একটি মানবিক পৃথিবীর জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ হাবিবুর রহমান, ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম
মুহাম্মদ হাবিবুর রহমান, ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

বিশ্ব মানবাধিকার দিবস পালনের পাশাপাশি ডিসেম্বর মাসেই আমরা অর্জন করেছি বিজয়। আমাদের জাতীয় সংগীতে বাংলা মাস অগ্রহায়ণের কথা ভালোবাসার সঙ্গে উল্লেখ করা হয়েছে। নভেম্বরের শেষ ১৫ এবং ডিসেম্বরের প্রথম ১৫ দিন অগ্রহায়ণ মাসের বিস্তৃতি। ব্যক্তিগতভাবেও এ মাসের সঙ্গে আমার যোগাযোগ বেশি। এ মাসেই আমার যাত্রা শুরু হয়। নবান্ন, নতুন ধান ও নানা ধরনের পিঠার জন্যও ডিসেম্বর প্রিয় একটি মাস। মানবাধিকার রক্ষায় অবকাশকালীন বিদ্যালয় চালুর জন্য এর চেয়ে ভালো সময় হয়তো আর পাওয়া যেত না।
পাকিস্তানের জন্য একটি কাঠামোবদ্ধ সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭০ সালের ৭ ডিসেম্বর জাতীয় পরিষদের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্তানের জনগণ ১৬৯ আসনের মধ্যে ১৬৭টিতে আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করে। ১৯৭১ সালের ৩ মার্চ থেকে জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা ছিল। কিন্তু ১ মার্চ তৎকালীন পাকিস্তান শাসকগোষ্ঠী গায়ের জোরে তা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেয়। ২৫-২৬ মার্চ রাতে বর্তমান বাংলাদেশ এবং তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্বরোচিত হত্যাকাণ্ডে মেতে ওঠে পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনী, যা ছিল মানবাধিকার ও মানবতার চরম লঙ্ঘন। বাংলাদেশের জনগণ অত্যাচার ও আগ্রাসনের প্রতিশোধ নিতে শেষ পথ হিসেবে বিদ্রোহ করতে বাধ্য হয়। ১৯৪৮ সালে বিশ্ব মানবাধিকার ঘোষণা অনুসরণপূর্বক বলা যেতে পারে, স্বৈরতন্ত্র ও আগ্রাসনের বিরুদ্ধে এ লড়াইয়ে বাংলাদেশের জনগণ বাধ্য হয়েছিল এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক পদক্ষেপ নিয়েছিল। ১৯৭১ সালে বাংলাদেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেখানে ৭ মার্চের অসহযোগ আন্দোলন পরিণত হয় স্বাধীনতা অর্জনের যুদ্ধে।

গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ ও আন্দোলনের অন্যতম প্রেরণা। আমাদের সংবিধানের প্রস্তাবনায়ও এটি যুক্ত করেছি এবং এটি এখন রাষ্ট্রীয় মূলনীতির অন্তর্ভুক্ত। জাতিসংঘ সনদে উল্লেখিত মানবাধিকার রক্ষার প্রায় সব বিষয় আমাদের সংবিধানে সংযোজিত হয়েছে। সংশ্লিষ্ট অধিকারচর্চা ও তা রক্ষায় উচ্চ আদালতে মামলার সুযোগকেও মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করা হয়েছে আমাদের দেশে।
জলবায়ু পরিবর্তন আমাদের জন্য সবচেয়ে কঠিন ইস্যুতে পরিণত হয়েছে, যা বিশ্ব নামক গ্রহের প্রত্যেককে মোকাবিলা করতে হচ্ছে। এর প্রতিকূল প্রভাবগুলো এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) প্রস্তাবনায় জলবায়ু পরিবর্তন রোধে একটি কার্যকর আন্তর্জাতিক উদ্যোগে সব দেশের সম্ভাব্য সর্বোচ্চ সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সবার সামর্থ্য ও অর্থনৈতিক-সামাজিক সক্ষমতা, দায়িত্বশীলতার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক আইনে প্রতিটি মানুষের জন্য নিরাপদ জলবায়ু নিশ্চিতের গ্যারান্টি না থাকলেও সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটি ন্যূনতম পরিবেশ বজায় রাখার অধিকারের স্বীকৃতি রয়েছে। উদাহরণ হিসেবে আরহাস কনভেনশনের প্রথম অনুচ্ছেদটির কথা বলা যেতে পারে, সেখানে বলা আছে, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যেককে এমন এক পরিবেশের গ্যারান্টি দিতে হবে, যেখানে প্রত্যেক পক্ষই কাজ করবে নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ এবং এ কনভেনশনের অধীন পরিবেশসংক্রান্ত বিষয়গুলোয় ন্যায়বিচার নিশ্চিত ও তা প্রতিষ্ঠা করতে।
বেশ কয়েকটি মানবাধিকার রয়েছে, যেগুলোর পূর্ণ বাস্তবায়নে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এগুলোর মধ্যে রয়েছে নাগরিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার। উদাহরণস্বরূপ বেঁচে থাকার অধিকার, সুস্বাস্থ্য, পর্যাপ্ত জীবনমান নিশ্চিত, সম্পত্তি, নিজ সিদ্ধান্ত গ্রহণ, উপযুক্ত কর্মপরিবেশ প্রভৃতি নির্ভর করে নিরাপদ জলবায়ুর ওপর।
