একজন বহুমাত্রিক ইতিহাসবিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তপন রায়চৌধুরী (১৯২৬-২০১৪), প্রতিকৃতি: মাসুক হেলাল
তপন রায়চৌধুরী (১৯২৬-২০১৪), প্রতিকৃতি: মাসুক হেলাল

তপন রায়চৌধুরী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট এন্টনি কলেজের ইতিহাস বিভাগে রিডার পদে যোগদান করেন ১৯৭৩ সালে। এ পদে থেকেই অধ্যাপনা করেন ১৯৯২ সাল পর্যন্ত। অক্সফোর্ড থেকে অবসর নিয়ে তিনি সেখানেই স্থায়ী নিবাস স্থাপন করেন। আমৃত্যু অক্সফোর্ডকে বেছে নেওয়ার উদ্দেশ্য ছিল আজীবন গবেষণা, লেখালেখিতে বিশ্বজোড়া পেশাগত বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ রাখা। সন্দেহ নেই, এর জন্য অক্সফোর্ডই ছিল সবচেয়ে সুবিধাজনক জায়গা। বিদ্যাচর্চার নগর অক্সফোর্ড থেকে তিনি তাঁর গবেষণাজগতের সমমনা পণ্ডিতদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন এবং গবেষণা চালিয়ে গিয়েছেন ইতিহাসের নানা বিষয় নিয়ে।
একজন গবেষক হিসেবে তিনি কখনো সেকেলে হয়ে ওঠেননি। অক্সফোর্ডকে কেন্দ্র করে তিনি দক্ষিণ এশিয়া-সংক্রান্ত গবেষণাজগতের সর্বত্র পরিভ্রমণ করেছেন এবং তাঁর পছন্দের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, সভা-সেমিনারে যোগদান করেছেন, বক্তৃতা করেছেন। ইতিমধ্যে বেশ কয়েকবার তিনি বাংলাদেশেও এসেছেন। বাংলাদেশ তাঁর জন্মস্থান। বাংলাদেশ ভ্রমণের অন্যতম উদ্দেশ্য ছিল এখানকার গবেষকদের সঙ্গে সাক্ষাৎ করা এবং সে সুবাদে তাঁর জন্মস্থান ও প্রাথমিক ও সেকেন্ডারি শিক্ষা গ্রহণের স্মৃতিময় কীর্তিপাশা হাইস্কুলটিকে ফিরে দেখা। বিশেষ করে তাঁর শৈশবকালের বরিশালকে তাঁর স্মৃতিপটে নতুন করে অঙ্কন করা। কীর্তিপাশা হাইস্কুল থেকে তিনি মেট্রিক পরীক্ষায় প্রথম বিভাগ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে মেধাতালিকায় প্রথম হয়েছিলেন। অনুরূপ মেধা তিনি উচ্চশিক্ষার বেলায়ও দেখিয়েছেন। তিনি দুটি পিএইচডি লাভ করেন। প্রথমটি কলকাতা ও দ্বিতীয়টি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। ইতিহাসের বিস্তীর্ণ এলাকা নিয়ে ছিল তপন রায়চৌধুরীর পণ্ডিতি বিচরণ। তাঁর বিপুল প্রকাশনার একটি প্রতীকী তালিকা: জন কোম্পানি ইন করোমন্ডল কোস্ট (১৯৬২), কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া (সহ-সম্পাদক ইরফান হাবিব (১৯৬২)), বেঙ্গল আন্ডার আকবর অ্যান্ড জাহাঙ্গীর (১৯৬৯), ইউরোপ রিকন্সিডার্ড: পারসেপশন্স অব দ্য ওয়েস্ট ইন নাইনটিন সেঞ্চুরি বেঙ্গল (১৯৮৮), পারসেপশন্স, ইমোশন্স, সেন্সিবিলিটিজ: এসেজ অন ইন্ডিয়াজ কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল এক্সপেরিয়েন্স (২০০৬)।
