এক নির্মাতার চলচ্চিত্রযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রযাত্রা: তারেক মাসুদ \ প্রচ্ছদ ও অলংকরণ: ঢালী আল মামুন \ প্রকাশক: প্রথমা প্রকাশন \ প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১২ \ মূল্য: ২৭৫ টাকাতারেক মাসুদকে আমরা মূলত চলচ্চিত্রকার হিসেবেই চিনি। চলচ্চিত্র জগতে তাঁর প্রবেশ ১৯৮২ সালে চিত্রশিল্পী এস এম সুলতানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র আদমসুরত-এর মাধ্যমে। এরপর মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র মুক্তির গান তাঁকে এনে দেয় দেশজোড়া খ্যাতি। তাঁর নির্মিত মাটির ময়না চলচ্চিত্র তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলে। কান চলচ্চিত্র উৎসবে ‘ক্রিটিকস অ্যাওয়ার্ড’ লাভ করে এটি। বাংলাদেশে ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাণে তাঁর ভূমিকা অনস্বীকার্য। চলচ্চিত্র এমন একটি আন্তর্জাতিক মাধ্যম, যার সাহায্যে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব। মানুষের চিন্তাচেতনায় প্রভাব রাখার জন্য এটি খুবই শক্তিশালী একটি মাধ্যম। তারেক মাসুদ বরাবরই ভিন্নধারার চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছেন। ১৯৫৬ সালে জন্ম নেওয়া এই স্বপ্নদ্রষ্টা মানুষটি ২০১১ সালের ১৩ আগস্ট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। সেদিনও তিনি যাচ্ছিলেন তাঁর নির্মীয়মাণ চলচ্চিত্র কাগজের ফুল-এর শুটিংয়ের কাজে। চলচ্চিত্র অন্তপ্রাণ এই মানুষটির এভাবে চলে যাওয়া নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। বিগত ২৫ বছরে তারেক মাসুদ চলচ্চিত্রের ওপর বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। তিনি একবার বলেছিলেন, ‘চলচ্চিত্রকার না হলে লেখক হওয়ার চেষ্টা করতাম।’ অর্থাৎ লেখালেখির ওপরও তাঁর একধরনের ঝোঁক ছিল। তাঁর রচিত প্রবন্ধ-নিবন্ধগুলো নিয়ে প্রকাশিত হয়েছে চলচ্চিত্রযাত্রা। এটি প্রকৃতপক্ষে চার খণ্ডে সমাপ্য তারেক মাসুদের রচনাগুলোর প্রথম অংশের গ্রন্থায়ন। চলচ্চিত্র বিষয়ে তাঁর নিজস্ব বয়ান এখানে প্রকাশিত হয়েছে। সর্বমোট ২৮টি প্রবন্ধ-নিবন্ধ রয়েছে বইটিতে। এ ছাড়া ‘আলোকচিত্র’ শিরোনামে এখানে স্থান পেয়েছে তারেক মাসুদের বেশ কিছু ছবি। প্রবন্ধগুলো মূলত বিষয় বা ভাবানুযায়ী সাজানো হয়েছে। তারেক মাসুদের গদ্য সহজ, সাবলীল ও প্রাঞ্জল। খুব গভীর ভাবনা তিনি সহজ কথায় প্রকাশ করতে পারঙ্গম। তা ছাড়া তাঁর বর্ণনাভঙ্গিও চমৎকার। গল্পের মতো করে তিনি বর্ণনা করেছেন তাত্ত্বিক বিষয়গুলোকেও। তারেক মাসুদের প্রথম কাজ একটি প্রামাণ্যচিত্র, যেটি আগেই উল্লেখ করা হয়েছে, চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে আদমসুরত। বইয়ের প্রথম লেখাটিও এ প্রামাণ্যচিত্র নিয়েই। চলচ্চিত্র নির্মাণের জগতে তাঁর প্রবেশের গল্প উঠে এসেছে এখানে। পরের কাজ মুক্তির গান। সিনেমা নির্মাণের পুরোনো কৌশল তিনি ভেঙে ফেলে সম্পূর্ণ নতুন শৈলীতে তৈরি করেছিলেন এটি। এ কাজে ব্যবহূত হয়েছিল ১৯৭১ সালে তরুণ মার্কিন নির্মাতা ও চিত্রগ্রাহক লিয়ার লেভিনের শরণার্থী শিবিরের ফুটেজ ও বিভিন্ন দেশ থেকে কেনা মুক্তিযুদ্ধের ফুটেজ। লিয়ার লেভিনকে নিয়ে পরে একটি গোটা প্রবন্ধ আছে এ বইয়ে ‘লিয়ার লেভিন: আমাদের মুক্তির সারথি’ শিরোনামে, সেখানে তারেক বলেন, ‘শুধু লিয়ার লেভিনের ফুটেজ নয়, মুক্তির গান-এর জন্য আমরা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, ফ্রান্স, ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রচুর ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো দেখে মনে হয়েছে, লিয়ারের কাজের সামনে লাখো ঘণ্টার ফুটেজও কিছু না। তাঁর ফুটেজ ও সহযোগিতায় মুক্তির গান-এর অস্থিমজ্জা দাঁড়িয়েছে।’ মাটির ময়না নিয়ে একটি চমৎকার প্রবন্ধ রয়েছে এ বইয়ে। সেন্সর বোর্ডের কারণে দেশে যখন সিনেমাটি নিষিদ্ধ, ঠিক তখনই এটি আবার জিতে নিয়েছিল কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল ক্রিটিকস অ্যাওয়ার্ড। ফলে একটি মিশ্র প্রতিক্রিয়া ছিল সিনেমাটি নিয়ে। মাদ্রাসামাধ্যমে পড়াশোনা করার কারণেই হয়তো তারেক মাসুদ একজন মাদ্রাসাছাত্রকে যথাযথভাবে চিত্রায়িত করতে পেরেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন লেখক শিবিরের সঙ্গে সম্পর্ক, আহমদ ছফার সান্নিধ্য, বন্ধুমহল ইত্যাদি সম্পর্কে সরস বর্ণনা আছে বইটিতে। ‘বিশ্ব চলচ্চিত্র: ভাষা ও মাধ্যমগত বিকাশের রেখাচিত্র’ শিরোনামের প্রবন্ধে খুব অল্প পরিসরে সারা পৃথিবীর চলচ্চিত্রে উল্লেখযোগ্য বাঁকবদলের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। নির্বাক থেকে সবাক যুগের চলচ্চিত্র, নিউ রিয়েলিস্ট আন্দোলন, নিউ ওয়েভ আন্দোলন ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান রয়েছে লেখাটিতে। এ ছাড়া ‘সমকালীন চলচ্চিত্রের সংকট’, ‘বাংলাদেশের চলচ্চিত্রের সংকট’, ‘ডিজিটাল মাধ্যম ও বাংলাদেশের চলচ্চিত্র’, ‘দুই বাংলার চলচ্চিত্র আদান-প্রদান’ ইত্যাদি প্রবন্ধ এখনকার প্রেক্ষাপটেও প্রাসঙ্গিক।চলচ্চিত্র বিষয়ে নানা দিক থেকে নানা সমস্যা-সম্ভাবনা সংকট, তার থেকে উত্তরণের সম্ভাব্য উপায়, দেশি-বিদেশি চলচ্চিত্রের বৈশিষ্ট্য, সিনেমার দীর্ঘ যাত্রার ইতিহাস ইত্যাদি সম্পর্কে তারেক মাসুদের নিজস্ব বয়ান খুব সাবলীল ভাষায় উপস্থাপিত হয়েছে এ বইয়ের লেখাগুলোতে। সহজবোধ্য হওয়ার কারণে সব শ্রেণীর পাঠকের কাছেই প্রয়োজনীয় বিবেচিত হতে পারে বইটি।