আমাদের জন্য এখন এমন একটি মানবাধিকার কাঠামো প্রয়োজন, যেটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা জোগাবে। জলবায়ু পরিবর্তনে আমাদের সক্রিয় ভূমিকা কী হবে, তাও আলোচনার বিষয়। সে ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ জরুরি।
পরিবেশ পরিবর্তনের প্রতি মানবীয় পদক্ষেপ বিষয়ে কট্টরপন্থী আর রক্ষণশীলরা ভিন্নমত পোষণ করেন। কট্টরপন্থীদের মতে, নিয়মতান্ত্রিক শোষণ, অনাচার আর পরিবেশগত বিপর্যয়ের সমাধান একই ধরনের। পরিবেশ রক্ষা বলতে তাঁরা বোঝেন, নব্য উদার বাজার ধারণা প্রত্যাখ্যানের সব সংগ্রামের সমষ্টি আর এমন একটি বিশ্ব তৈরি, যেখানে স্বায়ত্তশাসিত সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে গোত্রগুলোর হাতে। ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে যে পরিবেশগত বিপর্যয় সামাল দিতে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে, সমস্যা সমাধানে গৃহীত বিষয়াবলি কার্যকরভাবে প্রয়োগ করতে পারে সরকারই।
সারা বিশ্বেই মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ছে। আমাদের প্রশাসকেরা এখন পর্যন্ত দৈনন্দিন মানবাধিকার সমস্যা সাফল্যের সঙ্গে মোকাবিলা ও এর সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। মানবাধিকার রক্ষা-সম্পর্কিত যেকোনো আন্দোলনের কৌশল ঠিক করতে একটি দেশের ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিকসহ সব বিষয় আমলে নিতে হয়। ধর্মের প্রতি মানুষের আনুগত্য থাকা স্বাভাবিক। তাই ভিন্ন মতে বিশ্বাসীদের সংস্কার প্রস্তাব তাদের পক্ষে গ্রহণ না করাটাও অস্বাভাবিক নয়। ধর্মের মূল বিষয় নিয়ে আন্তর্জাতিকীকরণ স্বভাবতই ব্যর্থ হয়, আর তাতে তর্কের ঊর্ধ্বে থাকা মানবাধিকার রক্ষার বিষয়টি বাধাগ্রস্ত হতে পারে।
আমরা কিয়োটো প্রটোকলের দশা দেখেছি। নিকট ভবিষ্যতে পরিবেশগত পরিবর্তন নিয়ে জরিপ হওয়ার সম্ভাবনা তেমন নেই। নিজেদের জীবনযাত্রায় বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় মার্কিনরা। চীন, ভারত ও শিল্পে অগ্রসরমাণ দেশগুলো এখন উন্নয়নের দিকেই মাথা ঘামাচ্ছে, কিন্তু টেকসই উন্নয়নের দিকে তাদের নজর দেওয়ার তেমন সময় নেই। সারা বিশ্ব টেকসই উন্নয়ন চুক্তিতে আসার আগ পর্যন্ত প্রত্যেক সরকারেরই উচিত হবে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বিষয়গুলো দ্রুততার সঙ্গে চিহ্নিত ও তা যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখা। আমরা দেখছি, এ দেশের দখলবাজেরা নদী গ্রাস করছে, শিল্প বর্জ্য পরিশোধন না করে নদীতে ফেলায় দূষিত হচ্ছে এর পানি এবং নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে শিল্প-বর্জ্যে। এমনকি শিল্প-কারখানা বা আবাসনের নামে বনভূমি উজাড় করা হচ্ছে।
যেখানেই অধিকার আছে, সেখানে প্রশ্ন ওঠে তা লঙ্ঘন আর অধিকার হরণের সমাধান নিয়ে। এ ধরনের লঙ্ঘন আর অধিকার হরণের মোকাবিলা করা যায় আদালতের মাধ্যমে; আবার পরোক্ষভাবে এর বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলা যায়। এ ক্ষেত্রে অবিবেচক আইন আর নীতির বিরুদ্ধে জনগণের পরোক্ষ প্রতিরোধ জলবায়ু ও মানবাধিকার রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
আমাদের নতুন প্রজন্মের আইনজীবীরা নতুন ধরনের আইনি দর্শন, কাঠামো ও সেবা গড়ে তুলতে চাইছেন। তাঁদের ঐকান্তিক ইচ্ছায় আইন আর প্রথাগুলোকে মানবাধিকার ও সমসাময়িক অবস্থার সঙ্গে তাল মেলানোর উপযোগী করে গড়ে তোলা সম্ভব।
মোটকথা, মানব ইতিহাস বলে মানবাধিকার রক্ষায় সব সময় অন্যতম অন্তরায় ছিল জলবায়ু পরিবর্তন। বিশেষ করে যারা দুর্বল তাদের ওপরই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ে। তাদের মানবাধিকারই এ ক্ষেত্রে সবচেয়ে বেশি লঙ্ঘন হয়। নিজেদের তো বটে, বিশ্বের সব মানুষকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রগুলোর। এখন দরকার অতীতের অবিচার ও গ্লানি মুছে উন্নয়নের অধিকার নিশ্চিত করতে নতুন ধরনের কলাকৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফোরামগুলোয় রাষ্ট্র ও জাতিগত উপস্থিতি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
অবকাশকালীন মানবাধিকার বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তৃতার অনুবাদ