এক বৃন্তে যাত্রাপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অচেনা মুখ’,  শিল্পী: মোহাম্মদ ইকবাল
‘অচেনা মুখ’, শিল্পী: মোহাম্মদ ইকবাল

মোহাম্মদ ইকবালের এবারের প্রদর্শনীটি বোধ হয় তাঁর নিজের মধ্যেই পুনর্ভ্রমণ। শুরু থেকে এ পর্যন্ত যত ধরনের কাজ করেছেন, তার একটি সম্মিলিত প্রকাশ আছে এখানে। তাই নতুন দর্শকেরা সংশয়গ্রস্ত হতে পারেন এই ভেবে, শিল্পী কি নিজের ভাষা নিয়ে দ্বিধাগ্রস্ত!
শিল্পী হিসেবে খুবই তরুণ বয়সে খ্যাতি অর্জন করেছিলেন মোহাম্মদ ইকবাল। সম্প্রতি উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে তাঁর ৩৭তম একক প্রদর্শনী।
প্রথমেই আমরা এ শিল্পীর পুরোনো কাজ নিয়ে কথা বলব। কারণ, আমাদের বিবেচনায় ওই কাজগুলোই তাঁর খ্যাতির অনুঘটক। ‘সমাজবন্ধনের বাইরের মানুষ’কে বিষয় করে সেই যে গত শতকের নব্বইয়ের দশকে এঁকেছিলেন তিনি, সেই কাজগুলো দিয়ে শুরু করি। সমাজবন্ধনের বাইরে বলতে যে জনগোষ্ঠীর কথা এসেছিল ছবিতে, তাঁরা সাধু-সন্ন্যাসী কিংবা ন্যাংটা ফকির। মনে পড়ে, পটের মধ্যে আলো ফেলে ইকবাল সে সময় উদ্ভাসিত করেছিলেন বলিষ্ঠ পৌরুষের এই মানুষগুলোকে। এরপর নানা নিরীক্ষার মধ্য দিয়ে এগিয়েছেন তিনি।
এবার আসি এই প্রদর্শনীতে তাঁর ‘সমাজবন্ধনের বাইরে’ শীর্ষক কাজগুলোর আলোচনায়। কারণ, এই প্রদর্শনীতে ওই শিরোনামে আছে তিনটি কাজ। এ ছাড়া রয়েছে আরও বেশ কিছু ছবি, যা শিরোনামে পৃথক হলেও বিষয় ও উপস্থাপনায় ‘সমাজবন্ধনের বাইরে’কেই যেন ধারণ করে। শিল্পী যেভাবে সময়কে দেখেন, সময় সেভাবেই ধরা পড়ে তাঁর ছবিতে—কথাটি বললাম কারণ, ইকবালের প্রদর্শনীতে এসে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মাথায়, পুরোনো বিষয়কে শিল্পী যখন নতুনভাবে উপস্থাপন করছেন, তখন তিনি সেটি নতুন কোন পন্থায় উপস্থাপন করেন আর ওই পুরোনো বিষয়গুলো কীভাবেই বা স্বতন্ত্র, নতুন হয়ে ওঠে?
যত দূর মনে পড়ে, এই ধরনের (সমাজবন্ধনের বাইরে) কাজে আগে ইকবাল বিশুদ্ধ চতুষ্কোণ পট ব্যবহার করতেন না খুব একটা। তুলি সঞ্চালনা ছিল মুক্ত ও বলিষ্ঠ। কারিগরি মারপ্যাঁচের বিশেষ একটা ধার ধারতেন না। ফলে কাজগুলোর মসৃণ, চকচকে পলিশ করা না হয়ে হতো খানিকটা বুনো। এবার সেই একই কাজ অনেক বেশি চকচকে হয়েছে বটে, কিন্তু তাঁর সেই বুনো শক্তিটা প্রায় উধাও।
এখন আমরা ইকবালকে পাই হিসাবি শিল্পীরূপে। দেখি জমি, রং, বুনট নিয়ে বেশি হিসাবি তিনি। তাঁর নকশার জ্যামিতি বেশ মাপজোকের নিরিখে করা, যা শহুরে আধুনিকতার নিরিখে যত্নশীল ও দৃষ্টিনন্দন। তবে এই শিল্পীর কাজের সেই পুরোনো স্বাদও কি আমরা পাই না কিছুটা? সেই স্বাদ হয়তো কিছুটা পাওয়া যায় ‘রহস্যের যাত্রা-১’-সহ বেশ কিছু ছোট কাজে।
এক্ষণে শিল্পীর বিমূর্ত ধারার কাজ নিয়ে কয়েক টুকরো কথা হতে পারে। এ ধারার কাজে তিনি প্রকৃতিকে ধরতে চেয়েছেন বিমূর্ত প্রকাশভঙ্গিতে। এগুলোর ভেতরে আছে বেশ কিছু সার্থক মেটাস্কেপ, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ডিস্ট্যান্ট স্কাইস-১ ও ৩’। এসব ছাড়া আমরা ইকবালের এমন কিছু কাজও দেখি, যেখানে বিমূর্ত অবতলে তিনি স্থিত করেছেন সন্ন্যাসীদের।
সর্বশেষ তাঁর যে কাজগুলো আলোচনায় আসে, তা মুখাবয়ব নিয়ে করা। এখানে আমরা দেখি, প্রধানত ইকবাল এঁকেছেন শিশুদের মুখ। কখনো এদের পেছনে মেটাস্কেপের মতো আছে, আবার কখনো এরা স্বতন্ত্র। তবে একটা বিষয়ে এদের মধ্যে সামঞ্জস্য আছে—অভিব্যক্তিতে এদের চোখ বিস্মিত হয়ে যায়, তারা যেন একইভাবে প্রকাশ করে তাদের বিস্ময়। এরা যেন একই শিশু, বারবার উপস্থাপিত হয়েছে নানাভাবে। কখনো সুপার ইম্পোজের মতো করে, কখনোবা একক, কখনো নানা ভঙ্গিতে। কিন্তু আলোছায়া এদের মুখে খেলা করেছে একই অনুপাতে। শিল্পীর এই প্রয়োগ কি কোনো চিন্তাকে প্রকাশ করে?
মোহাম্মদ ইকবালের করণকৌশলে আছে মুনশিয়ানা। অনেকগুলো পরতে রং ব্যবহার করে তিনি তৈরি করেন বিভিন্ন স্তর। তার ওপর খোদাইয়ের মাধ্যমে অনেকটা ড্রাই পয়েন্টের মতো কাজ করে আলোছায়ায় তৈরি করেন একটি আলাদা বুনট। এ প্রক্রিয়ায় তাঁর ছবিগুলো হয়ে ওঠে দৃষ্টিনন্দন। ৩৬টি শিল্পকর্ম নিয়ে অনবদ্য এই প্রদর্শনীটি চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।