একটি সজাগ উপন্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরিশংকর জলদাস দহনকাল উপন্যাসটি লিখেছেন উত্তর পতেঙ্গার দুটি জেলেগ্রামকে (মেছোপাড়া) পটভূমি করে—মাউছ্যাপাড়া এবং কৈত্তরপাড়া। মাউছ্যাদের জীবনযাত্রার এক বিশাল চিত্রপট এঁকেছেন হরিশংকর। ধীবরজীবন নিয়ে বাংলা সাহিত্যে এর আগে নামকরা উপন্যাস আছে দুটি—অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম ও মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি। কিন্তু এ লেখক দুজনই ধীবর জীবনকে দেখেছেন বাইরে থেকে, কিন্তু হরিশংকর তাঁর উপন্যাসটি তৈরি করেছেন জেলেজীবনের ভেতর থেকে।কেমন করে? বাংলা সাহিত্যের পাঠকেরা এ যাবৎ সম্ভবত সামুদ্রিক মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরার নিবিড় অভিজ্ঞতার কথা শোনেননি। হরিশংকরের বিশ্বস্ত চিত্রায়ণ থেকে আমরা জানতে পারি যে গভীর সমুদ্রে (কালিদইজ্জা) বহদ্দারদের বড় নৌকায় বিহিন্দিজালে লাক্ষা, কোরাল, লাম্বু, ঘৌড়, সুরমাসহ বিভিন্ন মাছ হাজার হাজার ধরা পড়লেও, এ মাছকে জীবন্ত রাখার কোনো উপায় নেই। ফলে মাছ ধরা মাত্রই পেট চিরে নাড়িভুঁড়ি বের করে লবণ মাখিয়ে নৌকায় শুকোতে দিতে হয়। এ হলো শুঁটকি মাছ উৎপাদনের কারণ। গভীর সমুদ্রে আশ্চর্যজনকভাবে মাছি আসে। ডোম মাছি। এ মাছি ডিম পাড়ে সাদা সাদা, ঝুলন্ত শুঁটকি মাছের ফালির ওপর। সন্ধ্যা হলে পর, শুঁটকির শরীরের বিভিন্ন খোড়লে আশ্রয় নেওয়া কালো কালো গুবরে পোকারা বের হয়ে আসে মাছির ডিম খাওয়ার লোভে। এরা উড়তে পারে না, কিন্তু লাফ দিয়ে দিয়ে শুঁটকির এক ফালি থেকে আরেক ফালিতে ডিম খেয়ে বেড়ায়। আরেকটি ছবি: বড় নৌকার সঙ্গে বাঁধা থাকে ছোট নৌকা, যেখানে মজুত থাকে তিন থেকে চার মাসের খাদ্য। মাছের অভিযানে সদস্য থাকে একজন মাঝি, যিনি মূল-কান্ডারি, একজন ছোটমাঝি, একজন রাঁধইন্যা বা পাচক আর দশ বারজন গাউর বা শ্রমিক। প্রথমে খাওয়া হয়ে যায় টম্যাটো, তরকারী, বেগুন ইত্যাদি যেগুলি দ্রুত পচে যায়। তারপর খাওয়া হয় আলু দিয়ে ভাত। পরম সম্পদ হলো পিপার মধ্যে সঞ্চিত খাওয়ার জল। সমুদ্র পানির রাজ্য হলেও এর লোনা পানি খাওয়া যায় না। ‘ওয়াটার, ওয়াটার, এভরিহোয়ের, নর এনি ড্রপ টু ড্রিংক’, লিখেছিলেন ইংরেজ কবি কোলরিজ। দহনকালের মাউছ্যাদের একই অবস্থা। কারণ সমুদ্রবক্ষে পানি শেষ হলে জীবন শেষ। তাই খেতে হয় কম কম, মাঝির কড়া শাসানির তলায়। কিন্তু যৌনতার কী করা? গাউর মতিলালের লালসার চোখ পড়েছে রাধন্য ছেলে আজলার ওপর। আজলার চলাফেরা মেয়েদের মতো। মতিলাল ঠাট্টা করে তাকে ‘অডি’, ‘বেডি’ (চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মেয়ে মানুষের জন্য সম্বোধনপদ।) ডাকে, ইশারায় জানায় সে তার ‘বৌ’। ‘কি কলিদি, লেরর পুত’ (কী বললি, আমার লিঙ্গের ছেলে), ‘তুই কি বুজ্যিস না আঁত্তে চনু নাই’ (তুই কি মনে করেছিস আমার লিঙ্গ নেই?), ‘তইলে চা চোদানির পোয়া আঁর...।’ বলে আজলা লুঙ্গি তুলে দেখায়। সেটি দেখে মতিলাল ‘অ বাবারে’ বলে পালিয়ে বাঁচে। জেলে সংস্কৃতি বা যেখানে পুরুষেরা নারীবিহীন পেশায় জীবন কাটায় সেখানে জন্ম নেয় সমকামিতা। তার নানা উপসর্গ হরিশংকর আত্ম-অভিমান ছাড়াই তুলে ধরেছেন। স্কুলগামী হরিদাসকে প্রতিবেশী মনোরঞ্জনের ছেলে কয়েকবারই বলাৎকার করার চেষ্টা করে। উপন্যাসের খেপাটে কিন্তু পরোপকারী চরিত্র বিশালদেহী খু-উ বুইজ্যা তাকে রক্ষা করে। কিন্তু জেলেরা শুধু জলপুত্র নয়, তারা জলসৈনিকও বটে। সমুদ্রের সঙ্গে তাদের যুদ্ধ। সে যুদ্ধের একটি নিবিড় বর্ণনা পাই বহদ্দার শিবশরণের ছোট নৌকার মাঝি ঈশান মাঝির বীর-বিক্রমে ভয়াবহ তুফানের মুখে নৌকা ও জানমাল রক্ষা করার মধ্যে। আর সাহস? “কে যেন ডুকরে কেঁদে ওঠে ছইয়ের ভেতর। পাছা থেকে হাল-ধরা হাতে ঈশানমাঝি চিৎকার করে উঠল, ‘কনে কাঁদর, কন্ খানকির পোয়া কাঁদর রে। কাঁদিলে মরিবি, সাহস নো হারাইস।” (পৃ. ৫২)।কিন্তু সমুদ্রের হিসাব তো ডাঙ্গায় চলে না। উত্তর পতেঙ্গায় কর্ণফুলীর অববাহিকায় দুই পাড়ে দুটো জেলেপাড়া। ইচাখালির পাড়াটার নাম মাউছ্যাপাড়া আর কাঁঠালিয়ার পাড়াটার নাম কৈত্তরপাড়া। কৈবর্ত এবং মাউছ্যা। হিন্দু ধর্মে জাতপাতের মান-অভিমান বেশি। কৈবর্তরা মাছও ধরে আবার জমি চাষও করে, আর ইচাখালির জেলেপাড়ার অধিবাসীরা হলো শুধু মাউছ্যা, তারা শুধু মাছ মেরে জীবিকা নির্বাহ করে। কিন্তু সেখানে বড় হচ্ছে জেলেপাড়ার প্রমিথিউস এবং উপন্যাসের পর্যবেক্ষক চরিত্র হরিদাস জলদাস। কৈবর্ত পাড়ার শিবশরণের একটি নিমন্ত্রণে হরিদাসের নানা হরবাঁশিকে জাত তুলে অপমান করে নিরক্ষর শশধর আর পড়ুয়া ছাত্র প্রদীপ। বিস্ময়ে হতবাক হয় মাউছ্যারা। একই হিন্দু জাত হয়েও তলে তলে এত ঘৃণা! হরবাঁশির বেদনা কাটে না। সে গান লেখে, সুর করে, ঢোল বাজায়। এক সকালে তার দেউড়িতে বসে সে লালনের গান ধরে, ‘জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা।’ জাতপাত তো শেষ কথা নয়। আসে সাম্প্রদায়িকতার কথা। ’৬৪ সালের হিন্দু-মুসলমান দাঙ্গার কথা। কাশ্মীরের একটি ঘটনা থেকে এ দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। (ঔপন্যাসিক অমিতাভ ঘোষের উপন্যাস শ্যাডোলাইনস-এও এ একই ঘটনা পটভূমি হিসেবে কাজ করে।) পাড়ার চেনাজানা মুসলমান ছেলেগুলো হয়ে ওঠে হিন্দুবিদ্বেষী। আসে অর্থনৈতিক দুর্দৈবের ছবি। হরিদাসের বাবা রাধানাতের একটি স্বপ্ন ছিল লেখাপড়া শেখার। দারিদ্র্যের চাপে এক বছর পড়াশোনার চর্চা করে ছেড়ে দেন। তারপর তাঁর স্বপ্ন ছিল পাউন্যা নাইয়ার মাঝি থেকে বহদ্দার হওয়ার, অর্থাৎ বড় নৌকার মালিক হওয়া। কিন্তু সমুদ্রে তাঁর বাবা প্রাণ হারিয়েছেন, তাঁরও যাবে, কিন্তু কিছুতেই ছেলে হরিদাসকে মাউছ্যা বানাবেন না তিনি। যে চিত্রকল্পটি দিয়ে বইটি শুরু এবং শেষ হয় সেটি হচ্ছে রাধানাতের হাত ধরে পুত্র হরিদাসের আদাবস্যারের উঠোন স্কুলে পড়তে যাওয়া। ‘আর ইক্কিনি জোরে হাঁট অ-বাবাজি।’ শেষের বার পাকিস্তানি মেজর গিলানির পিস্তলের গুলি খাওয়া তার পিতার মৃতদেহের সামনে দাঁড়ালে হরিদাসের স্মৃতিতে সে শৈশবের কথাটা মানে আসে। দয়ালহরি আর রামহরি পরস্পর ভাই হলেও একই চরিত্রের নয়। রামহরিকে জালাল মেম্বার পটিয়ে ভাইয়ের কাছ থেকে শুধু আলাদা করে ফেলে তা নয়, তাদের নৌকা ও জমি দখল করে। যেভাবে মেন্বার আবদুল খালেক কোনো দিন একটা মাছ না ধরেও উত্তর পতেঙ্গা মৎস্য সমবায় সমিতির সভাপতি হয়ে দরিদ্র জেলেদের জন্য পাঠানো বিদেশি ত্রাণসামগ্রী মেরে দেয়। তলায় তলায় আমরা বুঝতে পারি সংখ্যাগরিষ্ঠতার জোরে মুসলমানেরা ক্রমেই জাইল্যাপাড়ার ব্যবসা হাত করছে। প্রতিশোধ নিল রামহরি সমুদ্রে নিজের জীবন বিসর্জন দিয়ে। মুক্তিযুদ্ধ যখন শুরু হলো তখন এ মুসলমানদের হামিদ, এমদাদ এরা রাজাকার হয়ে পাকিস্তানি সেনাদের ডেকে এনে রাধেশ্যামের বউকে ধর্ষণ করাল, নিজেরা করল পরিমলের মেয়েকে লুণ্ঠন। রাধেশ্যামের স্ত্রী অপমানে আত্মহত্যা করলে নির্বীর্য রাধেশ্যাম প্রতিশোধ স্পৃহায় জ্বলে উঠল। হরিদাস, পরিমল, সুধীর—সবাই মিলে শেষ পর্যন্ত প্রতিশোধ নিল হামিদদের ও কিছু খান সেনাকে হত্যা করে। কিন্তু এর প্রতিক্রিয়া হয় নির্মম। মেজর গিলানির নেতৃত্বে জেলেপাড়ায় যে দলটি ঢুকল, তারা শুধু তিনটে লোককে খুঁজে পেল। পাড়ার মসজিদের ইমাম খবিরউদ্দিন, পাগল হয়ে যাওয়া নিকুঞ্জ বহদ্দার, যার মুখে রাজাকার হামিদ জোর করে গরুর গোশতের ঝোল ঢেলে দিয়েছিল। আর রাধানাত—হরিদাসের বাবা—যাঁকে গিলানিরা তার ‘রাধা’ নামের জন্য ভারতের অনুচর ভেবে মেরে কোমর ভেঙে দিয়েছিল। আর পুত্রকে বাঁচাতে গিয়ে মারা পড়লেন রাধানাতের মা, হরিদাসের ঠাকুরমা, বৃদ্ধা চন্দ্রকলা—যে এ উপন্যাসের বলা যায় মাউছ্যাদের মেরুদণ্ড।হরিদাস এসএসসি পরীক্ষা দেয়। কিছুটা ইংরেজি পারত বলে সে গিয়ে গিলানিকে বোঝায় যে তার বাবা ভারতের চর নয়। শিক্ষাগ্রহণের এ একটি প্রত্যক্ষ সুফল দেখা যায়। দহনকাল চমৎকার একটি উপন্যাস।কথোপকথনে চাটগাঁর আঞ্চলিক ভাষা পুরোপুরি ব্যবহার করা হয়েছে। চাটগাঁইয়া নিম্নবিত্তদের ভাষায় খেউরখিস্তি সহজাত। হরিশংকর এর চমৎকার ব্যবহার করেছেন। এতে জেলেজীবন জীবন্ত হয়ে ফুটে উঠেছে। প্রথম আলো বর্ষসেরা বই: ১৪১৬সৃজনশীল শাখাহরিশংকর জলদাসের দহনকালশংসাবচনহরিশংকর জলদাসের দহনকাল সমুদ্রসংগ্রামী ও নদীসংলগ্ন কৈবর্তসম্প্রদায়ের জীবনকথা। এতে অন্তর্ভূত হয়েছে বঞ্চিত-পীড়িত-শোষিত ধীবরশ্রেণীর আনন্দ-কান্না, জন্ম-মৃত্যু; তাদের প্রতিবাদ-প্রতিশোধ ও একাত্তরের মুক্তিযুদ্ধ। অদ্বৈত মল্লবর্মণের প্রায় অর্ধশত বছর পর হরিশংকরই নিঃসঙ্গ একজন, যিনি সাগর ও সমাজের নির্মম অভিজ্ঞতায় এবং অন্ধকার-ছেঁড়া আলোকিত অভিজ্ঞানের অন্তর্টানে রচনা করেছেন জেলেসম্প্রদায়ের কথকতা।জেলেপুত্র হরিদাসের বেড়ে ওঠার সমান্তরালে নির্মিত হয়েছে কৈবর্তসমাজের জাতপাতের শোষণ, অত্যাচার, দারিদ্র্য, ভণ্ডামি ও সুবিধাবাদীদের অপকৌশলের বয়ান। হরিদাস কী করে ওই সব অন্ধকারের মধ্য দিয়ে ক্ষরিত সময়স্রোতের বিপরীতে শিক্ষা অর্জন করল, কী করে তার অনুভূমিক জীবন উল্লম্ব সময় ও সভ্যতার সঙ্গে যুক্ত হলো—তারই শব্দকথা লেখকের আধেয়। হরিদাসের সংঘাতময় জীবনকাঠামোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে প্রতীকপ্রতিম কিছু চরিত্র। ওদের স্বকীয় বৈশিষ্ট্যে ও জীবনসত্তায় দহনকাল হয়ে উঠেছে বহুস্বরিত।উপন্যাসটির মূল ঘটনাবর্তের সঙ্গে যুক্ত হয়ে যায় উপঘটনাচিত্র; ইতিহাসের টানে জেলেসম্প্রদায়ের জীবন জড়িয়ে যায় মুক্তিযুদ্ধে। উপন্যাসের এই পর্যায়ে উদ্ঘাটিত হয় যে নিম্নবর্গের প্রতিরোধ-পদ্ধতি ও আত্মরক্ষার উদ্ভাবনা উচ্চবর্গের নেতৃত্ব ছাড়াই সংঘটিত হতে পারে। তারা জৈবিক নিয়মেই প্রত্যাঘাত করে বিরুদ্ধ শক্তিকে।দহনকাল কেবল নিম্নবর্গের জীবনছবিই নয়, এটি দুঃসময়তাড়িত মানুষের অস্তিত্বসংকট ও সংগ্রামের প্রতিবেদন। বাংলাদেশের উচ্চবর্গ, মধ্যবিত্ত, গ্রামীণ ও শহুরে জীবনায়নের বৃহৎ বৃত্তে দহনকাল ভিন্নমাত্রার উপন্যাস। সর্বজ্ঞ দৃষ্টিকোণের অবিচলতায়, নানা চরিত্রের প্রেক্ষণবিন্দুর লক্ষ্যমুখী বিচিত্র ব্যবহারে, প্রমিত ভাষা ও উপভাষার সমবায়ে স্পন্দিত হয়েছে দহনকাল-এর বয়ান।এ পুরস্কার সেই সৃজনশীলতার স্বীকৃতি।