এ কেবল ভ্রমণবৃত্তান্ত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইভরিকোস্টে লাল সবুজের পাশে
আইভরিকোস্টে লাল সবুজের পাশে

আইভরিকোস্টে লাল সবুজের পাশে
আনিসুল হক
প্রচ্ছদ: অশোক কর্মকার
প্রকাশক: প্রথমা প্রকাশন ২০১২
৬৪ পৃষ্ঠা
দাম: ১৭৫ টাকা
পৃথিবীর যেসব দেশে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ মিশনের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে, আফ্রিকা মহাদেশের আইভরিকোস্ট তাদের অন্যতম। ২০১২ সালের জানুয়ারি মাসের শেষের কয়েকটা দিন কথাশিল্পী আনিসুল হক বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের কার্যক্রম দেখতে যান চিরবসন্তের এই দেশে। মিশন অ্যাসেসমেন্ট টিম বা এমএটির (ম্যাট) অংশ ছিল এই ভ্রমণ। এই বই সেই ভ্রমণ অভিজ্ঞতার সংকলন।
বইয়ের একেক অধ্যায়ের আছে স্বতন্ত্র শিরোনাম। শিরোনামগুলো প্রথাগত—ক্লিশে নয়, কোতূহলোদ্দীপক—‘দ্রগবার ছবি স্বাগত জানাল’, ‘প্রশংসা পেশাদারির-গল্প আতিথেয়তার’, ‘বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে গাছ’, ‘শান্তির কবুতর বনাম কুমিরের মুরগি ভক্ষণ’, ‘ইউ মোনামি আই মোনামি পাদো প্রবলেম’ প্রভৃতি শিরোনামই বলে দিচ্ছে ভেতরে আছে আকর্ষণীয় গল্প।
স্বর্ণসহ বিভিন্ন খনিজদ্রব্যে সমৃদ্ধ আইভরিকোস্ট ফ্রান্স কমিউনিটির স্বায়ত্তশাসিত সদস্যের মর্যাদা পায় ১৯৫৬ সালে। ১৯৬০ সালে পূর্ণ স্বাধীনতা লাভ করে দেশটি। ফেলিক্স হোপহোয়েত বোগনে হন প্রথম প্রেসিডেন্ট। তাঁর মৃত্যুর পর ১৯৯৩ সালে প্রেসিডেন্ট হন হেনরি কোনান বেদিয়ে। এরপর সামরিক অভ্যুত্থান—১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল রবার্ট গুয়েই ক্ষমতায় বসলেও পরের বছরই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হন লরা বাগবো।
২০০২ সালে এসে বাগবো সরকার-অনুগত ও বিদ্রোহী সেনাদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ফলে ক্রমেই গৃহযুদ্ধের দিকে এগিয়ে যায় দেশটি। ২০০৩ সালে বাগবো ও বিদ্রোহী নেতাদের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এখানে প্রতিষ্ঠিত হয় জাতীয় ঐক্যের সরকার। এখানেই শেষ নয়, কিছুদিনের মধ্যেই সেই চুক্তি আবার ভেঙে যায়। এই পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের ৬ নভেম্বর এক হামলায় নয়জন ফরাসি সেনা নিহত হলে আইভরিকোস্টের সামরিক বিমান বহরের ওপর হামলা চালিয়ে অধিকাংশ বিমানই ধ্বংস করে ফেলে প্যারিস। পরিণতিতে এখানে ছড়িয়ে পড়ে দাঙ্গা।
২০১০ সালে জাতিসংঘের নিরাপত্তা বাহিনী ও আফ্রিকান ইউনিয়নের সহযোগিতায় আবারও প্রেসিডেন্ট নির্বাচন হয় দেশটিতে। নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাসানে ওয়াতারার কাছে পরাজিত হলেও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান বাগবো। এরপর সহিংসতা চরমে পৌঁছালে ফরাসি ও জাতিসংঘ বাহিনীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত ২০১১ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ান বাগবো। শুরু হয় নির্বাচিত ওয়াতারা সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর-প্রক্রিয়া। এ প্রক্রিয়া এগিয়ে নিতে দেশটিতে এখনো জাতিসংঘের কয়েক হাজার শান্তিরক্ষী কাজ করছে।
এসবই উঠে এসেছে আনিসুল হকের আইভরিকোস্টে লাল সবুজের পাশে গ্রন্থের পরতে পরতে। প্রায় দিন দশেকের অভিযানে আইভরিকোস্টজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশের বিভিন্ন সেনাশিবিরে গেছেন লেখক। মুগ্ধ হয়েছেন তাঁদের পেশাদারিত্ব, সেবা-কার্যক্রম ও সুনাম-স্বীকৃতির পরিচয় পেয়ে। আইভরিকোস্টের আবিদজান শহর থেকে বুয়াকে, রাজনৈতিক রাজধানী ইয়ামোসুকরো, দালোয়া, বিভাগীয় শহর মান, দানান, বোয়াফ্লে, জেনুলা—এই শহরগুলো ঘোরার ফলে তাঁর ভ্রমণ অভিজ্ঞতা বিচিত্র। সেই ভ্রমণের অনুপুঙ্খ বিবরণ উঠে এসেছে বইটিতে। আর এই বিবরণ কেবল বর্ণনায় সীমাবদ্ধ নয়, এর মধ্যে আছে টুকরা টুকরা অজস্রÊগল্প।
বাংলাদেশি সেনারা কীভাবে প্রাণের ঝুঁকি নিয়ে ওই দেশের বিদ্রোহীদের দমন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে, সেই বৃত্তান্ত বলতে বলতে লেখক বলেছেন বাংলাদেশের কথাও। বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলোর দিকে ইঙ্গিত করেছেন তিনি। যেমন আইভরিকোস্টের আবিদজান শহরের বিস্তীর্ণ পতিত জমিতে গড়ে উঠতে পারে বাংলাদেশের কৃষি-খামার, কিন্তু সে জন্য উদ্যোগ তো নিতে হবে সরকার ও ব্যবসায়ীদের, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে।
আইভরিকোস্টে লাল সবুজের পাশে গ্রন্থটি শেষাবধি আর নিছক ভ্রমণের বৃত্তে আবদ্ধ থাকেনি, আনিসুল হকের সরস গদ্যে বরং বইটিতে উঠে এসেছে মানুষের জীবনের বিচিত্র আখ্যান। বইটি যেমন আইভরিকোস্টের ইতিহাস-ঐতিহ্য ও বর্তমানকে জানতে সহায়তা করে, তেমনি বাংলাদেশের মানুষের কৃতিত্বকেও তুলে ধরে নতুনভাবে।