শীতলক্ষ্যার লাশ। সিরাজ উদ্দিন সাথী রচিত একটি নদী উপাখ্যান। বাংলাদেশের কথাসাহিত্যে যে সীমিতসংখ্যক নদীনির্ভর আখ্যান রয়েছে, সেখানে এই উপন্যাস নতুন সংযোজন। এটি কেবল শীতলক্ষ্যা নদীকে নিয়ে লেখা উপন্যাসই নয়, এর অভিমুখ বিচিত্রগামী। এতে রয়েছে পৌরাণিক মিথ, ইতিহাস, নৃবিজ্ঞান, সমাজ ও জনজাতির কথা। নদীকেন্দ্রিক সমাজের উদ্ভব, বিকাশ, কৃষিসভ্যতা ও শিল্পসভ্যতার আগ্রাসনের দ্বান্দ্বিক চিত্র বইটির আখ্যান ভাগ। বিজ্ঞান ও প্রযুক্তিকে দাস বানাতে গিয়ে লোভী মানুষ কীভাবে প্রযুক্তির ক্রীতদাসে পরিণত হয়েছে, উপন্যাসের আখ্যান ভাগ তাকেই নির্দেশ করছে। লেখক দেখিয়েছেন, শীতলক্ষ্যা নামের এই নদী নারীর রূপকল্পে বহুরূপা। প্রেয়সী ও জননী, অদ্বৈত নদী এই দ্বৈত সত্তায় বিচিত্র রূপিণী।

শীতলক্ষ্যার লাশ সিরাজ উদ্দিন সাথী
প্রচ্ছদ: জোহরা হোসাইন
প্রকাশক: অ্যাডর্ন পাবলিকেশন, ঢাকা।
ফেব্রুয়ারি ২০১৫
১১১ পৃষ্ঠা
দাম: ২২০ টাকা।
ইতিহাসের নীরব সাক্ষী এই নদী। মোগল শাসন থেকে ইংরেজ শাসন, তারপর পাকিস্তানের প্রেক্ষাপট এবং একাত্তরের যুদ্ধ। ইতিহাস কথা কয়ে গেছে কত উত্থান আর পতনের। এর আখ্যান ভাগ ছুঁতে চেয়েছে মহাকাব্যের সময়ধারাকে। এই আখ্যানে কল্পনা যতটুকু, ঠিক ততটুকুই বাস্তব সত্য। পাঠকমাত্রই মুগ্ধতায় ডুবতে গিয়ে শিহরিত হবেন। ইতিহাসের প্রাচীন ছায়াচ্ছন্ন জগতে প্রবেশ করতে করতে লেখক আচমকাই পাঠককে অপ্রস্তুত করে চলমান বর্তমানের নবীন আলোর ভেতর ঠেলে দেন। লেখকের এই শিল্পকৌশল বড় শক্তির পরিচয়। নর-নারীর ভালোবাসার বর্ণনায় লেখক যে কৌশলে হৃদয়ের আবেগকে টেনে ধরে মগজের বুদ্ধির ভেতরে আটকে দিয়েছেন, তা সত্যি মুগ্ধতা এনে দেয়।
শীতলক্ষ্যাপাড়ের মানুষের জীবনবিন্যাসের সঙ্গে তাদের মুখের ভাষার ব্যবহারে লেখক যে দক্ষতা দেখিয়েছেন তাঁর প্রথম লেখা এই উপন্যাসে, তা আমাদের মুগ্ধ করে। নীল চাষ বিষয়ের আখ্যান ভাগ আমাদের মুগ্ধ করে না কেবল, ভাবিতও করে। অবাক লাগে ভাবলে যে উপন্যাসটির সময়াধার প্রায় দেড় শ বছর। শিল্পায়ন ও নদীর বিপর্যয় আধুনিক কালের, কিন্তু লেখক যখন আমাদের একই সঙ্গে ঢুকিয়ে দেন ঔপনিবেশিক কালের পুঁজির সঙ্গে স্বাধীন দেশের পুঁজির আত্মীয়তার বন্ধনের ভেতর, আমরা শঙ্কিত হয়ে পড়ি। নীল চাষের পুঁজি আর গার্মেন্টস পুঁজি যে এক, মুনাফাই যে উভয়ের ধর্ম, লেখক সেটি গোপন করেননি। লেখক একজন সাবেক আমলা। একটি পুঁজিবাদী রাষ্ট্র যে কী, তা আমাদের লেখক দেখিয়ে দেন সত্য ভাষ্যে সাহসের সঙ্গে। নদী যে একটি পুঁজি, মুনাফার উৎস এবং মানবিকতা যে সেখানে তুচ্ছ, শীতলক্ষ্যাকে সামনে এনে লেখক তা স্পষ্ট করেছেন। পরিশেষে বলতে হয়, উপন্যাসটি যদি আরও বড় হতো, চরিত্রের বিকাশ যদি আরও দীর্ঘ হতো, তবে পাঠকের তৃষ্ণা পরিতৃপ্ত হতো।