প্রথম আলোর ২৬ মে প্রকাশিত ‘শিল্পসাহিত্য’ পাতায় মুহাম্মদ লুৎফুল হকের ‘নজরুলের সাহিত্যিক ভাতা’ লেখাটি পড়ে একটি প্রাসঙ্গিক চিঠির কথা মনে পড়ল। ১৯৫২ সালে নজরুল নিরাময় সমিতি ও কবির চিকিৎসা প্রসঙ্গে প্রাবন্ধিক কাজী আবদুল ওদুদ কলকাতা থেকে ড. মুহম্মদ শহীদুল্লাহকে এই চিঠি লিখেছিলেন। শহীদুল্লাহর কনিষ্ঠ পুত্র শিল্পী মুর্তজা বশীর এখন থেকে প্রায় তিন যুগ আগে তাঁর কাছে সংরক্ষিত ওই চিঠি অবিকল নকল করতে দিয়েছিলেন আমাকে।
ওদুদের পত্রে উল্লিখিত রবিউদ্দিন আহমেদ (১৯২৪-১৯৭৬) চিকিৎসার জন্য কবিকে ভিয়েনায় নিয়ে গিয়েছিলেন ১৯৫৩ সালে। নজরুলের দেশে ফেরার পর রোমে গিয়ে তিনি রোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবীন্দ্র-পরিকর জোসেপ্পে তুচ্চির কাছে ইতালিয়ান ভাষা শেখেন এবং ওই বিশ্ববিদ্যালয়ে বাংলা শিক্ষকতা করেন। রোমে চলচ্চিত্র বিষয়ে ডিপ্লোমা করে কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন। রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা ইতালিয়ান ভাষায় তিনি তর্জমা করেন।
সত্তর দশকের মাঝামাঝি কলকাতার পার্ক সার্কাসে ওদুদ সাহেবের বাসায় তাঁর সঙ্গে আমার পরিচয় হয়। তখন তাঁর তত্ত্বাবধানে জনৈকা ইতালিয়ান তরুণী বাংলা সাহিত্য বিষয়ে গবেষণা করছিলেন। তাঁর চেহারা ছিল অনেকটা রোমান হলিডের নায়িকা অড্রে হেপবার্নের মতো।
ওদুদ তাঁর চিঠিতে যে অভিধানের উল্লেখ করেছেন, তার নাম ব্যবহারিক শব্দকোষ (দ্বিতীয় খণ্ড, কলকাতা, ১৩৬০ বঙ্গাব্দ)। রবীন্দ্রসাহিত্য থেকে উদহারণের প্রাচুর্য এবং বাঙালি মুসলমান সমাজে প্রচলিত আরবি, ফারসি ও উর্দু শব্দাবলি সংকলন ওই অভিধানের বৈশিষ্ট্য।
আজতক অপ্রকাশিত আবদুল ওদুদের চিঠির পুরো বয়ান উদ্ধৃত করছি। চিঠির বানানরীতি অক্ষুণ্ন রাখা হয়েছে।
>৮ বি তারক দত্ত রোড
কলকাতা ১৯
১০. ০৯. ৫২
জনাব ডাক্তার সাহেব,
তসলিম। এই চিঠিখানি নিয়ে যাচ্ছেন রবিউদ্দিন সাহেব—তিনি নজরুল নিরাময় সমিতির সহঃসম্পাদক। কবি নজরুলের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় তাঁর, তাঁকে রাঁচিতে রেখেও এসেছেন তিনি।
রবিউদ্দিন সাহেব পূর্ববঙ্গে যাচ্ছেন নজরুলের চিকিৎসার জন্য কিছু টাকা আদায় করার আশায়। এখানে আমরা পৌনে ছ’হাজার টাকা তুলেছি, তার মধ্যে পূর্ববঙ্গ থেকে পেয়েছি ২৮০+২৫+৫।।.=৩৫৭।।. [য. দৃ.]। এ যে অত্যন্ত কম তা সবাই স্বীকার করবেন। যে টাকা আমাদের হাতে জমেছে তাতেই রাঁচীর চিকিৎসা হয়ে যাবে—যদি পশ্চিমবঙ্গ সরকার কিছু না দেন তাহলেও—কিন্তু আমরা ভাবছি, এরপর কবিকে ইউরোপ পঠাবার কথা—যেখানে বহু টাকা লাগবে, কমপক্ষে ৪০,০০০ টাকা। এবং অন্ততঃ ১০,০০০ টাকা পূর্ববঙ্গ দিক, নইলে যে তার মান থাকে না। রবিউদ্দিন সাহেব এবার অন্ততঃ ৫০০০ টাকা চাচ্ছেন। আশা করি আপনারা সবাই এই ভিখারীরর বাঞ্ছা পূরণ করবেন।
অভিধানখানি কি দেখেছেন? আপনার বিস্তৃত মতামতের প্রতীক্ষা করছি।
আরজ ইতি—ভবদীয়
কাজী আবদুল ওদুদ