছু নেই’—এই আপ্তবাক্যটি এ ক্ষেত্রে কেমন যেন অস্বস্তি সৃষ্টি করছে। নাইর ইকবালসূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন