একজন প্রবীণ বন্ধুর প্রয়াণে
কীভাবে আমি অধ্যাপক খান সারওয়ার মুরশিদের পরিচয় দেব। আমাকে কিছুক্ষণ ভাবতে হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তাঁকে পেয়েছি শিক্ষক হিসেবে। সেদিক দিয়ে আমি তাঁর ছাত্র। কিন্তু শেষ পর্যন্ত আমাদের দুজনের সম্পর্ক ঠিক ছাত্র-শিক্ষকের সম্পর্ক থাকেনি। সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হয়েছিল। বয়সে আমি তাঁর থেকে চার-পাঁচ বছরের কনিষ্ঠ। পরিণত বয়সে বয়সের এই পার্থক্য ক্রমেই মুছে যেতে থাকে, পুরোপুরি মুছে যায় না। যিনি একসময় শিক্ষক ছিলেন, যাঁকে একসময় ‘স্যার’ সম্বোধনে ডেকেছি, তিনি বন্ধুত্বের মধ্যেও তাঁর সেই বিশিষ্টতা নিয়েই টিকে থাকেন। সলিমুল্লাহ হলে কেবলই আবাসিক হয়ে ঢুকেছি। মুরশিদ সাহেব তখনো তাঁর হলের আসন ছেড়ে যাননি। ঘটনাক্রমে আমার এক বন্ধু আমারই সঙ্গে কলকাতা থেকে ঢাকায় চলে এসেছে। দেশ বিভাগের কারণে—তাঁকে পেয়েছি একই কক্ষের বাসিন্দা হিসেবে। বন্ধু আমাকে জানাল, তার এই রুমমেট রুমে বেশি থাকেন না, তবে তাঁর খাটের নিচে তাঁর বেশ কয়েক জোড়া জুতা নজরে পড়ার মতো। বেশ কৌতূহল হলো। বিশেষত এই কারণে যে তাঁকে না দেখেও তাঁর পরিচয় আমি পেয়ে গিয়েছিলাম কলকাতায় থাকতেই। কলকাতায় আমাদের প্রেসিডেন্সি কলেজের মুসলমান ছাত্রদের হোস্টেল ছিল মির্জাপুর স্ট্রিটে, এক ভাড়াবাড়িতে। আমার সাবেক হোস্টেল, টেইলর হোস্টেল পরিত্যক্ত হয়েছিল ছেচল্লিশের কলকাতার সেই ভয়াবহ রায়টের পর। শেষ পর্যন্ত আমি থিতু হয়েছিলাম এই হোস্টেলে। সেখানে কীভাবে জানি না এসেছিলেন মুরশিদ সাহেবের বাবা। প্রাদেশিক আইনসভার সদস্য—এমএলএ। তিনি আলাপ জমিয়ে দিলেন কয়েকজন ছাত্রের সঙ্গে। আমিও কৌতূহলবশত হাজির হলাম সেখানে। এমএলএ সাহেব নানা কথার মধ্যে এটাও বললেন যে সম্প্রতি তাঁর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাস করেছে। আমি যেন তাঁর এই কথার মধ্যে এক বাবার গর্ব ও গৌরবের সুর শুনতে পেলাম। ঢাকায় এসে তাই বন্ধুর রুমমেটের মাধ্যমে জেনে মনে হলো, তিনি একেবারে অপরিচিত নন আমার। তবে যথার্থ পরিচয় হতে বেশি দিন যায়নি। সেটা হলো নীলক্ষেত রোডে আমাদের অধ্যাপক বিভাগীয় প্রধান মিস স্টকের রাসায়। মিস স্টক থাকতেন যে বাসায়, সেখানে প্রতিদিন বিকেলে কিছু ছাত্রের সমাগম হতো। এর মধ্যে ছিলেন খান সারওয়ার মুরশিদ। তিনি নিয়মিত আসতেন মিস স্টকের বাসায়। পরে শুনেছি আসার পেছনে একটাই কারণ ছিল, গবেষণা নিয়ে আলাপ। সেই আলাপের প্রত্যক্ষ ফল, কিছুদিনের মধ্যে মুরশিদ সাহেব ইংরেজি বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন। মিস স্টক বুঝতে ভুল করেননি, তাঁর এই নবীন বন্ধুটি