এক তোড়া মামুনুর রশীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
.
.

মামুনুর রশীদ: থিয়েটারের পথে
ফয়েজ জহির ও হাসান শাহরিয়ার
প্রচ্ছদ: সামসুদ্দোহা * প্রকাশক: বাঙলা পাবলিকেশনস, ঢাকা
প্রকাশকাল: মার্চ ২০১৬ * ২০০ পৃষ্ঠা * দাম ১০০০ টাকা

কবে প্রথম মামুনুর রশীদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তা মনে নেই। কিন্তু তাঁর সঙ্গে যে যেচেই পরিচিত হয়েছিলাম, তা মনে আছে। কারণ, তাঁর একটি মঞ্চনাটক দেখে অভিভূত হয়েছিলাম, ওরা কদম আলী। আমার মনে হয়েছিল, বাংলাদেশের সমাজ বাস্তবতার এমন বলিষ্ঠ প্রকাশ আর এমন মন কাঁপিয়ে দেওয়া ছবি মঞ্চ আগে তেমন দেখেনি। তাঁর সঙ্গে পরিচয়ের পর তাঁকে জানলাম একজন রাজনীতি-মনস্ক এবং গণমানুষের অধিকার সচেতন মানুষ হিসেবে, নাটক যাকে অধিকার করে নিয়েছে, এবং যিনি ক্রমাগত বাংলা নাটকে তাঁর অধিকার প্রতিষ্ঠার কাজটি করে যাচ্ছেন। ‘আরণ্যক’ তাঁর হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে, অসংখ্য অভিনয়শিল্পী, পরিচালক ও নাট্যকর্মী মঞ্চে-টেলিভিশনে জায়গা করে নিয়েছেন তাঁর প্রশিক্ষণে-প্রণোদনায়-পরামর্শে। একে একে তাঁর অনেক নাটক দেখা হলো—ওরা কদম আলী ত্রয়ীর অন্য দুটি—ওরা আছে বলেই ও ইবলিশ থেকে নিয়ে এখানে নোঙর, ইতিকথা অথবা সর্বশেষ পর্যন্ত। বুঝেছি মামুনুর রশীদ চলেন এক তীব্র প্যাশনকে ধারণ করে, যা নাটককে জীবনের সমান্তরাল করে দেয়। তাঁর পদচারণ শুধু দেশে নয়, বিশ্বের অনেক দেশেও। তবে তাঁর মনোযোগের কেন্দ্রে শুধুই মানুষ, জনপদ, সংস্কৃতি ও স্বাধীনতা। তাঁর রাজনীতি মানুষকে নিয়ে; ক্ষমতাকে তিনি প্রত্যাখ্যান করেন, পুঁজির শাসনকে ঘৃণা করেন, মানুষকে নিয়ে যারা চতুর ব্যবসা ফাঁদে, তাদের তিনি পরিহাস করেন। তিনি কথা বলেন স্পষ্ট ভাষায়। কারণ, তাঁর চিন্তায় অস্পষ্টতা নেই; অভিনয়ে, পরিচালনায় তিনি কুশলী। কারণ তিনি থিয়েটারকে নিয়েছেন শিল্প এবং জীবনকে বোধগম্য ও মানবিক করার একটি মাধ্যম হিসেবে; তিনি টেলিভিশনে স্বচ্ছন্দ, কারণ এই মাধ্যমের দাবিগুলো পূরণ করতে তাঁর বেগ পেতে হয় না। চিন্তা ও কাজ, স্বপ্ন আর বাস্তব, আদর্শ আর চর্চা যখন হাত ধরাধরি করে চলে, তখন যেকোনো শিল্পী ও সংস্কৃতিকর্মীর চলার পথটা সহজ হয়ে যায়। মামুনুর রশীদের ক্ষেত্রে তা-ই ঘটেছে।

ভঙ্গবঙ্গ নাটকে মামুনুর র​শীদ
ভঙ্গবঙ্গ নাটকে মামুনুর র​শীদ

তাঁকে নিয়ে মানুষের কৌতূহল বিস্তর। সেই কৌতূহল মেটানোর উদ্যোগ তাঁর সহচর কয়েক নাট্যজন—প্রধানত ফয়েজ জহির ও হাসান শাহরিয়ারসহ আরও অনেকে মিলে একটি কফি টেবিল বই প্রকাশ করেছেন, মামুনুর রশীদ: থিয়েটারের পথে নামে। এই বইয়ে নাট্যশিল্পী মামুনুর রশীদের জীবন এবং কাজের একটা পূর্বাপর ছবি তাঁরা তুলে ধরেছেন। বাঙলা পাবলিকেশনসের প্রকাশনায় বইটি এ বছর মার্চে বেরিয়েছে, উপলক্ষ তাঁর ৬৮ বছর উদ্যাপন, যাঁর বেশির ভাগ কেটেছে থিয়েটারে, টেলিভিশনে। দ্বিভাষিক এ বইটি বাংলায় লিখেছেন ফয়েজ জহির ও হাসান শাহরিয়ার। আর ইংরেজিতে অনুবাদ করেছেন শহিদুল মামুন। তবে প্রারম্ভিক হিসেবে কথাশিল্পী হাসান আজিজুল হকের সংবেদী একটি লেখা চেনা-অচেনা মানুষ বইটিকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। এ বইটি যেন চলমান এক ছবি-প্রদর্শনী। খণ্ড খণ্ড বর্ণনায় মামুনুর রশীদের জন্ম থেকে বেড়ে ওঠা। শিক্ষা থেকে নিয়ে তাঁর রাজনীতিতে হাতেখড়ি এবং পরে মুক্তিযোদ্ধা হিসেবে আত্মপ্রকাশ; তাঁর নাটকের জীবন ও জীবনের গল্প এবং নানান নাটকের উজ্জ্বল কিছু ছবি তুলে ধরা হয়েছে, যেগুলো আমাদের চেনা মানুষটির অচেনা অনেক দিকের ওপরও আলোকপাত করে।
বইটির প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সবাই আমাদের ধন্যবাদ পাবেন; একজন গুণী এবং জীবনে-সমর্পিত শিল্পী ও মানুষের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা তাঁরা দেখিয়েছেন।
বইটি পড়তে পড়তে একটা অভাবই বোধ করেছি, তাঁর লেখা, পরিচালিত অভিনীত, অনূদিত নাটকগুলোর একটি নির্ঘন্ট থাকলে কেমন হতো, যাতে লেখা, প্রকাশনা, মঞ্চায়ন, অভিনয়, অনুবাদ ইত্যাদির তারিখগুলোর উল্লেখ থাকত, প্রথম মঞ্চায়নের স্থানেরও উল্লেখ থাকত? তাহলে এক নজরে সব তথ্য আমাদের গোচরে আসত।