এক নিখোঁজ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন ফরাসি কথাসাহিত্যিক পাত্রিক মোদিয়ানো। তাঁকে নিয়ে লিখেছেন ও তাঁর লেখা অনুবাদ করেছেন মাসরুর আরেফিন

পাত্রিক মোদিয়ানো
পাত্রিক মোদিয়ানো

ফরাসি দেশ ছাড়া বাকি পৃথিবীর পাঠকদের রীতিমতো স্তম্ভিত করে দিয়ে এ বছর সাহিত্যে নোবেল জিতে নিলেন পাত্রিক মোদিয়ানো। এ লেখকের বই পড়া তো দূরে থাক মোদিয়ানোর নামই শোনেনি ফ্রান্সের বাইরের পৃথিবী। শুনবেই বা কীভাবে? তাঁর সবচেয়ে বিখ্যাত উপন্যাস রু দে বুতিক অবসকুরেস, ইংরেজি অনুবাদে নাম মিসিং পারসন, বাংলায় নিখোঁজ মানুষ—এই বইয়ের জন্য ফ্রান্সের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কারটিও তিনি (‘প্রি গঁকুর’) পেয়েছিলেন সেই ১৯৭৮ সালে; এটি ইংরেজিতে অনূদিত হয়ে আমেরিকার মতো বইপাগল দেশে কিনা বিক্রি হয়েছিল মাত্র হাজার দুয়েক কপি। আমিও জানতাম না বইটির নাম, তবে বইয়ের প্রচ্ছদে ‘প্রি গঁকুর’ পুরস্কারের সিল দেখে আজ থেকে বছর তিনেক আগে কলকাতার রাস্তার এক দোকান থেকে একটা সেকেন্ডহ্যান্ড নিখোঁজ মানুষ কিনেছিলাম এবং এতগুলো বছর তা অনাদরেই পড়ে ছিল বইয়ের তাকে। এর বাইরে মোদিয়ানো সম্পর্কে আর কিছুই জানা হয়ে ওঠেনি। তবে তাঁর নোবেলজয়ের পরই জানলাম, ফ্রান্সে কী রকম সম্মানিত ও প্রবল জনপ্রিয় তিনি। ২০১০ সালে প্রকাশি তাঁর নতুন উপন্যাস দি হরাইজন ওই দেশে বিক্রি হয়েছিল আশি হাজার কপি। ফলে আর অবাক হইনি মোদিয়ানোর পুরস্কার লাভে ফরাসি জাতির—পাঠক ও সমালোচক, দু-শ্রেণিরই—গর্ব ও অনুমোদনের বিশাল বহর দেখে।

.
.

এই নিবন্ধ লেখার জন্য এত দিন অনাদরে ফেলে রাখা সেই নিখোঁজ মানুষকে হাতে তুলে নিতে হলো শেষমেশ। বইটি একে তো আকারে মাত্র ১৬৩ পৃষ্ঠা, অন্যদিকে গদ্যও সহজ-সরল। মোদিয়ানোর সবচেয়ে বিখ্যাত এ উপন্যাসটি নিয়েই এবারের লেখা; প্রাসঙ্গিকভাবে এখানে এসেছেন মোদিয়ানোও।
মোদিয়ানো সম্বন্ধে বিজ্ঞ মতামত দেওয়ার মতো জ্ঞান আমার নেই; এবং তাঁর মাত্র একটি উপন্যাস পড়ে তাঁকে নোবেলের যোগ্য বলে মনে হলো কি না, তা বিচারের চেষ্টাও ঠিক কাজ নয়। তাই মোদিয়ানো-বিশ্লেষণ ছেড়ে বরং সরাসরি নিখোঁজ মানুষ উপন্যাস পাঠের অভিজ্ঞতার বর্ণনায় চলে আসাই উত্তম হবে বলে মনে করছি।
