একজন কবিকে নিয়ে উপন্যাস লিখতে চেয়েছি
সেলিনা হোসেন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ কথাশিল্পী। সম্প্রতি ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ডি-লিট উপাধিতে ভূষিত করেছে। দিল্লি থেকে পেয়েছেন রবীন্দ্র স্মৃতি পুরস্কার। এখন তিনি কবি মির্জা গালিবকে নিয়ে উপন্যাস লিখছেন সিপাহি বিদ্রোহের পটভূমিতে। তাঁর সঙ্গে কথা বলেছেন জাফর আহমদ রাশেদজাফর আহমদ রাশেদ: আমরা জানি যে আপনি এখন উর্দু ভাষার বিখ্যাত কবি মির্জা গালিবকে নিয়ে একটা উপন্যাস লিখছেন। বিষয় হিসেবে কবি মির্জা গালিবকে বেছে নেওয়ার কারণ কী?সেলিনা হোসেন: আমি একজন কবিকে নিয়ে উপন্যাস লিখতে চেয়েছি। গালিবের ভাষাটা আমার কাছে প্রধান ছিল না, তিনি কোন সময়ের কবি, তাঁর জীবনের সংকটগুলো কী এবং সেই সময়টাকে তিনি কীভাবে মোকাবিলা করেছেন—এগুলো আমি ধরতে চেয়েছি।রাশেদ: এগুলো যেকোনো কবির ক্ষেত্রে প্রযোজ্য। আমার প্রশ্ন, অনেক কবির মধ্যে মির্জা গালিব কেন?সেলিনা হোসেন: মির্জা গালিবকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল আবু সয়ীদ আইয়ুবের গালিবের গজল থেকে পড়ার পরে। ওই বইয়ে গালিবের অনেকগুলো শের আমাকে খুব অনুপ্রাণিত করেছিল; অনুপ্রাণিত করেছিল তাঁর জীবনীও। আমার মনে হয়েছিল, তাঁর জীবন উপন্যাসের বিষয়। বিষয়টি নিয়ে উপন্যাস লিখলে পাঠক আগ্রহী হতে পারে। রাশেদ: গালিবের জীবনের ঘাত-প্রতিঘাতের পাশাপাশি তাঁর সময়ও আপনাকে আকৃষ্ট করেছে? সেলিনা হোসেন: হ্যাঁ। তাঁর সময়ে, ১৮৫৭ সালে, সিপাহি বিদ্রোহ হয়েছে। এই বিদ্রোহের তিনি একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। বিদ্রোহের পরে দিল্লির সাধারণ মানুষের এবং তাঁর নিজের কী ধরনের সংকট হয়েছিল, সেসব নিয়ে একটা অধ্যায় লিখেছি। এ অধ্যায়ের নাম দিয়েছি ‘মৃত্যুর মুশায়েরা’। ইংরেজরা বিদ্রোহী, বিশেষ করে অভিজাত মুসলমানদের নানাভাবে মেরেছে। অনেককে গাছে ঝুলিয়ে দিয়েছে, তিন-চার দিন ঝুলে থেকে তারা মৃত্যুবরণ করেছে। আমার মনে হয়েছিল, ইতিহাসের এই প্রেক্ষাপটটি মানবিক বিবেচনার দিক থেকে একটি উপন্যাসের বড় উপাদান হতে পারে। আমি সব সময় চিন্তা করি, বিষয়টা যেন একটু নতুন হয়, পাঠকের আগ্রহের জায়গাটা যেন তৈরি হয়। ব্যক্তির সংকট, সামাজিক বা পারিবারিক সংকট—সব সময় এক ধরনের লেখা পাঠকের বিরক্তির কারণ হতে পারে। এ জন্য আমি অনবরত বিষয় পরিবর্তন করি।