আমাদের পুরোনো বাড়িতে অনেক দিনের পড়ে থাকা এক আলমারির ভেতরের জিনিসপত্র ঘাঁটতে গিয়ে হঠাৎ ছোট কাকুর একটি প্রায় জীর্ণ ডায়েরি পেয়ে ভীষণ চমকে উঠলাম। আজীবন ছন্নছাড়া বাউন্ডুলে ছোট কাকু গ্রিসে মারা যাওয়ার আগে কোথায় কোথায় ঘুরেছেন, এতে মূলত তারই বয়ান। বেশির ভাগ সময় ইউরোপে থাকলেও ব্রাজিল এবং আর্জেন্টিনাতেও ছিলেন বেশ কিছু সময়। এবং আমার উত্তেজনার কারণ সেখানকারই একটা কাহিনি, যার সঙ্গে বিশ্ববিখ্যাত লেখক হোর্হে লুই বোর্হেসের একটি বহুল আলোচিত গল্পের দারুণ মিল।গল্পের সঙ্গে কাকুর কাহিনির মিল—ঠিক আছে, কিন্তু..., কিছু ঘটনা আমার ভেতরটা একেবারে কাঁপিয়ে দিল। হ্যাঁ, বিরাট একটি কিন্তু রয়েছে ওই ডায়েরির কয়েকটি পাতায়। অনেক ভেবেও কী করা যায় বুঝতে না পেরে অবশেষে সেই ডায়েরি থেকে সম্পর্কিত অংশগুলো হুবহু এখানে তুলে দিলাম, শুধু নাম-পরিচয়গুলো হোর্হের গল্পের মতোই থাকল।ইমা জুনেজর ওপর অনেক আগে থেকেই চোখ ছিল আমার। সামনের এপ্রিলে ওর উনিশতম জন্মদিনের অনানুষ্ঠানিক ছুতোয় ওকে আমি আনুষ্ঠানিক প্রস্তাব দেব বলে ভেবে রেখেছিলাম, কিন্তু হঠাৎ এর মধ্যেই দ্রুত ঘটে যেতে থাকল একের পর এক ঘটনা কিংবা দুর্ঘটনা। আমি সত্যিই এখনো বুঝি না, কেন নিয়তি আমাকে নিয়ে এমন নিষ্ঠুর মজা করতে গেল।আমি যে সিমেন্ট কারখানায় কাজ করতাম, আমাদের শিপমেন্টের সেদিন ছিল শেষ চালান। জাহাজে সব মাল লোড হয়ে গেছে, রাতেই পায়ার থ্রি থেকে ছেড়ে যাবে। আমি তাই সবকিছু বুঝিয়ে দিয়ে কোম্পানির কাগজপত্র সই-স্বাক্ষর করিয়ে ফুরফুরে মেজাজে জাহাজ থেকে নেমে জেটি ধরে ফিরে আসছিলাম। হঠাৎ দেখি ইমা জুন্জ, এদিক-ওদিক তাকাচ্ছে—যেন বেড়াতে এসেছে। আমাকে দেখে প্রথমে নার্ভাস হয়ে পড়ল, একটু যেন উৎকণ্ঠিত লাগছিল, অবশ্য বরাবর ওকে তা-ই লাগে আমার। আমি ওকে এত কাছে পেয়ে কী করব ভেবে পাচ্ছিলাম না। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, কোথাও বসে একটু কফি-টফি খেতে পারলে, মানে অতটা সময় তাকে কাছে পাওয়া যাবে কি না, তার কোনো ছুতো খুঁজছিলাম মনে মনে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ও আমার খুব কাছে চলে এল, প্রবল বুক ধুকপুকানোর মধ্যে আমার আবেগতাড়িত সপাট চুম্বনে বিহ্বল ইমা সম্পূর্ণ আত্মসমর্পণ করে (বিশ্বাস করতেও কষ্ট হয়) নিজেই বলল তাকে কোথাও নিয়ে যেতে। এতটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, অন্তত এভাবে বোধ হয় চাইনি আমি, তবু যাহোক, ব্যাপারটা ঘটে গেল। আমাকে ধন্য করে দিল ইমা। মনে হলো, বুঝি এবার মরেও যেতে পারি—কোনো আফসোস থাকবে না।