শিক্ষকতায় যোগ্যতার প্রমাণ দেবেন। ওই সময়ে ইংরেজি বিভাগে শুধু নয়, পুরো বিশ্ববিদ্যালয়েই শিক্ষকসংকট চলছিল। দেশ বিভাগের পর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকমণ্ডলীতে ভাঙন ধরেছিল। অনেকেই দেশত্যাগ করছিলেন। মিস স্টকের বড় দায়িত্ব হয়ে দাঁড়াল শূন্যস্থানগুলো পূরণ করা। খুঁজে পেতে, বিভিন্ন জায়গা থেকে শিক্ষক জোগাড় করা। এই প্রক্রিয়ায়, তাঁর কার্যকালের চার বছরে ইংরেজি বিভাগে যোগ দিলেন সৈয়দ সাজ্জাদ হোসায়েন, জ্যোতির্ময় গুহঠাকুরতা, সৈয়দ আলী আশরাফ, অমিয় চক্রবর্তী এবং খান সারওয়ার মুরশিদ। অল্প কিছুদিনের জন্য এসেছিলেন মুনীর চৌধুরীও।টিকাটুলির অভয় দাস লেনে খান সারওয়ার মুরশিদের বাসায় আমরা কয়েকজন মাঝেমধ্যেই যেতাম। উনি খুব খুশি হতেন এবং নানা প্রসঙ্গে আলাপের সূত্রপাত করতেন। এ থেকে আমি বলতে চাই, তাঁর চরিত্রে এমন কিছু ছিল, যার জন্য আমরা, তাঁর ছাত্ররা, তাঁর সঙ্গ কামনা করতাম। একই গুণ দেখেছি আরও দুজনের মধ্যে। এক. মুনীর চৌধুরী, আমাদের মুনীর ভাই ও দুই. জ্যোতির্ময় গুহঠাকুরতার মধ্যে। বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে যে আগ্রহ, সেই আগ্রহের অংশীদার করতে তাঁরা ছাত্রদের আকর্ষণ করতেন এবং ছাত্ররাও তাতে সাড়া দিত। মুরশিদ সাহেবের একটি আগ্রহ ছিল পত্রিকা সম্পাদনার। নিউ ভ্যালুজ তাঁর সেই আগ্রহের ফল। পত্রিকাটি ১৫ বছর চালু রেখেছিলেন তিনি, একক প্রচেষ্টায়। তবে আমি এর সঙ্গে যুক্ত হতে পারিনি। পরবর্তীকালে তিনি দুটি সংকলনের সম্পাদনা করেন। এই বাংলার সাহিত্য বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ মূল দায়িত্ব পালন করেছিল ১৯৫৮ সালে এক গুচ্ছ সেমিনার অনুষ্ঠানে। এতে সহায়তা করেছিল রকফেলার ফাউন্ডেশন। ওই সময়ের মধ্যে পূর্ব বাংলার সাহিত্যে যতটুকু অর্জন, তার মূল্যায়নের প্রচেষ্টা হয়েছিল বিভিন্ন প্রবন্ধে ও আলোচনায়। এর প্রায় ৩০ বছর পর, ১৯৮৭ সালের সেমিনারে নেতৃত্ব দিয়েছিলেন খান সারওয়ার মুরশিদ। দুটি সেমিনারে পঠিত প্রবন্ধ ও আলোচনা নিয়ে দুটি সংকলন—কনটেমপোরারি বাঙালি রাইটার্স শিরোনামে প্রকাশিত হয় ১৯৯৬ সালে। সম্পাদনার দায়িত্ব পালন করেন খান সারওয়ার মুরশিদ। উভয় ক্ষেত্রেই প্রবন্ধগুলো ছিল সমালোচনামূলক এবং উভয় ক্ষেত্রেই পূর্ব বাংলার সাহিত্যের গতিপ্রকৃতি, অর্জন ও দুর্বলতা সমালোচকের নির্মোহ দৃষ্টিতে দেখার প্রয়াস ছিল। প্রসঙ্গত উল্লেখ করি, আটান্ন সালের সেমিনারে পঠিত প্রবন্ধগুলোর প্রথম প্রকাশনা হয়েছিল ড. মুরশিদের নিউ ভ্যালুজ পাবলিকেশনস থেকে। একাত্তরের মুক্তিযুদ্ধে ড. মুরশিদ প্রবাসী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেন এবং সরকারের গঠিত প্ল্যানিং কমিশনের সদস্য হিসেবে কাজ করেন। যুদ্ধ শেষে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে আসেন। তার আগে তিন সপ্তাহকাল আমি ওই দায়িত্বে ছিলাম। উপাচার্যের দায়িত্ব পালনে তিনি বিশেষভাবে আমার সহযোগিতা চান ও পান। স্বাধীনতা-পরবর্তী সময়টা ছিল নানা দিক দিয়ে সমস্যাসংকুল। ছাত্র অসন্তোষের মোকাবিলা করতে হয়েছে উপাচার্যকে। মাঝেমধ্যে ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও হয়ে থাকতে হয়েছে। সকৌতুক সহিষ্ণুতার সঙ্গেই তিনি এসব পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এবং ছাত্রসমাজের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন। অতি অল্প সময়ের মধ্যে তিনি একটি ছাত্রাবাস তৈরি করেন, যার নামকরণ হয় শহীদ অধ্যাপক হাবিবুর রহমানের নামে। শিল্পী মুর্তজা বশীরকে দিয়ে তিনি একটি ম্যুরাল আঁকান ও এ কাজে শিল্পীকে ক্যাম্পাসে বসবাসের ব্যবস্থা করেন। ফরাসি মনীষী হাঁবেদ মানরোকে রাজশাহীতে এনে তাঁকে সম্মানসূচক ডক্টরেট দান করেন। মুক্তিযুদ্ধকালে যাঁরা মুজিবনগর গিয়েছিলেন, দেশে ফেরার পর তাঁদের কেউ কেউ দেশে থেকে যাওয়া শিক্ষকদের প্রতি ঘৃণা প্রকাশে তৎপর ছিলেন। ড. মুরশিদ দৃঢ়তার সঙ্গে তাঁদের উগ্রতার জবাব দেন। বিশ্ববিদ্যালয়ে তাঁর আরও একটি অবদান ‘ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ’ প্রতিষ্ঠা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় জগতে এটি একটি অনন্য প্রতিষ্ঠান।গণতন্ত্র, উদারনৈতিক সমাজ গঠন, অসাম্প্রদায়িকতা ছিল ড. মুরশিদের মূল্যবোধের অবিচ্ছিন্ন অঙ্গ। এই মূল্যবোধের প্রতি আমরণ তিনি ছিলেন দায়বদ্ধ। সমাজের সব সংকটে, গণতন্ত্রের ওপর সব আক্রমণে তিনি ছিলেন প্রতিবাদের প্রথম সারিতে। সংস্কৃতির ক্ষেত্রে তিনি কোনো সীমানা স্বীকার করেননি। এর প্রমাণ তিনি রেখেছিলেন রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী পালনে গঠিত জাতীয় কমিটির সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব পালনে। সরাসরি কোনো রাজনীতির চর্চা তিনি করেননি। যদিও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বঙ্গবন্ধুর সঙ্গে এবং যদিও তাঁর সহধর্মিণী নূরুজাহান মুরশিদ বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিত্ব করেছেন। প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরত্ব রক্ষা করেও তিনি দেশে ও সমাজের প্রতি উচ্চতম দায়িত্ব পালন করেছেন দেশের সুশীল সমাজের একজন সুযোগ্য নেতা পরিচয়ে। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি নেই, কিন্তু দেশ তাঁকে স্মরণ করবে গভীর শ্রদ্ধায় ও কৃতজ্ঞতায়।