উড়ে গেছে সাদা ঘোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তার বিষয়ে যখন ভাবি, ভাবি সেকি দুধের বাটি?
সেই কি প্রথম দেখেছিল চিলেকোঠার শীতলপাটি?

বিয়েবাড়ির ঝুট-ঝামেলা ছুটিছাটায়
তর্জনী কার স্পর্শ পেল স্তনের বোঁটার—

করতলে হাত চালিয়ে বদলাল কে খোলনলচে;
শিরীষগাছের আঁধারে কে পাতায় পাতায় কথা বলছে!

সমতলে কোন মেয়েটি মুছে ফেলছে চোখের পাতা;
কোন ছেলেটি আলতো করে তুলে রাখছে নকশিকাঁথা—

রাত্রি নামে যে বাড়িতে তার আঙিনায় ঘুমও নামে?
মাঝে মাঝে রাতের আগে তার দুচোখে রাত্রি থামে।

আহা কিশোর ঘুমোতে যায় মধ্যরাতের বিয়েবাড়ি,
পাশের ঘরের শব্দগুলো থামিয়ে দিল রেলের গাড়ি।

চোখের কোণে জল জমছে হারিয়ে যাচ্ছে রঙিন শাড়ি,
ট্রেনে চেপে চলে যাচ্ছ চক্রশালা দোহাজারী।

তারও পরে দূরপাহাড়ে শ্বশুরবাড়ি অনিমাদির,—
‘আমরা তো আর মাংস খাই না, তোর জন্য মাংস রাঁধি?’

বিয়েবাড়ির ঘুমের মধ্যে মাংস নিয়ে স্বপ্ন দেখা—
কী ভাববে, ভাববে না কী, ভাবতে ভাবতে একা একা

চলে এলি গাছগাছালির ছায়ায় ঘেরা ঘাটের কাছে,
কী আশ্চর্য! পুকুর পাড়ে একটা পরি বসে আছে!

এই ছেলেটা এই পরিটা বসে বসে গল্প করে;
বিরাট একটা সাদা ঘোড়া ঘাসের কাছে নড়েচড়ে।

একটি সকাল এগিয়ে এল একটি ছোট গল্প নিয়ে
বিরাট একটা সাদা ঘোড়া উড়ে গেছে আকাশ দিয়ে।