তবে..., ওসব একটা কথার কথা, সন্তাপ থেকেই যায়।ওর মা ছিল না, বাপ ছিল একটা দাগি চোর, সে জন্য জেলও খেটেছিল; অন্তত তা-ই শুনেছিলাম আমি। কিন্তু ইমাকে আমার খুব ভালো লাগত। কারণ, ওর লাজুক স্বভাব। একেবারেই অন্য রকম, ভীষণ অন্তর্মুখী, একদম চুপচাপ ধরনের একটা সাদাসিধা গোছের ছোটখাটো মেয়ে, গুঁতো দিলেও বুঝি রা করে না। এবং অনেকটা হয়তো সে কারণেই ইমা ছিল আমার কাছে এক পরম আরাধ্য দেবী।কিন্তু ওকে হঠাৎ পেয়ে যাওয়ার পর সেই রাতটা আনন্দের আতিশয্যে নির্ঘুম কাটিয়ে পরদিন সকালেই লোকজনের মুখে এটা-সেটা শুনে প্রায় দিশাহারা, তারপর খবরের কাগজে বিস্তারিত দেখে হয়ে পড়লাম একেবারেই দম আটকানো স্তব্ধ এবং যারপরনাই হতাশ। আমার দৃঢ় বিশ্বাস, ব্যাপারটা মোটেও এ রকম ঘটেনি, মানে (পুলিশের উদ্ধৃতি দিয়ে) কাগজে যা বলা হয়েছে—অফিসের বস কাজের কথা বলে বাসায় ডেকে নিয়ে গিয়ে সুযোগ নিয়েছে বলে ইমা তাকে খুন করেছে।সম্ভ্রম হারিয়ে তাৎক্ষণিক হত্যা—সুতরাং বলতে গেলে কোনো অভিযোগই উঠল না, তবু নিয়মমাফিক সঙ্গে সঙ্গে ডাক্তারি পরীক্ষা এবং পরেও কিছু জিজ্ঞাসাবাদ সই-স্বাক্ষর হলো, কয়েকটা দিন লাগল তার সবকিছু মিটিয়ে ঝামেলামুক্ত হতে, তবে সবার সহানুভূতি সব সময় তার পক্ষেই ছিল। কিন্তু এই পুরো সময়টা সে আমাকে না চেনার ভান করল; তবু যাহোক, তাকে জানিয়েছিলাম যে সবকিছুর পরেও আমি আগের মতোই ভালোবাসি এবং তারপর একসময় সোজাসুজি তাকে বিয়ে করতে চাইলাম। স্বভাবতই ইমা একটু গড়িমসি করার চেষ্টা করেছিল, তারপর কোনোভাবে হয়তো তার মন গলল কিংবা আমি আসল কথাটা কাউকে বলে দিই কি না, সে ভয়টা থেকেও হতে পারে..., মাত্র কয় দিন পরে (আমার প্রত্যাশার চেয়ে অনেক আগে) ঠিক তার জন্মদিনেই আমরা বিয়ে করলাম। কিন্তু প্রশ্নটা রয়েই গেল—আমার সঙ্গে মিলনের পর ওই অত রাতে একা একা সে তার বসের বাসায় গেল কেন? বারবার প্রশ্নে বিরক্ত হয়েই হয়তো কিংবা এর মধ্যে আমার সঙ্গে যতটুকু মানসিক সম্পর্ক তৈরি হয়েছে, তাতে অবশেষে আসল কথাটা আমাকে জানাল ইমা: ঠিক আগের দিন সে খবর পেয়েছিল যে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ নিয়ে আত্মহত্যা করেছে তার বাবা, কিন্তু এ ঘটনার জন্য প্রকৃতপক্ষে তার বস সিনর আরনই দায়ী। কারণ, অনেক দিন আগে এই আরন লোয়েনথাল একটা মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছিল তাকে, জেল খাটতে হয়েছিল তাকে, নিশ্চয় সেই লজ্জাতেই বাবা আত্মহত্যা করেছে!