এক সাহিত্যসাধকের প্রয়াণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ ফেব্রুয়ারি মারা গেলন কবি কায়সুল হক। তাঁর প্রতি শ্রদ্ধা

কায়সুল হক (২৯ মার্চ ১৯৩৩-১৩ ফেব্রুয়ারি ২০১৬), ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম
কায়সুল হক (২৯ মার্চ ১৯৩৩-১৩ ফেব্রুয়ারি ২০১৬), ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

১৩ ফেব্রুয়ারি সকালে টেলিফোনে এক বন্ধুর কাছ থেকে কবি কায়সুল হকের মৃত্যুর খবর পেলাম। তারপর নিভৃতচারী এই মানুষটির অনেক স্মৃতি মনে হলো। সারা জীবন তিনি নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছেন; নিজেকে সবার কাছে জাহির করার প্রবণতা কখনোই তাঁর মধ্যে দেখিনি। বস্তুত, কায়সুল হক নিজের ব্যক্তিগত সাহিত্যচর্চার বদলে একটি দেশ, সমাজ কিংবা সমকালীন দুনিয়ার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং সেই সঙ্গে নানা ধরনের কবি-সাহিত্যিকের বিচিত্র সৃষ্টির বিষয়ে অনেক বেশি উৎসাহী ছিলেন। তিনি ছিলেন একজন সত্যিকার সাহিত্যপ্রেমিক; হয়তো এই সাহিত্যপ্রেম তাঁকে একজন একনিষ্ঠ সাহিত্যসাধকের পর্যায়ে উন্নীত করেছিল। নিজের লেখা গদ্য-পদ্যের প্রচারের চেয়ে তিনি চিরকাল তাঁর সময়ের নানা পর্যায়ের লেখকদের বিচিত্র সাহিত্য, বিচিত্র সাহিত্য রচনার রঙে নিজের চেতনাকে রঞ্জিত করেছেন সর্বদা। পৃথিবীর সব সমাজেই এ ধরনের আত্মস্বার্থবিমুখ ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো’ লোকদের সংখ্যা বাস্তবিকই কম। আমার সৌভাগ্য, প্রায় ৩৫ বছর ধরে আমি কায়সুল হককে দেখেছি এবং একটি সুদীর্ঘ সময় ধরে তাঁর গভীর সান্নিধ্য লাভ করেছি। তবে প্রথম তাঁর কবিতা পড়েছিলাম, ছবি দেখেছিলাম ও তাঁর সম্পর্কে জেনেছিলাম সত্তর দশকের শুরুতে কলকাতা থেকে প্রকাশিত দুই বাংলার নির্বাচিত কবিদের কাব্যসংকলন স্বনির্বাচিত নামের গ্রন্থ। সম্পাদনা করেছিলেন শান্তনু দাস ও রুদ্রেন্দু সরকার। এই বইতে বাংলাদেশের যে চারজন কবির কবিতা স্থান পেয়েছিল, তাঁরা হলেন জসীমউদ্দীন, শামসুর রাহমান, আল মাহমুদ ও কায়সুল হক। কবিদের সংক্ষিপ্ত পরিচিতিও ছিল। তা থেকে জেনেছিলাম, কবির নিবাস রংপুর। কিন্তু আদি নিবাস ও জন্ম পশ্চিমবঙ্গের মালদহে।
আশির দশকের শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক লেখাপড়া সমাপ্তির পর স্থায়ীভাবে ঢাকায় চলে আসি। আমার জীবনে তখন এক অভিনব ঘটনা ঘটেছিল। জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে প্রকাশিত বই পত্রিকার সূত্রে পরিচয় হয়েছিল প্রতিষ্ঠানটির পরিচালক ফজলে রাব্বীর সঙ্গে। রাব্বী ভাই আমাকে স্বতঃস্ফূর্তভাবে একটি চমৎকার চাকরি দিয়েছিলেন। সারা দেশে ভ্রমণ ও মানুষের বই পড়া সম্পর্কে সমীক্ষা চালানোই ছিল আমার কাজ। তারুণ্যের স্বপ্নময় দিনগুলোয় চাকরির নামে এমন ঘুরে বেড়ানোর সুযোগ আমাকে ভাসিয়ে নিয়েছিল এক আনন্দের তীর্থে। প্রতিবারই দেশের একটি সুনির্দিষ্ট এলাকায় কাজ শেষে আমি সাধারণত দু-এক সপ্তাহ পরে ফিরে আসতাম