একজন হাওয়ার্ড জিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনাদের হয়তো মনে আছে, গুডউইল হান্টিং চলচ্চিত্রে ম্যাট ডেমন একটি ইতিহাস বইয়ের নাম উল্লেখ করেছিলেন। বইটি হাওয়ার্ড জিনের এ পিপলস হিস্টরি অব দি ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। ‘যদি সত্যিকার ইতিহাসের বই পড়তে চাও তো এ বইটি পড়ে দেখো। একদম মাথা ঘুরে যাবে’—ম্যাট সেখানে বলেছিলেন।সেই হাওয়ার্ড জিন, যাঁর নাম এডওয়ার্ড সায়ীদ ও নোয়াম চমস্কির নামের পাশাপাশি একনিঃশ্বাসে উচ্চারিত হয়, ২৭ জানুয়ারি ৮৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর ফলে আমেরিকার ‘ভিন্নমতাবলম্বী’ শিবিরে একটি মহীরুহের পতন হলো। নিজেকে বামপন্থী বলতে, এমনকি সমাজতন্ত্রী বা ‘র্যাডিকাল’ বলতেও দ্বিধা করতেন না জিন। আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা, এর আগ্রাসী বৈদেশিক নীতি, বর্ণবাদ ও অর্থনৈতিক অসাম্য—কোনো কিছুই তাঁর তীব্র আক্রমণ থেকে রেহাই পায়নি। তাঁর লেখা পড়ে কখনো কখনো এমন ভ্রম হতো, তিনি বোধকরি নিজেকে আমেরিকান বলতে লজ্জিত। অথচ এই লোকটি আজন্ম এ কথা বিশ্বাস করে গেছেন যে এ দেশের মানুষ তাদের দৈনন্দিন সংগ্রামের ভেতর দিয়ে প্রকৃত গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে। একসময় মানুষের এই অগ্রযাত্রা বিজয়ে অভিষিক্ত হবে। নিজের দেশকে ভালো না বাসলে এমন কথা তাঁর পক্ষে বিশ্বাস করে বলা সম্ভব হতো না।জিন অনেক বই লিখেছেন, বিস্তর নিবন্ধ-প্রবন্ধ লিখেছেন, গল্প-উপন্যাসও আছে। কিন্তু অধিকাংশের কাছেই তাঁর পরিচয় এ পিপলস হিস্টরি অব দি ইউনাইটেড স্টেটস অব আমেরিকার লেখক হিসেবে। এ বই তাঁকে যেমন খ্যাতি দিয়েছে, তেমনি সমালোচনার ভাগীদারও করেছে। ঠিক প্রথাগত ইতিহাসের বই নয় এটি। সব দেশে সব সময়ে ইতিহাস মানে দেশনায়ক, সমরনায়ক ও বড় বড় বুদ্ধিজীবীকে নিয়ে কথা চালাচালি। অথচ এ কথা কে না জানে, ইতিহাসের আসল শক্তি সাধারণ মানুষ, যাদের ঘাড়ে বন্দুক ঝুলিয়ে দেশনায়ক বা সমরনায়কেরা বিজয় অভিযানে অবতীর্ণ হন, আর সে অভিযান শেষ হতে না-হতেই সাধারণ মানুষের কাছে তাঁদের দেওয়া তাবত্ প্রতিশ্রুতি ভুলে বসেন। জিন লিখেছেন এক ভিন্ন ইতিহাস, যেখানে রয়েছে আমেরিকার কালো মানুষের সংগ্রামের গল্প, আগ্রাসী শ্বেতকায়দের হাতে আদিবাসী ইন্ডিয়ানদের প্রতারণার কাহিনি, শ্রমজীবী মানুষের ঘাম ও রক্ত ঝরার বিবরণ। আমেরিকার যেকোনো ইতিহাস বই খুলে দেখুন, তাতে ক্রিস্টোফার কলম্বাস ও ইউরোপ থেকে আসা শ্বেত অভিবাসীরা নায়কের সম্মানে অভিষিক্ত। জিনের কলমে কলম্বাস একজন গণহত্যাকারী। জিন নিজেই বলেছেন, তাঁর লেখা ইতিহাস হয়েছে, যারা সেই গণহত্যার শিকার, তাদের চোখ দিয়ে দেখে, তাদের অভিজ্ঞতার অশ্রুতে। যারা গণহত্যার বিরোধিতা করেছে, যারা মানবাধিকারের পক্ষে লড়াই করেছে, জিনের চোখে তারাই প্রকৃত নায়ক। তাদের ইতিহাসই লিখেছেন তিনি।এ পিপলস হিস্টরি... সম্ভবত আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় ইতিহাসগ্রন্থ। ২০ লাখেরও বেশি কপি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। ২০০৩ সালে এ বইয়ের এক মিলিয়ন কপি বিক্রি উপলক্ষে নিউইয়র্কে যে বিশাল নাগরিক সমাবেশ হয়, তার গল্প নিউইয়র্কের উদারনৈতিক মহলে এখনো শোনা যায়। এ বই নিয়ে অরুন্ধতী রায়ের মন্তব্য ছিল, ‘হাওয়ার্ড জিন না পড়ার মানে হলো নিজেকে ঠকানো।’