একটি ক্ষুদ্র পুরাতন রূপকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানী গত হইয়াছেন। রাজার দেহে ক্ষত্রিয়ের রক্ত, হৃদয়ে ক্ষত্রিয়ের অভিমান—সর্বসমক্ষে তো তিনি শোক করিতে পারেন না। রানীর বিহনে রাজার দেহে-মনে প্রজ্বলিত কুণ্ডের মতন সর্বদেশলেহী শোক—সেই শোক পুষিয়া রাজকার্যও হয় না। রাজমন্ত্রী রাজার জ্ঞাতি রাজার তাতঃ, তিনি আড়ালে ডাকিয়া বলিলেন, ‘রাজন, রাজসভা পড়িয়া থাক, আপনি বউরানীর মহলে গিয়া আন্তরিক শোক করিয়া আসুন, এই রোগ সারিবে।’ প্রেমের অভিমানে রাজা ভাবিলেন, কদাচ সারিবে না, তথাপি গুরুজনের স্নেহোপদেশ পালন করিতে রানীর মহলে চলিলেন।
রানীর মহলে শত শত দীপ জ্বলিত, ধূপ জ্বলিত, মণিমাণিক্যখচিত ভান্ডে গোছা গোছা পদ্মফুল শোভিত হইত। রানী এই ফুল ভালোবাসিতেন, রানী নিজেও ছিলেন পদ্মগন্ধা। রানীর শরীর স্পর্শ করিবামাত্র এই প্রসন্ন পদ্মগন্ধ রাজার নাকে লাগিত, অকারণ প্রসন্নতায় পায়রা যেমন আকাশে লাট খায়, রাজার হৃদয় তেমনি লাট খাইত। রাজার মনে পড়িল রানীকে রাজা এই মহলে আসিয়া চিরদিন সুসজ্জিতারূপে পাইয়াছেন, সুবাসিতা-সুস্নাতা রানীর ধূপে শুকানো কেশে সমস্ত সন্ধ্যার ক্লেশে দাসীরা বিপুল কবরী রচনা করিয়া দিয়াছে—তাহাতে বাদলার জরি ছড়াইয়াছে, সেই কবরী হইতে একখানি কেশসূত্র অবধি বিচ্যুত হয় নাই।
আজিকার মহল অন্ধকার, অন্ধকারে চটকানো পদ্ম আর পদ্মনালের নিবিড় গন্ধ ছাড়া আর কিছু নাই। রাজা আলো জ্বালাইতে আদেশ করিলেন। আলো জ্বলিল। রানীর শয্যায় একখানা কাচকড়ার পুতুল পড়িয়া ছিল আর একখানা সমুদ্রশঙ্খ, খাসদাসী তাহাদিগকে সরাইয়া অগুরু-সুবাসিত শয্যা রচনা করিয়া দিল। রানীর সাজিবার মুকুর আলোয় ঈশ্বরের চক্ষুর মতো ভাস্বর হইয়া আছে, তাহার সম্মুখে যে স্থলে বসিয়া রানী সাজিতেন, সেইখানে রানীর ছাড়িয়া যাওয়া একছড়া মানিকের হার দেয়ালগিরির সামান্য দীপালোকে রক্তচক্ষু করিয়া জ্বলিতেছে। এই তো সকলই উপস্থিত, সকলই বিস্তৃত—শুধু রানী নাই। সেই উজ্জ্বল মুখচ্ছবি নাই, সেই উন্মনা করিয়া তোলা পদ্মগন্ধা শরীর নাই, সেই ফুলদানির মতো কণ্ঠ ঘিরিয়া এই চিরপরিচিত অষ্টাদশ মানিক্যের হার জ্বলজ্বল করিতেছে না—কেবল আধখোলা ‘খুকুমনি ডিলাক্স সিন্দুর’-এর কৌটাখানা পড়িয়া আছে। রাজার অন্তরের মতন হাঁ-খোলা হইয়া পড়িয়া আছে রানীর চর্চার সামগ্রী।

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

রাজা রানীর শয্যায় পড়িয়া কাঁদিতে লাগিলেন। রানীকে ফিরিয়া ডাকিয়া বড় বেদনায় কাঁদিতে লাগিলেন, ‘ফিরিয়া আইস, তোমার সাধের মুকুরের সামনে বসিয়া প্রসাধন করিও, তোমার পদ্মগন্ধে আবার এই মহল ভরপুর হউক, কী অপরাধে এই সংসারসমুদ্রে আমাকে ফেলিয়া গেলে...’
প্রেয়সীর প্রাণবিয়োগে রাজপুরুষের এমন বিলাপ করিয়া কাঁদিতে নাই, কিন্তু শোক ব্যাকরণ মানে কবে, বিশেষ করিয়া অন্তরালে? রাজা কাঁদিতে লাগিলেন, বাহিরে প্রগাঢ় সন্ধ্যামেঘের নীলিমার স্তূপে একখানি উজ্জ্বল গহ্বর ছিল, সেই সূর্য কিয়ৎকাল হয় অস্তমিত হইয়াছে। রাজপুরীর বাগানে অশোক ফুটিয়াছে, বসন্তের বাতাস ছাড়িয়াছে—সে বাতাসে রানীর মহলের দীপ নিভিয়া গেল। রাজার মনে হইল, তিনি শয্যায় রানীর স্পর্শ পাইলেন। ইচ্ছাঠাকরুন সে স্থল দিয়া উড়িয়া যাইতেছিলেন, রাজার হৃদয়ের আকুল আহ্বানে তিনি নামিয়া আসিলেন। ঠাকরুনের দিব্য আভায় ঘর ভরিয়া উঠিল, তিনি দয়ার্দ্র কণ্ঠে জিজ্ঞেস করিলেন, ‘রাজা, তুমি কী চাহ?’
রাজা অশ্রুবিকৃত কণ্ঠে বলিলেন, ‘আমার রানীকে ফিরাইয়া দাও। এই হৃদয়ভার লইয়া রাজকার্য কী রূপে করিব?’
‘আচ্ছা, সে হইবে। তবে এখনি হইবে না। আমাকে বড় যাতনায় বিন্ধ্যগিরিরাজ ডাকিতেছেন, তাহাকে দর্শন দিয়া আসি, অতঃপর তোমার বেদনার কথা শুনিব। আজ বিষ্যুদবার, রাজ-অন্তঃকরণের বেদনানাশক দিন, আমার দম ফেলিবার ফুরসত নাই।’
ঠাকরুন যেমন উদ্ভাসিত হইয়াছিলেন, তেমন করিয়াই অদৃশ্য হইলেন। রাজা অন্ধকার শয্যায় পড়িয়া রহিলেন। সোনার পিঞ্জরে রানীর প্রিয় শুক ধড়ফড় করিল, কিন্তু রা করিল না। দূরে নহবতখানা হইতে সানাইয়ের সুর ভাসিয়া আসিতেছে, বন্দে খাঁ আজ সন্ধ্যার রাগিণীটি যেন দীর্ঘশ্বাসকে সুরে অনুবাদ করিয়া বাজাইতেছে, দীর্ঘশ্বাস ধীরে ধীরে ছোট ছোট রুদ্ধশ্বাসের আকার নিল, সুর যেন খুঁজিতে বাহির হইয়াছে কোনো অভীষ্টকে—একসময় সেই রুদ্ধশ্বাসগুলির পর একখানি দীর্ঘ সুর বাজিল, যেন অশ্রুপূর্ণ আঁখি নিমীলিত করিবার পর একটি বিপুল অশ্রুবিন্দু বিগলিত হইয়া গণ্ডে ঝরিয়া পড়িল। আহা, কাল বন্দে খাঁকে একখানা গজমোতির মালা দিতে হইবে।