পাঠকের জন্য এখানে আমি উপন্যাসের প্রথম অধ্যায়ের অনুবাদটিও করে দিলাম। দেখবেন যে গল্প শুরু হচ্ছে গাই রোল্যাঁ নামে এক লোককে দিয়ে। পেশায় সে প্রাইভেট ডিটেকটিভ। তার বস হুট্টে তাদের ডিটেকটিভ এজেন্সি বন্ধ করে অবসরে চলে গেল। আর আমরা জানলাম, গাই রোল্যাঁ তার বসের দেওয়া নতুন একটি নাম; গাই রোল্যাঁর পেছনের মানুষটির কোনো অতীত নেই, অজ্ঞাত এক দুর্ঘটনায় সমস্ত স্মৃতি হারিয়েছে সে। আমরা আরও জানলাম, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর এখন গাইয়ের মূল সংকল্প নিজের অতীতকে খুঁজে বের করা, সে আসলে কে—সেটি কোনো ডিটেকটিভের মতো করে চিহ্নিত করার চেষ্টা করা। অর্থাৎ ডিটেকটিভ সাহেবের ক্লায়েন্ট এখন ডিটেকটিভ সাহেব নিজেই। এ-ই হচ্ছে প্রথম অধ্যায়।
এরপর কাহিনি এগুলো ঝড়ের বেগে। পল সোনাচিদ্জে নামে এক লোক গাইকে নিয়ে গেল জাঁ হিউরটার নামে এক রেস্টুরেন্ট ব্যবসায়ীর কাছে। হিউরটার গাইকে দেখে বলল, ‘হ্যাঁ...আমার বিশ্বাস আমি এই ভদ্রলোককে আগে দেখেছি।’ আমরা জানলাম দূর অতীতে, ‘সময়ের শুরুর সময়ে’ এখনকার এই গাই রোল্যাঁ হিউরটারের এক নাইটক্লাবে সব সময় যেত একদল রাশিয়ানের সঙ্গে। সেই দলে থাকত স্টাইয়োপ্পা নামে এক রাশিয়ান, যে এখনো বেঁচে আছে। আর গাইও কী সুন্দর বলে দিল, স্টাইয়োপ্পার কথা সে মনে করতে পারছে।
এর পরের অধ্যায়ে গাই-স্টাইয়োপ্পা সাক্ষাৎ। স্টাইয়োপ্পা তার বাসায় নিয়ে গেল গাইকে। তাকে দেখাল পুরোনো দিনের ছবির অ্যালবাম—প্রায় মুছে যাওয়া একটি ছবির একজনকে দেখে গাইয়ের মনে হলো, লোকটা সে নিজে। পাশের মেয়েটার নাম জানল গাই—গে অরলভ নামের এক মেয়ে সে, পরে আমেরিকায় পাড়ি দিয়েছিল, এখন মৃত। এবার গাইয়ের কাজ গে অরলভের সম্বন্ধে যা জানা যায় তা বের করা। একসময় সে জানল, গে অরলভের প্যারিসবাসী প্রাক্তন আমেরিকান স্বামীর নাম—ওয়ালডো ব্লান্ট।

মিসিং পারসন–এর প্রচ্ছদ
মিসিং পারসন–এর প্রচ্ছদ

