এই দিনে
একটা সময় ছিল যখন বেতার যোগাযোগের জন্য মোর্স কোড ছিল ব্যাপক জনপ্রিয়। স্যামুয়েল মোর্স আবিষ্কৃত মোর্স কোডে টরে (ডট) এবং টক্কাসহ (ড্যাশ) মোট পাঁচটি উপাদান ব্যবহার করে মনের ভাব প্রকাশ করা হতো। এই পদ্ধতিতে বিংশ শতাব্দীর প্রথম দিকেও টেলিগ্রাফ লাইন, সমুদ্রের নিচের তার এবং রেডিও সার্কিটের মাধ্যমে তথ্য পাঠানো হতো। পেশাগতভাবে পাইলট, এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকারী, জাহাজের ক্যপ্টেন, সামুদ্রিক স্টেশন চালনাকারীদের মোর্স কোডে খুবই ভাল দক্ষতা থাকতে হতো। যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে এখন হারিয়ে গেছে মোর্স কোডের ব্যবহার। বেশ কয়েক বছর আগেই বন্ধ হয়ে গেছে পৃথিবীর সর্বশেষ টেলিগ্রাফ অফিসটি। যোগাযোগের এই চমৎকার পদ্ধতির শুরুটা হয়েছিল ১৮৪৪ সালের এই দিনে। স্যামুয়েল মোর্স সেদিন আমেরিকার ওয়াশিংটনের পুরোনো সুপ্রিম কোর্ট চেম্বার থেকে মোর্স কোডে প্রথম টেলিগ্রাফ লাইন ব্যবহার করে তথ্য পাঠিয়েছিলেন বাল্টিমোরে তাঁর সহকারী আলফ্রেড ভেইলের কাছে। তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস