ঢাকা আর্ট সেন্টারের উদ্যোগে এক কর্মশালা হয়ে গেল। কর্মশালাটি পরিচালনা করেছেন শিল্পী আজিজ শরাফী। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশবার্ন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক। তাঁর বিষয় ভিজ্যুয়াল আর্ট। তিনি ঢাকা আর্ট সেন্টারের আমন্ত্রণে ঢাকা এসেছিলেন তাঁর উদ্ভাবিত ‘স্যান্ডস্টোনিং’ বা ‘বালুছায়া’ পদ্ধতির সঙ্গে এ দেশের শিল্পী ও শিল্পশিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে। তিনি এই পদ্ধতি নিয়ে পাঁচ দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন, কাজ করে দেখান। তিনি যুক্তরাষ্ট্র থেকে মসৃণ মিহি কালো রঙের বালু নিয়ে আসেন।পানির সঙ্গে আঠা বা আইকা মিশিয়ে কাগজে বা বোর্ডে লাগাতে হয়। তার ওপর বালি দিয়ে একটা ছবিতে বিভিন্ন ধাপ তৈরি করা যায়। এর সঙ্গে কখনো স্বচ্ছ জলরং অথবা অস্বচ্ছ জলরং ব্যবহার করা যায়। অংশগ্রহণকারী শিল্পী ও শিল্পশিক্ষার্থীরা এই নতুন মাধ্যমটির ব্যাপারে বেশ আগ্রহ দেখিয়েছেন। শিল্পী আজিজ শরাফী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে প্রি-ডিগ্রি সম্পন্ন করে ভারতের বরোদা থেকে এমএফএ শেষ করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। তাঁর উদ্ভাবিত নতুন এই চিত্রাংকন পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, স্যান্ডস্টোনিং ভীষণ ব্যতিক্রমী একটি মাধ্যম। এই মাধ্যম নিয়ে আমার নিরীক্ষা ও পর্যবেক্ষণ দীর্ঘদিনের। একটা নতুন মাধ্যমকে উপস্থাপন করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে আমাকে। এই মাধ্যমটি খুব সহজ, তাই কাজের আগ্রহ তৈরি হবে আশা করি। কাজ দেখলে হঠাৎ প্রিন্ট ভেবে বিভ্রম হয়। যেহেতু এই মাধ্যমটি আমি আবিষ্কার করেছি, তা-ই তা সবার কাছে পরিচিত করে তুলতেও চাই। বাচ্চাদের কাজ শেখানোর জন্য সহজ এই মাধ্যমটি। এ ছাড়া চারুকলায় টোন শেখানোর জন্যও চমৎকার মাধ্যম হতে পারে এই ‘স্যান্ডস্টোনিং’ বা ‘বালুছায়া’।আজিজ শরাফী ছিলেন আশির দশকে বাংলাদেশের শিল্পাঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী ‘সময়’ গ্রুপের একজন সক্রিয় সদস্য। ‘সময়’ সম্পর্কে তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল ভিন্ন ধরনের কাজ করা, একই সঙ্গে রাজনৈতিক সচেতনতা ছিল। তাই সমাজ, দেশ, মানুষ নিয়ে ভাবনা কাজে প্রতিফলিত হয়েছে। ওই সময়ে ভিন্ন ধারার কাজ চলছিল না, দেশের অবস্থাও ভালো ছিল না। স্বৈরতন্ত্র, স্বেচ্চাচারিতা সর্বত্রই—আমাদের ভাবিয়ে তুলেছিল। মূলত বিচ্ছিন্নভাবে যাঁরাই এসব নিয়ে ভেবেছেন, তাঁরা নিজের ইচ্ছাতেই—ভিন্নধারা নির্মাণের জন্যই ‘সময়’-এ একত্র হওয়া। ‘সময়’ ছিল ইডিওলজিক্যাল গ্রুপ। এমন গ্রুপ বাংলাদেশে আর তৈরি হয়েছে বলে আমার জানা নেই। ‘সময়’ গ্রুপের সবারই পড়াশোনা এবং চিন্তাভাবনা ছিল। আমরা শুধু আর্ট নিয়েই পড়তাম না; কবিতা, সাহিত্য, দর্শন, নাটক, সিনেমা সবই আগ্রহের বিষয় ছিল আমাদের।