
আমাদের স্বপ্নবান মানুষগুলোর চিরকালের চাওয়া সমৃদ্ধির একটা সাধারণ ছবি হলো, বাংলার ঘরে ঘরে গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু। সেই ঋদ্ধ বাংলার অবয়ব আঁকেননি এমন চিত্রকর খুঁজে পাওয়া দুষ্কর! বাংলা নিসর্গের ঋতুবৈচিত্র্যের নিবিড়ে জড়িয়ে থাকা জনজীবনের ছবি আঁকিয়ের দলে অমিত নন্দী প্রতিশ্রুতিশীল এক নবীন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হলো তাঁর প্রথম একক চিত্র প্রদর্শনী। একাডেমিক অনুশীলনের অধ্যবসায়ের সঙ্গে নিসর্গপ্রেমের রসায়নে তাঁর একেকটি চিত্রকর্ম যেন মেলে ধরেছে নন্দিত রূপের ডালা।
সৃজনশীল একজন মানুষের মনোজগতের ভাবনা ও আলোড়ন বিম্বিত হয় তাঁর সৃষ্টির ভেতরে। এই সৃজনের মাহাত্ম্য খুঁজতে চাইলে ডুব দিতে হবে তাঁর পরিবার-প্রতিবেশ, শৈশব-কৈশোর-শিক্ষা ও সংস্কৃতিতে। অমিতের জন্ম ১৯৮৯ সালে মেঘনা-ডাকাতিয়া নদীবিধৌত চাঁদপুরে। জন্মশহরের সবুজ-সতেজ প্রকৃতির রং, নদীর জলধারা, ভাঙা-গড়ার খেলা, এর অববাহিকা আর সন্নিহিত অঞ্চলের নিসর্গ তৈরি করে দিয়েছে তাঁর শিল্পীমানস। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পঠন-অনুশীলন তাতে যোগ করেছে সৃজন-পারঙ্গমতা।
বৃষ্টিসিক্ত হাওয়া আর জলকাদায় মাখামাখি সবুজ শস্যময় উৎসবমুখর এক বাংলাদেশ ও তার শ্যামলবরণ সুখী মানুষগুলো ছড়িয়ে আছেন অমিত নন্দীর চিত্রপটজুড়ে। তিনি আঁকেন প্রধানত প্রাচ্য ঘরানার জলরং পদ্ধতিতে। ভেজা ওয়াশ পদ্ধতিতেও আঁকেন বলে তাঁর ছবিগুলো থাকে নরম ও পেলব। আলোছায়ার কুশলী প্রয়োগে—বর্ণের নমিত স্বভাবের ভেতর হঠাৎ আলোর বিচ্ছুরণের বৈপরীত্য অমিতের কয়েকটি কাজকে করেছে মনোহর। যেমন: কলার মোচা নিয়ে তাঁর একাধিক সৃষ্টি দর্শক-দৃষ্টিকে মুগ্ধতা দেয়।
অমিত প্রাচ্যরীতিতে প্রচলিত পটোলচেরা চাহনির ছন্দিত নারী-পুরুষের অবয়ব চিত্রণে সীমাবদ্ধ থাকেননি। এঁকেছেন একতারা হাতে বাউল, উঠোনে বাদনরত ব্যান্ড-শিল্পীদের ছবি। এ ছাড়াও তিনি হাত বাড়িয়েছেন প্রকৃতির বিপুল বৈচিত্র্যময় ঐশ্বর্যের দিকে। কুয়াশাচ্ছন্ন কাচের জানালায় ফোঁটা ফোঁটা জল ও জল গড়ানো রেখার রূপটাও চোখ এড়ায়নি তাঁর।
অনুশীলন পর্যায়ে প্রচুর ড্রয়িং ছাড়াও প্রতিকৃতি আঁকতে হয় শিক্ষার্থী-শিল্পীদের। অমিতও যে অঙ্কনে তৎপর ছিলেন তা বোঝা যায় তাঁর স্নাতক সম্মান পর্যায়ের অনুশীলনগুলো দেখে। অনেক শিল্পীর পছন্দের অবয়ব—রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি ছাড়াও আত্মপ্রতিকৃতি এঁকেছেন অমিত। আবার রবীন্দ্র প্রতিকৃতির সঙ্গে পরাবাস্তবতার আবহ তৈরি করে রবিঠাকুরের লেখা ক্ষুধিত পাষাণ গল্পের রহস্যময়তাকেই যেন তুলে ধরেছেন। হিন্দু কিংবদন্তির রাক্ষসরাজ রাবণের একাধিক অবয়বের কৌশল প্রয়োগে ছবি এঁকে তুলে ধরেছেন মানুষের মনের হরেক রকম মনোভাব।
চারকোল ও পেনসিল ড্রয়িংয়ে নারী মডেলের নানা রূপ তুলে ধরেছেন সযত্নে। জলরঙের ওয়াশ দিয়ে আঁকা অনেকগুলো ক্ষুদ্রাকৃতির ছবির সমাহারে একাধিক গঠন-গড়ন অমিতের আধুনিক ও যুগোপযোগী মনোভাবকে তুলে ধরে। প্রথা ভেঙে প্রাচ্যকলাকে আমাদের চলমান জীবন যাপনের সঙ্গে মেলানোর জন্য যে আন্দোলন শুরু হয়েছে সেই শিল্পিত প্রয়াসে তিনিও শামিল। অমিতের আঁকা বাঙালির চিরকালের আকাঙ্ক্ষিত সুখী-নির্বিবাদী মুগ্ধতার ছবি দেখে জুড়িয়ে যায় চোখ।
গত ১০ নভেম্বর শুরু হওয়া এ প্রদর্শনী ১৫ নভেম্বর শেষ হয়েছে।