ঢাকায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকের কাছে আমার সফর ও সমীক্ষা বিষয়ে প্রতিবেদন জমা দিতাম। তারপর কদিন জাতীয় গ্রন্থকেন্দ্রে অফিস করে আমি আবার অন্য কোথাও সফরে বের হতাম। সেটা ছিল ১৯৮২ সাল। আজ ভাবতে ভালো লাগে, রাব্বী ভাই আমার কর্মজীবনের শুরুতেই আমাকে মনের মতো একটি কাজ উপহার দিয়েছিলেন। গ্রন্থকেন্দ্রেই পরিচয় হয়েছিল সহকারী পরিচালক কায়সুল হক ও আরও অনেকের সঙ্গে। এ ছাড়া প্রতিদিন জাতীয় গ্রন্থকেন্দ্রে আগত অসংখ্য কবি-সাহিত্যিকের সঙ্গে পরিচয়ের সূচনা হয়েছিল। সবাই যাঁর যাঁর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন; কিন্তু কায়সুল হকের প্রবণতা ছিল অন্যের লেখার বিষয়ে খোঁজ নেওয়া কিংবা তা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করা। লেখা ভালো কিংবা খারাপ হোক, সবাইকে উৎসাহ দেওয়ার ব্যাপারে তাঁর কোনো জুড়ি ছিল না। তবে নিজে তেমন লিখতেন না। হয়তো নিরন্তর নানা ধরনের ধ্রুপদি সাহিত্যপাঠের পর তাঁর ধারণা হয়েছিল এমন তুঙ্গস্পর্শী লেখা আর সম্ভব নয়; তার চেয়ে পড়ে আনন্দ লাভই বরং বুদ্ধিমানের কাজ। শুধু পড়া নয়; ভালো উচ্চাঙ্গসংগীত, রবীন্দ্রসংগীত শোনার ব্যাপারেও তাঁর আগ্রহ ছিল।
কায়সুল হকের সাহিত্যরুচির একটি দিক নিয়ে আমি সর্বদা দ্বিমত পোষণ করছি। তিনি ছিলেন সার্বক্ষণিকভাবে একজন আধুনিক কাব্যবোধসম্পন্ন মানুষ; এ কারণেই হয়তো শিল্প-সাহিত্যের অন্য শাখার মধ্যেও একধরনের কাব্য আক্রান্তবোধ ও জটিল দর্শনকে অনুসন্ধান করতেন। এদিক দিয়ে কবি শামসুর রাহমান ও তাঁর মধ্যে গভীর মিল ছিল। আমার নিজস্ব বিবেচনায় এর কারণও পরে খুঁজে পেয়েছি। শামসুর রাহমান, কায়সুল হকসহ বাংলাদেশের পঞ্চাশের দশকের তরুণ কবিদের ওপর বুদ্ধদেব বসুর প্রভাব ছিল অপ্রতিরোধ্য। ১৯৪৭ সালে দেশভাগের পর ঢাকা ও তৎকালীন পূর্ব পাকিস্তানে সাহিত্য-সংস্কৃতিতে একধরনের ‘পাকিস্তানি চেতনা’ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খুবই সক্রিয় ছিল। তবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর তরুণদের মধ্যে ‘সেক্যুলার বাঙালি সংস্কৃতির’ প্রভাব বাড়তে থাকে। অন্যদিকে, কবিতায় ফররুখ আহমদ, সৈয়দ আলী আহসান কিংবা তালিম হোসেনের মতো পাকিস্তানি ভাবধারার কবিদের প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। ঢাকায় পঞ্চাশের দশকের বেশির ভাগ তরুণ কবি ছিলেন বুদ্ধদেব বসু ও তাঁর সম্পাদিত কবিতা পত্রিকা দ্বারা গভীরভাবে প্রভাবিত। ধীরে ধীরে বুদ্ধদেবীয় সেক্যুলার আধুনিকত্ব ও ‘শিল্পের জন্য শিল্প’ তৎকালীন পূর্ববঙ্গীয় অনেক তরুণ কবির কবিতার মূলমন্ত্র হয়ে দাঁড়ায়। কিন্তু বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্টের নির্বাচন ও গণজাগরণ যেন সবকিছু তছনছ করে দেয়। তৎকালীন ঢাকাকেন্দ্রিক পূর্ববঙ্গীয় আধুনিক কবিতায় আধুনিক নগরবোধের পাশাপাশি গণচেতনাও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে স্থান পায়। পঞ্চাশ থেকে ষাটের দশকে শামসুর রাহমানসহ অন্যদের কবিতায় বিষয়, আঙ্গিক, প্রতীক, চিত্রকল্প প্রভৃতি ক্ষেত্রে এই পালাবদল সুস্পষ্টভাবে উপলব্ধি করা যায়। আমার ধারণা, এই গণচেতনা ও দেশপ্রেমই পশ্চিমবঙ্গীয় পঞ্চাশের দশকের বোহেমিয়ান নগরকবিদের কবিতা থেকে পূর্ববঙ্গীয় আধুনিক কবিতার বোধকে ধীরে ধীরে অনেকাংশে আলাদা করেছে।