আজন্ম ভিন্নমতাবলম্বী ছিলেন জিন। বামপন্থী রাজনীতির সঙ্গে তাঁর পরিচয় ছাত্রাবস্থায়, নিউইয়র্কে। ইহুদি ইমিগ্র্যান্ট মা-বাবার সঙ্গে অত্যন্ত দরিদ্র পরিবেশে তাঁর লালন। ছাত্রাবস্থায় তাঁর কর্মজীবনের শুরু, ইউনিয়ন সংগঠনের কাজেও হাতেখড়ি সে সময় থেকে। ১৯৪৩ সালে দ্বিতীয় মহাযুদ্ধে ফ্যাসিবাদকে রুখতে হবে—এ কথা বিশ্বাস করে বিমানবাহিনীতে যোগ দিয়েছিলেন। কিন্তু বোমাবর্ষণের যে অভিজ্ঞতা সে সময় তিনি অর্জন করেন, তা তাঁকে শান্তিবাদী করে তোলে। পরে ভিয়েতনামে মার্কিন যুদ্ধবিরোধী আন্দোলনের তিনি একজন অন্যতম মুখপাত্র হয়ে ওঠেন। কৃষ্ণকায়দের মানবিক অধিকার আন্দোলনেরও তিনি একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। নিউইয়র্কের রাস্তায় বিক্ষোভ প্রদর্শনকালে তাঁকে পুলিশের লাঠির বাড়ি খেতে হয়, জেলে যেতে হয়। তাঁর প্রথম চাকরি ছিল কৃষ্ণকায় ছাত্রীদের কলেজ স্পেলম্যানে। সেখানে ‘অবাধ্যতার’ কারণে তাঁর চাকরি খোয়া যায়। স্পেলম্যানে থাকতেই জিন ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে সদলবলে মিছিলে গেছেন, পুলিশি হামলার বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করেছেন, পুরসভা ঘেরাওয়ে অংশ নিয়েছেন। অভিভাবকদের কেউ কেউ এ নিয়ে অভিযোগ তুললে জিন বলেছিলেন, ক্লাসঘরে বসে ছাত্ররা যা শিখবে, তার চেয়ে ঢের বেশি শিখবে রাস্তায়, মিছিলে। স্পেলম্যানের পর তিনি বোস্টন ইউনিভার্সিটিতে যোগ দেন। এখানে দীর্ঘদিন ইতিহাসের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এখানেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রধান ‘পরিবেশ বিষিয়ে তোলা’র অভিযোগে তাঁকে বহিষ্কারের চেষ্টা করেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ১৯৮৮ সালে এই বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার দিন তিনি সময় ফুরানোর আগেই ক্লাস শেষ করে দেন। কারণ, সেদিন একটি প্রতিবাদ মিছিলে যোগ দেবেন বলে কথা দিয়েছিলেন। ক্লাসের ছেলেদেরও বলেছিলেন তাঁর সঙ্গে মিছিলে নামতে।জিন বলেছেন, নিরপেক্ষ ইতিহাস বলে কিছু নেই। তাঁর আত্মজৈবনিক গ্রন্থ ইউ কান্ট বি নিউট্রাল অন এ মুভিং ট্রেন-এ তিনি স্বীকার করেছেন, তাঁর গ্রন্থে তিনি আমেরিকার ইতিহাসের তাবত্ ঘটনা লিপিবদ্ধ করেননি; বরং খুব ধোলাই-বাছাই করেই সে কাহিনি লিখেছেন। সব ঐতিহাসিকই তাঁর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই ইতিহাসের তথ্য-উপাত্ত নির্বাচন করেন। তাঁর গ্রন্থও এই সীমাবদ্ধতার ঊর্ধ্বে নয়, কিন্তু এ কাজটি তিনি করেছেন সচেতনভাবে। যাদের কথা অন্য কোনো ইতিহাস বইয়ে নেই, তাদের কথা বলতেই তিনি ইতিহাস রচনা করেছেন। পিপলস হিস্টরি... প্রকাশের অনেক পর জিন দুঃখ করে লিখেছেন, তাঁর গ্রন্থের একটি বড় ত্রুটি এতে লাতিন আমেরিকা থেকে আসা মানুষ এবং সমকামীদের অধিকার আন্দোলনের কথা যথাযথ ও পর্যাপ্ত প্রতিফলিত হয়নি।বারাক ওবামার রাজনৈতিক উত্থানে জিন আশান্বিত হয়েছিলেন। বারাক ওবামার হাতে যে পরিবর্তন অর্জিত হবে না—এ কথাও তিনি ঠিক ধরতে পেরেছিলেন। মৃত্যুর আগে লেখা নেশন পত্রিকায় তাঁর শেষ লেখায় তা নিয়ে আক্ষেপ রয়েছে। আমেরিকায় বাম ও উদারনৈতিক রাজনীতির বিভক্তি ও দুর্বলতায় জিন উদ্বিগ্ন ছিলেন, কিন্তু সাধারণ মানুষের চূড়ান্ত বিজয়ে তাঁর আস্থা কখনোই চিড় খায়নি। ‘মানুষ কেন আশা হারায় তা আমি বুঝি, কিন্তু আমি নিজে কখনো আশা ত্যাগ করি না’—জিন একসময় বলেছিলেন। সেই আশার অঙ্গীকার থেকেই তাঁর পিপলস হিস্টরি... লেখা। ‘আশাবাদী হওয়ার জন্য বিস্তর প্রমাণপত্র হাজির করার দরকার নেই। পরিবর্তনের জন্য যা দরকার তা হলো পরিবর্তনের সম্ভাবনায় আস্থা রাখা।’যে পরিবর্তিত পৃথিবীর কথা হাওয়ার্ড জিন বলতেন, তা তিনি দেখে যেতে পারেননি। পরিবর্তনের সে সম্ভাবনাকে বাস্তবায়ন করার দায়িত্ব রয়ে গেল আমাদের জন্য।২২ ফেব্রুয়ারি ২০১০, নিউইয়র্ক