এক জোড়া ধূসর পাণ্ডুলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে শহীদ মুনীর চৌধুরী ও তাঁর স্ত্রী লিলি চৌধুরীর যৌথ বই দিনপঞ্জি-মনপঞ্জি-ডাকঘর। ১৯৪৯ সালে লেখা ওই পাণ্ডুলিপি ৬৫ বছর পর কীভাবে উদ্ধার হলো, এই লেখায় ধরা আছে সেই কাহিনি...
লিলি চৌধুরী ও মুনীর চৌধুরী
লিলি চৌধুরী ও মুনীর চৌধুরী

মিশুক মুনীরের সঙ্গে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম বিয়ের আগেই। বাড়ির মূল দরজার পাশে একটা সেক্রেটারিয়েট টেবিল আর চেয়ার। টেবিল ঘেঁষে বইয়ের একটা বড় আলমারি। বইয়ের ছোট ছোট আরও আলমারি লিভিংরুমের চারটি দেয়াল জুড়েও। তাতে বিচিত্র রচনাবলি আর রেফারেন্স বই। মিশুক বলেছিল, ‘এই টেবিলেই আব্বা (মুনীর চৌধুরী) পড়াশোনা আর লেখালেখি করত। বলতে গেলে সারাক্ষণই থাকত এই ঘরে, এই চেয়ার-টেবিলে।’ পরে তো ৩২-সি ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়ার্টারই আমার ঠিকানা হয়ে যায়। মুনীর চৌধুরীর স্মৃতির সঙ্গে গড়ে ওঠে আমার চিরস্থায়ী বসবাস। বড় আলমারি খুলে নানা দুষ্প্রাপ্য বই পড়তে থাকি। আলমারির বইগুলোর সঙ্গে আমার বন্ধন গাঢ় হতে থাকে।
বিয়ের কিছুদিন পার হয়েছে। একদিন দেখি মা, মানে আমার শাশুড়ি লিলি চৌধুরী, খুব তন্ময় হয়ে পুরোনো একটা খাতা পড়ছেন। আড়চোখে খাতাটা দেখার চেষ্টা করি। তাতে কী লেখা কিছুই বুঝতে পারি না। এরপর মাঝেমধ্যেই দেখি, মা সেই খাতাটা নিয়ে পড়ছেন। আমারও কৌতূহল বাড়তে থাকে। আজ স্বীকার করি, সেই খাতার রহস্য আমি ভেদ করেছিলাম। সেখানে ছিল তাঁকে উদ্দেশ্য করে লেখা মুনীর চৌধুরীর নিবিড় আলাপন। বাবার শূন্যতা মা কী রকম তীব্রভাবে অনুভব করতেন, তা বুঝতে পেরেছিলাম।
একসময় সেই কোয়ার্টার ছেড়ে আমরা চলে যাই আরেক কোয়ার্টারে। মাকে এরপর খাতাটি আর পড়তে দেখিনি। নতুন কোয়ার্টারে বেশি দিন আমরা থাকিওনি। বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে চলে আসি বনানীতে। আরও কিছুদিন পর মাকে বনানীতে রেখে পাড়ি দিই প্রবাসে।
প্রবাস থেকে ফিরে আসতে আসতে পেরিয়ে যায় প্রায় ১৫ বছর। এর মধ্যে জীবন পাল্টে দেওয়া কত কী ঘটল! এক মর্মান্তিক ঘটনায় হারিয়ে গেল মিশুক। মিশুকের কাজিন-কুজিন সমিতির সদস্যরা একবার মিশুকের স্মৃতিচারণার আয়োজন করেছিল ওর ফুপাতো বোন মিতির বাসায়। মিতি আমাকে অনুরোধ করল স্মৃতিচারণার একটা অনুলিখন করে দিতে। আমি সেটা নিয়ে ব্যস্ত হয়ে রইলাম কয়েকটা দিন।

এর মধ্যে শুরু হলো বেঙ্গল ফাউন্ডেশনের উচ্চাঙ্গসংগীত উৎসব। প্রতিদিনই আমি আগেভাগে চলে যাই। কারণ, সে সময়টাতে ভিড় থাকে না। বইয়ের স্টলগুলোতে আরাম করে বই দেখি। প্রায় দিনই কোনো না কোনো বই নিয়ে আসি। সবই আত্মজীবনীমূলক। নিজে পড়ি। মাকেও পড়তে দিই। মা আত্মজীবনী খুব আগ্রহ নিয়ে পড়েন। উৎসবের শেষ দিনে প্রথমার স্টলে অনেক বইয়ের ভিড়ে দেখতে পাই সৈয়দ ওয়ালীউল্লাহ্র স্ত্রী আন-মারি ওয়ালীউল্লাহ্র লেখা আমার স্বামী ওয়ালী বইটা। সেটি সংগ্রহ করে আনি।

দিনপঞ্জি–মনপঞ্জি–ডাকঘরের পাণ্ডুলিপি
দিনপঞ্জি–মনপঞ্জি–ডাকঘরের পাণ্ডুলিপি

সেদিন ফিরতে ফিরতে বেশ রাত। মা ঘুমিয়ে পড়েছেন। খুব আস্তে করে মায়ের ঘরে গিয়ে তাঁর টেবিলে বইটা রেখে এলাম। পরদিন দুপুরে দেখি, মা বইটা পড়ছেন। দুই দিন পর লক্ষ করি, মা কোত্থেকে পুরোনো সেই খাতাটা বের করে আবার মনোযোগ দিয়ে পড়ছেন। খুব নিরীহ কণ্ঠে জিগ্যেস করলাম, ‘কী পড়ছ, মা?’
তিনি জবাব দিলেন, ‘ভাষণের (মুনীর চৌধুরীর বড় ছেলে) বাবার ডায়েরি।’ ভেতরে ভেতরে প্রবল উৎসাহে ফেটে পড়লেও চোখমুখে কোনো উৎসাহ দেখালাম না। পরদিন মা ভাববাচ্যে বললেন, ‘আমাদের পরিবারের কেউ যদি এই খাতাটা কপি করে রাখত, তাহলে ভালো হতো।’
আমি সঙ্গে সঙ্গে বললাম, ‘আমাকে দাও, আগে তো ফটোকপি করে রাখি। তারপর নাহয় কপি করে দেব।’ মাকে মোটেই আর কোনো সময় বা সুযোগ দেওয়া হলো না। বলা যায় না, আবার কখন মন পাল্টে ফেলেন।
খাতাটি ফটোকপি করতে গিয়ে মহা ঝামেলা হলো। ছোট ছোট হরফ বড় করতে গিয়ে লেখা ভেঙে যাচ্ছে। অনেক কষ্টে ফটোকপি করা হলো। এরপর কাগজ-কলমে কপি করতে বসে গেলাম। হোঁচট খেতে হলো পদে পদে। একে তো ভীষণ ছোট ছোট লেখা। তার ওপরে এমনভাবে পোকায় কেটেছে যে শব্দ উদ্ধার করা কঠিন। মায়ের সঙ্গে কথা বলে বলে শব্দ উদ্ধার করতে লাগলাম। মা এতবার এই খাতা পড়েছেন, একমাত্র তিনিই তা পারবেন। কিন্তু মাঝেমধ্যে মাও পেরে উঠতেন না। আতশি কাচ দিয়ে অনেকটা সময় ধরে শব্দ উদ্ধার করতে হতো। খাতা কপি করার সময় আমি মোটেই মাথায় রাখিনি যে মানুষটা আমার খুব আপনজন। শুধু মনে রেখেছি, ২৩ বছরের এক তরুণ রাজবন্দী জেলে বসে তাঁর প্রেমিকার কাছে মনের কথা উজাড় করে দিচ্ছেন। এতে আছে তাঁর জেলজীবন, তাঁর সুখ-দুঃখ-কষ্ট-স্বপ্ন—সবকিছু।
একদিন আনিস কাকা (অধ্যাপক আনিসুজ্জামান) আমাদের বাড়িতে এলেন। মুনীর চৌধুরীকে নিয়ে লেখা তাঁর বইটি রুশো কাকা (শামসের চৌধুরী) ও হেনা ফুপু (নাদেরা বেগম) ইংরেজিতে অনুবাদ করেছেন। আনিস কাকা এসেছেন সে বইটি দিতে। খাবারের টেবিলে কাগজপত্র ছড়ানো। কথায় কথায় মা খাতাটির কথা জানালেন। বললেন, সেটি কপি করা হচ্ছে। আনিস কাকাকে ছোট ছোট করে লেখা খাতাটা দেখালাম। তিনি বললেন, কলমের নিব উল্টো করে লেখা। বললেন, গায়ক আব্বাসউদ্দীন আহমদও নাকি এভাবে নিব উল্টে ছোট অক্ষরে লিখতেন।
আতশি কাচে দেখে দেখে খুব আস্তে আস্তে কপি করতাম বলে সামান্য কিছুটা লেখার পরই চোখ ধরে আসত। চোখকে কিছুক্ষণ বিশ্রাম দিয়ে আবার কপি করতে বসতাম। একদিন ৭ জুন ১৯৪৯ তারিখের লেখাটুকু কপি করতে করতে মন খারাপ হয়ে গেল। মুনীর চৌধুরী লিখেছেন:
রাত্রি বাড়ে, শব্দ কমে। অনেক দূর থেকে কোনো রেডিওর অস্পষ্ট যান্ত্রিক ধ্বনি মুক্ত পৃথিবীর নিশ্বাস আমাকে ছেয়ে ফেলে। জেলগেটের বাইরে একটা মোটর গাড়ি সুর করে ভেঁপু বাজায়।...