‘আমি আমার বাবার আত্মবলিদানের বদলা নিয়েছি।’‘মানে! কীভাবে?’টেক্সটাইল ফ্যাক্টরির ভেতরে কোনার দিকে যে ছোট অফিস বিল্ডিংয়ে কাজ করত ইমা, তার ওপরে একটা ঘরে একাই থাকত তার বিপত্নীক প্রৌঢ় বস। ফ্যাক্টরির কর্মচারীদের অসন্তোষের ব্যাপারে কিছু গোপন তথ্য শুধু তাকে জানাতে চায় বলে সকালেই তার কাছে সময় চেয়ে রেখেছিল ইমা। সন্ধ্যার পরে বন্দর থেকে সোজা সেখানে গিয়ে শ্রমিকদের ষড়যন্ত্রের তথ্য ফাঁস করার ভান করতে করতে নার্ভাসনেস কাটানোর জন্য পানি চেয়ে সেই ফাঁকে তার টেবিলের ড্রয়ার থেকে রিভলবার বের করে গুলি করে সে, তারপর সেখান থেকেই পুলিশে ফোন করে।কী ভয়ানক! ঢোক গিললাম আমি, সঙ্গে ঘটনাটাও যেন গেলার চেষ্টা করলাম।কিন্তু পুরোটা হজম করা গেল না, আবারও কিছু প্রশ্ন যে জাগে মনে...‘ওইখানে রিভলবার ছিল তুমি জানলে কী করে?’‘সিনর জর্জ বলেছে। সে একসময় তার ব্যবসায়িক পার্টনার ছিল, পরে তার সঙ্গেও জোচ্চুরি করেছে বলে জর্জ আংকল তার সঙ্গে আর ব্যবসা করেনি।’এই জর্জ কাকাকে দেখেছি আমি, শুনেছি তিনি ছিলেন ইমার বাবার একরকম বন্ধু, ইমাকেও তিনি খুবই স্নেহ করতেন (মানে..., এখনো করেন বলাই উপযুক্ত হবে, হয়তো)।‘তুমি কি এর আগে কখনো রিভলবার দেখেছ? চালাতে জানলে কীভাবে?’এবার রেগেই গেল ইমা, উদ্ভ্রান্তের মতো বলতে লাগল, ‘আমি ড্রয়ারটাই খুঁজে পাচ্ছিলাম না, তখন আমার হয়ে ওই জর্জ কাকাই গুলি করেন। আমার নিরাপত্তার কথা ভেবে উনি আগে থেকেই ওখানে লুকিয়ে ছিলেন।’কী!হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম আমি।তারপর ধীরে ধীরে ইমার থেকে শুনেটুনে যতটুকু বুঝলাম তাতে পুরো ছবিটা পেলাম এই রকম—প্রায় ছয় বছর আগে সিনর জুন্জ এই ফ্যাক্টরিতেই ক্যাশিয়ার পদে চাকরি করতেন (ম্যানুয়েল মেয়ার নামে, আগে যেটা ছিল ইমানুয়েল জুন্জ), এটা সেই তখনকার ঘটনা যখন আরন ছিল ম্যানেজার, এখনকার মতো মালিকদের একজন হয়ে ওঠেনি। তো সে সময় ফ্যাক্টরিতে একটা চুরির ঘটনায় মি. মেয়ার দোষী সাব্যস্ত হওয়ায় জেল হয় তাকে। কিন্তু সে একান্তে ইমাকে শপথ করে বলে যে সে কোনো টাকা চুরি করেনি, করেছে আসলে ওই আরন। আর (তার বাবার) সেই কথাগুলোকে পরে সমর্থন এবং সত্য বলে সাক্ষী (অবশ্য এই প্রেক্ষাপটে সেটাকে সাংঘাতিক রকমের উসকানিমূলকই বলা যেতে পারে) দিয়েছে জর্জ কাকা। এখন হঠাৎ তার আত্মহত্যার (কত রকম কারণই তো থাকতে পারে ওই রকম একজন নিঃসঙ্গ লোকের নিজের জীবনের প্রতি বীতশ্রদ্ধ হওয়ার, অন্তত ছয় বছর আগের কোনো সত্য কিংবা মিথ্যা পাপের গ্লানিও এর কোনো বড় কারণ বলে আমার মনে হলো না) সংবাদ পেয়ে (রাগ তো আগে থেকেই ছিল) সাংঘাতিক রকম উত্তেজিত হয়ে পড়ে ইমা, তার জেদি মনটা সেই পরোক্ষ হত্যার বদলা নিতে সিদ্ধান্ত নিয়ে ফেলে তাকে খুন করার, তারপর সারা রাত ভেবে এক জটিল ফন্দি এঁটে চূড়ান্ত প্রতিশোধের নিখুঁত একটা পরিকল্পনা তৈরি করে ফেলে। আর সেটা বাস্তবে রূপ দিতে যা যা করা দরকার করেছে সে। এবং দৃশ্যত জর্জ কাকা তাকে পূর্ণ সমর্থন, সাহস এবং বুদ্ধি জুগিয়েছে; তার সঙ্গে থেকে তাকে শক্তি দিয়েছে এবং সে জন্য তার প্রতি ইমার কৃতজ্ঞতাও সুস্পষ্ট।তাহলে ব্যাপারটা এই দাঁড়াল যে সেদিন তার..., কিংবা বলা ভালো ‘তাদের’ ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্ভ্রমহানির আলামত প্রমাণ করার জন্য তক্ষুনি কাউকে দরকার ছিল বলেই সে বন্দরে গিয়েছিল এবং আমার ভাগ্য খুলেছিল, তা না হলে আমি হয়তো দৃশ্যপটেই আসতাম না। সে হয়তো খুঁজছিল বিদায়ী কোনো জাহাজের নাবিক, যে কিনা তাকে চিনবে না এবং জানতেও পারবে না তাকে কী কাজে ব্যবহার করা হলো। তারপর আমার সঙ্গে দেখা হয়ে গিয়ে এড়িয়ে যাওয়ার কোনো উপায় না পেয়ে একরকম মন্দের ভালো সিদ্ধান্ত নিয়েছে এই ভেবে যে আমি হয়তো ব্যাপারটা বুঝলেও গোপন রাখব, নিজেকে ঝামেলায় জড়াব না। স্বভাবত অন্তর্মুখী এবং স্বল্পভাষী হওয়ার কারণে ইমার মনের খবর মানুষ খুব কমই জানতে পেত, এমনকি আমিও না। সে জন্যই তার ব্যাপারে কিছু ভাবতে গেলে প্রচুর ‘হয়তো’, ‘মনে হয়’ কিংবা ‘বোধ হয়’ থাকে।কিন্তু... যুদ্ধ কী? মানুষকে তার আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে হলে কখনো কখনো রুখে দাঁড়াতেই হয়। প্রতিবাদ অপ্রতিরোধ্য; এটা ভেতর থেকে আসে এবং আসতেই থাকে, আরও একটা নির্যাতনের মতো, এক দুঃসহ পীড়ন। যাহোক, আমার অনেক আজেবাজে কথা মনে হতে লাগল এবং সেসবের কিছুটা একসময় আমি ইমাকে বললাম। বললাম যে তার ওই জর্জ কাকাকে আমার খুব একটা সুবিধার লোক বলে মনে হয় না, এমনকি মাঝে মাঝে তাকে খুন করে ফেলতে ইচ্ছা হয় আমার।এবং তারপর আমি নিজেই খুন হয়ে গেলাম।