একদম সরাসরি
মাসুদ খানের এটা চতুর্থ কবিতার বই। পাখিতীর্থদিনে, নদীকূলে করি বাস আর সরাইখানা ও হারানো মানুষ-এর পর আঁধারতমা আলোকরূপে তোমায় আমি জানি। অবশ্য বইয়ের নাম নিয়ে পাঠকের ধন্দে পড়ার যথেষ্ট কারণ আছে। বইয়ের প্রচ্ছদপটে আঁধারতমা আলোকরূপে তোমায় আমি জানি হলেও বইয়ের ভেতরভাগে বারদুয়েক ‘আঁধারতমা আলোকরূপে তোমার আমি জানি’ নামটি মুদ্রিত রয়েছে। বইভুক্ত কবিতাগুলোর চারিত্র্য-বিচারে ‘তোমায়’ই আমাদের কাছে সঠিক মনে হচ্ছে। নতুনরূপে প্রকাশ পাওয়া সহজ ব্যাপার নয়। ৫১টি কবিতায় মাসুদ খান প্রমাণ রেখেছেন যে নতুনতা তার স্বভাব। খোলস-ত্যাগেই তার প্রকৃত রূপের বিকাশ। চতুর্থ বইয়ে তিনি কবিতাকে উদোম করে প্রতিষ্ঠা করতে চেয়েছেন কবিতার আদিম সৌন্দর্য। যাবতীয় আবছায়া ছিন্ন করে সহজ সোজা যোগাযোগের সেতু বাঁধার প্রয়াসী তিনি—শ্রুতি ছুঁয়ে যাক শ্রুতি, হূদিতে মিশুক হূদি, শ্রবণে শ্রবণ...যোগাযোগ হোক একদম সরাসরি, সোজা ও সহজ!(যোগাযোগ, পৃ.-১৬)বিষয়টি কাব্য করে বলা যত সহজ ততটাই কঠিন তা কবিতায় ফলিয়ে তোলা। এহেন কঠিন কর্ম মাসুদ খান সম্পন্ন করেছেন তাঁর এই ৬৪ পৃষ্ঠার কবিতা-ভূভাগে। ধর্ম-দর্শন, গণিত-সংগীত, প্রেম-কাম, ভক্তি-বিদ্রোহ, বর্ষা-বসন্ত, শিমুল-মান্দার মিলেমিশে অভাবিত দরবার পেশ হয়ে আমাদের সমীপে। আর হ্রস্ব-দীর্ঘ নানান অবয়বের কবিতাগুলোর মিলিত অভিযাত্রা অখণ্ড এক বোধের দিকে। তাই আঁধারতমা আলোকরূপে তোমায় আমি জানির কাব্যোপকরণে রূপকথার প্রভূত রসদ থাকলেও কবি প্রত্যক্ষাভিসারী। সমকালের অভিজ্ঞতাগ্রস্ত কবির চোখে নির্মাণ হতে থাকে সিসাগ্রস্ত ভবিষ্যৎ দেখার স্বচ্ছ দৃষ্টি—যেইদিন বৃক্ষ ত্যাগ করবে তার বৃক্ষধর্য মিষ্ট নয়, ফল হবে কটু বা কষায় আর সোজা না ফেলে সে ফল ফেলবে তির্যক ভঙ্গিতে যেইদিন আম্রবৃক্ষে জাম হবে, তাম্রবৃক্ষে সিসা...(বীতকৃত্য, পৃ.