এক অপার দিগন্তের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান যুক্তি মেনে চলে, তার কাছে প্রতিটি ঘটনা নির্ণীত হয় যুক্তি ও প্রমাণের নিরিখে। যদি বলি স্বপ্ন কী, সে তাকে ব্যাখ্যা করবে সমাজের গঠনবিন্যাস, ব্যক্তির অভিজ্ঞতা ও তার অন্যান্য অনুষঙ্গের নিরিখে। কিন্তু যিনি স্বপ্ন দেখেন, তিনি অত সাত-পাঁচ ভাবেন না। আমাদের নাগরিক জীবনে সরল স্বপ্নগুলো আর সরল নেই, পুরোনো সভ্যতার ভূত, ভগবান, স্বর্গ-মর্ত্যের যে আলো-ছায়া ছিল, তা ক্রমেই অপস্রিয়মাণ। আমাদের আধুনিক জীবনে এসব নিয়ে আলাপ করা অথবা এর কোনোটাতে বিশ্বাস স্থাপন এক ধরনের ফ্যান্টাসি হিসেবে দেখা হয়।বিজ্ঞানের প্রযুক্তিগত বিকাশ ও একে কেন্দ্র করে আমাদের যুগ নির্মাণ করেছে এক নতুন সংস্কৃতি; যার ভিত্তি কাঠামোর একটা বড় অংশজুড়ে আছে বাজার অর্থনীতি। যেটা বিশ্বাস করে বেঁচে থাকা একটা যোগ্যতা, একটা প্রতিযোগিতা। তাই এ সভ্যতায় স্বপ্নাতুর হওয়া যায় কিন্তু তাকে টিকে থাকতে হয় যুক্তির চাবুক উপেক্ষা করে, আর একজন স্বাপ্নিক মানুষ তাই করে। এসব কথা মনে হতে পারে আমিনুল ইসলাম সোয়েলের ‘কসমিক ইউনিটি অ্যান্ড অ্যান আনফিট সিটিজেন’ শীর্ষক প্রদর্শনীর কাজগুলো দেখে। শিল্পীর এটি দ্বিতীয় প্রদর্শনী, তবে কোনো পেশাদার গ্যালারির আয়োজন এটিই প্রথম। এর আগে তাঁর প্রদর্শনী হয়েছে জয়নুল গ্যালারিতে।সোয়েলের চিন্তার জগতে এক ধরনের বিশুদ্ধতায় বিশ্বাস করেন, যা ধ্রুপদ যুগের বিশুদ্ধতার সঙ্গে তুল্য এবং মাধ্যম হিসেবেই বেছে নিয়েছেন বিশুদ্ধ তেলরং। তাঁর কাজে কোনো বাহাদুরি দেখানোর প্রবণতা নেই, নেই কোনো তথাকথিত টেকনিকের মারপ্যাঁচ, বিপরীতে যা আছে, তা স্বতন্ত্র সহজবোধ্য ভাষায় আবেগের প্রকাশ। আমাদের সময়ের চমকগুলো তাঁকে হয়তো স্পর্শই করে না, আর এর প্রতিফলন ঘটেছে বোধ হয় তাঁর ‘স্ট্যান্ডিং এগেইনস্ট দ্য ট্রেন্ড’ শীর্ষক কাজে। যা দেখে এডওয়ার্ড মুঙ্খের ‘দ্য স্ক্রিম’ ছবিটির কথা মনে হলেও হতে পারে। তবে এই ছবিটি যেন সোয়েলের আত্মপ্রতিকৃতি।সোয়েলের মানুষেরা পাড়ি জমায় পবিত্র ভূমির পথে, তাঁর চিত্রের নর-নারীরা মিলিত হয় ফেরেশতাদের সঙ্গে, যা আমাদের সময়ের নিরিখে একটু অন্য ধরনের গল্প। যে গল্পে সমগ্র মহাবিশ্ব একসূত্রে গাঁথা। নুহের গল্পের মধ্যে মানবজাতির পুনর্নির্মাণের যে কাহিনি গ্রন্থিত হয়ে আছে, তা-ই প্রতীকী ভাষায় চিত্রিত হয়েছে তাঁর অনেক ছবিতে। আধুনিক সম্পর্কের বিপরীতে তাঁর নর-নারী ধ্রুপদি যুগের স্বর্গীয় সরোবরের পাশে নিঃস্বার্থ প্রেমে মগ্ন। এই প্রদর্শনীর অধিকাংশ কাজ নীল ও সবুজ রঙে করা, এই দুই রঙের প্রগাঢ়তার যে বিস্তৃত পট তিনি রচনা করেছেন, তা দিগন্ত ছাপিয়ে নিয়ে গেছে অপার এক নিরন্তর দিগন্তের দিকে। যা চার ফুট বাই চার ফুট ক্যানভাসে ধরে রাখতে অক্ষম। যে কারণেই হয়তো কোনো কোনো ছবির দিগন্ত ফিস আইলেন্সের মতো বেঁকে গেছে। আর এই চিত্রভূমিতে যারা বাস করে, তারা কোনোভাবেই আমাদের পরিচিত চারপাশের কেউ নয়। তার পরও তাদের চেনাচেনা মনে হয়, যেন নির্জন মনের কোণে কোথাও তাদের বাস। এমনকি ছবির প্রাণিকুল ও আমাদের চেনা প্রাণিকুল থেকে ঈষৎ পৃথক। মার্ক শাগাল যেমন প্রচলিত সময়ের মধ্য থেকে আবহমান একসময়ে অবস্থান করতেন, সোয়েল অনেকটা তেমন তরল একসময়ের অস্তিত্বে অবস্থান করেন। আর এ কারণেই তাঁর দৃশ্যজগৎ স্বতন্ত্র। তাঁকে যদি শিল্প আন্দোলনের কোনো খোপে বন্দী করতে চাই, তবে হয়তো নানা খোপে আলাদা আলাদাভাবে বন্দী করতে পারা যাবে। কিন্তু সরল বিশুদ্ধ প্রকাশভঙ্গির এই গল্প আসলেই স্বতন্ত্র। শিল্পী এমন এক সত্তা, যা সমাজে এক ধরনের গতির সঞ্চার করে, যা সমাজকে সামনে বা পেছনের দিকে নিয়ে যায়। আলোচ্য শিল্পীর কাজগুলো আমাদের কোন দিকে নেবে, তা নির্ধারণের জন্য অনেক সময় আছে। তবে তাঁর কাজে সেই অন্তর্নিহিত শক্তির অস্তিত্ব আছে।গ্যালারি কায়ার আয়োজনে মোস্তফা জামানের দক্ষ কিউরেটিংয়ে ও অটবির সহযোগিতায় ২৭টি চিত্রকর্ম নিয়ে এ প্রদর্শনী চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।