
কনকনে শীতে আঁকা চিত্রকর্মের প্রদর্শনী হচ্ছে গনগনে গরমে! গত বছর ডিসেম্বরের তুমুল শীতে গাজীপুর রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়িতে আয়োজন করা হয় একটি চিত্রকর্মশালা। ‘কুইনিজ আর্ট উড়ন্ত-ডানায় রংধনু’ শিরনামে দুই দিনব্যাপী এ কর্মশালার উদ্যোক্তা নাসিমা খানম, তিনি নিজেও শিল্পী। তো, শীতকালে সেই কর্মশালায় আঁকা প্রবীণ-নবীন শিল্পীদের চিত্রকর্ম নিয়ে এই গরমে সম্প্রতি ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শেষ হলো চিত্র–প্রদর্শনী।
সমরজিৎ রায় চৌধুরী, নাসরীন বেগম, সৈয়দ হাসান মাহমুদ, আতিয়া ইসলাম এ্যানি, জাহিদ মুস্তাফা, অশোক কর্মকার, নাসিমা খানম, রফি হক, প্রদ্যোৎ কুমার দাস, বিপাশা হায়াত, ফাহমিদা এনাম, আশরায়ুল হাসান, আজমির হোসেন ও শাহনূর মামুন—এই ১৪ জন শিল্পীর ২৭টি ছবি আছে প্রদর্শনীতে। ছবিগুলো সব ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে আঁকা। ছবির বেশির ভাগেই আছে প্রকৃতির বন্দনা।
সমরজিৎ রায় চৌধুরীর ছবি ‘শীতের আনন্দ’। কুয়াশা-জড়ানো চিত্রপটে নানা জ্যামিতিক নকশায় শীতের উৎসবমুখরতা তুলে ধরেছেন তিনি। মানুষ ও নিসর্গের রূপ ফুটিয়ে ছবি আঁকেন নাসরীন বেগম। প্রদর্শনীতে তিনি এঁকেছেন কুমেড়া পাতার সৌন্দর্য। সৈয়দ হাসান মাহমুদ এঁকেছেন রঙের হারমনি।
বিভিন্ন সময়ে বিশ্বব্যাপী ঘটা নারীর বিরুদ্ধে সহিংসতা, সন্ত্রাস, যৌন হয়রানি—বিষয়গুলো নিয়ে, এর প্রতিবাদস্বরূপ ছবি আঁকেন আতিয়া ইসলাম এ্যানি, এঁকেছেন এখানেও—গ্রেনেডে আক্রান্ত বা আগুন-সন্ত্রাসে ঝলসে যাওয়া নারীর অবয়ব।
জাহিদ মুস্তাফার ছবির নাম ‘নিসর্গের আবহ’। প্রকৃতির রূপসৌন্দর্য প্রকাশবাদী বিমূর্ততায় তুলে ধরেছেন তিনি। আর রঙের আপন চরিত্র অক্ষুণ্ন² রেখে, অন্য রঙের সঙ্গে মিশিয়ে এবং তৃতীয় রং সৃষ্টির মাধ্যমে অশোক কর্মকার এঁকেছেন ‘নক্ষত্রে রংধনু’।
বিমূর্তধারায় জ্যামিতিক নানা ফর্ম নিয়ে ‘শিল্পীর জার্নাল’ নামে ছবি এঁকেছেন রফি হক। নাসিমা খানমের চিত্রে পাওয়া গেল, নীলাভ গাছের সারির স্বপ্নিল জগৎ ও কাগজের ফুল। প্রদ্যোৎকুমার দাস ক্যানভাস পেপারে পোড়া ও আঁচড়কাটা ইমেজ তৈরি করে, ক্যানভাসে সেঁটে দিয়ে এঁকেছেন ‘জীবন ও জীবন্ত’। আবার চিত্রপটে নানা বর্ণের আবরণ তৈরি করে সাদা রং-রেখার বুনটে বিপাশা হায়াতের ছবির নাম ‘স্মৃতি’। নিসর্গকে ভেঙে ফাহমিদা এনাম এঁকেছেন ‘রেমিনিসেন্স’।
এ ছাড়া তরুণ শিল্পী আজমির হোসেন, আশরাফুল হাসান ও শাহনূর মামুনের আঁকাও মুগ্ধতাজাগানিয়া। এ প্রদর্শনীর বিশেষত্ব হলো, প্রত্যেক শিল্পীর ছবিতে নিজস্ব অঙ্কনশৈলীর পাশাপাশি পাওয়া যায় ছবিটি যেখানে আঁকা হয়েছে, সেই এলাকার রংসহ আরও নানান কিছু। চিত্র-কর্মশালায় আঁকা ছবিতে সাধারণত থাকে তাড়াহুড়োর ছাপ ও অসম্পূর্ণতার আভাস। এ কর্মশালার ছবিগুলোতে সেসব দেখা গেল না, ব্যাপারটি খুবই মনোহর। ৫ জুন শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হয়েছে ১৫ জুন।