এ যুগের সিনডারেলা
বছর সাতেক আগেও কেউ যদি বলত, একদিন তাঁর নামে ব্যাংকে কয়েক মিলিয়ন ডলার থাকবে, ১০০ মিলিয়ন ডলারের ব্যবসা করে এমন একটা প্রতিষ্ঠানের মালিক হবেন তিনি, ঝা-চকচকে পোরশে গাড়ি থাকবে তাঁর, বাস করবেন বিলাসবহুল বাড়িতে; সোফিয়া আমোরুসো নিজেই হেসে উড়িয়ে দিতেন। ভাবতেন, ঠাট্টা করছে। নয়তো ঠাওরে নিতেন, ব্যাটার মাথায় নিশ্চয়ই সমস্যা আছে। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্নও এখন দেখা যায়, তাই বলে কোটি টাকার স্বপ্ন!সেই বাড়াবাড়ি রকমের ঘটনাই ঘটিয়ে ফেলেছেন ২৮ বছর বয়সী মার্কিন তরুণী আমোরুসো। পুঁজি ছাড়াই ব্যতিক্রমী এক ব্যবসা চালু করে আজ তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত এক তরুণ উদ্যোক্তা। ফোর্বস-এর সেরা ৪০০ মার্কিন ধনীর তালিকায় উঠেছে তাঁর নাম। তাঁকে নিয়ে এই সেদিন বিশাল এক ‘স্টোরি’ করেছে নিউইয়র্ক টাইমস।পুঁজি ছিল না—কথাটা বলা বোধ হয় ভুল হলো। পকেটটা ঠনঠন ছিল, ব্যাংক হিসাবেও একেবারে ফক্কা; তবে পুঁজি ছিল আসলে সে সময়ের সেই ২২ বছর বয়সীর মস্তিষ্কে। আজ থেকে সাত বছর আগে সেই বুদ্ধিটা সম্বল করে অনলাইন নামের এক আলাদিনের আশ্চর্য জাদুর কার্পেটে সওয়ার হয়ে আজ এই জায়গায় পৌঁছেছেন। অন্যের চোখে যা সেকেলে ফ্যাশনের, এমন বাতিল পুরোনো পোশাক নতুন করে উপস্থাপনা করেছেন ইন্টারনেটে। এরপর সেই পোশাক বিক্রি করেছেন ই-বের মাধ্যমে। ‘ন্যাস্টি গাল’ নামের তাঁর এই প্রতিষ্ঠান এখন এই ছয় বছরে ফুলে-ফেঁপে একাকার। গত বছর ১০০ মিলিয়ন ডলার (৭৮৩ কোটি টাকা) ব্যবসা করেছে ন্যাস্টি গাল।ছয় বছর আগে আমোরুসো বাস করতেন তাঁর এক সৎখালার সঙ্গে। স্কুলের পড়াশোনা শেষ করা হয়নি। জীবিকার তাগিদে সেই সময় একটি আর্ট স্কুলের শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করার কাজ নেন। ঘণ্টায় তাঁর আয় ছিল ১৩ ডলার। আমোরুসো চেয়েছিলেন ফটোগ্রাফির স্কুলে ভর্তি হতে। কিন্তু খরচে পোষায়নি। এ সময়ই হুট করে ই-বেতে ন্যাস্টি গালের যাত্রা শুরু।পুরোনো পোশাকের দোকান থেকে বেছে বেছে ‘ভিন্টেজ’ ফ্যাশনের পোশাকগুলো কিনে আনেন। সেগুলো ই-বেতে নিজের ওয়েব পৃষ্ঠায় তুলে দেন। স্যালভেশন আর্মির দোকান থেকে আট ডলারে কেনা একটি জ্যাকেট এক হাজার ডলারে বিক্রি হওয়াতেই বুঝে যান, এই ব্যবসার ভবিষ্যৎ আছে।এরপর তিনি পোশাকগুলো কিনে এনে, সেগুলোয় মডেল হতেন, দারুণভাবে উপস্থাপনা করতেন। এরপর সেই ছবিগুলো দুর্দান্ত ক্যাপশন দিয়ে পোস্ট করতেন ই-বে, মাইস্পেস, ফেসবুক ও টুইটারে। হু হু করে বাড়তে থাকল তাঁর জনপ্রিয়তা। আর বাড়তে থাকল বিক্রি।ফেসবুকে ন্যাস্টি গালের ৫০ লাখেরও বেশি ভক্ত আছে। ইনস্টাগ্রামে আছে ছয় লাখের মতো। পুরোপুরি ওয়েবভিত্তিক তাঁর ব্যবসা। এমনকি যেসব মডেল তিনি ব্যবহার করেন, সেগুলো সেই ফেসবুক থেকেই বেছে নেওয়া। তাঁর সহকর্মীরাও এসেছেন ফেসবুক নয়, এ ধরনের সামাজিক যোগাযোগের সাইটে পরিচয়ের মাধ্যমে।ন্যাস্টি গাল নামটার মধ্যেও আছে আমোরুসোর সৃষ্টিশীলতার পরিচয়। এমনিতে এই নামের অর্থ হলো অশ্লীল মেয়ে। ব্যবসা বড় হওয়ার পর এই ন্যাস্টি গাল ডট কম নামের সাইট খুলতে গিয়ে আমোরুসো দেখেন, এই নামে একটা পর্নো সাইটই আছে অনেক দিন থেকে! পরে অবশ্য এই সাইটের ডোমেইন কিনে নিয়েছেন। সাহসী এই নামটা তিনি দিয়েছেন ধূমকেতুর মতো এসে হারিয়ে যাওয়া সংগীততারকা বেটি ডেভিসের একটি অ্যালবামের নামে। ঝাঁজালো সব ফ্যাশনে বেটি ছিলেন বেপরোয়া, সাহসী।পরে পোশাকের পাশাপাশি খ্যাতনামা একটি ব্র্যান্ডের জুতাও বিক্রি শুরু করে ন্যাস্টি গাল। লাভের পূর্বাভাস দেখে বড় অঙ্কে কোম্পানির একটি শেয়ার কিনে নেয় ইনডেক্স নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান।বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, আমোরুসোর সাফল্যের মূলে আছে তরুণ প্রজন্মের হুজুগ। এরা যত তাড়াতাড়ি হুজুগে আলোড়িত হয়, তত তাড়াতাড়ি এর থেকে সরেও আসে। ফলে ন্যাস্টি গালের ভবিষ্যৎ নিয়ে তিনি আসলে ততটা আশাবাদী নয়। তবে আমোরুসো ব্যবসার নতুন আঙ্গিক খুঁজছেন। তাঁর পক্ষে নতুন কোনো চমক নিয়ে হাজির হওয়াটাও বিস্ময়কর কিছু নয়। নিউইয়র্ক টাইমস লিখেছে, প্রযুক্তির দুনিয়ায় কাউকে যদি সিনডারেলা বলতেই হয়, আমোরুসো হলেন সেই সিডনারেলা। পার্থক্য হলো, রূপকথার সিনডারেলা রাজকন্যা হয়ে যেতেন আশ্চর্য এক জুতায়, আমোরুসোর জন্য সেই জুতা হলো ইন্টারনেট! রাজীব হাসাননিউইয়র্ক টাইমস অবলম্বনে