এ যেন সিনেমার গল্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার উড়াল মাউন্টেনে নিজের ছোট্ট ফ্ল্যাটে বসে ইউলিয়া বেলায়েভা আর তাঁর ১২ বছর বয়সী মেয়ে ইরিনা নিজেদের পারিবারিক অ্যালবামের ছবিগুলো উল্টেপাল্টে দেখছিল। এর মধ্যে একটা ছবি এক যুগ আগের তোলা, যেদিন সদ্যোজাত ইরিনাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন ইউলিয়া। ছোট্ট ইরিনা কম্বলের ভেতর কেমন গুটিশুটি মেরে শুয়ে আছে! মুখে আলতো হাসি।আজ ১২ বছর পর এই ছবি দেখতে গিয়ে ইরিনা-ইউলিয়া কারও মুখে হাসি নেই। কারণ, এত দিন পর যে তারা জেনে গেছে, দুজনের মধ্যে আসলে রক্তের কোনো সম্পর্ক নেই। এত দিন যাঁকে নিজের গর্ভের সন্তান বলে জেনে এসেছেন ইউলিয়া, সেই ইরিনা আসলেই তাঁর মেয়ে নয়!একজন মায়ের জন্য জীবন ওলটপালট হয়ে যাওয়া এমন তথ্য ইউলিয়া জানতে পেরেছেন একেবারেই আকস্মিকভাবে। বিবাহবিচ্ছেদের পর তাঁর স্বামী খোরপোশ দিতে অস্বীকৃতি জানান, স্বীকৃতি দিতে রাজি হননি মেয়েকেও। ফলে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন ইউলিয়া। করানো হয় ডিএনএ টেস্ট। সেই ডিএনএ পরীক্ষাতেই বেরিয়ে আসে ভয়ংকর তথ্য। তাঁর স্বামী আসলেই ইরিনার জন্মদাতা নন, এমনকি ইউলিয়া নিজেও নন তাঁর জন্মদাত্রী।তাহলে?রহস্য উদ্ধার হয় দ্রুতই। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর স্থানীয় প্রসূতি হাসপাতালে হয়েছিল গুরুতর এক ভুল। জন্মের পর দুটো বাচ্চার নামের ট্যাগ ওলটপালট হয়ে যায়। আর এই ছোট্ট ভুলের কারণে ইউলিয়ার মেয়ে চলে যায় অন্য কোনোখানে, আর অন্যের মেয়ে ইরিনাকে নিজের মনে করে বাড়ি নিয়ে আসেন ইউলিয়া! নিজের সন্তান ভেবেই বড় করে তোলেন তাকে।‘প্রথমবার শোনার পর আমার কাছে এটা মনে হয়েছিল একটা কৌতুক। কিন্তু এরপর কান্না চেপে রাখতে পারিনি। আমার পুরো দুনিয়া যেন ওলটপালট হয়ে গেল। এই ভেবে উদ্বিগ্ন হয়ে উঠলাম, ইরিনা এখন কী বলবে? উদ্বেগে পড়লাম আমার সত্যিকারের মেয়েকে নিয়ে। কোথায়, কেমন যে আছে! হয়তো অভিভাবকহীন হয়ে কোনো অনাথ আশ্রমে বেড়ে উঠছে সে। এমনও তো হতে পারে, সে ভিক্ষা করে বেড়াচ্ছে পথে পথে!’না, ইউলিয়ার এই আশঙ্কা শেষ পর্যন্ত সত্যি হয়নি। কয়েক সপ্তাহের মধ্যেই পুলিশ খুঁজে বের করেছে তাঁর আসল মেয়েকে। ইউলিয়ার ফ্ল্যাট থেকে গাড়িতে আধা ঘণ্টার দূরত্বের একটা গ্রামে পাওয়া যায় তাকে। আনিয়া ইস্কান্দারোভা নামে সে বেড়ে উঠেছে এক মুসলিম পরিবারে। মুসলিম হিসেবেই! ইউলিয়া যেমন ভুল করে ইরিনাকে নিজের মেয়ে মনে করে হাসপাতাল থেকে নিয়ে এসেছিলেন, তেমনি নাইমত ইস্কান্দারোভও ভুল করে নিয়ে আসেন আনিয়াকে। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর মায়ের আদর দিয়ে নিজেই মানুষ করেছেন আনিয়াকে।পুলিশ যখন প্রথমবার জানাল বিষয়টি, নাইমত তো রেগেই গিয়েছিলেন। ‘কিন্তু গোয়েন্দারা এরপর আমাকে ইরিনার ছবি দেখাল। ওর মুখটার দিকে তাকিয়ে আমি যেন আমার নিজের মুখটাই দেখতে পেলাম। আমার হাত-পা কাঁপতে থাকল।’ বলেছেন নাইমত। ইরিনা দেখতে যেমন নাইমতের মতো হয়েছে, তেমনি আনিয়াও দেখতে যেন ইউলিয়াই।বিষয়টির সহজ সমাধান হতো যাঁর যাঁর মেয়েকে ফিরিয়ে দেওয়া। কিন্তু বলা যত সহজ, কাজটা ততটাই কঠিন। কারণ, রক্তের সম্পর্ক না থাকলেও ইরিনার সঙ্গে ইউলিয়া আর আনিয়ার সঙ্গে নাইমত বাঁধা পড়েছিলেন অন্য এক সম্পর্কের বাঁধনে। ছোট থেকেই একজনকে নিজের বাবা কিংবা মা হিসেবে জেনে আসার এত দিন পর অন্য কাউকে মেনে নেওয়া তো কঠিনই।দুই পরিবার তাই সিদ্ধান্ত নেয়, সন্তানদের নিজ নিজ বাড়িতে না নিয়ে নিয়মিত এসে দেখা করার। কিন্তু এখানেও দেখা দেয় নতুন ঝামেলা। নাইমতের দুশ্চিন্তা, ‘একটি পরিবার খ্রিস্টান, অন্যটি মুসলিম। আমাদের ভিন্ন ঐতিহ্য। আমার ভয় হয়, আমার মেয়ে (আনিয়া) না আবার পানশালায় যেতে, মদ খেতে শুরু করে। নামাজ পড়া ছেড়ে দেয়। ধর্মটাই না পাল্টে ফেলে।’আর ইউলিয়ার দুশ্চিন্তা, দুই মেয়েকেই না একসময় হারিয়ে ফেলেন তিনি! স্পষ্টতই দেখতে পাচ্ছেন, নিজের মেয়ে মনে করে যাকে বড় করে তুলেছেন, সেই ইরিনা এখন তার আসল বাবার সঙ্গেই সময় কাটাতে বেশি পছন্দ করছে। আর নিজের মেয়ে আনিয়া তাঁর সঙ্গে ঠিক সহজভাবে মিশতে পারছে না। ‘আমি আনিয়াকে মায়ের আদর দিয়ে কাছে টেনে নিতে চেয়েছিলাম, কিন্তু ও আসলে অন্যভাবে বেড়ে উঠেছে। ও আসলে এ ধরনের আদর-ভালোবাসায় অভ্যস্ত নয়! আমরা আসলে একে অপরকে বুঝতেই পারি না।’তাহলে দুই ধর্মের দুই পরিবারের মধ্যে সেতুবন্ধ হয়ে থাকবে কী? সমস্যার সমাধান করে দিয়েছে ইরিনা আর আনিয়া। দুজনই এখন দুজনের সবচেয়ে ভালো বন্ধু। রাজীব হাসানবিবিসি অবলম্বনে