এক কিশোরের মুক্তিযুদ্ধ
শরিফ সরোয়ার হোসেন বাচ্চু ১৯৭১ সালের মার্চে ঢাকায় তেজগাঁও পলিটেকনিক হাইস্কুলের সপ্তম শ্রেণী শেষ করে অষ্টম শ্রেণীতে পা রাখল। ঢাকার আর্ট কলেজের অফিস সহকারী বাবা আবদুর রব শরিফ বাচ্চুকে মার্চের আন্দোলনের সময় মাদারীপুরে তার দাদার কাছে পাঠিয়ে দিলেন। মাদারীপুর পাবলিক ইনস্টিটিউটে অষ্টম শ্রেণীতে ভর্তি হলেও স্বাধীনতাযুদ্ধ শুরু হওয়ায় তার আর কোনো ক্লাস করা হয়ে ওঠেনি। পাকিস্তানি বাহিনীর চারদিকে হত্যা, লুণ্ঠন, অত্যাচার বাচ্চুর মনে তীব্র ঘৃণা তৈরি করে। বাচ্চু সুযোগ খুঁজতে থাকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার। কিন্তু বয়সে ছোট হওয়ায় তার সে চেষ্টা ব্যর্থ হয়। শুরু করে তার নিজস্ব পথে একাকী মুক্তিযুদ্ধ। সাহায্য ও সঙ্গদানকারী হিসেবে বয়সে তার ছোট এক বন্ধু আদমকে বেছে নেয়। লুকিয়ে লুকিয়ে পোস্টার লিখে তা শহরের দেয়ালে রাতের আঁধারে সেঁটে দেওয়ার মধ্য দিয়ে তার যুদ্ধ শুরু করে। তার ছোট চাচা হারুন শরীফ একজন মুক্তিযোদ্ধা। বাচ্চু গোপনে সেই ছোট চাচার মুক্তিযুদ্ধের ক্যাম্প খুঁজে বের করে। চাচাকে না জানিয়ে সেখানে অন্য মুক্তিযোদ্ধাদের বুঝিয়ে লুকিয়ে বাড়িতে গ্রেনেড নিয়ে আসে। সে গ্রেনেড বেশ কয়েকবার ব্যবহার করেছে রাতের আঁধারে। রাতে আর্মির চলন্ত গাড়ি বা পেছন দিয়ে গ্রেনেড ছুড়ে তার নিজের নিঃসঙ্গ যুদ্ধ চললেও সেই সঙ্গে ভারতেও গিয়েছিল ট্রেনিং নিতে। কিন্তু বয়স কম হওয়ায় সেখান থেকে তাকে ফিরে আসতে হয়। তবুও সুযোগের অপেক্ষায় থাকে বাচ্চু। একদিন তার সে সুযোগ সত্যিই এসেছিল। মুক্তিযোদ্ধাদের কাছে গোপন খবর আসে যে রাতের আঁধারে পাকিস্তানি বাহিনী মাদারীপুর ত্যাগ করবে। মাদারীপুরের ঘটকের চরে এসে মুক্তিযোদ্ধারা রাস্তায় মাইন পুঁতে অপেক্ষা করতে থাকে। পরের দিন ৯ ডিসেম্বর ভোরের ক্ষীণ আলোয় আট-নয়টি গাড়িভর্তি পাকিস্তানি সেনারা শহর ত্যাগ করছে। বহরের তৃতীয় গাড়িটি হঠাৎ করেই মাইনে বিধ্বস্ত হয়ে অন্য গাড়িগুলোর পথ বন্ধ করে রাস্তায় পড়ে থাকে। রাস্তার পাশে লুকিয়ে থাকা মুক্তিযোদ্ধারা গুলি চালালে আতঙ্কিত পাকিস্তানি সেনারা গাড়ি থেকে লাফিয়ে পড়ে ভোরের ক্ষীণ আলোয় পশ্চিম বরাবর দৌড়ে পালাতে থাকে। মুক্তিযোদ্ধাদের তাড়া খেয়ে প্রায় দুই কিলোমিটার আরও পশ্চিমে সমাদ্দার ব্রিজের গোড়ায় আগে রাজাকারদের খোঁড়া আট-নয়টি