রাজা প্রায়মূর্চ্ছিত হইয়া শয্যায় পড়িয়া ছিলেন। তাঁহার সহসা মনে হইল রানী তাঁহার পাশেই শয়ান, রানীর বরতনু হইতে পদ্মগন্ধ নয়, কেমন তালের রসের মদির গন্ধ স্ফুরিত হইতেছে। রাজা অন্ধকারে রানীকে কাছে টানিলেন। রানীর গলায় সেই রক্তচক্ষু মানিকের এক ছড়া হার, হাতে লাগিল। রানীর সযত্নরচিত কবরী হইতে ধূপের আভাস নাকে লাগিল। রাজা চিরপরিচিত চিহ্ন হাতে-নাকে ঠেকিবামাত্র প্রবল কামনায় রানীকে বুকে টানিয়া লইলেন, রানী তাঁহাকে নিরস্ত করিলেন না। সুমিষ্ট জলের কূপের মতন রানীর অধরোষ্ঠ, রানীর দেহ ছিল সন্দেশের ন্যায় স্নিগ্ধ এবং বেলেপাথরের ন্যায় সুশীতল, সেই দেহ আজ রক্তপ্রবাহে উষ্ণ এবং চঞ্চল। স্নেহ নাই, করুণা নাই, কামনার বহ্নি জ্বলিতেছে। কবরী খুলিয়া আকাশ ঢাকিয়া গেল, এই কটি দিনের উৎকট শোক লুপ্ত করিয়া দিয়া রাজার রক্তে আনন্দতাণ্ডব নাচিতে লাগিল কে? যে রানী রাজসমীপে আসিয়াছে সে ক্ষত্রিয়র তৃষ্ণাকে চেনে, তাঁহার হৃদয়ের অভিলাষ চেনে। রানী হইয়াও সে যেন ঠিক রানী নয়, রাজার হাত রানীর তাল-আঁটির ন্যায় বিশুষ্ক উরঃদেশে আসিয়া পড়িল, জরার শিথিলতা কোথায় গেল, আজিকার সন্ধ্যায় রানীর স্তনসন্ধি কুমারসম্ভবের দূর্গার মতন পদ্মের মৃণালসূত্রকেও স্থান দিতে অপারগ। রাজপুত্রদিগের জন্মলাভের ফল বস্তিদেশের সেই সর্পিল কুঞ্চন কোথায় গেল—হাতে ঠেকিতেছে কেবল ভর্জ্জিত মালপোয়ার টানটান মসৃণতা। স্বর্গের কুম্ভকার নিপুণ করিয়া এই বরারোহার শ্রোণি নির্মাণ করিয়াছেন। রাজা দীপ জ্বালিয়া ভ্রান্তি দূর করিলেন না, ভ্রান্তিপাশই চিত্তাকর্ষক লাগিল।
অনেকক্ষণ রাজা মূর্চ্ছিতপ্রায় ছিলেন, ইচ্ছাঠাকরুন আসিয়া তাঁহাকে সজলকণ্ঠে ডাকিলেন।
‘রাজা, রানীকে ফিরিয়া চাও? যাহা চাও তাহাই মিলিবে।’
রাজা প্রগাঢ় লজ্জার সহিত মরমে মরিয়া গিয়া বলিলেন, ‘চাই। তবে এই নূতন রানীকে চাই।’
ইচ্ছাঠাকরুন মুখ টিপিয়া হাসিলেন এবং দপ করিয়া নিভিয়া বিদায় হইলেন, সলিতার ভস্মের গন্ধ ছাড়া বাতাসে আর কিছু রহিল না। তিনি সহৃদয়া। অন্ধকারের স্ত্রীলোকটি রানীই ছিলেন নাকি খাসদাসী নাকি সর্বজনভুঞ্জতে রাজনর্তকী তাহা প্রকাশ করিয়া গেলেন না।