একটা চাকরি হবে মামা
বঙ্গদেশীয় সবার জীবনে একটা কোম্পানির নাম কতটা গভীর রেখাপাত করে আছে সেটা নিজেই টের পেলাম ‘ইস্ট ইন্ডিয়া’ নামটা চোখে পড়ার সঙ্গে সঙ্গে। সিদ্ধান্ত নিলাম, এখানেই নামব। ব্যস, নেমে গেলাম। কনকনে শীতের রাত, ডকল্যান্ড লাইট রেলওয়ের মিষ্টি লাল ট্রেনটা আমাকে নামিয়ে দেওয়ার পর দেখলাম স্টেশনে আমি ছাড়া আর কেউ নেই। নীরব-নিস্তব্ধ চারদিক, মাথার ওপরে বিশাল চাঁদ। একটা চাকরির জন্য সারা দিন বিভিন্ন অফিসের দরজায় সিভি বিতরণ শেষে রাজ্যের ক্লান্তি নিয়ে এলোমেলো পা ফেলে হাঁটছি জোছনাস্নাত লন্ডনের নীরব রাতের রাস্তায়। হঠাৎ মনে পড়ে গেল, নব্বইয়ের দশকে আমার লেখা এলআরবির করা সেই জনপ্রিয় গানটার কথা...‘মধ্যরাতে মাথার ওপর চাঁদকে একা পাই/চাঁদ ছাড়া যে আমার আর কোনো মামা নাই/জুতোর তলা ক্ষয়ে গেছে ছিঁড়ে গেছে জামা/একটা চাকরি হবে মামা/ ও চাঁদ মামা।’ তকদিরের কী নির্মম শিক্ষা! এই গানটি যখন লিখছিলাম তখন আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, অথচ গানটির বিষয়বস্তু ছিল একজন অসহায় বেকার যুবকের জীবনযন্ত্রণার কথা। সেই সুখী জীবনে গানটি লেখার মুহূর্তে যে অনুভূতি কল্পনা করাও ছিল অসম্ভব। কেন জানি না, আমার এমন হাসি পেল, আমি সত্যি সত্যি হা হা করে হাসতে লাগলাম আর গলা ছেড়ে গাইলাম গানটি। সাক্ষী হয়ে থাকল মাথার ওপরের বিশাল পূর্ণিমা, আমার চাঁদ মামা। একে এখন আর গান মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি ঘোষণা করছি আমার তকদিরের সিদ্ধান্ত অথবা এমন এক ভবিষ্যদ্বাণী, যা আমার অজান্তেই আমি লিখে রেখেছিলাম আজকের এই মুহূর্তটির জন্য। এসবই ভাগ্যান্বেষণে লন্ডনে আমার প্রবাসজীবনের শুরুর দিকের কথা।ভাগ্যান্বেষণে আমার মতো লর্ড ক্লাইভও (১৭২৫-১৭৭৪) লন্ডন থেকে ভারতবর্ষে এসেছিলেন। আমি কোনো চাকরি নিয়ে লন্ডনে আসিনি, কিন্তু লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা ছোট্ট কেরানির চাকরি নিয়ে এসেছিলেন। অসম্ভব দুষ্ট প্রকৃতির ছিলেন ছেলেবেলা থেকে। তিন তিনটি স্কুল বের করে দিয়েছিল তাঁকে। সুউচ্চ চার্চের মাথার পানিনিষ্কাশনের চোঙার ওপর বিপজ্জনকভাবে বসে থাকতেন, নিচে জমে যেত ভয়ার্ত মানুষ। মানুষকে এভাবে ভয় দেখিয়ে মজা পেতেন। শর্পশায়্যারের ছোট্ট শহর মার্কেট ড্রেটনে কৈশোরেই শুরু করেছিলেন রংবাজি। এ হচ্ছে আমাদের জাতীয় ভিলেনের শৈশব-কৈশোরের গল্প। যিনি কিনা মাত্র ১৮ বছর বয়সেই ইংল্যান্ড থেকে ভারতবর্ষে যাওয়ার জন্য মনস্থির করতে পারেন, তা-ও সেই সময়, যখন ভারতবর্ষে ব্যবসা ও সাম্রাজ্য বিস্তারের প্রতিযোগিতায় জলে-স্থলে ক্রমাগত যুদ্ধে লিপ্ত ইংরেজ, ফরাসি, পর্তুগিজ, ডাচ ও ওলন্দাজরা। এ ছাড়া স্থানীয় মানুষের সঙ্গে সংঘাত তো আছেই।