সপ্তম অধ্যায়ে গাই ও ওয়ালডো ব্লান্টের দেখা হলো। ব্লান্টের কাছ থেকে জানা গেল আমেরিকার পাসপোর্ট পাওয়ার জন্য তাকে বিয়ে করেছিল সুন্দরী গে অরলভ। পরে তাকে ছেড়ে মেয়েটি এক ফরাসিকে বিয়ে করে ফরাসি পাসপোর্টের আশায়। ব্লান্ট বলছে, ‘কোনো একটা জাতীয়তা পাওয়ার ব্যাপারে খুব আবিষ্ট ছিল মেয়েটা।’ এবার তার ফরাসি স্বামীরও নাম জানলাম আমরা—হাওয়ার্ড ডি লুজ। সে ছিল বিখ্যাত হলিউডি নায়ক জন গিলবার্টের পার্শ্বচর। গাইয়ের মনে হলো, সে নিজেই আসলে হাওয়ার্ড ডি লুজ। আমরা আরও জানলাম, গে অরলভ আত্মহত্যা করেছিল। কারণ, ‘তার আতঙ্ক ছিল বুড়িয়ে যাওয়া নিয়ে।’
এরপর দশম অধ্যায়ে আছে গাই ও হাওয়ার্ড ডি লুজ সাক্ষাৎপর্ব, সেই সাক্ষাৎকার থেকে গাই জানল, সে যে হাওয়ার্ডকে খুঁজছে তার নাম ফ্রেডি হাওয়ার্ড, এই হাওয়ার্ডেরই চাচাতো ভাই। গাই তখন ভাবছে, ‘আমার তাকে বলার সাহস হলো না যে আমি নিজেই ফ্রেডি হাওয়ার্ড ডি লুজ। এখনো আমার কাছে এর যথাযথ কোনো প্রমাণ নেই, কিন্তু তবু আমার মন ভরে আছে সেই আশাতেই।’
এভাবে অধ্যায়ের পর অধ্যায়ের ধারাবিবরণী দেওয়ার মতো স্থান এখানে নেই। সংক্ষেপে বলি, এরপর ফ্রেডিকে খুঁজতে বেরোবে গাই, অর্থাৎ এটুকু নিশ্চিত করতে যে সে-ই ফ্রেডি কি না। কিন্তু তার সেই পুরোনো ছবি দেখে একজন তাকে বলবে, ‘এ লোক তো ফ্রেডির এক বন্ধু...সে এখানে আসত ফ্রেডির সঙ্গে, দক্ষিণ আমেরিকার এক লোক ছিল সে।’
একসময় তার নামও জানব আমরা, পেদ্রো। ডোমিনিকান রিপাবলিক এম্বেসিতে কাজ করত লোকটি। গাই এবার ভাবছে সে তাহলে আসলে পেদ্রো। এরপর পেদ্রোর প্যারিসের ঠিকানা বের করা। অবশেষে তার বাসায় গিয়ে এক মহিলার মুখে শোনা যে ‘কিন্তু...আপনি...আপনি তো মিস্টার ম্যাকএভয়।’ এখানেই গাই জানবে, ডেনিস নামের এক মেয়ে ছিল তার স্ত্রী এবং তারা একদিন ফ্রান্সের মেগেভেতে পালিয়ে গিয়েছিল।
এভাবে চলবে ইঁদুর-বিড়াল খেলা—গাই একবার পেদ্রো র্স্টান তো আরেকবার পেদ্রো ম্যাকএভয়। আর এরই পেছনদিকে দানা বেঁধে উঠতে থাকবে ভয়ংকর কিছু চরিত্র। আমরা বুঝে যাব বিশ্বযুদ্ধের সময়ে জার্মানদের হাতে ফ্রান্স অধিকৃত থাকার দিনগুলোতে, কীভাবে সীমান্ত পাচার করে দেওয়ার ব্যবসা করত কিছু লোক, কীভাবে জার্মান নাৎসি বাহিনীর দালাল হয়েও কাজ করত অনেকে।
