এক জাতি এক দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাঘ’, শিল্পী: নিকোলা স্ট্রিপ্পোলি তারশিতো
‘বাঘ’, শিল্পী: নিকোলা স্ট্রিপ্পোলি তারশিতো

তাঁর পুরো নাম নিকোলা স্ট্রিপ্পোলি তারশিতো। তিনি ইতালির শিল্পী। ভিনদেশি এই শিল্পীর প্রধান আগ্রহের বিষয় ভিন্ন ভিন্ন দেশের প্রাচীন সংস্কৃতি, ঐতিহ্য, মিথ, প্রতীক আর লোকশিল্প। পুরো পৃথিবীর মানুষ পরিণত হবে এক জাতিতে—এমন স্বপ্ন দেখেন তিনি। বেঙ্গল গ্যালারিতে চলছে তারাশিতোর প্রদর্শনী ‘তারাশিতো: এমব্রয়ডার দ্য ওয়ার্ল্ড’।
প্রাচ্যের শিল্প সম্পর্কে তারাশিতোর আছে নিজস্ব কিছু বোঝাপড়া। বাংলাদেশে বেড়াতে এসে তাঁর মনোযোগ কাড়ে এ দেশের সূচিশিল্প। এখানকার নারীরা আবহমানকাল ধরে সূচিকর্মে পারদর্শী। এর মাধ্যমে তাঁরা তুলে ধরেন নিজেদের চিন্তা, আবেগ ও অনুভূতি। এ প্রদর্শনীতে যশোরের ১৫ জন সূচিশিল্পীর সহযোগিতায় শিল্পকর্ম রচনা করেছেন ইতালির এই শিল্পী।
প্রদর্শনীর শুরুতেই দেখা যায়, যাঁদের সহযোগিতায় তৈরি হয়েছে এই শিল্পকর্মগুলো, সেই ১৫ জন সূচিশিল্পীর ছবি। এরপর দেয়ালজুড়ে আছে ‘ওয়াকিং টু ইউনিটি’ নামে বিশাল এক স্ক্রলচিত্র। এর পুরো ক্যানভাসের নিচের অংশে আছে পৃথিবীর মানচিত্র। মানচিত্রের ওপরের অংশে সেলাই করে তৈরি হয়েছে বাঙালির চিরচেনা লোকজ মোটিফ—মানুষ, হাতি, পাখি, পাল্কি, বাঘসহ নানা ফর্মের এমব্রয়ডারি। এগুলো যাত্রা করছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বলার অপেক্ষা রাখে না, ছবিগুলো তাঁর ‘এক জাতি এক দেশ’ ভাবনারই বহিঃপ্রকাশ। প্রদর্শনীটি চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।