দুটি গুলি খেয়েও তখনো মরিনি আমি, সেই বন্দরে জেটির ধারে পড়ে থেকে অর্ধচেতনে শুনতে পেলাম, ইমা ভয়ার্ত কণ্ঠে পুলিশকে বর্ণনা করছে কীভাবে দুজন ছিনতাইকারী আমাকে গুলি করেছে। তারপর লোকজনের শব্দ পেয়ে দ্রুত ওই দিকে পালিয়ে গেছে। সে সময় পুরোপুরি জ্ঞান ফিরে এল আমার। চোখ মেলে দেখলাম, ভয়ে সাদা হয়ে যাওয়া ইমার আতঙ্কিত চেহারা, অবাক অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। পুলিশ আমার মুখের ওপর ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল আমি আততায়ীকে দেখেছি কি না, তক্ষুনি আবার অজ্ঞান হয়ে পড়ার ঠিক আগে আমি দৃঢ় স্বরে নিশ্চিত করলাম ‘দেখেছি’ বলে।কিন্তু তারপর আমি সেরে উঠতে লাগলাম। হাসপাতালে ইমা আমাকে দেখতে গিয়েছিল কি না জানি না, শুধু ছাড়া পাওয়ার ঠিক আগে স্বপ্ন দেখি কে যেন এসে বলছে—সেই দিনই সকালে একটা দুর্ঘটনা ঘটেছে; কাপড় ইস্ত্রি করার সময় কীভাবে যেন তার পেঁচিয়ে ইমার শরীর বিদ্যুতায়িত হয়ে যায়, তারপর ডাক্তারখানায় নেওয়ার পথেই সে মারা গেছে।হাহ্, ইমা সে ধরনের মেয়েই নয়, সাধারণ যেকোনো নারীর চেয়ে ওর নার্ভ অনেক শক্ত।আড়মোড়া ভেঙে পাশ ফিরে শুলাম আমি, দু-এক দিনের মধ্যেই বাড়ি ফিরে যাব, কত কাজ বাকি..., সত্যিই, অনেক কাজ।ভাগ্যিস মরিনি আমি, না হলে ওই কাজগুলোর জন্য আফসোস থেকে যেত!কাহিনি বলতে গেলে এটুকুই। এর সঙ্গে জনাব হোর্হের (কাকু যাকে লিখেছেন জর্জ, আমার খুব মনে হয় ইনিই লেখক হোর্হে) গল্পের পার্থক্য শুধু শেষের দিকে। গল্প পড়ে জানা যায়, বাবার আত্মহত্যার প্রতিশোধ নিতে সম্ভ্রমহানির ঘটনা সাজিয়ে তারপর নিজের হাতে আরনকে গুলি করে ইমা, কিন্তু ওখানেই গল্প শেষ; বাকি অর্ধেকটা আর বলেনি সে, যেটা (বিস্ময়কর সেই না বলা অধ্যায়টুকু) জানা গেল কাকুর ডায়েরি পড়ে। আবার কাকুর ডায়েরিতে দেখা যায় ঘটনাটা ১৯৩৮ সালের মাঝামাঝি সময়ের, বোর্হেসের গল্পের প্রকাশও একই সময়। কিন্তু সেই গল্পের শুরুতেই প্রায় অপ্রয়োজনীয়ভাবে ষোলো বছর আগের একটা তারিখ লাগিয়ে দেওয়া হয়েছে, (যাতে) মনে হয় বুঝি অনেক আগের কোনো বানানো কল্পকাহিনি। এটাও নিশ্চয় আরেকটা...ওরা যাকে বলে ‘বোর্হেসিয়ান ধাঁধা’।হাহ্! কি জটিল এই জগৎসংসার, কত সুনিপুণ ভ্রান্ত আবেগ, বিচিত্র ছলচাতুরী এবং কতই না রঙিন হতে পারে তার মিথ্যা প্রকাশ।দীর্ঘশ্বাস ফেললাম আমি।এরপর সিনর বোর্হেস খুব সম্ভব কোনো বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে থাকবেন কিংবা অন্য কোনোভাবে তাঁর একটি হাত এবং পা ভেঙে গিয়েছিল, চোখে এবং কানের পাশে চোয়ালের আঘাতের কারণে তিনি আর আগের মতো স্বাভাবিকভাবে কথা বলতে পারতেন না, দৃষ্টিশক্তিও কমে আসছিল। এর পরপরই তিনি সুইজারল্যান্ড চলে যান। এতটুকু ছাড়া পুরো ডায়েরি ঘেঁটেও তাঁর কিংবা মাদাম ইমার আর কোনো খবর পাওয়া গেল না।