২৪তম অধ্যায়ে এসে গাইয়ের আর কোনো সন্দেহ নেই যে কে সে। ডেনিসের স্বামী সে—পেদ্রো ম্যাকএভয়। এ সময় গাই আরও মনে করতে পারবে, ফ্রেডি ছিল তার ঘনিষ্ঠ বন্ধু এবং পেদ্রো ম্যাকএভয় তার আসল নাম নয়, তাকে এই নকল নামটা দিয়েছিল তাদের সবার বন্ধু ডোমিনিকান রিপাবলিক এম্বেসির পরফিরিও রুবিরোসা নামের এক ডিপ্লোম্যাট। এই রুবিরোসারই দেওয়া ভুয়া পাসপোর্ট নিয়ে এরা চেষ্টা করছিল কিছু দিন মেগেভেতে পালিয়ে থেকে পরে সুইস বর্ডার পার হওয়ার। কারণ, ‘দিন দিন ভয়ংকর বিপজ্জনক হয়ে উঠছিল প্যারিস।’
কাদের জন্য ভয়ংকর হয়ে উঠছিল প্যারিস? বলে দিতে হয় না যে জার্মান ও তাদের দালালেরা বাদে বাকি আর সবার জন্য। কেন ঠিক কোনো নাম নেই এদের কারও? কারণ বিভিন্ন মিথ্যা নাম নিয়েই পালিয়ে বেঁচে থাকতে চাইছিল এই মানুষগুলো। কেন গাই সব স্মৃতি ভুলে গেল? কোনো দুর্ঘটনা তো ঘটতে দেখলাম না আমরা, তাহলে? কারণ ওসব স্মৃতি হয় এত বেদনার যে ওগুলো মনে করা অবমাননাকর, না হয় যুদ্ধের বিভীষিকায় লাখ লাখ মানুষ আসলেই ভুলে গিয়েছিল আগে কী ছিল তারা, কে ছিল তারা।
যা হোক, শেষমেশ আমরা জানলাম, রুবিরোসার সাহায্য নিয়ে ফ্রেডি, তার বান্ধবী গে অরলভ, ডেনিস এবং তার স্বামী আমাদের নায়ক পেদ্রো সবাই এক দিন পালাল প্যারিস ছেড়ে। প্রচণ্ড শীতে আশ্রয় নিল মেগেভেতে এবং সব শেষে দালালের খপ্পরে পড়ে পেদ্রো ও ডেনিস সীমান্ত পাড়ি দিতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গেল চিরদিনের মতো। আমাদের নায়ককে তার দালাল বলে গেছে একটু পরই ফিরে আসছে সে; অন্যদিকে তার স্ত্রী ডেনিসকে নিয়ে আদিগন্ত বরফের মধ্যে হাওয়া হয়ে গেছে আরেক দালাল। ‘বরফ তখন পড়ছে তো পড়ছেই। আমি হাঁটতে লাগলাম, কোনো একটা দিকচিহ্ন খুঁজছি। ঘণ্টার পর ঘণ্টা হাঁটলাম আমি। অবশেষে শুয়ে পড়লাম বরফের ওপরই। আমার চারপাশে তখন সবকিছু সাদা, শুধুই সাদা।’
এ পর্যায়ে উপন্যাসের আর মাত্র ১০ পৃষ্ঠা বাকি আছে। এরপর কী হলো তা না বলাই সংগত হবে, কারণ পাঠকের পাঠের আনন্দ নষ্ট করার দায়টা নিতে চাইছি না। শুধু বলে রাখি, চরম প্রহেলিকাময় এক শেষ হবে কাহিনিটির, তা-ও প্রশান্ত মহাসাগরের পলিনেশিয়ান দ্বীপপুঞ্জের এক দ্বীপে গিয়ে, যেখানে দাঁড়িয়ে নায়ক কাহিনির শেষ করবে এই বলে: ‘আমাদের জীবনগুলো কি শৈশবের দুঃখ-বেদনার মতোই অতি দ্রুত মিলিয়ে যায় না সন্ধ্যার মধ্যে?’