রাশেদ: এ উপন্যাসের সময় কি গালিবের পুরো জীবনকাল? সেলিনা হোসেন: ১৭৯৭ সালে গালিবের জন্ম। শুরু করেছি গালিবের জন্মের আগে থেকে। তখন আগ্রা শহরে একজন কবি ছিলেন। তাঁর একটি রচনায় তিনি বলেছেন, আরেকজন কবি আসছে এই শহরে—সেখান থেকে আগ্রার পটভূমিতে গালিবের জন্মের আগের একটা অধ্যায় লিখেছি ‘যমুনা নদীর শৈশব’ নামে। সে অধ্যায়টা শেষ হয়েছে গালিবের জন্ম দিয়ে—যমুনা নদীর তীরের একটি শহরে আজ একটা শিশু জন্ম নিয়েছে। এ হলো এ অধ্যায়ের সমাপ্তি। আমি দেখাতে চেয়েছি, সৃষ্টিশীলতায় ধারাবাহিকতার একটা জায়গা থাকে। দেখাতে চেয়েছি কবি কত বড় হতে পারে, কবিতার উত্তরাধিকার কী রকম হতে পারে। উপন্যাসের শেষ হবে ১৮৬৯ সালে, গালিবের মৃত্যুর মধ্য দিয়ে। রাশেদ: কয়টা অধ্যায় হবে?সেলিনা হোসেন: আটটা অধ্যায় লিখব। শুরু তো করেছি ২০০৮-এ, এ পর্যন্ত ছয়টা অধ্যায় লিখেছি।রাশেদ: একটা করে অধ্যায় লিখছেন। কোনো কোনো ঈদ সংখ্যায় ছাপা হচ্ছে।সেলিনা হোসেন: হ্যাঁ। এবার প্রথম আলোকে দিয়েছি পঞ্চম অধ্যায়।রাশেদ: এটা লেখার জন্য আপনাকে নিশ্চয় পড়াশোনা করতে হয়েছে। বই সংগ্রহের জন্য কোথায় কোথায় গিয়েছেন?সেলিনা হোসেন: মূল বইগুলো সংগ্রহ করেছি দিল্লি থেকে। বেশ কিছু বই পেয়েছি কলকাতায়। ঢাকায় কিছু বই সংগ্রহ করেছি। দিল্লিতে যতবারই গিয়েছি, এ নিয়ে কাজ করেছি। আবু সয়ীদ আইয়ুবের বইটি পড়ার পর থেকে আমার মাথায় একটু একটু করে কাজ করছিল বিষয়টি। সে থেকে দিল্লি গেলে আমি লালকেল্লায় যাই। দেখতে যাই যেখানে বাহাদুর শাহ ছিলেন। জামা মসজিদ, চাঁদনী চক দেখতে যাই। কারণ, সময়টাকে জানতে হয়েছে ব্যাপকভাবে। সিপাহি বিদ্রোহের সময় গালিব তাঁর দিনলিপি লিখেছেন, নাম দস্তাম্বু—বাংলায় ‘একগুচ্ছ ফুল’—সেটার বাংলা পেতেও খুব কষ্ট করতে হয়েছে। পরে সেটা কলকাতায় পেয়েছি। গালিবের কলমে সে সময়ের বিবরণ পাওয়ার ফলে তাঁর সময়টাকে ধরা খুব সহজ হয়েছে। গালিব কিন্তু সিপাহিদেরও সমালোচনা করেছেন, বিশেষ করে তাদের অনৈতিক কাজগুলো তাঁর খুব অপছন্দ ছিল।রাশেদ: অনৈতিক কাজ কোনগুলো?সেলিনা হোসেন: লুটপাট। ধর্ষণ। নৈরাজ্যের সময়ে যা হয়।রাশেদ: যাঁরা যুদ্ধ করেছেন তাঁদের প্রশংসা করেছেন?সেলিনা হোসেন: সেটা তো তাঁর আছেই। কিন্তু তাঁর একটা সমস্যা ছিল। তিনি ব্রিটিশদের কাছ থেকে, জায়গিরদার নওয়াবদের কাছ থেকে কবি হিসেবে ভাতা পাচ্ছেন। তখন সভাকবি বলে একটা ব্যাপার ছিল। কবি হিসেবে এটা তাঁর চাকরির অংশ ছিল। তখনকার সম্রাট বাহাদুর শাহ জাফরের কবিতা তিনি পরিমার্জন করছেন। এ জন্য তিনি ভাতা পাচ্ছেন। ইংরেজরা সিপাহি বিদ্রোহ দমন করে ক্ষমতায় এসে গালিবের পেনশন বন্ধ করে দিল। এই যে অর্থনৈতিক দিক, এ নিয়ে দ্বন্দ্ব তো ছিলই তাঁর মধ্যে।