এই জাদুকর ঝড়েরও পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজকে ভোরে বিছনা ছেড়ে
বাইরে চেয়ে দেখি—
দিন নাকি রাত ভেবেই হঠাৎ
হচ্ছি অবাক এ কী!

পড়ার ঘরের জানলাটা দিই
আলতো করে মেলে—
একদলা মেঘ আছড়ে পড়ে
অমনি হেসেখেলে।

সঙ্গী যে তার দমকা বাতাস
নাচছে সাথে সাথে—
চুলখোলা মেয়ে কাজল কালো
ঝড়ের মালা গাঁথে।

আমায় দেখে হাসছে ওরা
বলছে, ‘চলো দূরে—
এই আমাদের ডানায় করে
কোথাও উড়ে উড়ে।’

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল



সঙ্গে দুটো চড়ুই পাখি
কিচিরমিচির গানে—
একঝাপি ঝুম বিষ্টিকেও
সঙ্গে করে আনে।

ওদের সাথে এই আমি হই
একটি প্রজাপতি—
এ ঘর ও ঘর বেড়াই উড়ে
বাতাস বাড়ায় গতি।

সবাই মিলে নেচে গেয়ে
মাতাই সারা বাড়ি—
একটা বাতাস বয়ে আনে
গন্ধ কি পাহাড়ি!

তার সুবাসে ডুবে গিয়ে
হারিয়ে ফেলি দিশা—
অমনি মেঘমালার আকাশ
কাটায় অমানিশা।

বিষ্টি থামে বাতাস নামে
সকাল আলো আলো—
এই জাদুকর ঝড়েরও পর
আর কী লাগে ভালো?