এক যুদ্ধ চলেছিল প্রবাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলিআবু সাঈদ চৌধুরীইউনিভার্সিটি প্রেস লিমিটেডএকটি লম্বা উদ্ধৃতি দিয়েই শুরু করি, ‘বাঙ্গালীর জাতীয় বৈশিষ্ট্য নিয়ে গৌরব করার অনেক কিছুই আছে। যেমন, আমাদের সহজ-সরল মনোভাব, আতিথেয়তা, প্রচণ্ড বিপদে সাহসিকতা ও কঠোরতা, পারস্পরিক সহমর্মিতা, শান্তির প্রতি স্বাভাবিক আনুগত্য, ক্ষমাশীলতা ইত্যাদি। তেমনি পরশ্রীকাতরতা এবং আত্মবিস্মৃতি আমাদের অন্যতম জাতীয় বৈশিষ্ট্য।’ বাঙালি জাতি বিষয়ে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর এই লক্ষ্যভেদী মন্তব্যটি পাঠককে স্মরণ রাখতে বলব। একাত্তরের নয়টি মাস বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে তিনি উল্লিখিত সব বৈশিষ্ট্যেরই দেখা পেয়েছেন প্রবাসী বাঙালিদের মধ্যে। তবে, বৃহৎ স্বার্থে ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে এই মানুষেরাই কাঁধে কাঁধ রেখে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ন্যায়যুদ্ধকে পরিচিত করে তুলেছেন।আবু সাঈদ চৌধুরীর প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি বইটি নানা কারণেই তাৎপর্যপূর্ণ। একাত্তরের ফেব্রুয়ারিতে তিনি জেনেভা এসেছিলেন। সে সময় তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মধ্য মার্চের পত্রিকায় পড়লেন, গুলিতে বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র নিহত হয়েছে। তিনি শিক্ষাসচিবের কাছে চিঠি লিখলেন, ‘আমার নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালানোর পর আমার ভাইস চ্যান্সেলর পদে থাকার কোনো যুুক্তিসঙ্গত কারণ নেই।’ সে চিঠির উত্তর আসেনি। ২৬ মার্চেই গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বাংলা। বিবিসি সে বিবরণ দিচ্ছিল। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাজ শুরু হওয়ার পর বিবিসির খবরের বরাত দিয়ে চৌধুরী বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে স্বস্তি পাচ্ছেন না। শুরুতেই ফিরে যাবেন লন্ডনে। সম্ভব হলে ঢাকায়।লন্ডনে পৌঁছানোর পর এক সংগ্রামী জীবন শুরু হলো বিচারপতি ও উপাচার্য আবু সাঈদ চৌধুরীর। যুক্তরাজ্যের বাঙালিরা তখন নানা দলে বিভক্ত। তাদের ঐক্যবদ্ধ করা সহজ কথা নয়। সময় নিয়ে, ধৈর্য ধরে সেই কাজটাই করলেন চৌধুরী। বিভক্ত বাঙালি সমাজ ঐক্যবদ্ধ হলো। ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে তারা দেশের স্বার্থকেই বড় করে দেখল। চৌধুরী নিজে কোনো উপদলের সঙ্গে নিজেকে জড়িয়ে নেননি, বরং সবাইকে এক প্ল্যাটফর্মে এনে জড়ো করেছেন। যুদ্ধের নয় মাসে শুধু যুক্তরাজ্যই নয়, ইউরোপ ও আমেরিকার প্রবাসী বাঙালিদেন ঐক্যের মন্ত্রে উদ্দীপ্ত করেছিলেন চৌধুরী। বিচারক ও উপাচার্য হিসেবে দুই পক্ষের কথা শোনার পর নিজের মতামত দেওয়ার একটা অভ্যাস গড়ে উঠেছিল চৌধুরীর। বিভক্ত বাঙালি সমাজে প্রত্যেকের কথা শুনে একটি ঐক্যের দিশা দেওয়ার ক্ষেত্রে তাঁর এই সবার কথা