ভারতের মাদ্রাজে অবস্থানরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানির চাকরি তাঁর ভালো লাগেনি বেশি দিন। যোগ দেন সেনাবাহিনীতে সর্বনিম্ন কমিশন্ড অফিসার হিসেবে। কিন্তু অল্প দিনের মধ্যেই বদনাম কুড়ালেন উগ্রস্বভাব আর উচ্ছৃঙ্খল আচরণের জন্য। বিপরীতে প্রখর বুদ্ধিমত্তা আর প্রচণ্ড সাহসের কারণে তাঁর নেতৃত্বে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে ইংরেজরা। দেবীকোট দুর্গ অধিকার, আর্কট অভিযান এবং দাক্ষিণাত্যে তাঁর একের পর এক বিজয়ের কারণে সর্বনিম্ন কমিশন্ড পাওয়া সেই সৈনিক খেতাব লাভ করেন জেনারেল ক্লাইভ হিসেবে। ফিরে যান লন্ডনে। ছেড়ে দেন সেনাবাহিনীর চাকরি। জননেতা হওয়ার আশায় পার্লামেন্ট নির্বাচনে অংশ নেন এবং হেরে যান। জীবনের প্রতি বীতশ্রদ্ধ ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন আজীবন বিষণ্নতায় ভোগা এই রোগী। ভারতবর্ষ থেকে লুটপাট করে যা কামিয়েছিলেন, দেদার অপচয় করে নিঃশেষ করে ফেলেন। আবারও ভাগ্যান্বেষণে মাদ্রাজে প্রত্যাবর্তন। কিন্তু এবার তিনি লেফটেন্যান্ট কর্নেল। ফিরছেন ভারতবর্ষের দুর্ভাগ্য নিয়ে। চক্রান্ত, ষড়যন্ত্র, কূটকৌশল, সংঘাত, রাজনীতিতে বিশ্বাসঘাতকতা আর যা কিছু প্রয়োজন, সব ব্যবহার করে অর্জন করেছেন বিজয়, পলাশীর যুদ্ধে ২৩ জুন ১৭৫৭। তখন তাঁর বয়স ছিল ৩২ বছর। মার্কেট ড্রেটনের সেই দুষ্ট ছেলেটাকেই বলা হয় ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের স্থপতি। বেঁচে ছিলেন মাত্র ৪৯ বছর, জীবন পুরোটাই রোমাঞ্চ আর নাটকীয়তায় পূর্ণ। খ্যাতির পাশাপাশি কোম্পানির বিশাল অঙ্কের আর্থিক দুর্নীতির কারণে মুখোমুখি হতে হয় তদন্ত কমিটির সামনে, লন্ডনে। অপমান, চরম হতাশা আর আফিম-আসক্তিতে ডুবে আমাদের চিরস্থায়ী জাতীয় খলনায়ক শেষ পর্যন্ত আত্মহত্যা করেন সামান্য একটা পেননাইফ দিয়ে। করপোরেট আর্থিক প্রবল দুর্নীতি আর যুদ্ধের খরচ মেটাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ অঞ্চলের জনগণের ওপর ২০ শতাংশ ট্যাক্স বৃদ্ধি করে দেয় পলাশীর যুদ্ধে বিজয়ের পরপরই। ফল ১৭৭০-এর মর্মান্তিক দুর্ভিক্ষ। মাথার ওপর চাঁদ মামাকে নিয়ে ইস্ট ইন্ডিয়া স্টেশনের আশপাশে হাঁটছি আর পড়া ইতিহাসের অধ্যায়গুলো বোঝার চেষ্টা করছি। ২৫০ বছর ধরে সম্রাজ্যবাদীদের উপনিবেশগুলোর ওপর আরোপিত বর্ধিত ট্যাক্স আর বাণিজ্যিক শোষণে শানশওকতে ফুলেফেঁপে উঠেছে লন্ডন, প্যারিস আর নব্য নিউইয়র্ক। এই লর্ড ক্লাইভের নাতিপুতিরাই এখন নব্য নিউইয়র্ক অর্থাৎ ওয়াল স্ট্রিটের কর্নধার।নিউইয়র্ক সিটি, লোয়ার ম্যানহাটন, সিএনএন নিউজে দেখছি ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনকারীদের। এরা তো তারা, যাদের চাকরি নেই, বাসস্থান নেই, উপরন্তু ট্যাক্সের ভারে জর্জরিত জীবন। ওই বহু দূরের চাঁদ মামা ছাড়া এই অসহায় বেকার মানুষগুলোর আর কেউ নেই। শত বছরের পুঁজিবাদী শোষণ আর মিথ্যাচারের প্রতিবাদ শুরু হয়েছে খোদ পুঁজিবাদের হূৎপিণ্ডের মধ্যে। ওয়াল স্ট্রিটের জুকোটি পার্কে অবস্থান নিয়েছে