আগামীকাল সরদার ফজলুল করিমের ৮৬তম জন্মদিন। বরেণ্য এই মনীষীর জন্মদিন উপলক্ষে লিখেছেন সালাহ্উদ্দীন আহ্মদসরদার ফজলুল করিম এমন একজন অসাধারণ ব্যক্তি, যাঁকে প্রথম দর্শনেই অতি আপনজন বলে মনে হয়। যত দূর মনে পড়ে, তাঁকে আমি প্রথম দেখি ১৯৭২ সালের কোনো এক সময়, রাজশাহী থেকে চলে আসার পর। তখন তিনি বোধহয় বাংলা একাডেমীতে কর্মরত। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। সরদার সাহেবের সঙ্গে প্রথম দেখা হওয়ার বহু আগে থেকে কিন্তু আমি তাঁর কথা শুনে এসেছি এবং তাঁর জীবনকাহিনি শুনে কোনো এক উপন্যাসের রোমান্টিক আদর্শবাদী বিপ্লবী নায়কের চরিত্রের সঙ্গে তাঁর মিল খুঁজে পেয়েছি। আকারে ও অবয়বে ছোটখাটো এই মানুষটি যে আসলে কত বড় মাপের মানুষ, প্রথম দর্শনেই সেটা অনুভব করতে দেরি হয় না। অসাধারণ পাণ্ডিত্যের সঙ্গে অসামান্য বিনম্রতা এবং সেই সঙ্গে অপূর্ব রসবোধ—এসব গুণের আশ্চর্য সমাবেশ দেখা যায় আমাদের প্রিয় সরদার ভাইয়ের মধ্যে। বাংলাদেশের শতকরা আশি ভাগ মানুষ গ্রামে বাস করে। তাদের অধিকাংশই কৃষিজীবী; দারিদ্র্যসীমার অনেক নিচে তাদের অবস্থান। তাদের শ্রম দ্বারা উত্পাদিত খাদ্য খেয়ে তো আমরা শহরবাসী মানুষ বেঁচে আছি। চরম দারিদ্র্য, অশিক্ষা, কুশিক্ষা, অন্ধবিশ্বাস, কুসংস্কার তাদের জীবনকে করে রেখেছে দুর্বিষহ। তাদের ঘরবাড়ি, জীবনযাত্রা পৃথিবীর উন্নত দেশগুলোর তুলনায় আদিম যুগের পর্যায়ে আছে বলে মনে হবে। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে সর্বস্বান্ত হয়ে তারা গ্রাম ছেড়ে ছুটে আসে শহরে খাদ্য, আশ্রয় বা কাজের খোঁজে। কিন্তু তাদের ভাগ্যে কোনোটাই জোটে না; তখন বাধ্য হয়ে তারা ভবঘুরে ভিক্ষুকে পরিণত হয়। তাদের বাসস্থান জোটে শহরের আশপাশে নিম্নাঞ্চলে গজিয়ে ওঠা নোংরা অস্বাস্থ্যকর বস্তিগুলোয়, যেগুলোর মালিক অধিকাংশই সমাজবিরোধী ভূমিদস্যুশ্রেণীর লোক। যে দেশের অধিকাংশ মানুষ চরম দারিদ্র্য ও অসহায় বিপন্ন অবস্থায় বাস করে, সে দেশকে কখনোই সভ্য বা উন্নত দেশ বলে গণ্য করা যায় না।এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে বৈপ্লবিক পরিবর্তনের প্রয়োজন। কিন্তু কোনো বিপ্লব আপনাআপনি হয় না। বিপ্লবের সূচনা হয় মানুষের চিন্তা-চেতনায়। আঠারো শতকের ফরাসি বিপ্লব শুরু হওয়ার আগে ফরাসি জনগণের চিন্তাক্ষেত্রে একটা বিপ্লবের সূচনা হয়েছিল। তাই দার্শনিক রুশো ছাড়া বিপ্লবী রোবসপিয়ারকে কল্পনা করা যায় না। তেমনি উনিশ শতকের দার্শনিক কার্ল মার্ক্সকে বাদ দিয়ে বিশ শতকের বিপ্লবের মহানায়ক লেনিনকে কি কল্পনা করা যায়, কিংবা চীন বিপ্লবের নায়ক মাও সেতুংকে?এখানে একটা কথা পরিষ্কার করে বলা প্রয়োজন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে সমাজের সবচেয়ে দরিদ্র ব্যক্তি নিপীড়িত সর্বহারা শ্রেণীবিপ্লবের সূচনা করেনি। দরিদ্র ও নিপীড়িত হলেই সে মানুষ বিপ্লবী হয়—এ ধারণা ঠিক নয়। বিপ্লব তারাই করে এবং করেছে, যারা একেবারে নিঃস্ব বা সর্বহারা নয়, যারা বেশ শিক্ষিত ও সমাজসচেতন, সমাজের প্রতি যাদের দায়বদ্ধতা আছে, মনুষ্যত্ববোধ আছে, যারা সমাজের সব রকম শোষণ, নিপীড়ন, অত্যাচার সম্পর্কে কেবল সচেতন নয়, একে প্রতিহত বা নির্মূল করতে এর বিরুদ্ধে সংগ্রাম করতেও এরা বদ্ধপরিকর। এই শ্রেণী হলো শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। আঠারো শতকের ফরাসি বিপ্লব থেকে শুরু করে বিশ শতকের রুশ ও চীন বিপ্লবের নেতৃত্ব এসেছে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ থেকে। মনে রাখা প্রয়োজন, যেকোনো শ্রেণীবিপ্লবের নেতৃত্ব দেয় তখনই, যখন এই শ্রেণী নিজের শ্রেণীস্বার্থকে