রাশেদ: পেনশন পুনর্বহালের মামলা নিয়ে গালিব এত সময় ও অর্থ ব্যয় করেছেন কেন? সেলিনা হোসেন: তাঁর শেরের মধ্যে তিনি বলেছেন, আমার তো ক্ষুধা আছে। তাঁর সাতটি সন্তান হয়েছিল। সাতটিই মারা যায়। কিন্তু তাঁর ওপর অনেকের খাওয়া-পরা নির্ভর করত। তাঁর স্ত্রীর দিক থেকে আত্মীয় দুটো বাচ্চাকে তিনি মানুষ করছিলেন। জ্ঞাতিগোষ্ঠীসহ সব মিলে তাঁর আশ্রিত ছিল প্রায় কুড়িজন। এদের আর টানতে পারছিলেন না। তাঁর আয়ের পথ যখন বন্ধ, একজনকে চিঠি লিখে বলেছেন, তাঁর স্ত্রীর পক্ষের আশ্রিতদের লোহারুর নওয়াবেরা নিয়ে যাক। তাহলে আমি একটা স্বাধীন মানুষ হই। আমি স্বাধীনতা চাই। একটু এককভাবে বেঁচে থাকতে চাই। আমি অন্য কোথাও চলে যেতে চাই। আমি আর বোঝা বহন করতে পারছি না। গুম্মন খান নামে একটা চাকর ছিল। তাঁর এই অভাব দেখে লোকটা চলে গিয়েছিল। কিছুদিন পর ফিরে এল—আমি আর কোথাও ভাত পাই না। গালিব বললেন, তাহলে গেলে কেন? থাক আমার কাছে। তাঁর কিছুই নাই তার পরও চাকরটাকে রেখে দিচ্ছেন। তাঁর মধ্যে একটা দ্বন্দ্ব ছিল এ নিয়ে। তিক্ততা বাড়ছিল, তিনি ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। রাশেদ: বাহাদুর শাহ জাফরের পতনের পরে পেনশনের মামলা নিয়ে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।সেলিনা হোসেন: দস্তাম্বুতে ব্রিটিশদের সমর্থনে লেখার একটাই কারণ, যাতে ওরা পেনশনটা ছেড়ে দেয়। গালিবের ওপর একটা ভালো বই আছে পবন কে ভার্মার। গালিবকে নিয়ে তাঁর বিশ্লেষণগুলো আমাকে খুব সাহায্য করেছে। অনেকে ঢালাওভাবে বলেন, গালিব সিপাহি বিদ্রোহের বিরুদ্ধে ছিলেন। পবন কে ভার্মা দেখিয়েছেন, তাঁর তো কোনো কাজ নেই। তাঁর বেঁচে থাকার তাড়না, আশ্রিতদের বাঁচিয়ে রাখা, এসব নির্ভর করছে পেনশনের ওপর। কত কৌশল করে এগুলো তাঁকে নিতে হয়েছে; এদের বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হয়েছে। রাশেদ: একটা প্রশ্ন করি। ইতিহাস বা সাহিত্যের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি বেশ কিছু উপন্যাস লিখেছেন। বড় বড় বিষয় বা ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা উপন্যাসের বিষয় হয়েছে বলে ঔপন্যাসিক হিসেবে আপনার কৃতিত্বটা একটু ঢাকা পড়ে যায় কি না? সেলিনা হোসেন: আমি মনে করি, উপন্যাসের কৃতিত্ব বিষয়ে প্রশ্নটা হলো—ইতিহাসের সময়কে বর্তমান সময়ের সঙ্গে যুক্ত করে উপন্যাসটাকে শিল্পিতভাবে উপস্থাপন করতে পেরেছি