তবে কায়সুল হক মনেপ্রাণে বুদ্ধদেব বসুর কাব্যবোধের প্রতি তাঁর স্বতঃস্ফূর্ত আনুগত্য ও বিশ্বাস বজায় রেখেছেন। ইয়েটস ও এলিয়ট প্রবর্তিত কবিতার আধুনিক নগরচেতনাকে বুদ্ধদেব বসু ও তিরিশের অন্য বাঙালি কবিরা কলকাতার পটভূমিকায় নতুনভাবে বিন্যস্ত করেছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের পঞ্চাশ ও ষাটের দশকের বেশ কিছু কবির মতো কায়সুল হক ছিলেন কবিতায় বুদ্ধদেবীয় ধ্যানধারণার প্রচারক ও সমর্থক। কবিতায় তিনি পরিশীলিত মননশীলতা, সূক্ষ্ম নির্মাণশৈলী ও অপেক্ষাকৃত নিম্নকণ্ঠের সমর্থক ছিলেন। তিনি এ ধরনের সাহিত্যকে গুরুত্ব দিতেন। শুধু মননশীল কবিতায় নয়; গদ্যেও কায়সুল হক কবিত্বকে অন্বেষণ করেছেন। তিনি ছিলেন কাব্যাক্রান্ত গদ্যের অতিশয় ভক্ত। এ কারণেই তিনি বাংলা সাহিত্যে মানিক কিংবা তারাশঙ্করের উপন্যাসের চেয়ে বুদ্ধদেব বসুর তিথিডোরকে বেশি গুরুত্ব দিতেন। অন্নদা শংকর রায়ের রত্ন ও শ্রীমতী উপন্যাস তাঁর কাছে বাংলা সাহিত্যের অন্যতম সেরা উপন্যাস বলে বিবেচিত হয়েছিল। অন্যদিকে, তারাশঙ্করের উপন্যাসের গদ্য তাঁর কাছে স্থূল বলে মনে হয়েছে। বুদ্ধদেব বসুর অনুকরণে তিনি আমাকে বেশ কয়েকবার বলেছেন, ‘তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে একজন ভালো ঔপন্যাসিক। কিন্তু কীভাবে লিখতে হয়, তা তিনি জানেন না।’
কায়সুল হক তাঁর ‘অভিজাত সাহিত্যরুচির’ বিষয়ে পরবর্তীকালে কিছুটা নমনীয় হয়েছিলেন। তবে অশুদ্ধ বাক্য কিংবা ভুল বানান একেবারে সহ্য করতে পারতেন না। এদিক দিয়ে তিনি ছিলেন ভীষণ স্পর্শকাতর। নব্বইয়ের দশকে ঢাকা থেকে শিল্প ও সাহিত্যবিষয়ক পাক্ষিক পত্রিকা শৈলী বের হয়। আমি এই পত্রিকায় তাঁর সঙ্গে প্রায় পাঁচ বছর কাজ করেছি। সে সময় যেকোনো লেখকের ভুল শব্দ ও ভুল বাক্য শুদ্ধ করার বিষয়ে তাঁর কঠোর শ্রম আমাকে মুগ্ধ করেছে। আমার ধারণা, সাহিত্যকে সত্যিকারভাবে ভালো না বাসলে শুধু চাকরির জন্য এমন পরিশ্রম করা কারও পক্ষেই সম্ভব হতো না। জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, আবু সয়ীদ আইয়ুব প্রমুখ গুণীর সান্নিধ্যে এসেছিলেন কায়সুল হক। দুই বাংলার প্রায় সব প্রধান সাহিত্যিকের সঙ্গে তাঁর পত্র-যোগাযোগ ছিল। তাঁকে বেশ কয়েকবার আত্মজীবনী লিখতে অনুরোধ করেছি। যদি তিনি লিখতেন, তবে তা অবশ্যই হতো আমাদের সাহিত্য, সংস্কৃতি ও আর্থসামাজিক বিকাশের অন্যতম দলিল।
কায়সুল হকের প্রয়াণে দেশ হারিয়েছে একজন সত্যিকার সাহিত্যসাধককে। শিল্প-সাহিত্যের ক্ষেত্রে নানা বিষয়ে ধারণা ও পরামর্শ দেওয়ার মতো নির্ভরযোগ্য সত্যিকার পণ্ডিতের সংখ্যা দেশে অতি দ্রুত হ্রাস পাচ্ছে। সদ্যপ্রয়াত কবি কায়সুল হক ছিলেন সেসব বিরল মানুষের একজন।