শুনে মতামত দেওয়ার বিষয়টি কাজে লেগেছে। প্রবাসে বাংলাদেশ সরকারের বিশেষ দূত হিসেবে তিনি নিযুক্ত হন ২৩ এপ্রিল। ২৭ আগস্ট লন্ডনে বাংলাদেশ দূতাবাস স্থাপন করেন। এ গেল প্রবাসে বাঙালিদের ব্যাপারে তাঁর ভূমিকা। সেই সঙ্গে বাঙালিদের ন্যায়যুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনেও তিনি রেখেছেন সক্রিয় ভূমিকা। বাংলাদেশের প্রতিনিধি হয়ে তিনি যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, পশ্চিম জার্মানি, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও ডেনমার্কে গিয়ে সেসব দেশের সরকার, জনপ্রতিনিধি, বিচারক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেন। একাত্তরে পাকিস্তানিদের অবস্থান এতটাই নৃশংস ও অযৌক্তিক ছিল যে তাদের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে উঠতে সময় নেয়নি। যেখানেই গেছেন, চৌধুরী পেয়েছেন সহানুভূতি, পেয়েছেন সহযোগিতার আশ্বাস। একটি ঘটনা উল্লেখ না করলেই নয়। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে তিনি দেখা করলেন ব্রিটিশ কনসাল জেনারেল রয়ফক্সের সঙ্গে। বিমানবন্দরেই উপস্থিত ছিলেন রয়ফক্স। তাঁর গাড়িতে উড়ছিল ব্রিটিশ পতাকা। সাঈদের কোটে লাগানো ছিল বাংলাদেশের মানচিত্র আঁকা পিতলের ব্যাজ। স্বভাবতই পাকিস্তানের বন্ধুরাষ্ট্রের একজন কনসাল জেনারেল বিদ্রোহ ঘোষণাকারী একজন বাঙালিকে নিয়ে যাচ্ছেন, এতে বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে না তো? এই ছিল চৌধুরীর জিজ্ঞাসা। রয়ফক্সের জবাব ছিল, বন্ধুদের সঙ্গে সময় কাটানো আমার মৌলিক অধিকার। এতে চাকরির কোনো শর্ত লঙ্ঘিত হচ্ছে না। উল্লেখ করা যায় নরওয়ের ঘটনাটিও। সরকারের টাকা বাঁচানোর জন্য হোটেলে থাকেননি চৌধুরী। থেকেছেন ছাত্রাবাসে। অসলো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে গিয়ে একটি গণহত্যা কমিশন গঠনের কথা জানিয়েছিলেন চৌধুরী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টের সহযোগিতায় একটি ট্রাইব্যুনাল গড়ে তোলা ছিল লক্ষ্য। এটি একাত্তরের সেপ্টেম্বরের কথা। পৃথিবীর নানা প্রান্তের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ও বিশেষজ্ঞরা হবেন ওই ট্রাইব্যুনালের সদস্য। পাকিস্তান ওই ট্রাইব্যুনালে হাজির হবে না তা জানতেন চৌধুরী। কিন্তু ২৫ মার্চের পরে যাঁরা বাংলাদেশে এসেছিলেন, তেমন বিদেশি সাংসদ এবং পৃথিবীর রাষ্ট্রনায়কদের সাক্ষ্য গ্রহণ করে রিপোর্ট প্রণয়ন করতে চেয়েছিলেন তিনি। ডিন এ ব্যাপারে শুধু উৎসাহই দিলেন না, কমিশনে কাজ করবেন বলেও জানান।এমনি নানা ঘটনার সমন্বয়ে আবু সাঈদ চৌধুরী যা লিখেছেন, তা মুক্তিযুদ্ধের এক মূল্যবান দলিল। এক যুদ্ধ চলেছে ফ্রন্টে, এক যুদ্ধ প্রবাসী সরকার পরিচালনায়, এক যুদ্ধ পথে-মাঠে-ঘাটে-উদ্বাস্তু শিবিরে, এক যুদ্ধ ইথারে, তেমনি এক যুদ্ধ চলেছিল প্রবাসে বাংলাদেশের পক্ষে প্রচারণায়। বইটি সেই যুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেয় আমাদের।