কি না। সেটা করা না গেলে সেটা উপন্যাসই হবে না, সেটা ইতিহাসের বই হয়ে যাবে। গালিবের কথা ধরো, একজন বিধবা মহিলা, নাম তর্ক্, তুরস্ক থেকে আসা। খুব ভালো কবিতা লিখতেন। তখনকার দিনে একজন কবি তাঁর কবিতার পরিমার্জনার জন্য অন্য কবির সাহায্য নিতেন। ওই মহিলার মামা গালিবকে ওই বাড়িতে নিয়ে যেতেন। পর্দার আড়াল থেকে তর্ক্ গালিবকে কবিতা পড়ে শোনাতেন। গালিব তাঁকে কখনো দেখেননি। গালিবের একটা গভীর অবসেশন ছিল। ভাবতেন, মহিলা না-জানি দেখতে কেমন, কত না সুন্দর! এই জায়গাটাতে আমি ধরেছি। মেয়েটিকে তিনি কতটা ভাবতে পারেন, তাঁর প্রেমও হতে পারে। তাঁর পছন্দ, তাঁর ভালো লাগার জায়গা আমি দেখাচ্ছি। ইংরেজরা যখন দিল্লি দখল করল, তখন তো ওরা প্রচুর অভিজাত পরিবারকে বের করে দিয়েছে। অনেককে গুলি করে মেরেছে। ওই সময় তকর্্ চলে যেতে বেরিয়েছিলেন পরিবারের সঙ্গে। যেতে পারেননি শেষ পর্যন্ত। মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর গালিব পাচ্ছেন। ওই মেয়ের জন্য আমি গালিবের একটা মনোভাব তৈরি করছি।রাশেদ: গালিবের জীবনীতে যা নেই। সেলিনা হোসেন: এখানেই উপন্যাসের সঙ্গে ইতিহাসের পার্থক্য। একজন মানুষ হিসেবে একটা ভাবনার জায়গা তো তাঁর তৈরি হয়েই ছিল। স্ত্রীর প্রসঙ্গে সারাক্ষণ বলছেন, সে আমার পায়ের বেড়ি। আমি এই জীবন চাইনি, আমি এখন কারাগারে আছি। কিন্তু আবার তার সঙ্গে একটা সম্পর্কের জায়গাও আছে। গালিব বলছেন, তোমাদের জ্ঞাতিগুষ্টি তোমরা নিয়ে যাও। লোহারুর নওয়াবের পরিবার খাওয়াতে পারবে এদের, আমি আর পারব না। চাকরকে আবার থাকতে বলছেন। আমি মানুষটাকে ধরছি। আমি ইতিহাসের উপাদান অবলম্বন করেছি, পাশাপাশি ব্যক্তিকে, তাঁর সম্পর্ককে ধরছি। এ সবকিছু মিলিয়েই উপন্যাস।রাশেদ: ইতিহাসের ঘটনাকে উপন্যাস করে তুলতে গেলে একজন ঔপন্যাসিকের সামনে প্রধান ঝুঁকিটা কী?সেলিনা হোসেন: নিরন্তর ঘণ্টাধ্বনি দিয়ে বলি। সোমেন চন্দ, মুনীর চৌধুরীকে নিয়ে চল্লিশের দশকের পটভূমিতে আমি নিরন্তর ঘণ্টাধ্বনি লিখি। শুরুই করেছি, সোমেন চন্দ বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে খাতায় আঁকিবুঁকি কাটছেন। এটা তো আমি চোখে দেখিনি। এখানে আমার ইমাজিনেশন কাজ করছে। আমি তাঁর কার্যপ্রণালিকে, তাঁর মনকে আমি ব্যক্তিমানুষের জায়গা থেকে দেখার চেষ্টা করেছি। এটাই উপন্যাসের চরিত্র নির্মাণের কাজ। রাশেদ: চ্যালেঞ্জও কি এটাই?