পরিত্যক্ত পরিখায় তারা আশ্রয় নেয়। মুক্তিযোদ্ধারা ব্রিজের দুই পাশেই অবস্থান নিয়ে উঁচু সড়কের নিচ থেকে গুলি চালাতে থাকেন। অবস্থানগত কারণে উঁচুতে থাকা পাকিস্তানিরা ও নিচুতে অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধারা কেউই গুলি চালিয়ে সুবিধা করতে পারছিল না। যুদ্ধে খুব অগ্রগতি না হওয়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার পাকিস্তানিদের আশ্রয় নেওয়া পরিখায় গ্রেনেড নিক্ষেপের কথা ভাবলেন। এমনকি বলার সঙ্গে সঙ্গে লুকিয়ে যুদ্ধক্ষেত্রে চলে আসা বাচ্চু বলল, সে এ কাজটি করতে চায়। কমান্ডার অবাক হলেও বাচ্চুর দৃঢ়তার কাছে হার মানলেন। সেদিনের সেই কিশোর বাচ্চু হাতে গ্রেনেড নিয়ে সড়কের ঢাল বেয়ে সাপের মতো মাটি বেয়ে পাকিস্তানি বাহিনীর খুব কাছে না গিয়ে প্রথম গ্রেনেডটি ছুড়ে মেরে মাটিতে শুয়ে পড়ল। গ্রেনেড বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হলো পাকিস্তানিরা। নিরাপদে বাচ্চু ফিরে এল। এরপর বাচ্চু নিজেকে বাঁচিয়ে পুরো দিন ও রাতে রাস্তার ওপারে গিয়ে গ্রেনেড হামলা চালিয়ে যায়। গ্রেনেডের এই উপদ্রবে পাকিস্তানি সেনারা দিশেহারা হয়ে পড়ল। দ্বিতীয় দিনে ১০ ডিসেম্বর আত্মবিশ্বাসী বাচ্চু খুব কাছাকাছি থেকে গ্রেনেড ছুড়তে চায়। যত কাছ থেকে ছোড়া হবে, ততটাই মারাত্মক হবে সেই আঘাত। খুব কাছে গিয়ে সে সব শক্তি দিয়ে পরিখা বরাবর ছুড়ে মারে গ্রেনেড। বিকট শব্দের সঙ্গে ভেসে আসে হানাদার বাহিনীর আর্তনাদ। এ আনন্দের খবরটা দ্রুত পৌঁছে দিতে হবে। কিছু দূর এগিয়ে রাস্তা দ্রুত লাফিয়ে পার হতে গেলেই শত্রুর একটি বুলেট তার বক্ষ ভেদ করে তাকে স্তব্ধ করে দেয়। রাস্তার ওপর পড়ে থাকে বাচ্চু।তখন মধ্যদুপুর। বাচ্চুর টানা গ্রেনেড ছোড়া যেমন পাকিস্তানিদের অনেক ক্ষতি সাধন করেছিল, তেমনি মুক্তিযোদ্ধাদের বিজয় দিয়েছিল অনেকটা এগিয়ে। বাচ্চুর মৃত্যুর চার-পাঁচ ঘণ্টার মধ্যেই বিকেলে প্রায় দেড় শ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। মাদারীপুর হয় শত্রুমুক্ত। মাদারীপুর পাবলিক ইনস্টিটিউটের সামনের রাস্তার পাশে বাচ্চুকে সমাহিত করা হয়। মাদারীপুর শহরের প্রধান সড়কের পাশে এই সমাধিটি কারও কারও চোখে পড়ে থাকতে পারে, যদিও এর পেছনে এই দেশের জন্য এক কিশোরের মহান আত্মত্যাগের কথা আমাদের প্রায় সবারই অজানা রয়ে গেছে।