এই কবিতার নাম হতে পারে রফিক আজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি কি নিয়ম ভাঙে? হ্যাঁ, কবি নিয়ম ভাঙে।
কবি কি নিয়ম মানে? হ্যাঁ, কবি নিয়ম মানে।

তবে কবি দাঁড়ায় কেন বিপরীত, মেঘের পাশে?
তবে কবি চড়ে কেন গুনটানা নৌকা ’পরে?

কবি কি ভালোবাসে যা কিছু উল্টো খেলা?
কবি কি শব্দ খোঁজে যেখানে জীবন বাঁচে?

কবিকে প্রশ্ন করো, কেন সে অগ্নি-পাশে?
কেন সে সাঁতার কেটে বিপরীত ঊর্মি ভাঙে?

কেন তার এমন দেখা, কেন সে এত দ্যাখে?
চোখ দুটো অন্ধ হবে রোদ কি রাখবে পাশে?

এমনই কবির খেলা সুখ তার ব্যবচ্ছেদে,
বসবাসে করবে সে কি বিপরীত দৃশ্য-ঘরে?

কোথা সে শান্তি পাবে, কে দেবে ঋদ্ধ স্বপন?
ভাঙে সে আঁধার–আলো চুষে খায় নিজের ক্ষরণ।