- ৯)কবিতা তো শুধু শব্দের পর শব্দের ছন্দিত ঠোকাঠুকি নয়, কবিতা ইতিহাস-ভূগোল-রাজনীতির মিলিত পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা ব্যক্তির সংবেদী স্বর। কবিতার প্রকৃত বৈশিষ্ট্যে আস্থাশীল বলেই মাসুদ খান আমাদের এই গুরুগম্ভীর-তামাশাময় গ্রহের স্থিতি ও ঘূর্ণিকে বাঙ্ময় করে তোলেন কবিতায়—একবার এক মনোজ্ঞ লাল ফল ছিঁড়ে খেয়েছিলাম। অসম্ভব ঝাঁঝ। জিহ্বা পুড়ে যাচ্ছিল প্রায়। পৃথিবীতে তখন কি আদালত প্রাঙ্গণে তুমুল হট্টরোল? যুদ্ধাপরাধীদের বিচার? জাদুঘরে সংরক্ষণ? পৃথিবীর কথা উঠতেই মনটা খুব বিষণ্ন হয়ে গেল। (নিরুদ্দেশপর্ব, পৃ.-৫৬)পৃথিবীর কথা তুলে কবি নিজেই বিষণ্ন হন না, একই সঙ্গে পৃথিবীর বিষণ্ন মুখচ্ছবিও জাজ্বল্য করেন। যে পৃথিবীর সবুজ গাত্রবর্ণ আজ পরমাণুময়, আলকাতরামাখা। রণদামামায় ধ্বস্ত ধরিত্রী কবির ভেতর জন্ম দিয়ে চলে নতুন নন্দনের—আহা! আকশে আজ কী সুন্দর আগুনরঙা পৃথিবী উঠেছে! (নিরুদ্দেশপর্ব, পৃ.-৫৬)এই অগ্নিকরোজ্জ্বল পৃথিবীর আভায় কবি আর নতুন কী কবিতা লিখতে পারেন?মাসুদ খানের আলোচ্য বইয়ের কেন্দ্র-কবিতা ধরা যায় ‘সেতু’কে। দেখা যাচ্ছে নারীর ভেতর প্রকৃতি বা সৃষ্টিধারাকে বহমান ভাবছেন তিনি—ভাব-উচাটন পুরুষ হলেপ্রকৃতিস্থ হও।কিংবা যদি হও প্রকৃতি,পুরুষরত হও। (সেতু, পৃ.-৪০)এই অভেদাত্মক ভঙ্গি কবির কোনো বিচ্ছিন্ন বৈশিষ্ট্য নয় বরং কবিতার বইটি জুড়ে যে ক্ষয়িত পরিস্থিতি দৃশ্যমান কবি তার রূপ বদলে দিতে চান অনন্ত সৃষ্টিসম্ভবা নারীপ্রকৃতির বলে। হোক সে আঁধারতমা। সে আঁধার কবির কাছে আলোর অধিক। তার সন্ধানে কবি জন্ম-জন্মান্তর ঘুরে আসেন তবু তাঁর অন্বেষা অশেষ। বইয়ের প্রথম কবিতা ‘বীতকৃত্য’ থেকে শেষ কবিতা ‘নাট্যমালা, তামাশাপ্রবাহ...’ পর্যন্ত এই অন্বেষা বিস্তৃৃত।‘মৎস্যস্বভাবা’ কবিতাটির কথা উল্লেখ করে বলতে চাই কবিতাকে স্ল্লোগান হওয়ার আশঙ্কা থেকে রক্ষা করা এবং একই সঙ্গে পাঠকের কাছে যোগাযোগযোগ্য করে তোলার সুকঠিন কাজটি সাধন করে মাসুদ খান আমাদের অভিবাদনীয়। ‘প্রেম’ নামের এক কবিতায় যখন কবি বলেন, ‘যেইখানে গণিতের শেষ সেইখান থেকে শুরু সংগীতের...’ তখন সংগীতের ছলে তিনি যেন কবিতার কথাই বলেন। কারণ, কবির চিত্রিত কঙ্কালভারাতুর সময়ে কবিতাই সেই সুর, যা হাড়গোড়ের স্তূপের ওপর ‘ভীষণবর্ণা এক গন্ধরাজ্ঞী হয়ে ফুটে থাকে অবাধ...’।