লেখালেখিতে তপন রায়চৌধুরী তাঁর জীবনে কোনো দিন গতানুগতিক ধারা অনুসরণ করেননি। যেমন তাঁর সময়ে মেধাবী ব্যক্তিরা একাডেমিক জীবনের চেয়ে আমলাতান্ত্রিক জীবনকেই প্রাধান্য দিতেন। ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা বেঙ্গল সিভিল বা পুলিশ সার্ভিসে যোগদান ছিল বাংলার অভিজাত পরিবারের সদস্যদের সাধারণ অভিলাষ। শ্রেণিগতভাবে শিক্ষকতা ছিল আশা-আকাঙ্ক্ষার তালিকার অনেক নিচে। তপন রায়চৌধুরী মেট্রিক পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম এবং পরবর্তী উচ্চতর পরীক্ষাগুলোয় অনুরূপ উজ্জ্বল ফলাফল করা সত্ত্বেও এবং সর্বোপরি পরিবারের ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি আমলাজীবন গ্রহণ করেননি। আইসিএস পরীক্ষা দেননি। পরিবারের সবাইকে হতাশ করে তিনি শিক্ষকজীবন গ্রহণ করলেন, আমলাজীবন নয়। উল্লেখ্য, সমকালীন যুগে সামাজিক শাসক পরিবারের পড়ুয়াদের আশা-আকাঙ্ক্ষা ছিল সাধারণত ইন্ডিয়ান বা বেঙ্গল সিভিল সার্ভিসে যোগদানের পক্ষে। শিক্ষকতার পক্ষে নয়।
গবেষণার পাশাপাশি জগৎ-যশস্বী ঐতিহাসিক তপন রায়চৌধুরী তাঁর জীবনকথা লিখেছেন তিনবার এবং তিনটি আলাদা গ্রন্থে: ১. রোমন্থন অথবা ভীমরতি প্রাপ্তর পরচরিতের চর্চা (১৯৯৩); ২. বাঙ্গালনামা (২০০৭) এবং ৩. দ্য ওয়ার্ল্ড ইন আওয়ার টাইম : এ মেমোয়ার (২০১২)। প্রতিথযশা ব্যক্তিদের মধ্যে অনেকেই আত্মজীবনী লেখার প্রয়াস পান, এবং তা করে থাকেন সাধারণত জীবনে একবারই, বিশেষ করে কর্মজীবন থেকে অবসর গ্রহণের পর। কিন্তু জীবনী লেখার প্রথাগত ধারাকে তোয়াক্কা না করে অধ্যাপক তপন রায়চৌধুরী তাঁর জীবনকথা লিখেছেন তিন সময়ে, তিনবার এবং তিনটি স্বতন্ত্র ধারায়। সাধারণত একজন সার্থক মানুষ এক জীবনে একবারই আত্মজীবনী লিখে থাকেন, যদি নিজের জীবনী নিজে লিখে থাকেন আদৌ। তপন রায়চৌধুরী তাঁর জীবন বিষয়ে একাধিক গ্রন্থ লেখার হেতু কী, এ বিষয়ে আমাদের এক বন্ধু জানতে চাইলে তাঁর তাৎক্ষণিক উত্তর ছিল, ‘একজন একই বিষয়ে একাধিক গ্রন্থ লিখতে পারলে একই জীবনের ঘটনা তিন পর্বে তিনবার লিখতে আপত্তি কোথায়? চর্বিতচর্বণের ঝামেলা-ঝক্কি না থাকলেই হলো।’ তাঁর প্রণীত তিনটি জীবনকথা তিন রকম এবং একে অপর থেকে ভিন্ন প্রেক্ষাপট এবং ভিন্ন অভিজ্ঞতাপ্রসূত। সময়ের দিক থেকেও ভিন্ন। তিনটি জীবনকথাই তুমুল জনপ্রিয়তায় আসীন। সর্বশেষ জীবনীগ্রন্থটি প্রকাশের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এর ধকল সামলানো তপন বাবুর পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি। প্রায় দুই বছর অসুস্থতার সঙ্গে লড়াই করে তিনি ২০১৪ সালে ২৬ নভেম্বর অক্সফোর্ডে নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করেন।
