একদিন বাদুড়গ্রামে...
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী ইউনিয়নের বাবুপাড়া গ্রাম। সেখানকার গোপাল চন্দ্র রায়ের বাড়ির বাঁশঝাড়, সুপারিবাগান আর গাছপালা সারা দিন মুখরিত থাকে পাখির কলকাকলিতে।সেখানে আর সব পাখি থেকে বাদুড়ের রাজত্বই বেশি। প্রায় হাজার দুয়েক বাদুড়ের নিশ্চিন্ত বাস সেখানকার বাঁশঝাড় ও গাছপালায়। বাদুড়গুলো সারাক্ষণ বিকট শব্দে চিৎকার-চেঁচামেচি করে, কিন্তু তাতে মোটেও বিরক্ত নন গোপাল চন্দ্র। বরং ভালোই লাগে তাঁর। আর গোপাল চন্দ্রের এই পাখিপ্রেম দেখে লোকে বাবুপাড়া গ্রামকে এখন ‘পাখিগ্রাম’ নামেই ডাকে!দাদার আমল থেকে দেখে আসছেন পূর্বপুরুষেরা পাখিদের দেখাশোনা করতেন। সেখান থেকে পাখিপ্রেমের শিক্ষা পেয়েছেন গোপাল চন্দ্র। তাঁর বাড়িতে বাদুড়ের পাশাপাশি আরও আছে কানিবক, সাদা বক, নিশিবক (স্থানীয় নাম রাতচোরা), বিভিন্ন আকারের ঘুঘু ও অন্য অনেক পাখির বাস। পাখির বিষ্ঠায় বাঁশঝাড় ও গাছের পাতার রং হয়ে গেছে চুনের মতো। মজার ব্যাপার হলো, বাগানে অপরিচিত কেউ ঢুকলেই পাখিরা চঞ্চল হয়ে ওঠে, এদিক-সেদিক উড়ে যায়। সেটা আরও ভালো করে বোঝা যায় ছবি তোলার বেলায়। কিন্তু গোপাল চন্দ্র রায় বাগানে গেলে সব পাখিই শান্তশিষ্ট থাকে, যেন সবাই তাঁর পোষমানা!‘অনেকেই আগে পাখি মারতে আসত, আশপাশে ফাঁদ পেতে রাখত; আমি তাদের পায়ে পড়তাম, পাখি মারতে নিষেধ করতাম। কেউ শুনত, কেউ চুপিচুপি মারত। এ জন্য একবার থানায় গিয়ে ডায়েরিও করে এসেছিলাম। তবে এখন তেমন কেউ পাখি মারতে আসে না।’ বলেন গোপাল চন্দ্র।দিবাচর, নিশাচর—দুই ধরনের পাখিরই বাস আছে গোপাল চন্দ্রের বাড়িতে। সারা দিন ঘুরে বেড়ানোর পর সন্ধ্যাবেলা অন্য পাখিরা যখন নীড়ে ফেরে, তখন নিশিবক ও বাদুড় বেরিয়ে পড়ে বাইরে। গোপাল চন্দ্র রায় জানান, ভোরের দিকে দু-চারটা পাখি প্রথম নীড়ে ফিরেই প্রচণ্ড ডাকাডাকি শুরু করে। এর পরপরই অন্যান্য পাখি ও বাদুড় আসতে থাকে।‘সবারই পাখির প্রতি ভালোবাসা থাকা উচিত। আর পশুপাখির প্রতি ভালোবাসা মানে তো স্রষ্টাকেই ভালোবাসা,’ মনেপ্রাণে এ কথা বিশ্বাস করেন পাখিপ্রেমী গোপাল চন্দ্র রায়।