একটা কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

‘একটা কথা শুনবে?’
‘না।’
‘আমার কী একটা বলতে ইচ্ছে করছে।’
‘আমার শুনতে ইচ্ছে করছে না।’
‘তারপরও বলি...।’ কিন্তু বলেন না। খানিকটা নীরব হয়ে যান মিনতি।
‘তবে কি জানো, বিয়েবাড়ির এই ঝলমলে আলোর ঝলকানিতে সানাই শুনতে আমার ভালো লাগে না।’ আবু উৎসবের উজ্জ্বল আলো ছাড়িয়ে কিছু দূরের অন্ধকারের হালকা আস্তরণের দিকে চোখ মেলে রাখেন, যেখানে ধোঁয়াটে কুয়াশায় উড়ছে কয়েকটা পতঙ্গ। লাইটপোস্ট ঘিরে।
‘আমি কি তোমাকে সানাই শোনানোর কথা বলতে চাইছি? তা নয়।’
কথাটি শোনার পর আবু যেন সত্যি সত্যি অনুভব করলেন, সানাইয়ের সুখ—বেদনাকাতর জাজ্বল্যমান সুরের ক্লান্তি। বিরামহীন এক অবসাদ। তিনি তখন অনেকটা স্বগক্তোতির মতোই আউড়িয়ে যান।
‘জীবনটা আসলে রক অ্যান্ড রোলের মতো। তা সুরেলা উচ্চগ্রামের সংগীতের আদলে নয়। জীবনটা একটা কঠিন বেঢপ পাথর। আর তা গড়িয়ে চলে। গড়িয়ে নামে অনেকটা নিউটনের ধাঁধালো কৌতূহলের মতো। ওপরে ছুড়তে চাইলে নিচে ফিরে আসে।’
‘জীবনটা পাথর!’ বিস্ময় প্রকাশ করেন মিনতি। আবু মৃদু হাসেন, ‘হ্যাঁ, পাথরই তো। সিসিফাসের পাথর, যা গড়িয়ে নামে শুধু।’
ততক্ষণে তাঁদের সহপাঠী বন্ধু জান্নাত দৌড়ে এসে মিনতিকে জাপটে ধরেন। আদর-চুমু খান।
‘হারামজাদি এসেছিস তাহলে...আমি আরও ভাবছিলাম, বিলাতি মেমরা কি এসব কনভেনশনাল অনুষ্ঠানে আসবে...কত দিন দেখা নেই?’
মিনতি জান্নাতকে দেখান।
‘দেখ তো, বেচারাকে চিনিস কি না?’
‘ওমা, আবু মোহাম্মদকে চিনব না...কী বলিস!’ জান্নাত আবুর দিকে হাত বাড়িয়ে দেন।
‘নাইস টু সি ইউ। কত দিন পরে দেখা!’ আবু হাসেন।
‘তোমার কত নম্বর মেয়ের বিয়ে?’
‘তিন নম্বর।’
‘তোমার ফার্টিলিটির প্রশংসা করতে হয়।’
‘প্রশংসার কী আছে? মাটি পেলেই চারা জন্মায়। যত্রতত্র...’
‘যত্রতত্র বোধ করি নয়। আমার তো জন্মায়নি।’ আবুর কথাগুলো হেঁয়ালির মতো শোনায়।
‘তুমি তো আর মাটি নও। শুকনো কাঠ। মিনতির জন্মাবে। তাই না মিনতি? তুই তোর কয়টি ছেলেমেয়ের বিয়ে দিয়েছিস?’
‘একটাও নয়।’ প্রসঙ্গ পাল্টান মিনতি।
‘আবু কী বলেন জানিস?...সানাইয়ের সুর তাঁর ভালো লাগে না।’
‘তাহলে কী ভালো লাগে...রক অ্যান্ড রোল...?’ কৌতূহল প্রকাশ করেন জান্নাত।
‘তুই অনেকটা ঠিকই ধরেছিস। জীবনের সব কথা-কাহিনি নাকি একসময় রক হয়ে যায়। যেমন আমরা।’
‘এসব উদ্ভট কথা শোনা ও বোঝার সময় আমার নাই। তোরা বুঝলেই হলো। আমি চললাম। গেস্টরা আসতে শুরু করেছেন।’
আবার মিনতি-আবু অনেক লোকের মধ্যেও আলাদা হয়ে যান। অভ্যাগতরা আসছেন নানা সাজে-পোশাকে। নানা ঢঙে, নানা কায়দায়। তাঁরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ছেন বিশাল ঝলমলে প্যান্ডেলের সব দিকে। স্টেজ আলোকিত করে বসে আছে জান্নাতের মেয়ে অপরূপা। ছবির মতো, রূপকথার রাজকন্যা হয়ে। তাকে ঘিরেই ফটো-শিকারিদের কসরত-মহরত চলছে। ক্লিক-ক্লিক-ক্লিক...।
‘বউভাতে খাওয়াদাওয়াই প্রধান আনুষ্ঠানিকতা। এর প্রথম ব্যাচে বসতে না পারলে আবার পয়-পরিষ্কারের সমস্যা এসে পড়ে। স্পুন অ্যান্ড ফর্ক হয়ে পড়ে তেলচিটে।’ আবু ভালো টেবিলের খোঁজে পা বাড়ান।
মিনতি তাঁর বিরক্তি চেপে রাখেন।
‘আমি রাতে খাই না। ডায়েটিং করি।’ মিনতি জান্নাতকে খোঁজেন। জান্নাত তখন একান্ত আপন-ঘনিষ্ঠজন, বন্ধুবান্ধব নিয়ে মেতে উঠেছেন। তিনি সেদিকে এগিয়ে যেতে থাকলে পার্থর কথা মনে পড়ে তাঁর।