সেলিনা হোসেন: এটা তো একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এবং তুমি যেটা বললে, বড় বড় বিষয়ের কারণে ঔপন্যাসিকের কৃতিত্ব আড়াল হয়ে যায় কি না। আড়াল হয়ে গেলে কিন্তু এই উপন্যাসের এতগুলো সংস্করণ হতো না। এটা আমার প্রথম বই, প্রায় ১৫ বছর আগে যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে পাঠ্য হয়।রাশেদ: পরে তো বাংলাদেশেও পাঠ্য হয়েছে। সেলিনা হোসেন: ঢাকা ইউনিভার্সিটিতে উইমেন অ্যান্ড জেন্ডার বিভাগে আমার কালকেতু ও ফুল্লরা পাঠ্য। রবীন্দ্রভারতীতে পাঠ্য যাপিত জীবন ও নীল ময়ূরের যৌবন। যাদবপুরে পরে হাঙ্গর নদীর গ্রেনেড পাঠ্য হয়েছে। আসামের শীলচরে বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হয়েছে তিনটা বই। তপোধীর ভট্টাচার্য যখন বাংলা বিভাগের প্রধান, তখন আমার উপন্যাসের ওপর পিএইচডি করিয়েছেন।রাশেদ: ইতিহাসের বাইরে, সাহিত্যের চরিত্র নিয়েও আপনি পুনর্নির্মাণ করেছেন। যেমন ‘চর্যাপদ নিয়ে’, মুকুন্দরামের ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের ‘কালকেতু-ফুল্লরা’কে নিয়ে। সেলিনা হোসেন: চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু ছিল একজন প্রজাবৎসল রাজা। অভিশপ্ত হয়ে সে মর্ত্যে এসেছে। এরশাদ আমলকে ধরে আমি কালকেতুকে সমকালীন চরিত্র করেছি। দেখাতে চেয়েছি, রাজা প্রজাবৎসল হলে কী হয়, আর প্রজাবৎসল না হলে কী হয়। চরিত্রকে সমকালীন করে তোলা, সেটাও উপন্যাসের একটা অন্য ধরনের টেকনিক। নিরীক্ষা। রাশেদ: কালকেতু ফুল্লরা তো ইতিহাসের চরিত্র নয়। সাহিত্যেরই চরিত্র। এই চরিত্র একজন লেখকের সৃষ্টি। এদের আপনি আবার উপন্যাসের বিষয় করেছেন।সেলিনা হোসেন: মধ্যযুগের সাহিত্যের চরিত্রকে আমি আমার সময়ের চরিত্রে রূপান্তরিত করেছি।রাশেদ: আপনি প্রীতিলতাকে নিয়ে লিখেছেন। সেলিনা হোসেন: প্রীতিলতায় আমি বিপ্লবও ধরেছি, প্রেমও ধরেছি। আশিবার তিনি রামকৃষ্ণ বিশ্বাসকে আলিপুর জেলে দেখতে গেছেন। বেথুন কলেজের মেধাবী ছাত্রী, ডিসটিংকশন পাওয়া মেয়ে। রামকৃষ্ণ বিশ্বাসের যখন ফাঁসি হয়ে গেল—তিনি অনার্স পরীক্ষা দিলেন না। সিম্পল ডিগ্রিটা নিলেন। তাঁর একটা ভালো লাগা কিন্তু ছিল।রাশেদ: আপনি পাঠকের সাড়া পান কেমন?সেলিনা হোসেন: প্রচুর। এমন অনেক জায়গা থেকে পাই, মনে হয় আমার জীবনটা পূর্ণই হলো সাহিত্য করে। যশোরের পাইকগাছার একটা গ্রাম। চিংড়িঘের আন্দোলনের নেত্রী করুণাময়ীর মৃত্যুদিনের অনুষ্ঠানে গেছি। এক মহিলা, এক প্যাঁচের শাড়ি পরা, স্পঞ্জের স্যান্ডেল পায়ে। আমাকে বলছেন, আপনিই কি কাঁটাতারে প্রজাপতি লিখেছেন? ও রকম একটা জায়গায় এক প্যাঁচের শাড়ি পরা