একাকী মানুষ, একাকী হূদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ব্যক্তিগত তথ্য দিয়ে শুরু করি—একসময় সময়-অসময়ে গান শোনার উদ্দীপনার মধ্যে থাকলেও এখন মাঝেমধ্যে এই গানই আমার কাছে বিরক্তির বস্তু হয়ে ওঠে, বিশেষত যখন একাগ্রচিত্তে কাজ করি। তবে গান এমন এক বিষয়, যাকে কখনো ছেড়ে থাকা যায় না। আমার গানের চৌহদ্দিতে আছে নানা ভাষার গান। তার মধ্যে সবচেয়ে প্রিয়তম গানের তালিকায় প্রথমেই আসবে ‘সার্জেন্ট পেপারস লোনলি হার্ট ক্লাপ’—যুক্তরাষ্ট্রের ব্যান্ডদল বিটলসের এই গান।গানটি প্রথম শুনেছিলাম রেডিওতে, সম্ভবত ১৯৬৭ সালে। সে সময় আমাদের সদ্য যৌবন। শ্রীলঙ্কার রেডিওতে বিশ্বসংগীতের ওপর একটি অনুষ্ঠান হতো। এটি ছিল ভীষণ জনপ্রিয়। ওই অনুষ্ঠান সূত্রেই গানটি পৌঁছাল আমার কাছে। আর শোনামাত্রই যেন মোহিত হলাম—কথাগুলো কী মর্মস্পর্শী, বেদনাময়! পৃথিবীতে যত একাকী মানুষ ও একাকী হূদয় আছে, তাঁদের কথা ঝরে পড়ছে গানে—একা মানুষের আকুতিভরা সেই অনুভূতি কি ভাষায় প্রকাশ করা যায়? কিন্তু বিটলসরা ঠিকই তা প্রকাশ করল গানের সুরেলা মূর্ছনায়!প্রথম এদের গান শুনেছিলাম ১৯৬৫ সালে, ছোট আকারের ফোরটিফাইভ আরপিএম রেকর্ডে। এরপর আরও বহুবার শোনা। শুনতে শুনতেই ভালো লেগেছে ‘অ্যা হাউ ডেইজ নাইট’, ‘হেল্পস’, ‘অ্যাবিরোড’ প্রভৃতি গান। গত শতাব্দীর ষাটের দশকের কালটি সব দিক দিয়েই ছিল বিপ্লবের পক্ষে সুসময়। এক কাতারে চলছে রাজনৈতিক বিপ্লব, অন্য পাশে সাংস্কৃতিক বিপ্লবও আকার পাচ্ছে সমান তালে—সবখানে তখন প্রচলিত প্রথার বিপক্ষে অনাস্থা। জন লেলন, পল ম্যাকার্টনি, রিঙ্গোস্টার ও জর্জ হ্যারিসনের বিটলসেও বাজছিল প্রথাবিরোধী সুর। এ সময় যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিখ্যাত ম্যাগাজিন লাইফ-এ কবি অ্যালেন গিন্সবার্গ তাঁদের সম্পর্কে উৎসাহব্যঞ্জক মন্তব্য করেন।এসব ঘটনা মনে রেখে বিটলসের সংগীত, গায়কি ও পরিবেশনা রীতির মধ্যে একধরনের মুক্তির স্বাদ পাই আমি। তা ছাড়া ওদের আটপৌরে জীবনযাপনও সে সময় আমাকে আকর্ষণ করে। আর এই ব্যান্ডের সদস্য জর্জ হ্যারিসন বাংলাদেশ কনসার্টের মাধ্যমে তো আমাদের দেশের জন্মের সঙ্গেই জড়িয়ে আছেন। নানাবিধ কারণে তাই বিটলসের গান আমার প্রিয়।আরও একটি প্রিয় গানের কথা বলি, ‘দোজ ওয়ার দ্য ডেইজ।’ ১৯২০ সালে বলশেভিক বিপ্লবের পরে এ গানটি লিখেছিলেন এক রুশ কবি। আইরিশ শিল্পী ম্যারি হ্যাপকিন গেয়েছেন এর ইংরেজি অনুবাদ। এই গানে ব্যর্থতা এবং না পারার বেদনা আছে, তেমনি আছে পরিবর্তন আর স্বপ্নের কথা। এ ছাড়া বাংলা গানের মধ্যে শচীন দেববর্মণের সব গানই ভালো লাগে। কেন? গায়কিতে বৈচিত্র্য আছে যে!অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