একদিন শার্টপ্যান্টগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একদিন শার্টপ্যান্টগুলো
(কী যে হলো!) ফিস ফিস ষড়যন্ত্রে মেতে উঠল রাতের বেলায়
—চল, পালিয়ে যাই।
দরজার কাছে ঝিমমারা চপ্পলকেও ফুসলাতে লাগল
—চল বেড়িয়ে আসি।
সত্যি সত্যিই ওরা বেরিয়ে পড়ল—
এক্কেবারে স্বনির্ভর স্বাধীন যাকে বলে। এখানে সেখানে
দুপুরে হাওয়ার রোদে মাস্তিতে ঘুরে বেড়াল
শার্টপ্যান্টগুলো। কেবল দুরন্ত হাওয়া ছাড়া
ওদের গর্তের মধ্যে কোনো মানুষজন ছিল না।
এইসব বেয়াড়াপনা শিখেছিল তারা

ভাদ্রের কীটনাশক রোদে।
একদিন কতিপয় শাড়ি আর শাল
ছাদে রোদ পোহাচ্ছিল;
একটা লাফঙ্গা প্যান্ট আচমকা দড়ি থেকে লাফ দিয়েছিল
রেশমি শাড়ির ওপর। সেদিন থেকেই বেত্তমিজগুলো
মানুষকে মানুষ বলে গণ্যই করছে না। উপরন্তু
লন্ড্রিতে যাওয়ার সময় সভ্য মানুষকে হুমকি দিয়ে গেছে
—আমরা আর তোমাদের নিচ্ছি না,
কী করবে করো!