একটা ট্র্যাজেডির মতো ব্যাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামাল হোসেন। শিক্ষক, আইনজ্ঞ, রাজনীতিবিদ—নানা পরিচয় তাঁর। তিনি আমাদের সংবিধান-প্রণেতাদের একজন। মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন একসময়। বর্তমানে তিনি ওয়ার্ল্ড ইন্টারন্যাশন্যাল ল অ্যাসোসিয়েশনের সহসভাপতি।সমষ্টি ও ব্যক্তি কাজের ফাঁকে ফাঁকে আমি নানা ধরনের বইপত্র পড়ি। বর্তমানে বেশ কয়েকটি বই একসঙ্গে পড়ছি। এর মধ্যে নেলসন ম্যান্ডেলার কনভারসেশন উইথ মাইসেলফ, এন্ড্রু ফাইনস্টাইনের দ্য আফটার পার্টি এবং যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের লেখা অ্যাসল্ট অন রিজন আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছে। এই বইগুলোর মধ্যে একটি মিল রয়েছে, তা হলো, এর রচয়িতারা তাঁদের নিজ নিজ দেশে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উজ্জ্বল। তা ছাড়া এখানে তাঁরা স্বদেশের রাজনৈতিক বাতাবরণের প্রেক্ষাপটে শাসনপদ্ধতির প্রক্রিয়া, বাধা এবং গণতন্ত্রকে মূল্যায়ন করেছেন। দ্য আফটার পার্টি গ্রন্থে লেখক এন্ড্রু ফাইনস্টাইন তো একরকম আত্মসমালোচনাই করেছেন। বইটিতে, প্রথমত, তিনি বর্ণবাদ-পরবর্তী দক্ষিণ আফ্রিকায় নতুন করে যে আশাবাদ জেগে উঠেছিল, সেই প্রেক্ষাপট বর্ণনা করেছেন। পরবর্তী সময়ে তাঁর লেখায় এ প্রশ্নও দেখা গেছে যে, কেন আশা অনুযায়ী সবকিছু বাস্তবায়িত হচ্ছে না, বাধাগুলো কোথায়। আর আল গোরের অ্যাসল্ট অন রিজন মূলত ২০০৭ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গণতান্ত্রিক পরিবেশ কীভাবে বাধাগ্রস্ত হচ্ছে, তার বয়ান। এখানে চলমান গণতন্ত্রকে মূল্যায়ন করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধানে গণতন্ত্রের যে মূলনীতি ছিল, বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে কেমন করে সেখান থেকে সরে এল—এর বিভিন্ন পর্যায়ের বিশ্লেষণ আছে বইটিতে। আছে রাজনীতির মধ্যে টাকার প্রভাবের প্রসঙ্গও। সব মিলিয়ে তিনটি বইয়ের লেখকেরা দেশের রাজনৈতিক বাস্তবতায় তাঁদের অভিজ্ঞতার কথা লিখেছেন। তবে সবার কথায় একটি বিষয় জোরেশোরে ফুটে উঠেছে যে, রাষ্ট্রের উদ্দেশ্য ও লক্ষ্য সামষ্টিক থেকে যখন কেবল ব্যক্তির দিকে ঝুঁকে পড়েছে, তখনই সেখানে গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। সমষ্টি অপেক্ষা ব্যক্তিকেন্দ্রিকতার পাল্লা ভারী হওয়ার কারণে বিভিন্ন রাষ্ট্র তাদের পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী দেশকে গড়ে তুলতে পারেনি। বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে এটা যেন একটা ট্র্যাজেডির মতো ব্যাপার। আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও তো কথাগুলো সমানভাবে সত্য—বইগুলো পড়তে পড়তে মনের মধ্যে এসব ভাবনাই ঘুরপাক খাচ্ছে এখন। যেতে যেতে চলতি পথে...যেতে যেতে, চলতি পথে গান আমার নিত্যসঙ্গী। এ ক্ষেত্রে রবীন্দ্রনাথের গানগুলো বারবার ফিরে ফিরে শুনি। আসলে আমাদের মানবজীবনের অনুভূতির সবকিছু রবিঠাকুরের গানের মধ্যে আছে। তাই এটাকে খুব নিজের মনে হয়। আর সনিজদা খাতুনের গলায় রবীন্দ্রসংগীত শোনার অনুভূতিই আলাদা। মুহূর্তে যেন ভিন্ন এক জগতের জন্ম হয়। আবার ভূপেন হাজারিকার গানও আমার ভালো লাগে। ভালো লাগে মুক্তিযুদ্ধের গানগুলো। ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি...’ এই গানগুলো শুনলে প্রাণটা এখনো দুলে ওঠে। ছবি কথা বলেচিত্রকলা আমার বিশেষ পছন্দের বিষয়। কিন্তু দৈনন্দিন নানা ঝামেলার কারণে প্রদর্শনীগুলোতে এখন আর সেভাবে যাওয়া হয়ে ওঠে না। তবে উপহার হিসেবে পাওয়া শিল্পীদের অনেকের চিত্রকর্ম আমার সংগ্রহে আছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, কাইয়ুম চৌধুরী, হাশেম খান ও শাহাবুদ্দিন আমাকে বিভিন্ন সময় তাঁদের কাজ উপহার দিয়েছেন। কী বিস্ময়কর সেসব আঁকা! একান্ত অবসরে এসব ছবি দেখতে ভালো লাগে। হাশেম খানের একটি ছবি আছে ৯০-এর গণ-আন্দোলনের ওপর। ছবিটির সামনে দাঁড়ালে কেমন যেন শিহরণ বোধ হয়। মনে হয়, ছবি কথা বলছে। আবদুর রাজ্জাকের মুখআজকাল অধ্যাপক আবদুর রাজ্জাকের কথা মাঝেমধ্যে মনে পড়ে। আমি তাঁর চেয়ে বয়সে কিছুটা ছোট। কিন্তু তাঁর আড্ডার আসরে আমার অবাধ যাতায়াত ছিল। তাঁর সহজাত একটা ক্ষমতা ছিল প্রতিভাবান মানুষকে মূল্যায়ন ও উৎসাহ দেওয়ার ব্যাপারে। তাঁর আড্ডায় যাঁরা ছিলেন, পরবর্তীকালে তাঁরা সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। মূলত তাঁর উৎসাহেই আমি ’৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিই। ওখানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আমি আন্তর্জাতিক আইনের ইতিহাস পড়াতাম...সেসব ভিন্ন প্রসঙ্গ। তবে বাংলাদেশের জ্ঞানকাঠামোর বিকাশে আবদুর রাজ্জাকের মতো মানুষের প্রয়োজন এখন অনেক বেশি।এবং ভ্রমণআমি মনে করি, রাজনীতি করে মানুষের কাছে যাওয়া হয়। রাজনৈতিক বিভিন্ন সফরে আমি দেশের বিভিন্ন স্থানে গিয়েছি, মানুষের সঙ্গে মিশেছি—এভাবে দেশ যেমন ভ্রমণ করেছি, দেশের মানুষকেও দেখেছি কাছ থেকে। আর ভ্রমণ আমার কাছে সব সময় আনন্দের। দেশ, দেশের প্রকৃতি, নদনদী, মানুষ আনন্দ দেয় আমাকে। আবার কর্মসূত্রে দেশের বাইরেও বিভিন্ন স্থানে যাওয়া হয়—সেই ভ্রমণও মন্দ লাগে না।সাক্ষাৎকার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