দুই.
বছর দশেক আগে মিনতি-আবু দুজনেই ফিজিকস ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলেন। ভালো ছাত্র হিসেবে তাঁরা শিক্ষকদের চোখে পড়েছিলেন। এমএসসি শেষ বর্ষে থিসিস করার সময় তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। রাত-বিরাতে ল্যাব-ওয়ার্ক করতে হতো। তখন আবুর দায়িত্ব ছিল মিনতিকে বাড়ি পৌঁছে দেওয়া। সেই সূত্রে তাঁদের ঘনিষ্ঠতা আরেক ধাপ এগিয়েছিল।
দুজনেরই রেজাল্ট ভালো হলো। সাধারণ নিয়মে মিনতি আবুকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেন। আবু নিজের পায়ে মজবুত হয়ে দাঁড়ানোর সময় নিতে চাইলেন। যদিও পারিবারিক শক্তি-সামর্থ্য যথেষ্ট ছিল তাঁর।
এদিকে ড. পার্থ বিশ্বাস নামের এক ইয়ং প্রফেসর ডিপার্টমেন্টে যোগ দিলেন। অল্প দিনে তিনি তাত্ত্বিক গবেষক হিসেবে কয়েকটা ইন্টারন্যাশনাল পেপার করে ফেললেন। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় তাঁকে সেখানে পোস্টডক করার আমন্ত্রণ জানায়। তিনি সেমিস্টার শেষ করার অজুহাতে কিছু সময় নিলেন। সেই সময় মিনতি তাঁর দৃষ্টির সীমানায় এসে দাঁড়ান। ড. বিশ্বাস এগিয়ে যান। ড. বিশ্বাসের সরাসরি প্রস্তাবে মিনতি রাজি না হয়ে পারেন না। কেননা সেই প্রস্তাব ছিল যথেষ্ট জোরালো ও পরিচ্ছন্ন। তাঁরা সামান্য প্রস্তুতিতে বিয়ে সেরে ইংল্যান্ড চলে যান।

