একসময় নিজেকে অপু মনে হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে একবার সিনেমা দেখতে গিয়েছিলাম। আমার বয়স তখন ১৪ কি ১৫। যে সিনেমাটি দেখতে গিয়েছিলাম, তার নাম ছিল মরণের পরে। সিনেমাটি ছিল জ্ঞাতিস্বর নিয়ে। সিনেমা দেখে রাতে বাড়ি ফিরে সারা রাত ঘুমাতে পারিনি।সিনেমার প্রতি ছাত্র অবস্থায় আমার প্রবল ঝোঁক ছিল। উত্তমকুমার-সুচিত্রা সেন, দিলীপ কুমার-নার্গিস-মীনা কুমারী সব সময়ই আমার অভিনয়জীবনের আদর্শ। এপার বাংলায় আমার প্রিয় অভিনেতা ছিলেন খান আতাউর রহমান। ষাটের দশকে জহির রায়হানের তরজুম মামা, কখনো আসেনি সিনেমাগুলো দেখার সুযোগ হয়। তেজগাঁও পলিটেকনিকের ছাত্র থাকা অবস্থায় বলাকা সিনেওয়ার্ল্ডে একদিন দেখতে আসি অপুর সংসার। সত্যজিৎ রায় পরিচালিত এ চলচ্চিত্রটি মধ্যবিত্ত জীবনের রোমান্টিক গল্প নিয়ে। পথের পাঁচালীর অপু এখানে পরিণত যুবক। নিশ্চিন্তপুরের সেই সরল গ্রাম্য বালক পুরোপুরি কলকাতার নাগরিক। আইএ পাস করলেও জোটেনি চাকরি। ঘটনাচক্রে অর্পণাকে বিয়ে করে। মধ্যবিত্তের জীবনের টানাপোড়েন, স্ত্রীর প্রতি প্রেম-ভালোবাসা ও স্ত্রী হারানোর বেদনা—সবকিছু মনে খুব দাগ কাটে তখন। একসময় নিজেকে অপু মনে হতো। আমার বয়সটাও তখন অপুর মতোই। জগৎ-সংসার নিয়ে অপুর মতো আমারও অপার কৌতূহল।সুভাস দত্ত, গৌতম ঘোষ ও তারেক মাসুদের চলচ্চিত্র দেখেছি। তারেক মাসুদের মাটির ময়নায় চমৎকারভাবে ফুটে উঠেছে সে সময়কার সামাজিক প্রেক্ষাপট। সিনেমায় সমাজের স্বরূপ প্রতিফলন হওয়া উচিত।ছোটবেলায় ছিল সিনেমা দেখার প্রতি ঝোঁক আর পরিণত বয়সে এসে নিজেই হয়ে উঠেছি সিনেমার পরিণত চরিত্র। তবে অবসরে সিনেমা দেখা ও বই পড়ার অভ্যাসটা এখনো রয়ে গেছে। রুশ উপন্যাস, ইংরেজি নাটক, দক্ষিণ আমেরিকান কাব্য-সাহিত্য যেমন পড়ি, তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত ও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়তেও ভালো লাগে। বর্তমান সময়ে শহিদুল জহিরের লেখা উপন্যাসও পড়া হয়। অনুলিখন: তাওহিদা জাহান