একজন মহিলা যখন আমার লেখার কথা বলেন, তখন আমি বুঝি যে আমার চেষ্টাটা সার্থক। এ বছর, কলকাতা এয়ারপোর্টে এক ইমিগ্রেশন অফিসার আমার পাসপোর্টে নাম দেখে একবার আমার দিকে তাকালেন। বললেন, আপনি কি সেই সেলিনা হোসেন, লেখেন? আমি আপনার লেখা পড়েছি। রাশেদ: শুরুর দিকে আপনি ছোটগল্পে অনেক বেশি মনোযোগী ছিলেন। এখন ছোটগল্পে মনোযোগটা একটু কমে গেছে। অবেলার দিনক্ষণের পরে কোনো গল্পের বই তো বেরোয়নি?সেলিনা হোসেন: আমি উপন্যাসে একটু বেশি মনোযোগী হয়েছি। উপন্যাস আকারে বেশি বড় হয়ে যাচ্ছে বলে আমার সময়টাও বেশি দিতে হচ্ছে। তবে সুযোগ পেলে গল্প লিখতে ছাড়ি না। আরেকটা বই করার মতো গল্প আছে। গালিব মাথা থেকে না নামা পর্যন্ত আর কিছু ভাবব না।রাশেদ: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবার আপনাকে ডি-লিট উপাধিতে ভূষিত করেছে। এটা তো একজন লেখকের জন্য স্বীকৃতি। কেমন লেগেছে সেখানে গিয়ে?সেলিনা হোসেন: খবরটা পাই ১৭ মার্চ। খুব দুঃখের দিন। মিউজিক কলেজের একটা অনুষ্ঠান থেকে বেলা দুটোর দিকে ফিরেছি। ওপর তলায় আমার ভাই-ভাবি থাকে। ভাবি এসে বলে, আমার ভাই জানি কেমন করছে। আপনি তাড়াতাড়ি আসেন। ওপরে গিয়ে দেখি, ভাই পায়চারি করছে, টলছে। বলল, আমাকে এক্ষুনি সিএমএইচে নিয়ে যাও। এয়ারফোর্সের মানুষ তো। গাড়িতে তুলে সামান্য এগিয়েছি, শেষ। লাশ নেওয়া হলো, আত্মীয়স্বজন সবাই চলে গেছে। আমি দাঁড়িয়ে ছিলাম। তখন ফোন এল কলকাতা থেকে, ডি-লিটের খবরটা জানলাম।গেলাম ওখানে। ৮ মে ছিল কনভোকেশন। জোড়াসাঁকোতে। পিএইচডি যাঁরা পেয়েছেন, যাঁরা গোল্ড মেডাল পেয়ে পাস করেছেন, সবাই ছিলেন। আমরা ডি-লিট পেয়েছি সাতজন। শঙ্খ ঘোষও পেয়েছেন। আমি তো মহাখুশি শঙ্খ ঘোষকে দেখে। রাশেদ: দিল্লি থেকে তো আপনি আরেকটি পুরস্কার পেয়েছেন—রবীন্দ্রস্মৃতি পুরস্কার। সেলিনা হোসেন: আইআইপিএম—ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্লানিং অ্যান্ড ম্যানেজমেন্ট এ পুরস্কার দিয়েছে। ওদের হেড অফিস দিল্লি, কিন্তু পুরস্কারটা দিয়েছে ওরা কলকাতায়। ৯ মে। এইবার প্রথমবারই এইটা চালু হয়েছে। প্রশংসাপত্রে ওরা লিখেছে—পূর্ববঙ্গের জাতীয়তাবাদী আন্দোলনে রবীন্দ্রনাথ কতটা অনুপ্রাণিত করেছেন আপনার গায়ত্রী সন্ধ্যা পড়ে আমরা বুঝতে পেরেছি। এইখানে আমি কিন্তু ওইভাবে রবীন্দ্রনাথকে আনিওনি। উপন্যাসের একটি চরিত্র খুব রবীন্দ্রভক্ত, সে গান শোনে, বই পড়ে, অধ্যাপক—এইটুকু। কিন্তু বারবার যখন কোনো মানসিক সংকট হয়, তখন রবীন্দ্রনাথের কাছে ছুটে যায়। তাঁর ছবির দিকে তাকিয়ে থাকে, তাঁর একটা গানের জন্য অপেক্ষা করে। তারপরে দেখিয়েছি, ’৬১ সালে কীভাবে রবীন্দ্র জন্মশতবার্ষিকী হলো।