লেখালেখির জগতে তপন রায়চৌধুরী একজন বহুমাত্রিক প্রতিভা এবং একজন ক্ষমতাধর হাস্যরসিক ব্যক্তি। তাঁর রসাত্মক আলাপচারিতা কখনো ভোলার নয়। উল্লেখ্য, ঐতিহাসিক চরিত্র নিয়েও তাঁর রসাত্মক উক্তি অনেক এবং খুবই উপভোগ্য। অক্সফোর্ডের ছাত্র ও বন্ধুমহলে ছিল তাঁর অসাধারণ জনপ্রিয়তা। এর প্রধান কারণ তাঁর অনন্য একাডেমিক রসবোধ। কেমব্রিজ ঐতিহাসিক ডেভিড ওয়াশব্রোকের ভাষায়, ‘তপন রায়চৌধুরী ছিলেন মোগল অর্থনৈতিক ইতিহাস, ঔপনিবেশিক ভারত ও বেঙ্গল বিষয়ে অবিসংবাদিতভাবে একজন বড় মাপের ইতিহাসবেত্তা। তাঁর লিখিত প্রতিটি গবেষণাগ্রন্থ ও প্রবন্ধ মৌলিকতা ও রসবোধের দাবিদার। বিশেষ করে তাঁর ইউরোপ রিকন্সিডার্ড গ্রন্থটি রাজনৈতিক ইতিহাসে অনন্য মৌলিকতার অধিকারী। ইতিহাস প্রণয়নে এটি স্থাপন করেছে এক নতুন ধারা, এক নতুন দিগন্ত।’
তপন রায়চৌধুরী তাঁর বহুমাত্রিক গবেষণা ও লেখালেখির জন্য একাডেমিক বিশ্ব থেকে পেয়েছেন গৌরবোজ্জ্বল স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক সম্মাননা, যদিও তাঁর নিজ বিশ্ববিদ্যালয় তাঁকে কখনো অধ্যাপক পদে উন্নীত করেনি। রিডার হিসেবেই তিনি অবসর গ্রহণ করেছেন। এ নিয়ে তাঁর ভক্তদের যত খেদ ছিল, তাঁর নিজের তেমন ছিল না। কারণ, তাঁর গবেষণা কর্মকাণ্ড অক্সফোর্ডের চিরাচরিত ছকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তিনি একাডেমিকসের বাইরে গিয়ে বাইরের জগতের পাঠকের জন্যও লিখেছেন বিস্তর। এসব লেখালেখি তপন বাবুর জন্য খ্যাতি এনেছে বিস্তর, কিন্তু এ খ্যাতি অক্সফোর্ড সমাজের জন্য ছিল অনাকাঙ্ক্ষিত। তিনি চলেছেন তাঁর নিজের মতো করে। তিনি অক্সফোর্ডের সনাতন কৌলীন্য নিয়ে উপভোগ্য ঠাট্টা-মশকরা করতেন। স্বীকৃতির ব্যাপারে অক্সফোর্ড তাঁর প্রতি উদাসীন থাকলেও বাইরের জগৎ তাঁকে যথাবিহিত স্বীকৃতি দিয়ে সম্মানিত করেছে। তিনি তাঁর পেশাগত জগৎ থেকে অসংখ্য সম্মাননা পেয়েছেন। এসবের কয়েকটি হলো:
অ্যামেরিকান হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশন গোল্ড মেডেল, ১৯৯০; ডক্টর অব লেটার্স, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ১৯৯৩; ডক্টর অব লেটার্স, ইউনিভার্সিটি অব ক্যালকাটা, ২০০৫; পদ্মভূষণ (ভারত), ২০০৭; ন্যাশনাল রিসার্চ প্রফেসর (ভারত), ২০১০।
লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক উইলিয়াম রাদিচের নয় খণ্ডে রচিত বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি উদ্বুদ্ধ হয়েছেন তপন রায়চৌধুরী কর্তৃক। তপন বাবু তাঁর দীর্ঘ জীবনে সারা বিশ্বে ভ্রমণ করেছেন, সর্বত্র প্রচার ও প্রসারিত করেছেন ভারতবিদ্যা। বিশ্ববিদ্যার সঙ্গে ভারতবিদ্যার সংশ্লেষণে তপন রায়চৌধুরীর অবদান অতুলনীয় বটে।