ওই রাস্তাটায় ক্রিং করে ঘণ্টা দিয়ে একটা সাইকেলও এইমাত্র গেল।
তখন কান্না আসে [।]
মায়ের কাছে গিয়ে মন খারাপের কথাটা জানালাম। মা হঠাৎ নিজের থেকে বললেন, ‘আমারও এ রকম একটা খাতা আছে। দুটো খাতা কিনেছিলাম। একটা মুনীরকে দিয়েছি, অন্যটা আমার জন্য রেখেছিলাম। কথা ছিল দুজনে লিখব।’
জিগ্যেস করলাম, ‘তোমার খাতাটা কোথায়?’
মা বললেন, ‘আছে।’ বলে নিজের খাতাটা বের করে আনলেন।
পড়ে বললাম, ‘তোমার খাতাটাও কপি করে ফেলি?’ মা রাজি হলেন।
কাজিন-কুজিন সমিতির মিশুকের স্মৃতিচারণা বইটি নিয়ে কথা বলতে একদিন গেলাম প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কাছে। কথায় কথায় তিনি জানতে চাইলেন, মায়ের কাছ থেকে আমি তাঁর জীবনকথা শুনে রাখছি কি না। তখন তাঁকে আমি খাতা দুটোর কথা বললাম। শুনে তিনি ভীষণ উৎসাহী হয়ে উঠলেন। বললেন, বইটা তিনি প্রথমা প্রকাশন থেকে বের করতে চান। কিন্তু মুশকিল হলো, মা কি তাঁর লেখা ছাপতে দেবেন?
আমি আর তন্ময় (মুনীর চৌধুরীর ছোট ছেলে) মাকে গিয়ে ধরলাম। তিনি কিছুতেই রাজি নন। বললেন, ‘আমার লেখা একেবারে কান্নাকাটি-অনুযোগ-অভিযোগে ভরা। একদম সাধারণ। কে যে কী মনে করে! আমারটা ছাপানোর দরকার নেই। বাদ দিয়ে দাও।’
আমরা বললাম, ‘তোমরা তো সবকিছুর ঊর্ধ্বে। কেউ কিছু মনে করবে না।’ আমরা অনেক বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু তিনি অটল। শেষে আনিস কাকাকে ধরলাম। সব শুনে কাকা বললেন, ‘আমি ভাবির সঙ্গে কথা বলব।’ অবশেষে আনিস কাকা আর বেবি চাচি (আনিসুজ্জামানের সহধর্মিণী) এসে মাকে বুঝিয়ে রাজি করালেন।
খাতা নিয়ে নিয়ে ছুটলাম মতিউর রহমানের কাছে। তিনি তো মহা খুশি। বললেন, ‘ছবি চাই।’ জোগাড় করলাম ছবি। মা ছোট একটা ভূমিকা লিখে দিলেন। আনিস কাকা লিখলেন মুখবন্ধ।
ভেবেছিলাম, বইটা যেদিন বের হবে, মাকে নিয়ে সেদিন আনন্দ করব। কিন্তু মানুষ ভাবে এক, হয় আরেক। বইমেলায় যেদিন বইটা বেরোল, মা সেদিন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। প্রথমার জাফর আহমদ রাশেদ দুটো বই পাঠিয়ে দিলেন মায়ের জন্য। মাকে বললাম, ‘মা, দ্যাখো তোমাদের বই।’ কাঁপা হাতে বই নিয়ে মা বললেন, ‘অনেক ভারী তো!’ তন্ময় মায়ের বালিশের পাশে বইয়ের একটি কপি রেখে দিল।