বৃহত্তর জনগণের স্বার্থের সঙ্গে মিশিয়ে দিতে সক্ষম হয়; জনগণের সঙ্গে একাত্ম হয়ে যায়। আঠারো শতকের আমেরিকার বিপ্লবের নেতা টমাস জেফারসন ও টম পেইন কিংবা ফরাসি বিপ্লবের নায়ক রোবসপিয়ার বা দান্তন কিংবা উনিশ শতকের কার্ল মার্ক্স ও এঙ্গেলস এবং বিশ শতকের লেনিন, মাও সেতুং, হো চি মিন ও ফিদেল কাস্ত্রো; এমনকি আমাদের দক্ষিণ-এশিয়া উপমহাদেশের গণতান্ত্রিক ও স্বাধীনতাসংগ্রামের নেতারা, যেমন—মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, মোহাম্মদ আলী জিন্নাহ, এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আমাদের স্বাধীনতাসংগ্রামের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এঁরা সবাই ছিলেন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর সন্তান। কিন্তু তাঁরা তাঁদের সংকীর্ণ শ্রেণীর গণ্ডি অতিক্রম করে বৃহত্তর জনগণের স্বার্থের সঙ্গে নিজেদের স্বার্থকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছিলেন বলেই জনপ্রিয় নেতা হতে পেরেছিলেন। আমাদের সরদার ফজলুল করিমও কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নন। তিনিও এই সমাজ-সচেতন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী থেকে আগত বিপ্লবী দার্শনিক। দেশের অগণিত দরিদ্র, নিপীড়িত জনগণের প্রতি তাঁর অসাধারণ মমত্ববোধ তাঁকে তাদের সঙ্গে একাত্মতার বন্ধনে আবদ্ধ করেছে। তাই তিনি অকপটে ঘোষণা করতে দ্বিধা করেন না যে তিনি কৃষকের সন্তান। তরুণ বয়সেই সরদার ফজলুল করিমের এই মানবতাবাদী বিপ্লবী চেতনা তাঁকে মার্ক্সবাদীয় সমাজতন্ত্র বা সাম্যবাদের দিকে আকৃষ্ট করেছিল। ছাত্র হিসেবে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন এবং দর্শন বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। উচ্চতর শিক্ষার জন্য বিলেতে যাওয়ার বৃত্তিও পেয়েছিলেন তিনি। শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এর মধ্যে তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে গেছেন। পার্টির ডাকে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের চাকরিতে ইস্তফা দেন এবং বিলেতে যাওয়ার স্পৃহাকে বিসর্জন দিয়ে তিনি জনগণের মুক্তির জন্য সার্বিক বৈপ্লবিক কর্মকাণ্ডে সার্বক্ষণিকভাবে নিজেকে নিয়োজিত করলেন। কোনো মহত্ আদর্শকে অনুসরণ করতে গিয়ে আমাদের সমাজে অন্য কোনো ব্যক্তি এ রকম আত্মত্যাগ করেছেন—এমন ঘটনা বিরল। সে সময়টা পাকিস্তানের জন্মলগ্ন। ঘোর প্রতিক্রিয়াশীল পাকিস্তানি সরকার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তদানীন্তন মুসলিম লীগ সরকার কেবল কমিউনিস্টদের নয়, গণতান্ত্রিক আন্দোলনের নেতা ও কর্মীদের রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে তাঁদের ওপর চরম নির্যাতন চালিয়েছিল। সেই পরিস্থিতিতে আমাদের সরদারকেও আত্মগোপনে যেতে হয়। সে সময়কালের বিচিত্র অভিজ্ঞতার কথা তিনি অনবদ্য ভাষায় বর্ণনা করেছেন তাঁর একাধিক রচনায়। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে তিনি কারারুদ্ধ হন। ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগ সরকারের পতনের পর সরদার সাহেব জেল থেকে ছাড়া পান। জেলে থাকাকালে সরদার সাহেব পাকিস্তান সংবিধান সভার সদস্য নির্বাচিত হন। এরপর সরদার সাহেব বাংলা একাডেমীর সংস্কৃতি বিভাগের অধ্যক্ষের পদে কাজ করেছেন বেশ কয়েক বছর (১৯৬৩—১৯৭১)। স্বাধীনতার পর ১৯৭২ সালে সরদার ফজলুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। এই পদে তিনি ১৯৮৫ সাল পর্যন্ত কাজ করার পর অবসর গ্রহণ করেন।