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

আবু প্রথমটায় অপ্রস্তুত হলেও নিজেকে মানিয়ে নিয়ে বাবার অর্থের খুঁটির জোরে আমেরিকায় চলে যান পিএইচডি প্রোগ্রামে।
আধুনিক প্রযুক্তির যুগে ইংল্যান্ড-আমেরিকা খুব দূর নয়। তাঁরা একে-অপরের খোঁজখবর রাখতেন। অগোচরে হলেও। ড. বিশ্বাসের অকালমৃত্যুতে আবু মিনতিকে কনডোলেন্স পাঠিয়েছিলেন। মিনতি ধন্যবাদ জানিয়েছিলেন।
ছয়-সাত বছর পর তাঁরা হলিডেতে দেশে এসেছেন। তাঁদের মুখোমুখি দেখা। জান্নাতের তিন নম্বর মেয়ের রিসেপশন পার্টিতে।
তিন.
বেশি রাতে ফিরে কলবেল টিপলে পুষা-পুষণের ছুটে আসার পায়ের শব্দ শুনতে পান মিনতি। তিনি অবাক হন। এত রাত অবধি তারা জেগে!
ছোট বোন কাকলি দরজা খুলে দিলে ছোট্ট পুষা-পুষণ ব্যতিব্যস্ত হয়ে তাঁর পা জড়িয়ে ধরে নানা মান-অভিমানের জের তোলে।
‘খালামণি...খালামণি, আমাদের রেখে তুমি কোথায় গিয়েছিলে?...বলো না—বলো না।’
‘আমার পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করে এলাম। সপ্তাহ দুয়েক হলো দেশে এসেছি, কারও সঙ্গে দেখা করতে পারিনি। শুধু আছি তোমাদের নিয়ে।’
কাকলি হাসেন। বাবা ওদের অনেক ডাকাডাকি করলেন তাঁর সঙ্গে শোবার জন্য। তারা শোনেনি। তারা খালামণি ছাড়া শোবে না।
পুষণের জেরা আর থামে না।

‘আমাদের নিয়ে গেলে না কেন? আমরাও খেলতাম তোমার বন্ধুদের সঙ্গে।’
‘ওরা তো বড়।’
‘বড় হলে বুঝি বন্ধু হয় না?’
পুষা বিরক্ত হয়ে ছোট ভাইকে শাসন করে।
‘চুপ করো। তুমি কিচ্ছু বোঝো না।’
কাকলি খুব মজা পান।
‘এবার তুই ভেবে দেখ, কেমন করে লন্ডনে ফিরে যাবি তুই?’
‘তাই ভাবছি।’ মিনতি গম্ভীর হয়ে যান। তাঁদের বৃদ্ধা মাও লাঠি ভর দিয়ে এসে হাসতে থাকেন।
‘মিনতি এবার তোর পরীক্ষা। পুষা-পুষণ কেন, আমিও তোকে ছাড়ছি না। বিদেশে একা একা...।’
কাকলি মিনতিকে খাবারের টেবিলের দিকে নিয়ে যান।
‘তুই তো বিয়েবাড়ির খাবার খাস না? সামান্য কিছু মুখে দে। তোর প্রিয় দুধ-লাউ করেছেন মা।’
‘আমি খেয়েছি। অল্প করে। খাসির রেজালাটা দেখে লোভ সামলাতে পারলাম না। প্লেন পোলাওয়ের সঙ্গে রেজালা খুব ভালো লাগল। অনেক দিন পর...। এ ছাড়া জান্নাত-বিশাখা-গুলশান-তুহীন—সবাইকে একসঙ্গে পেয়ে ভালোই সময় কাটল। জান্নাত-তুহীন বরাবরের মতোই আমুদে-উচ্ছল। হইহুল্লোড় করে মাতিয়ে রেখেছিল আসর।’
‘তোদের ক্লাসের আবু ভাইকে পাসনি?’ কাকলি আগ্রহী হন। ‘হ্যাঁ, সেও এসেছিল।’ এ প্রসঙ্গ নিয়ে মিনতি আর এগোতে চাননি। তাঁর মনে পড়ে, আবু বিয়ের অনুষ্ঠান ছেড়ে যাওয়ার সময় শেষবারের মতো তাঁর মুখোমুখি হয়েছিলেন। তখনো মৃদু লয়-ছন্দে সানাই বেজে চলেছে। মিনতি তাঁর দল ছেড়ে সামান্য দূরত্বে গিয়ে দাঁড়ান। আবু বিদায় নেন তাঁর কাছ থেকে।
‘আসি তাহলে।’
‘আসো।’
এরপরও আবু মিনতির কাছাকাছি কিছুটা সময় দাঁড়িয়ে ছিলেন। মিনতি কোনো কথার সূত্র ধরে এগোতে চাননি। বরং কালবিলম্ব না করে তিনি জান্নাত-তুহীনদের জমায়েতের দিকে ফিরে যান।