শত শত নারী-পুরুষ। সম্পদের অসম বণ্টনের সর্বশেষ ধাপে পৌঁছে গেছে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ভ্র। অসম্ভব সুন্দর সুন্দর স্লোগানে মুখরিত ওয়াল স্ট্রিট, ‘উই আর দ্য নাইনটি নাইন পার্সেন্ট’ অর্থাৎ আমরা ৯৯ ভাগ আর তোমরা ১ ভাগ। ‘তুমি হচ্ছ আমরা’ ‘অল ডে অল উইক অকুপাই ওয়াল স্ট্রিট’, ‘আমরা যারা এখানে আছি তারা ৯৯ ভাগ, আর যারা এখানে নেই তারা ১ ভাগ’। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্যাম কেস্টলার নামের নয় বছরের একটা শিশু চমৎকার একটা উদাহরণ দিয়ে বলল, ‘এটা রবিনহুডের গল্পের উল্টো। ওরা গরিবের সর্বস্ব কেড়ে নিয়ে দান করছে ধনীদের।’ আজ সবাই বুঝে গেছে ওরা কারা, কারা নিয়ন্ত্রণ করছে আমেরিকাকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো মাত্র কয়েকটা করপোরেশন ওয়াল স্ট্রিটে বসে নিয়ন্ত্রণ করছে সারা বিশ্ব। যারা পরিমাণে মাত্র ওয়ান পার্সেন্ট। এই ওয়ান পার্সেন্টের হাতেই আমেরিকার ক্ষমতা, যারা আমেরিকান ভোটারের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে না। যারা শুধু বোঝে প্রফিট। এই প্রফিটের জন্যই পলাশীর যুদ্ধ, যুদ্ধ ইরাকে, আফগানিস্তানে, লিবিয়ায়। সাম্রাজ্যবাদীদের সব যুদ্ধের চরিত্রই এক, যেভাবে যুদ্ধ করেছেন লর্ড ক্লাইভ। প্রফিটের কাছে কোনো পার্থক্য নেই তেল অথবা মাদকে। আফিমের মতো মাদকদ্রব্য থেকে প্রফিটের জন্যও এরা যুদ্ধ করেছে চীনের সঙ্গে। লর্ড ক্লাইভ ও তাঁর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শিখিয়েছে কীভাবে দেশীয় জমিদারদের হাতে কিছু ক্ষমতা দিয়ে সহজ এবং পরোক্ষভাবে শোষণ করতে হয়। নর্থ আফ্রিকা থেকে মিডল ইস্ট আজ যে গণজাগরণে ফুঁসছে তা আসলে অন্য কিছু নয়, জমিদারদের বিরুদ্ধে প্রজাবিদ্রোহ। তৃতীয় বিশ্বের আমরা সবাই আজও সেই একই জমিদারদের প্রজা হয়েই আছি। আড়াই শ বছর পর পুঁজিবাদ আজ পৌঁছেছে তার অন্তিম লগ্নে। এটা পুঁজিবাদের সংকট নয়, এটা শেষের শুরু। আরব বসন্ত থেকে যা শুরু হলো মাত্র। তিউনিসিয়া, ইজিপ্ট, সিরিয়া, বাহরাইন, ইয়েমেন, আলজেরিয়া, জর্ডান, মরক্কো, ওমান, স্পেন, গ্রিস, চিলি, লন্ডন, প্যারিস, রোম, নিউইয়র্ক অগ্নিবীণার একই সুর এবং লয়ে বাজছে। আমি, লর্ড ক্লাইভ আর ওয়াল স্ট্রিটের জুকোটি পার্কের শত শত প্রতিবাদী মানুষ—আমরা কোনো না কোনোভাবে একই সম্পর্কে বাঁধা। টিভি নিউজে দেখতে পাচ্ছি না জুকোটি পার্কের রাতের আকাশে কোনো চাঁদ উঠেছে কি না। এই নিষ্ঠুর পুঁজিবাদী পৃথিবীতে চাঁদ মামা ছাড়া এমন কোনো আত্মীয় নেই, যার কাছে এই হোমলেস মানুষেরা একটা চাকরির জন্য আবদার করতে পারে। ওয়াল স্ট্রিটের লাখো জনতার করুণ ও বিক্ষুব্ধ আবদার, ‘আমাদের দেখো না, শুধু আমাদের কথা শোনো’। আমি জানি না, এই উত্তাল জনতার জানা আছে কি না—ভোগ, লোভ আর ক্ষমতার উন্মত্ততা শোনার কানকে বধির করে দেয়। লেখক: গীতিকবি[email protected]