কী বলা যায় এই ‘অদ্ভুত’ উপন্যাসটিকে নিয়ে এককথায়—চমৎকার! কাহিনিসংক্ষেপটা যে রকম গোলকধাঁধার মতো, বাস্তবে তা নয় মোটেই। বাস্তবে এটি খুবই সুখপাঠ্য আখ্যান; এবং এর অভিঘাত আলবেয়ার কাম্যুর দ্য আউটসাইডার শেষ করার অভিঘাতেরই প্রায় সমতুল্য। নানা পরিচয় নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেঁচে আছে এক লোক—এতগুলো নতুন নতুন পরিচয় যে তার আত্মপরিচয়ই গুলিয়ে গেছে তাতে। তারপর জার্মানদের হাত থেকে পালানোর জন্য সীমান্ত পাড়ি দিতে গিয়ে হারাল স্ত্রী, বন্ধু সব—এ তো সত্য ঘটনাই। লাখ লাখ মানুষকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গবাদিপশুর মতো ট্রেন-বোঝাই করে নিয়ে যাওয়া হতো গ্যাস চেম্বারে—এটা যদি সত্য হয় তো যুদ্ধের ডামাডোলের মধ্যে একজন ব্যক্তির নিজেকে হারিয়ে ফেলা তো অতি মামুলি ব্যাপার।
কিন্তু মজা হচ্ছে পুরো উপন্যাসে এসবের কিছুই বলা নেই কোথাও। একবারও কোনো বোমারু বিমানের ওড়া নেই, নেই কোনো গুলির শব্দ, নাৎসি বাহিনী বা জার্মান শব্দটাও নেই; এত নাম আছে কিন্তু হিটলার নামটা নেই, যে হিটলার বলেছিল: ‘আমরা যদি ব্যর্থ হই, তাহলে অর্ধেক পৃথিবী আমরা আমাদের সঙ্গে করে পাতালে নিয়ে যাব।’ সেই পৃথিবীর ওপরের পাতালেরই গল্প এটা। নিখোঁজ মানুষ উপন্যাসে মোদিয়ানো একটানা আপনাকে ঘোরাচ্ছেন পাতালসম প্যারিসের রাস্তা থেকে রাস্তায়, হাজারো রাস্তার স্রোতে; কিন্তু আপনি আসলে ঘুরছেন সেই স্রোতের নিচের চোরাস্রোতে, যেখানে মৃত্যুভয়ে মানসিক স্থিতি হারিয়ে অসংখ্য মানুষ নিখোঁজ হয়েছে হয় নিজের ভেতরেই, না হয় আক্ষরিক অর্থেই। সেবাল্ড বলেছিলেন, ‘স্রেফ সুইস, ফ্রান্স ও বেলজিয়াম সীমান্তের বরফের নিচেই তো পড়ে আছে হাজার হাজার লাশ, আজও অক্ষত আছে ওরা।’ মোদিয়ানো পড়তে গিয়ে বারবারই মনে পড়ল ‘স্মৃতি’, ‘আত্মপরিচয়’, ‘অপরাধবোধ’ ও ‘সময়’—এই চার জীবনসত্যকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইহুদি ও অ-ইহুদি নিধনযজ্ঞের প্রেক্ষাপটে নতুন করে হাজির করার সেই মহাশিল্পী ডব্লু জি সেবাল্ডের কথা। অন্তর্জালে দেখলাম সেবাল্ড-মোদিয়ানো প্রতিতুলনা ও সমান্তরালতা নিয়ে গবেষণাও হয়েছে, এখন আরও হবে। সেবাল্ডকে আরও একটি বিশেষণে ডাকা হয়—‘বিষণ্নতার শিল্পী’। নিখোঁজ মানুষ শেষ করে আপনার মনে হবে আবেগ ও ভাবালুতা বর্জিত, বুকে পাথর চেপে বসা বিষণ্নতাকে কী মায়া দিয়েই না ফুটিয়ে তুলতে জানেন মোদিয়ানো! ‘আমি কি সত্যি আমার জীবনকেই খুঁজে ফিরছি? নাকি অন্য কারও জীবনকে, যার মধ্যে কোনো না কোনোভাবে ঢুকে মিশে গেছি আমি?’—বলছে আমাদের নিখোঁজ মানুষ। নোবেল কমিটিকে ধন্যবাদ এত দিন পর্যন্ত আমাদের কাছে ‘নিখোঁজ’ এই শক্তিশালী লেখকের খোঁজটুকু দেওয়ার জন্য।