একটি প্রদর্শনী-সম্পর্কিত
‘নানা মুনির নানা মত’ বলে বাংলায় সুপরিচিত একটি প্রবাদ রয়েছে। একটি দলবদ্ধ চিত্রকলা বা চারুশিল্প প্রদর্শনী দেখলে অনেক ক্ষেত্রেই দর্শকের প্রবাদটি মনে পড়তে পারে, অর্থাৎ ‘নানা শিল্পীর নানা কৌশল’ এভাবেই ধরা দেবে প্রবাদটি; আর এ ক্ষেত্রে ‘বিষয়’ যখন উন্মুক্ত বা শিথিল। এশিয়াটিক সোসাইটির ৬০ বছর পূর্তি চলছে, সে উপলক্ষে এই দলবদ্ধ চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এশিয়াটিক সোসাইটির গ্যালারি অব ফাইন আর্টসে। সমকালীন বাংলাদেশের ২৯ জন শিল্পীর ৩০টি চিত্রকর্ম স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। প্রদর্শনীর নবীন-প্রবীণ দুই প্রজন্মের শিল্পীদের স্বকীয় বৈশিষ্ট্য ও বক্তব্য নির্মাণে নিরীক্ষাধর্মী প্রচেষ্টা উপস্থিত, যদিও শিল্পকর্মের ‘কনসেপ্ট’ উপস্থাপনে জোরালো প্রজন্মপ্রভেদ অনুপস্থিত। অধিকাংশ ক্যানভাসে মধ্যবিত্ত রোমান্টিসিজমের ভেতর দিয়ে যাত্রা করেছে সময় ও জীবনের সংগ্রাম, আশা-হতাশা, স্বপ্ন, উচ্চাশার রায় এবং নান্দনিক অভিজ্ঞতামিশ্র অভিব্যক্তিবাদী শিল্প-আন্দোলনের ভাষা-ধারায়। দেশের আধা সামন্তীয়, আধা ঔপনিবেশিক অর্থনৈতিক কাঠামোর সঙ্গে নিবিড়ভাবে জড়িত সমাজকাঠামোর যে চিত্র আমরা অনুভব করি, ক্রমবিকাশমান চারুশিল্প মাধ্যমের প্রদর্শনীগুলোর পক্ষে এর বাইরে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এ অবস্থায় পুরুষতান্ত্রিক সমাজকাঠামোয় শিল্পী হিসেবে নারীদের সংগ্রাম আরও বন্ধুর। প্রদর্শনীতে ছয়জন নারী শিল্পীর বলিষ্ঠ অংশগ্রহণ কতটা আশাব্যঞ্জক, এটা বিবেচ্য। সময়ের দাবিতে সংখ্যাটি অধিক হলে এশিয়াটিক সোসাইটির ৬০ বছর পূর্তি উদ্যাপন প্রগতিশীল মননের বাস্তব প্রকাশ হতে পারত। দেশের প্রখ্যাত ভাস্কর শিল্পী হামিদুজ্জামান খানের ‘আদদু মালদ্বীপ’ পেইন্টিংটি অ্যাক্রিলিক মাধ্যমে করা। ক্যানভাসের নিচের তলে ব্যবহূত টেক্সচার ওপরের তলের রঙের প্রলেপের ভেতর থেকে বেরিয়ে এসেছে বিভিন্ন আকার নির্মাণে। বহু ফর্ম (যা কিছুটা জ্যামিতিক) দ্বিমাত্রিক বলিষ্ঠ রেখার মাধ্যমে উপস্থিত বিমূর্ত অভিব্যক্তির সংজ্ঞায়নে, যদিও শিল্পীর ব্রাশ চালনা, রেখা ও রঙের সমন্বিত কম্পোজিশন গতি এবং স্বাধীনতার আবহ তৈরি করেছে। শিল্পীর ফর্মভিত্তিক ভাস্কর্যগুলোর সঙ্গে অবিচ্ছিন্নতা তৈরি করে চিত্রকর্মটি। ‘এসেন্স অব নেচার’ ছবিতে শিল্পী সমরজিৎ রায় চৌধুরী জলরংকে মাধ্যম হিসেবে নিয়ে মাছ ও বাংলাদেশের লোকজ নকশা ফর্মের সরলীকরণ করে নিজস্ব ঢঙে কাজ করেছেন। শিল্পী মোহাম্মদ ইউনুস কয়েক পরতে তৈরি তলে বিভিন্ন টেক্সচার তৈরি করে সমান ওপরিতলে রিলিফ করেছেন কোথাও। গোলাকার ফর্ম ও রেখা খুব সংক্ষেপায়িত; নরম ধূসর রং, কালোয় গভীরতা ও নীল একটু উজ্জ্বল, যা ভালো লাগার অনুভূতি জন্ম দেয় বিমূর্তায়নের অভিব্যক্তিতে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুব সাধারণ উৎসুক দর্শক এ ধরনের ছবির রস আস্বাদনের কী বুঝবেন; ভালো নাকি মন্দ লাগা তৈরি হবে, তা দীর্ঘদিন আমাদের চারুশিল্পবলয়ের চিন্তা ও তর্কের বিষয়। প্রদর্শনীতে অধিকাংশ শিল্পী অ্যাক্রিলিক মাধ্যমে কাজ করেছেন। কিছু মিশ্র মাধ্যম ও চার কোণের ব্যবহার রয়েছে। উপকরণ ব্যবহারে ব্যতিক্রম শিল্পী নিসার হোসেন পাটের চটকে ক্যানভাসের কাপড়ের মতো ব্যবহার করেছেন। ছবির নাম ‘আনটাইটেলড’। রং অ্যাক্রিলিক। চিত্রপটের নির্মাণ বিভিন্ন তলে ভারী করে রং লেপনের মাধ্যমে করেছেন কাজটি। লাল রঙের আধিক্যে, কালো রং, মোটা রেখা, গভীরতা তৈরি করেছে। সবুজ, নীল, বিবিধ রং মিলেমিশে থাকা পরিবেশে দীর্ঘক্ষণ তাকালে নানাবিধ আঙ্গিক অবয়ব চোখে আসে অস্পষ্ট রূপে। আনুভূমিক দিকে পাখি পতনের গতি শিল্পীর অনুভূতির তীব্রতার বয়ান আসলেই শিরোনামহীন। শিল্পী নাসরীন বেগম ‘লাভিং ক্যাকটি ওমেন’ ছবিতে হলুদ-সবুজ পেছন দৃশ্যের সামনে সবুজ রঙের রমণীর অথবা প্রতিকৃতিতে প্রাচ্য ধারার ঠোঁট ও চোখের নির্বিকার উপস্থাপন। মাথায় হলুদ ফুল পরানো। শিল্পী আইভি জামান বিবিধ রঙের ব্রাশিংয়ের মধ্য দিয়ে ফর্ম তৈরি করেছেন, যার ভেতরে একটি প্রতিকৃতির আভাস পাওয়া যায়। ‘ড্রিমি ফেস’, ‘চাইল্ডহুড মেমোরি’ শিল্পী আতিয়া ইসলাম অ্যানির চিত্রকর্মের শিরোনাম। শিল্পী নাইমা হক ক্যানভাসের সাদা উপরিতলে নরম হলুদের আবহ এবং কাগজ লাগিয়ে অবয়ব তৈরি করেছেন ‘ইয়েলো মাইন্ড’ ছবিতে। প্রদর্শনীতে আরও অংশ নিয়েছেন আমিনুল ইসলাম, বীরেন সোম, নাজমা আক্তার, সরবোরী রায় চৌধুরী, আতিকুল ইসলাম, নাসিমুল খবির, মোহাম্মদ ইকবাল, মুস্তাফা খালিদ, সামসুদ্দোহা, শেখ আফজাল, আবদুল মান্নান, রণজিৎ দাস, রাশেদুল মানিক, মামুন কায়সার, হাসান মাহমুদ, কাজী সালাউদ্দীন আহমদ, খুরশীদ আলম সেলিম, নাফিস আহমদ প্রমুখ শিল্পী।প্রদর্শনী শুরু হয় ১ ডিসেম্বর, চলেছে ৮ ডিসেম্বর পর্যন্ত।