একজন গবেষক ও সৃজনশীল লেখক হিসেবে সরদার ফজলুল করিম অসামান্য অবদান রেখেছেন। সরদার সাহেবের ভাষা ও রচনাশৈলী এত সহজ, সুন্দর ও আকর্ষণীয় যে কেবল সুধীমহলে নয়, সাধারণ পাঠকের কাছেও অসাধারণ প্রশংসা লাভ করতে সক্ষম হয়েছে। একজন লেখকের জন্য এটা বিরাট সাফল্য। সরদারের মুখে শুনেছি একটা ঘটনার কথা, যেটা তিনি তাঁর জীবনে একটি স্মরণীয় ও বিরল প্রাপ্তি বলে মনে করেন। একদিন তিনি ব্যাংকে গেছেন বাড়ির বিদ্যুত্ বিল পরিশোধ করতে। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর হঠাত্ কাউন্টার থেকে চিত্কার শুনতে পেলেন, ‘সরদার ফজলুল করিম কে?’ সরদার সাহেব চিত্কার শুনে কিছুটা ঘাবড়ে গেলেন। কাউন্টারের সামনে গিয়ে বললেন, ‘আমি সরদার ফজলুল করিম।’ কাউন্টারে বসা কর্মচারী তখন মুগ্ধ দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে বলল, ‘ওহ্, আপনি সরদার ফজলুল করিম! বড় সুন্দর লিখেছেন প্লেটোর সংলাপ বইটা।’ উল্লেখ্য, এর কিছুদিন আগে বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয়েছিল তাঁর অনূদিত প্লেটোর সংলাপ টীকাসহ বইটি। সরদার ফজলুল করিমের আত্মজীবনী বই হিসেবে প্রকাশিত হয়নি, কিন্তু তাঁর আত্মজৈবনিক রচনা খণ্ডিতভাবে বেশ কয়েকটি প্রকাশিত হয়েছে, যেমন চল্লিশ দশকের ঢাকা। তাঁর অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে রুমীর আম্মা, নূহের কিশতি ও অন্যান্য প্রবন্ধ, নানা কথা, নানা কথার পরের কথা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পূর্ববঙ্গীয় সমাজ। তাঁর লেখা অন্যান্য গ্রন্থের মধ্যে প্লেটোর রিপাবলিক, এরিস্টটলের পলিটিকস, এঙ্গেলসের এন্টিডুরিং, আমি রুশো বলছি বিশেষভাবে উল্লেখযোগ্য। সরদার ফজলুল করিমকে ১৯৭৬ সালে বাংলা একাডেমী পুরস্কার দেওয়া হয়। তিনি ২০০২ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। পরিশেষে, সরদার ফজলুল করিমের সঙ্গে একটি ব্যতিক্রমী ও সৃজনশীল কাজ করার চমত্কার অভিজ্ঞতার কথা বলে এই লেখা শেষ করছি। ১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের উদ্যোগে ‘কথ্য ইতিহাস প্রকল্প’ নামে একটি প্রকল্প পরিচালনার দায়িত্ব আমাকে দেওয়া হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল গত অর্ধশতক বা তার বেশি সময়কাল ধরে বাংলাদেশ ভূখণ্ডের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনের প্রত্যক্ষদর্শী যেসব প্রবীণ বিশিষ্ট ব্যক্তি জীবনসায়াহ্নে উপনীত হয়েছেন, তাঁদের জীবনের বর্ণাঢ্য অভিজ্ঞতা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে টেপরেকর্ডারে বাণীবদ্ধ করে এর অনুলিপি জাতীয় জাদুঘরের গ্রন্থাগারে বিশেষভাবে সংরক্ষণ করা—ভবিষ্যতে ইতিহাস রচনার কাজে ব্যবহারের জন্য। নিঃসন্দেহে সমকালীন ইতিহাস গবেষণার জন্য এটা মূল্যবান তথ্য হিসেবে গণ্য করা যায়। এই গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালনায় আমার সঙ্গে সহযোগিতা করেছিলেন জাতীয় জাদুঘরের তত্কালীন মহাপরিচালক ড. এনামুল হক, অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, অধ্যাপক মুনতাসীর মামুন। আমার পরম সৌভাগ্য, এই কাজে সরদার ফজলুল করিমকেও পেয়েছিলাম একজন বিশিষ্ট সহযোগী হিসেবে। সরদার ও আমি কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাত্কার নিয়েছিলাম; যেমন—সওগাত সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন, বেগম সুফিয়া কামাল, আরজ আলী মাতুব্বর, জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক প্রমুখ। এই সাক্ষাত্কারগুলো ছিল অসাধারণ এবং বলতে দ্বিধা নেই যে সরদার সাহেবের সঙ্গে প্রথিতযশা ব্যক্তিদের ঘনিষ্ঠ পরিচয় থাকায় এসব সাক্ষাত্কার নেওয়া সম্ভব হয়েছিল।