রাশেদ: লেখালেখির বাইরেও আপনি কিছু কাজ করেন। আপনি একজন মানবাধিকারকর্মী হিসেবে সোচ্চার। লেখালেখির বাইরে লেখকদের আরও বেশি দায়বদ্ধতা দরকার বলে আপনি মনে করেন?সেলিনা হোসেন: আমি মনে করি, যদি কেউ পারে, তাহলে তার নেওয়া উচিত। এই দেশে সমস্যা অনেক বেশি, রাষ্ট্রীয়ভাবে মানুষকে বন্ধু হিসেবে দেখার জায়গাটা অনেক ক্ষুদ্র। সেই জন্য যার যেখানে যতটুকু অবস্থান, সেই নিজস্ব জায়গা থেকে যদি প্রত্যেকে একটু একটু করে কাজ করে, অনেক কাজ হতে পারে। রাশেদ: আপনি অবসর নিয়েছেন ২০০৪-এ। ছয় বছর হয়ে গেছে। লেখকেরা তো সাধারণত একটু আড্ডাবাজ হয়। আপনি কি আড্ডা দেন?সেলিনা হোসেন: না। বাংলা একাডেমীতে কাজ করার সময় আমার অন্য সহকর্মীরা যখন ধুমায় আড্ডা দিতেন, তখন আমি হয়তো লাইব্রেরিতে একটা বই পড়ছি। পত্রিকা সেকশনে আড্ডা তো হতোই। আমি কখনো আড্ডাটাকে এনজয় করিনি সেভাবে। অকারণে একটা হইহই, আড্ডার মধ্যে অন্যের সমালোচনা করা, গালি দেওয়া, আমার ভালো লাগে না।রাশেদ: ওই সব বাদ দিয়েও আড্ডার তো একটা তৃষ্ণা থাকে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তখনো আড্ডা দিতেন না?সেলিনা হোসেন: না, একদমই না। সব আড্ডা দিত, আমি গিয়ে লাইব্রেরিতে ঢুকতাম। আমার একদমই একটা আলাদা পারসেপশন ছিল। আমি জানি না, এটা একদমই ভেতর থেকে হয়েছে। রাশেদ: কখন লেখেন?সেলিনা হোসেন: নির্দিষ্ট কোনো সময় নেই। দিনে, না পারলে রাতে। প্রতিদিন দুই পৃষ্ঠা, আধা পৃষ্ঠা হলেও লিখি।রাশেদ: আর পড়া?সেলিনা হোসেন: সারাক্ষণ। নানা কাজ করেও সময়টা বের করতে হয়। গাড়িও পড়ার একটা বড় জায়গা। সকালে বেরোলে পত্রিকা গাড়িতেই পড়ি। রাশেদ: পরের পরিকল্পনা কী?সেলিনা হোসেন: এক দম্পতি—রুবাইয়াৎ ও এলিজাবেথ—আমাকে গভীর সমুদ্রে নিয়ে গিয়েছিল ডলফিন দেখাতে। আমি ওদের সঙ্গে দুই রাত ছিলাম। আমার জীবনের একটা অপূর্ব অভিজ্ঞতা। গভীর সমুদ্র এবং ডলফিনের মাথা উঁচু করা, ঝাঁক বেঁধে চলে যাওয়া, সারাক্ষণ ওই ট্রলারটার ওপর বসে থেকে ওইগুলো দেখেছি। খুব চমৎকার জায়গায় ছিলাম। একটা উপন্যাস লিখব। পটভূমিতে থাকবে সুন্দরবনের পাশের একটা গ্রাম। শ্যামনগরকে আমি ধরেছি আপাতত, সাতক্ষীরায়। সেখানে নারীদের অনেক সংগ্রাম। এই জীবনের সঙ্গে আমি ডলফিনকে যুক্ত করব। পুরো পরিকল্পনাটা এখনো ঠিক করিনি।রাশেদ: আপনাকে অনেক ধন্যবাদ। সেলিনা হোসেন: তোমাকেও ধন্যবাদ।