পুষণ মিনতির হাতের আঙুল ধরে হাঁটে।
‘মা, আমিও খাব খালামণির সঙ্গে।’
‘আসো।’
পুষা পুষণের হাত ছাড়িয়ে দেয়।
‘যাও, তুমি শুতে যাও। রাত হয়েছে।’
মিনতি হেসে পুষণের মাথায় হাত বোলান।
‘ও আমার সঙ্গেই তো যাবে।’
মিনতি আসার পর থেকে পুষা-পুষণ তাঁর সঙ্গেই ঘুমায়। তারা আজ বিছানায় শুতে না-শুতে ঘুমিয়ে পড়ে।
তাদের ঘুমন্ত মুখের দিকে চেয়ে মিনতির মনে হলো, ঠিকই তো, এদের রেখে তিনি কীভাবে যাবেন? তাঁর যে যাওয়ার সময় হয়ে এল। তখন তাঁর মনে পড়ে, তাঁর আরও দুই সপ্তাহ ছুটি পাওনা আছে।
মিনতি ল্যাপটপ টেনে আরও দুই সপ্তাহের ছুটির আবেদনপত্রটা লন্ডনে মেইল করে দেন।

চার.
বাংলামোটরের কাছাকাছি কমিউনিটি সেন্টার থেকে গুলশান ২-এ তাঁর ডুপ্লেক্স বাড়ির দিকে গাড়ি চালিয়ে যেতে তাঁর খুব একটা সময় লাগেনি। রাস্তা ফাঁকা ছিল।
তাঁর বাড়ির ওপর তলার একটানা লম্বা কাচের জানালার ধারে গিয়ে বসেন আবু। দেশে আসা অবধি এটা তাঁর প্রিয় জায়গা। এখান থেকে লেকটা দেখতে তাঁর বরাবরই ভালো লাগে, রাতের বেলায়ও তা তেমন অন্ধকার হয়ে যায় না। চারপাশ থেকে চুইয়ে আসা আলোতে অনেক কিছুই চোখে পড়ে। সামনে তাঁর গরম কফির পেয়ালা। পুরো বাড়িতে কেউ নেই।
আবু বাইরে থেকে চোখ ফিরিয়ে এনে তাঁর চারপাশের নীরবতা ছাপিয়ে টিভি ছেড়ে দেন। খবর দেখার অভ্যাস তাঁর। তিনি বিবিসি, সিএনএন, আল-জাজিরা ঘুরিয়ে দেশি একটা চ্যানেল খুলে রাখেন। তখন তাঁর মনে হয়, বিয়ের আসর ছাড়ার আগে তিনি দাঁড়িয়েছিলেন মিনতির সামনে। কিছুটা সময় দিয়েছিলেন তাঁকে। তাঁদের সাক্ষাতের সূচনায় মিনতি ‘একটা কথা’ বলতে চেয়েছিলেন।
তিনি শোনেননি।
কফির পেয়ালায় চুমুক দিতে গিয়ে আবুর আবার মনে পড়ে, তাঁর যাওয়ার সময় হয়ে এল। দুই দিন পরেই ফ্লাইট। দুই দিন কোনোমতে কাটিয়ে দেওয়া যাবে।