এই তো আমার বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারানো রচনা: হাতি, শিল্পী: সামিনা নাফিজ
হারানো রচনা: হাতি, শিল্পী: সামিনা নাফিজ

লোককলার সম্ভারে পূর্ণ এ দেশ। তাই কি সামিনা নাফিজের শিল্পকর্মে ঘুরেফিরে আসে শোলার পুতুল, নকশা করা কাঁথা, মনসাঘট, মঙ্গলঘট, মুখোশ? ক্যানভাসের পুরোভাগে শখের হাঁড়ির লাল-হলুদ রেখা কখনো উদ্ভাসিত হয়েছে, আবার হারিয়ে যাচ্ছে কখনো বা।
সামিনা লোক ঐতিহ্যের অনুসারী। তাঁর কাজের ধারায় যেন উপস্থিত রশীদ চৌধুরীর লোকজ মোটিফ। গুরু জয়নুল আবেদিনের ব্যবহৃত রং রাখার কৌটাটি যখন তাঁর ছবির বিষয় হয়ে যায়, বুঝতে আর বাকি থাকে না, তিনি জয়নুল পরিরারের সদস্য।
‘দেশজ শিল্পের পুর্নবয়ন’ শিরোনামে তাঁর প্রদর্শনীর কাজগুলোকে ভাগ করা যায় তিন ভাগে—বাস্তব, আধা বাস্তব ধরনের জড়জীবনের মধ্যে হুবহু বাস্তবতার পথ তিনি অনুসরণ করেননি। ফলে এসব কাজে প্রকাশ পেয়েছে সরলতা। আবার অন্য কয়েকটি চিত্রে দেখা যায়, বড় স্পেস শূন্য রেখে চিত্রতলের কোনো একদিকে বিষয়ের উপস্থাপনা।
কোলাজ ও জলরঙে আঁকা ডায়েরিতে ব্যক্তিগত শোক, হাহাকার ও সংগ্রামের বাণী উৎকীর্ণ করে অন্য দুধরনের কাজের সঙ্গে পার্থক্য দেখিয়েছেন শিল্পী। নতুন করে নির্মাণের তৃষ্ণা প্রকাশ পেয়েছে সামিনার এই কোলাজচিত্রে।
তাঁর কাজের বর্ণ ও রূপ প্রধান নয়, আবহমান বাংলার লুপ্ত ঐতিহ্যের রংই যেন বা প্রধান। ক্যানভাসে তেলরং, জলরং, কাগজের সঙ্গে আলোকচিত্রের কোলাজসহ সব মাধ্যমের ছবিতেই আছে লোকশিল্পের কাছ থেকে নেওয়া মৌলিক রঙের প্রাধান্য।
নিজের কাজ নিয়ে সামিনার ভাষ্য, ‘আমি আবহমান বাংলার লোক ঐতিহ্যের কাছে থেকে আমার ছবির বিষয় ধার করে নিয়েছি।’ শিল্পীর সৃষ্টিকর্মে লোককলার রঙের যে উজ্জ্বলতা বিদ্যমান, দর্শকের কাছে সেটিকে মনে হতে পারে সরল অতিচেনা রঙের বিন্যাস। তবে এটি তিনি করেন সচেতনভাবেই।
না, কোনো বিষয়কে একই রকম আঁকেন না সামিনা। তাঁর শোলার পাখি, কাগজের মণ্ডের তৈরি মুখোশ, মনসার ফণা তোলা অভিব্যক্তি আমাদের যেন মনে করায় ডোরাকাটা সাপের রঙের কথা। শিল্পকলার আঞ্চলিক ও বৈশ্বিক ভাষা এক হলেও অঞ্চলভেদে এর ভাষা ভিন্নার্থক। তবে লোকশিল্পের মধ্যে নিজেকে জারিত করে সামিনা নাফিজের চিত্র বিশ্বকে জানিয়ে দেয়—এই তো আমার বাংলা, এ রং আমার বাংলার রং। এ শিল্পীর ক্যানভাসজুড়ে আলংকারিক রূপ যেমন সৃষ্টি করে বর্ণ ও ফর্মের উদ্ভাসন, এটি দেখে তেমনি মনে পড়ে বাংলার সরল রূপকথার কথাও।
১৩ ফেব্রুয়ারি গ্যালারি টোয়েন্টি ওয়ানে শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হয়েছে ২৮ ফেব্রুয়ারি।